আমাদের একটি মনছবি আছে

ঘটনা: ১
২০০৮ সালের জুন মাস। আমরা মাত্র কিছুদিন হলো মোবাইল থেকে ইন্টারনেটে কথা বলার অ্যাপ বাজারে এনেছি। এশিয়ার অন্যতম বড় প্রযুক্তি মেলা কমিনিউক এশিয়া, যেটি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়ে থাকে, আমরা এই মেলায় অংশ নিচ্ছি আমাদের সফটওয়্যার দেখাতে। একটি ছোট স্টল নিলাম আমরা। তখন আমি নিজেই সহকর্মীদের নিয়ে স্টল সাজাতাম। মেলা শুরুর আগের দিন আমি, রায়হান (রায়হান বর্তমানে আমাদের প্রধান বিক্রয় কর্মকর্তা। ও নেতৃত্ব দিচ্ছে প্রায় ১০টি জাতির এক বড় বিক্রয় দলকে) এবং আমাদের পরিচালক মন্নুজান নার্গিস (মন্নুজান নিজে একজন ফার্মাসিস্ট। ২০০৩ সালে যখন ব্যবসা শুরু করি তখন তিনি আমাদের ব্যবসায় প্রথম বিনিয়োগ করেন। বলা যায়, তিনিই ছিলেন আমাদের এঞ্জেল ইনভেস্টর) স্টল সাজালাম। রায়হানের ঢাকা থেকে নিয়ে আসা ব্যানারগুলো স্টিকার দিয়ে লাগালাম।
পরদিন মেলা শুরু। আমরা স্টলে গিয়ে দেখি আমাদের সব ব্যানার মাটিতে পড়ে আছে। ব্যানারগুলোতে ভাঁজ পড়ে গেছে। আমি আর রায়হান আবার লাগিয়ে দিলাম। এরপর থেকে ব্যানার নিয়মিত বিরতিতে পড়তে থাকল আর আমরা লাগাতে থাকলাম। মেলার দ্বিতীয় দিন আমাদের স্টল দেখতে ভয়াবহ ধরনের খারাপ লাগছিল। এর কিছুটা প্রভাব আমাদের মনেও হয়তো পড়েছে বা হয়তো পড়েনি। দ্বিতীয় দিন দুপুরে স্টলে এলেন আমাদের বন্ধু মানুষ, পাকিস্তানের উদ্যোক্তা রেহান আল্লাহওয়ালা। তিনি ডিআইডি এক্সচেঞ্জসহ আরও অনেক সফল প্রতিষ্ঠানের উদ্যোক্তা।
রেহান আমাদের অ্যাপ দেখলেন। এ ধরনের অ্যাপ তখন ফ্রিং নামের একটি প্রতিষ্ঠান বিনা পয়সায় ব্যবহার করতে দেয়। তখনকার জনপ্রিয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান, নকিয়ারও কাছাকাছি একটি অ্যাপ রয়েছে, যা ব্যবহার করে ভাইকি নামের ব্রিটিশ একটি প্রতিষ্ঠান মোটামুটি সফলও। রেহান এগুলো বিশ্লেষণ করে প্রমাণ করে দিতে চাইছেন যে আমাদের সফটওয়্যারের কোনো ভবিষ্যৎ নেই। আমরা বোঝালাম যে ওগুলোর বেশ কিছু সমস্যা আছে। কিন্তু রেহান তাঁর মতে অনড়। আমরা জানতাম, প্রযুক্তির এই ব্যবসায় এত কিছু ‘পেইন পয়েন্ট’ আছে। আমরা এগুলোর সমাধান দিয়েছি। সুতরাং আমরা জানি, আমাদের সফল হওয়া উচিত। তারপরও রেহানের কথায় মন দমে গেল। হয়তোবা স্টলটির বাজে অবস্থাও কারণ হতে পারে।
এর চার মাস পর। দুবাইতে জিটেক্স মেলা। বিশ্বের অন্যতম প্রধান প্রযুক্তি মেলা। আমরা এর মধ্যেই বুঝে গেছি রেহান নয়, আমরাই ঠিক আছি। জিটেক্সে এসে আরও আত্মবিশ্বাসী হলাম। আমি, আজমত, রায়হান, মন্নুজানসহ আমরা ছয়জন ক্রমাগত কথা বলছি। তারপরও লোক দাঁড়িয়ে আছে। সে এক অন্য রকম ভালো লাগা। শেয়ারবাজারে তালিকাভুক্ত জার্মানির মক্স টেলিকমের চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে থেকে নগদ ডলার দিয়ে অ্যাপটি তাঁর প্রতিষ্ঠানের জন্য কিনে নিলেন। ভাইকির প্রধান বিক্রয় কর্মকর্তা নগদ ডলার আগাম দিয়ে গেলেন। এমন ঘটনা আরও ঘটতে থাকল।
আমরা আসলে আমাদের বাজার সম্পর্কে গভীরভাবে জানতাম। জানতাম বাজারের সমস্যাগুলো। আর এটা চমৎকারভাবে সমাধান করতে পেরেছিলাম। এরপর আমাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমাদের ব্যবহৃত কয়েকটি শব্দমালা এখন আমাদের এই শিল্পের সাধারণ ব্যবহৃত শব্দমালা হয়ে গেছে। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোও তা ব্যবহার করে।
ঘটনা: ২
ফেব্রুয়ারি ২০০৯। আমরা, রিভ সিস্টেমস, প্রথমবারের মতো অংশ নিচ্ছি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। স্পেনের বার্সেলোনাতে অনুষ্ঠিত এক বিশাল আয়োজন এই মেলা। যদিও এটি মোবাইল প্রযুক্তি নিয়ে মেলা, কিন্তু বর্তমানে বলা যায় সামগ্রিকভাবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) অন্যতম বড় মেলা এটি। এখন এটি হয় বার্সেলোনায় নতুনভাবে তৈরি গ্র্যান্ড ফিরা ভিয়াতে। কিন্তু ২০১৩-এর আগে হতো বার্সেলোনা শহরের পুরোনো ফিরা এবং ফিরাসংলগ্ন রাজপ্রাসাদে।
আমরা তখনো বেশ ছোট একটি প্রতিষ্ঠান। ২০০৮ সালে আমরা মাত্র মোবাইল থেকে ইন্টারনেটে কথা বলার অ্যাপ বানিয়েছি। এটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। মাত্র দুই মাস আগে আমাদের প্রথম ভিনদেশি সহকর্মী ব্রিটিশ নাগরিক রন পাস আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। তাঁর সঙ্গে মেলাতেই আমার প্রথম দেখা। এর আগে শুধু ইন্টারনেটেই কাজ করেছি তাঁর সঙ্গে। মেলায় আমাদের সঙ্গে দেখা করতে এলেন বাংলাদেশে মোবাইল ব্যাংকিংয়ের অন্যতম পথিকৃৎ শিওরক্যাশের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত উল্লাহ খান। তিনি তখন টেলিযোগাযোগ খাতেরই একটি প্রতিষ্ঠান, আই বলের কারিগরি পরিচালক। মেলায় সভা নানাজনের সঙ্গে আলোচনা, পরিচিতজনদের সঙ্গে কফি পান—সব মিলিয়ে ভিন্ন রকমের ভালো লাগা।
এরই মধ্যে স্টলে দেখা করতে এলেন আমাদের ওই সময়ের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান মেইল ভিশনের প্রধান কারিগরি কর্মকর্তা। এটি ইসরায়েলের একটি প্রতিষ্ঠান। এমনিতে ইসরায়েল টেলিযোগাযোগ সফটওয়্যার তৈরিতে অনেক এগিয়ে। তাই স্বাভাবিকভাবে একধরনের শ্রদ্ধা আছে প্রতিষ্ঠানটির প্রতি।
যেহেতু ওদের সিটিও আমাদের স্টলে ঘুরে গেছে, সুতরাং স্বাভাবিকভাবে আমরাও ভাবলাম ওদের স্টল ঘুরে আসি। আমাদের স্টলে রন ও মন্নুজান নার্গিসকে রেখে আমি এবং আমাদের তখনকার সিটিও আজমত ইকবাল (আজমত বর্তমানে রিভ সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা) ওদের স্টল দেখতে বের হলাম। ওদের স্টল আছে ইসরায়েলের কান্ট্রি প্যাভিলিয়নে।
ইসরায়েলের কান্ট্রি প্যাভিলিয়ন বেশ বড়। প্রায় ৫০টি প্রতিষ্ঠান তাদের পণ্য দেখাচ্ছে। খুঁজে বের করে যখন মেইল ভিশনের স্টলে পৌঁছেছি, তখন ওদের স্টলে শুধু ওদের প্রধান নির্বাহী কর্মকর্তা বসে আছেন। ভদ্রলোক বয়স্ক, শ্মশ্রুমণ্ডিত। মাথায় ইহুদিদের কালো ছোট টুপি।
উনি তখন একজন পরিদর্শকের সঙ্গে কথা বলছেন। আমরা পাশে একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। উনি ফ্রি হতেই আমরা এগিয়ে গেলাম। উনি তখনো চেয়ারে বসে আছেন। বসেই আমাদের সঙ্গে কথা শুরু করেছেন। মুখে কিছুটা অবহেলার প্রকাশ। ভাবখানা এই যে উপমহাদেশের লোক আর কি! আমি এই ধরনের ভাবের সঙ্গে অভ্যস্ত এবং কিছুটা উপভোগও করি। উনি বসে থেকেই এক হাতে ওনার ভিজিটিং কার্ড দিলেন। আমরা আমাদের প্রতিষ্ঠানের রীতি অনুযায়ী দুহাতে কার্ড দিলাম। উনি তখনো চেহারায় অবহেলার ভাব রেখেই আমাদের কার্ডের ওপর দৃষ্টি দিলেন। হঠাৎ করেই তাঁর চেহারার ভাবে পরিবর্তন এল। একবার কার্ডের দিকে তাকান এবং একবার আমাদের দিকে তাকান। তারপর উঠে দাঁড়ালেন...শ্রদ্ধার সঙ্গে হাত বাড়িয়ে দিলেন আর বললেন...‘ওহ রিভ সিস্টেমস। আমাকে বলো তো কীভাবে তোমরা মাত্র ১২০ কিলোবাইটে এই অ্যাপ তৈরি করলে? আমাদেরটা তো কোনোভাবেই ৩৫০ কিলোবাইটের নিচে নামাতে পারি না।’ আমরা বিনয়ের সঙ্গে তাঁর প্রশংসায় হাসছি। আর উনি বলেই চলেছেন...‘তোমরা জানো...লোকজন আমার কাছে আসে, দাম করে আর তোমাদের কাছ থেকে কিনে যায়।’
একজন ইসরায়েলি প্রতিদ্বন্দ্বী যখন প্রশংসা করেছিলেন তখন খুব ভালো লেগেছিল। আমাদের ছেলেরা যে সুযোগ পেলে দক্ষতার স্বাক্ষর রাখতে পারে তা আবারও প্রমাণ হলো। উদ্যোক্তা হিসেবে আমরা একদল ভালো এবং দক্ষ সহকর্মী পেয়েছি। যারা আমাদের বিশ্বমানের সফটওয়্যার দিতে পেরেছে। পেয়েছি একদল তরুণ বিক্রয় ও বিপণন কর্মকর্তা, যারা আমাদের পণ্যকে শুধু ৭৮টি দেশেই পৌঁছে দেয়নি, আমাদের ব্র্যান্ডকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়।
ঘটনা: ৩
২০১১ সালের জানুয়ারির কোনো এক শনিবারের রাত। আমি সিঙ্গাপুরে আমার বাসার অফিস ঘরে। রিভ ইন্ডিয়ার প্রধান কর্মকর্তা সঞ্জিত চ্যাটার্জি তখন আমাদের দিল্লির অফিসে। সঞ্জিত আবার আমাদের প্রধান বিপণন কর্মকর্তাও বটে। দিল্লির সময় রাত প্রায় ১২টা। অফিসে আরও আছেন ভারতীয় বাঙালি তরুণী, আমাদের বিপণন কর্মকর্তা নবমিতা। ঢাকার অফিসে আছেন আমাদের প্রধান সৃজনশীল কর্মকর্তা জামান। আমরা সবাই কাজ করছি আমাদের কিছু ব্রোশিউর তৈরিতে। টাইট শিডিউল। পরদিন এগুলো প্রেসে যাবে। প্রিন্ট হয়ে এগুলো চলে যাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে। সেখানে আমরা একটি মেলায় অংশ নেব।
কাজ শেষ হতে বেজে গেল প্রায় রাত দুইটা, ভারতের সময়। সবাইকে ধন্যবাদ দিতে গিয়ে জানলাম সন্ধ্যায় নবমিতার এক বান্ধবীর জন্মদিনের পার্টি ছিল। তাই নবমিতা সে সন্ধ্যায় তার বাবুর্চিকে খাবার রাঁধতে না করেছিল। সে সেই অনুষ্ঠান মিস করেছে। দোকান থেকে খাবার কিনে এনে খেয়েছে। কিন্তু আমাকে একবারের জন্যও কিছু বলেনি। হাসিমুখে কাজ করে গেছে। আমার চোখে পানি চলে এল। আমাদের সহকর্মীরা কত ভালো। তারা কাজ করে যাচ্ছে অনেক আন্তরিকতা নিয়ে, একটি স্বপ্নকে বুকে নিয়ে।
রিভ একটি ফরাসি শব্দ, যার অর্থ স্বপ্ন। আমাদের একটি স্বপ্ন আছে, আমাদের একটি মনছবি আছে। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যেমন কাজ করছে বাংলাদেশের তরুণ-তরুণীরা, তেমনি কাজ করছে ভারতের তরুণ-তরুণীরা। কাজ করছে লেবানন, ব্রাজিল, কেনিয়া, ব্রিটেনসহ বিভিন্ন দেশের সহকর্মীরা। তাদের কারণেই আমরা আজকের অবস্থানে আসতে পেরেছি এবং এগিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যে।
রেজাউল হাসান, রিভ গ্রুপের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা