আমাদের মারলিন ম্যাম

দুই দশক আগের কথা! কলেজে পড়ি। ছাত্রদের কলেজ। ছাত্রী নাই। শিক্ষিকাও চোখে দেখি না। কি এক দুর্বিষহ অবস্থা। এমনই একদিন শুনলাম, ক্লাসের নিয়মিত বাংলার শিক্ষক অসুস্থতার কারণে সেদিন আসেননি। বদলি একজন শিক্ষিকা আসবেন।
পুরো ক্লাস জুড়ে চাপা উত্তেজনা। একজন ম্যাম আসবেন ক্লাসে। ম্যাম আসলেন। যেহেতু সেদিনের পাঠ্যক্রমের সঙ্গে তিনি অবহিত ছিলেন না, সামগ্রিক বাংলা সাহিত্য ও কলেজের দুই বছরে বাংলা দুই পত্রে কি কি বিষয়ে মনোনিবেশ করা প্রয়োজন তা বললেন।
এই পর্যন্ত পড়ে পাঠককুল খুবই নীরস এক ঘটনাপ্রবাহ ধারণা করছেন অবশ্যই। একটু উদাহরণ দিই। ম্যাম বলছিলেন, ‘এই গ্রুপের (আমাদের কলেজে সেকশনকে গ্রুপ বলা হয়) ছাত্রদের মাথায় সারাক্ষণ ভূত থাকে। তাও বিভিন্ন প্রাণীর ভূত। পাশেই বায়োলজি ল্যাব তো! প্রতিদিন ব্যাঙ আর তেলাপোকা কাটে, আর সব মরে ভূতগুলো আসে তোমাদের মাথায়!’ পুরো ক্লাস ঠান্ডা। বলার ভঙ্গিতে শিল্প ছিল। ছিল বলি কেন, আজও আছে।
খুব সুন্দর গাইতে পারেন তিনি। এই তো ক'বছর আগেই কলেজে পুনর্মিলনী হলো। কলেজে থাকতেই এক অনুষ্ঠানে শুনেছিলাম। সেদিন পড়ন্ত বিকেলে আবার শুনলাম, হারমোনিয়াম নিয়ে গাইলেন ‘তুমি বেশ বদলে গেছ, পুরোনো সৈকতে আর পানসি ভিড়াও না’। শুদ্ধ উচ্চারণে কথা বলা, গুছিয়ে কথা বলার ঢং কিংবা নিজে সুস্থির থেকে কীভাবে সামনে বসা মানুষদের হাসাতে পারা যায়—এই গুণ রপ্ত করার প্রথম পাঠ পেয়েছিলাম ওনার কাছেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন লেখালেখি করার অনেক সুযোগ। অল্পবিস্তর যাই লিখি, তাঁর শেখানো পথ ধরেই। এত বদলেও তিনি বদলে যাননি। আজও দেখা হলে সেই ছোট দুষ্টু ছাত্রটির মাথায় তাঁর আশীর্বাদ থাকে। বিশ্ব শিক্ষক দিবসে নটর ডেম কলেজের বাংলা বিভাগের প্রধান মারলিন ক্লারা পিনেরো ম্যামকে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা।
লেখক: বেসরকারি চাকরিজীবী