আমার কিছু কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উদ্দীপক অনুষ্ঠান শুনছেন
মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উদ্দীপক অনুষ্ঠান শুনছেন

What we call the beginning is often the end
And to make an end is to make a beginning.
The end is where we start from...
—T. S. Eliot
চট্টগ্রামের প্রসিদ্ধ নাট্যপরিচালক সাদেক নবী ও তাঁর স্ত্রী মাসুদা নবীর কাছে আমি হয়ে উঠেছিলাম পরিবারেরই একজন। এ বাড়িতেই বেলাল ভাইকে প্রথম দেখি। সাদা ধপধপে পাঞ্জাবি, সাদা লুঙ্গি পরনে। মাসুদা নবী (মিনু) ছিলেন বেগম মুশতারী শফী প্রতিষ্ঠিত বান্ধবী সংঘের সক্রিয় সদস্য। বেলাল মোহাম্মদ ছিলেন বান্ধবী পত্রিকার সঙ্গে যুক্ত। এনায়েত বাজারে ‘মুশতারী লজ’ ছিল আমার জন্য অবারিত দ্বার। মুশতারী শফী হয়ে ওঠেন আমার ডলি খালা। গৃহকর্তা চট্টগ্রামের বিশিষ্ট দন্তচিকিৎসক এম শফী উদারমনা এক মানুষ। স্নেহবর্ষণে তিনিও ছিলেন কুণ্ঠাহীন। বেলাল ভাইকে মুশতারী লজেই পেয়ে গেলাম। ২৬ মার্চের পর সেখানে তখন আশ্রয় নিয়েছেন বহু মানুষ, যাঁরা আমারও পরিচিত। রেডিও সেটে আকাশবাণী কলকাতা ধরা পড়ল। ঘোষণা শোনা গেল, ‘পূর্ব বাংলায় গৃহযুদ্ধ শুরু হয়েছে।’ সেই সঙ্গে গান, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ আমাদের সবার চোখ অশ্রুসিক্ত।

বেলাল ভাইয়ের খোঁজে এনায়েত বাজারে এলেন আবুল কাসেম সন্দ্বীপ। দুজনেই সন্দ্বীপের মানুষ। সেই সুবাদে ঘনিষ্ঠতা। সন্দ্বীপ তখন ফটিকছড়ি কলেজের সহ-অধ্যক্ষ। মনে মনে ভাবছি, রেডিওকে কীভাবে ব্যবহার করা যায়। স্বাধীনতার এই সংগ্রাম সশস্ত্র হবেই। অস্ত্র পাব কোথায়? এসব ভাবনা ঘুরপাক খাচ্ছে। বেলাল ভাই বেতার চালু করার বিষয়টা নিয়ে কথা বলেছিলেন বেগম মুশতারী শফীর সঙ্গে। বেলাল ভাই, সন্দ্বীপ আর আমি—তিনজনই বেরিয়ে যাই বেলা ১১টার দিকে। স্টেশন রোডের কাছে আওয়ামী লীগের দপ্তর। সেখানে তিনি ঢুকলেন নেতাদের কাউকে পান কি না। আমরা বাইরে দাঁড়িয়ে। কিন্তু অনেকক্ষণ তাঁর আর কোনো খবর নেই। আমরা অপেক্ষা করে আবার ফিরে গেলাম এনায়েত বাজারে। বাইরে তখন তুমুল অস্থিরতা। নানা জায়গায় জনতার ব্যারিকেড। বিচ্ছিন্ন গোলাগুলির আওয়াজ। এমন এক পরিবেশে বেলাল ভাইকে ছেড়ে এসেছি আমরা, ডলি খালা খুবই উদ্বিগ্ন হয়ে উঠলেন। সন্দ্বীপ আর আমি আবার বেরিয়ে পড়লাম বেলাল মোহাম্মদের খোঁজে। আগ্রাবাদে বেতারকেন্দ্রের কন্ট্রোল রুমে তাঁর দেখা পেয়ে গেলাম। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে রেডিও চালু করার সংকল্পটা এখানে আরও দৃঢ় হলো। বেলাল ভাই সেখান থেকেই কথা বলেছিলেন আঞ্চলিক প্রকৌশলী মীর্জা নাসিরুদ্দিনের সঙ্গে। তিনিই জানান যে তাঁর ও বেতার প্রকৌশলী আবদুস সোবহান, দেলওয়ার হোসেন ও মোসলেম খানের সহযোগিতায় চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান ট্রান্সমিটার চালু করান। এবং নিজের নাম-পরিচয় দিয়ে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করেন সেদিন ২৬ মার্চ দুপুরে। আগ্রাবাদ বেতার থেকে বেলাল মোহাম্মদ কথা বলেন সিনিয়র সহ-আঞ্চলিক পরিচালক সৈয়দ আবদুল কাহ্হারের সঙ্গে। তিনিই এই অমূল্য উপদেশটি দেন যে আমরা যেন ব্রডকাস্টিং হাউস থেকে প্রচার না করি। বরং কালুরঘাট ট্রান্সমিটার ভবন থেকে প্রচার করাটাই নিরাপদ হবে। কেননা যেকোনো সময়ে আগ্রাবাদ এলাকা পাকিস্তানি সেনাদের দখলে চলে যেতে পারে।
আওয়ামী লীগের এক সক্রিয় কর্মী চিকিৎসক আনোয়ার আলির গাড়িতে করে আমরা রওনা হয়ে যাই কালুরঘাট ট্রান্সমিটার স্টেশনের দিকে। তিনি বেলাল ভাইয়ের হাতে তুলে দেন সাইক্লোস্টাইল করা একটি প্রচারপত্র, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাসংবলিত। গাড়িতে বেলাল ভাই, সন্দ্বীপ, আমি, চট্টগ্রাম বেতারের ঘোষিকা হোসনে আরা ও আনোয়ার আলি। পথে গাড়িতে উঠেছিলেন স্থানীয় প্রবীণ কবি আবদুস সালাম। হাতে নিজের লেখা একটি ভাষণ। আমরা পৌঁছে গেলাম ট্রান্সমিটার ভবনে। বড় রকমের কোনো প্রস্তুতির সুযোগ ছিল না। আবুল কাসেম সন্দ্বীপ একটা বুলেটিন তৈরি করে ফেলল দ্রুত। ততক্ষণে সেখানে এসে গেছেন চট্টগ্রাম বেতারের দুই অনুষ্ঠান ঘোষক ফজল হোসেন আর সুলতানুল আলম। ফজল হোসেনের কণ্ঠ চট্টগ্রামে অত্যন্ত সুপরিচিত। তিনি ঘোষণা করলে তাঁর পরিবারের জন্য বিপদ হতে পারে। শেষ পর্যন্ত সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে কালুরঘাট ট্রান্সমিটার থেকে আবুল কাসেম সন্দ্বীপের কণ্ঠে উচ্চারিত হলো, ‘স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বলছি।’ একই নাম-ঘোষণা সুলতানুল আলমের কণ্ঠেও প্রচারিত হয়। ডাক্তার আনোয়ার আলির কাছ থেকে পাওয়া ঘোষণাপত্রটিও প্রচারিত হয়েছিল একাধিক কণ্ঠে। কবি আবদুস সালাম পড়েছিলেন তাঁর ভাষণ। এভাবেই শুরু। কারও নির্দেশে নয়, কারও প্ররোচনায় নয়, সম্পূর্ণ স্বেচ্ছায়, স্বতঃপ্রণোদিত হয়ে আমরা শুরু করলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। সুসংগঠিত, পূর্ণাঙ্গ কোনো ব্যাপার নয়, বরং তা ছিল স্বতঃস্ফূর্ততার প্রকাশ।
অধিবেশন চলে আধা ঘণ্টার মতো। সম্প্রচারের কাজে স্বেচ্ছায় যুক্ত হন চট্টগ্রাম বেতারের মেকানিক আবদুস শুকুর। কালুরঘাটে অনুষ্ঠান প্রচারের পর্বে শেষ দিন ৩০ এপ্রিল পর্যন্ত তিনি আমাদের সঙ্গী ছিলেন। এ অধিবেশনে এম এ হান্নান আবার বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি প্রচার করেন। যেহেতু এ বেতার গোপন একটি কেন্দ্র, তাই তাঁর নাম আর প্রচার করা হয়নি। অধিবেশন শেষে আমরা যখন বাইরে এলাম, তখন আর কেউ নেই। শুধু হান্নান সাহেবের জিপ স্টার্ট নিচ্ছে। আমরাও শহরে যাব। গাড়িতে জায়গা নেই, এ কথা বলে আমাদের তিনজনকে সঙ্গে নেওয়ার অনুরোধ রাখলেন না তিনি। ধুলো উড়িয়ে চলে গেল জিপ। আমরা হতভম্ব। কী আর করা! পথে যথারীতি আলো নেই। তিন-চার মাইল পথ হেঁটে রাত সাড়ে ১০টার দিকে আমরা ঢুকলাম মুশতারী লজে। উষ্ণ অভ্যর্থনা পেলাম। কারও কারও চোখ তখন সজল। মুশতারী লজেই গভীর রাত পর্যন্ত চলল পরের দিনের প্রস্তুতি। বিদেশি বেতার শুনে খবর নোট করা। সে কাজে সক্রিয় সাহায্য জুগিয়েছিলেন বেগম মুশতারী শফীর ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র খন্দকার এহসানুল হক আনসারী। পরবর্তী সময়ে দখলিত চট্টগ্রামে পাকিস্তানি সেনারা ডাক্তার শফী ও তাঁর শ্যালককে ধরে নিয়ে যায়। তাঁরা আর ফেরেননি। মুক্তিযুদ্ধের অন্যতম দুই শহীদ।
২৭ থেকে ২৯ মার্চের মধ্যে আমাদের তিনজনের সঙ্গে যুক্ত হলেন আরও সাতজন। কাজি হাবিবুদ্দীন ছিলেন তরুণ ব্যবসায়ী। ছিউড়া কাজিবাড়ির ছেলে। আমার সঙ্গে বন্ধুত্বের সূত্র ধরেই স্বেচ্ছায় তাঁর সংশ্লিষ্টতা। বেতারের প্রকৌশল বিভাগের শরফুজ্জামান আমার ছেলেবেলার বন্ধু। ঢাকার মুসলিম হাইস্কুলে আমরা ছিলাম সহপাঠী। আমিনুর রহমান, রাশেদুল হাসান, রেজাউল করিম চৌধুরীও প্রকৌশল বিভাগের কর্মী। পোশাকি পদ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। সৈয়দ আবদুস শাকের ছিলেন বেতার প্রকৌশলী। মোস্তফা আনোয়ার অনুষ্ঠান প্রযোজক। ১০ জন হওয়ায় আমাদের কাজের শক্তি বেড়ে গিয়েছিল। যার যার পদ অবশ্য আমরা আগ্রাবাদেই ফেলে এসেছিলাম।
২৭ মার্চের গুরুত্বপূর্ণ ঘটনা কালুরঘাটে তৎকালীন মেজর জিয়াউর রহমানের উপস্থিতি। তাঁকে পটিয়া থেকে নিয়ে এসেছিলেন বেলাল মোহাম্মদ নিজে। তাঁর কমান্ডে থাকা কিছু সেনাকে ট্রান্সমিটার ভবন সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়। বেলাল ভাইয়ের অনুরোধে স্বধীনতার পক্ষে বিবৃতি দিতে তিনি রাজি হন। নিজেই ইংরেজিতে লেখেন তাঁর বয়ান। এবং সে বয়ানে ‘অন বিহাফ অব আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ কথাটার সুস্পষ্ট উল্লেখ ছিল। এর বাংলা অনুবাদে বেলাল মোহাম্মদকে সাহায্য করেন অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ। এ ঘোষণার বক্তব্য সংবাদ বুলেটিন হিসেবে প্রচার করেছিলেন আবুল কাসেম সন্দ্বীপ। অনুবাদ প্রথমে পঠিত হয় আমার কণ্ঠে। পরে একাধিক কণ্ঠে। ট্রান্সমিশনের দায়িত্বে ছিলেন আমিনুর রহমান ও আবদুস শুকুর। অনুষ্ঠান ঘোষণার দায়িত্বও আমার ওপর বর্তায়।
২৮-২৯ মার্চ থেকে আমরা ট্রান্সমিটার ভবনেই থাকতে শুরু করলাম। খাবার আসত আশপাশের গ্রাম থেকে। স্থানীয় মোহরা গ্রামের দুই ভাই সক্রিয় রাজনৈতিক কর্মী সেকান্দার হায়াত খান ও হারুনর রশিদ খান এই কালুরঘাট প্রচারপর্বে আমাদের সর্বতোভাবে সাহায্য-সহযোগিতা করেন। তাঁদের কাছে আমাদের অশেষ ঋণ, কখনো শোধবার নয়। ২৮ ও ২৯ মার্চ জিয়াউর রহমান সাহেব ইংরোজিতে আরও দুটি ঘোষণা পাঠ করেন। একটিতে নিজেকে অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে ঘোষণা করে তুমুল বিতর্কের সৃষ্টি করেন। পরবর্তীকালে বাংলাদেশের প্রবাসী রাজনৈতিক নেতাদের এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখেছি। পরে অবশ্য তিনি এই দাবির পুনরুল্লেখ করেননি। তাঁর লিখিত ইংরেজি বিবৃতি পাঠ করেন তখনকার তরুণ লেফটেন্যান্ট শমসের মবিন চৌধুরী। ২৬ ও ২৭ মার্চের অধিবেশনেই শুধু বেতারের ‘বিপ্লবী’ নামটি চালু ছিল। জিয়াউর রহমানের নির্দেশে ‘বিপ্লবী’ কথাটা বাদ দেওয়া হয়। ২৮ মার্চ থেকে শুধু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামেই প্রচারকাজ চলেছে একেবারে শেষ দিন পর্যন্ত। খুব সম্ভবত ২৯ মার্চ থেকে অনুষ্ঠানে সূচক সুর ও সমাপ্তি সুর হিসেবে যুক্ত হয়ে গেল গাজি মজহারুল আনোয়ার রচিত এবং আনোয়ার পারভেজ সুরারোপিত সেই চিরায়ত গান ‘জয় বাংলা বাংলার জয়’। আমাদের সহযোদ্ধা শরফুজ্জামান সংগ্রহ করে এনেছিল এই গানের রেকর্ডটি।
৩০ মার্চ দুপুরের অধিবেশনের পর আমরা সান্ধ্য অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। বেলাল মোহাম্মদ, আবুল কাসেম সন্দ্বীপ, রেজাউল করিম চৌধুরী, কাজি হাবিবুদ্দীন ও আমি মূল ট্রান্সমিটার ভবনে বসে আছি। বাকিরা রিসিভিং এলাকায়। দুপুর দুইটা বেজে গেছে। এমন সময় বিমানের শব্দ। ট্রান্সমিটার ভবনের সুরক্ষায় নিয়োজিত সুবেদার সাবেত আলি ছেঁড়া কাপড় দিয়ে ছোট ছোট গুলি বানিয়ে আমাদের হাতে দিয়েছিলেন কানে দেওয়ার জন্য। তাঁর নির্দেশে একটা টেবিলের নিচে স্থান নিয়েছিলাম আমরা। কিছুক্ষণ পর দিগিবদিক প্রকম্পিত করে বোমা ফেলার শব্দ। বুঝতে পারলাম বোমারু বিমান হামলা করছে। মনে হচ্ছিল, পুরো ভবনটাই বোধ হয় ঝাঁঝরা হয়ে যাবে। রেজাউল এতই কাঁপছিল যে কানের ফুটো আর খুঁজে পায় না। একধরনের শূন্যতা আমার মনে। ভয়ের বোধটাই যেন হারিয়ে ফেলেছি। এমন সময় কাতর স্বরে সন্দ্বীপ বলে উঠল, ‘ফারূক ভাই, আমার পকেটে দেড় শ টাকা আছে, এটা নিয়ে নেবেন।’
মুক্তিযুদ্ধে এটাই ছিল সম্ভবত পাকিস্তানি বাহিনীর প্রথম বিমান হামলা। বাইরে বেরিয়ে এসে দেখলাম, ভবনের গায়ে বোমার চিহ্ন। অ্যান্টেনা অকেজো। বিদ্যুৎ সরবরাহ ছিন্ন। এই ঘটনার পর আমাদের দলটি বিচ্ছিন্ন হয়ে যায়। আশ্রয় নিই পাশের গ্রামে। ৩১ মার্চ আবার আমরা সবাই মিলিত হই। সিদ্ধান্ত হয় ট্রান্সমিটার ভবনের এক কিলোওয়াট মোবাইল ট্রান্সমিটারটি তুলে নিয়ে যাওয়া হবে। আমাদের প্রকৌশলী সহকর্মীরা সেই অসাধ্য সাধন করেন। তাঁরাই শেষ পর্যন্ত কোনো গাইডবুক ছাড়াই শুধু সার্কিট ডায়াগ্রাম দেখে বাগাফা বেলোনিয়া ফরেস্ট হিল রোডে চালু করেন ট্রান্সমিটার। তা থেকে অনুষ্ঠানও প্রচারিত হয়। আমাদের লক্ষ্য ছিল সীমান্তের রামগড়। কালুরঘাট থেকে পটিয়া হয়ে রামগড়। বাহন একটি মাইক্রোবাস। চালক তরুণ এনাম। পথে পথে স্বাধীনতাকামী মানুষের হর্ষধ্বনি। ৩ এপ্রিল সন্ধ্যার দিকে রামগড় পৌঁছালাম আমরা। রামগড় সীমান্তে ছোট্ট এক নদী। ওপারে ত্রিপুরার সার্বুম। রামগড় গিয়ে আমরা পেলাম রাঙামাটির ডিসি তৌফিক ইমাম সাহেবকে। তিনি জানালেন, বিএসএফের একটি ট্রান্সমিটার থেকে আমাদের প্রচার করতে হবে। বেলাল মোহাম্মদের সঙ্গী হলাম সন্দ্বীপ আর আমি। বাকিরা রইলেন রামগড়ে। নৌকায় পার হলাম নদী। অন্ধকার চারদিকে। ওপারে একটি জিপে করে নেওয়া হলো আমাদের বাগাফায়।
বিএসএফের অস্থায়ী ঘাঁটি। ২০০ ওয়াট শর্টওয়েভ ট্রান্সমিটার। অপারেটর একজন শিখ সৈনিক, অমর সিং। আমরা দ্রুত কাজে লেগে গেলাম। কিছু তথ্য আমাদের হাতে এসেছিল। বাংলা সংবাদ তৈরি করল সন্দ্বীপ। ইংরেজি বুলেটিনের দায়িত্ব পড়ল আমার ওপর। আমি তৈরি করে দিলাম। পড়লেন চট্টগ্রামের প্রখ্যাত ব্যবসায়ী ব্যক্তিত্ব এ কে খানের পুত্র শামসুদ্দিন খান। তাঁকে চিনতেন বেলাল মোহাম্মদ। এই অনুষ্ঠানপর্ব শেষ হলে আমাদের অবাক করে দিয়ে সেখানে উপস্থিত হলেন খোদ মেজর জিয়াউর রহমান। তাঁর সঙ্গেই ফিরে এলাম আমরা রামগড়ে। সেখানেই তখন তাঁর ঘাঁটি। মুক্তাঞ্চল। বাকি বন্ধুদের সঙ্গে মিলিত হলাম। রাত্রিবাস রামগড় বাজারের ছোট এক হোটেলে। পরদিন অনিচ্ছা সত্ত্বেও আমাদের দুটি দলে বিভক্ত হতে হলো। ঠিক হলো বেলাল মোহাম্মদ, আবুল কাসেম সন্দ্বীপ, মোস্তফা আনোয়ার, শরফুজ্জামান আর আমি বিএসএফ ক্যাম্পে থেকে অনুষ্ঠান প্রচার করব। বাকিরা অপেক্ষা করবেন মোবাইল ট্রান্সমিটারটির জন্য। চালু করবেন সেটি মুক্তাঞ্চলে।
৪ এপ্রিল থেকে ৮ এপ্রিল বাগাফা ক্যাম্পেই আমরা থেকেছি, জওয়ানদের মেসে খেয়েছি এবং অনুষ্ঠান প্রচার করেছি। প্রতিদিন দুটি অধিবেশন। শেষ দিন সকালের অনুষ্ঠানের পরই সেখান থেকে আমাদের সরিয়ে নেওয়ার নির্দেশ আসে। বাগাফা থেকে আমাদের নেওয়া হয় আগরতলার অদূরে শালবাগানে। সেখানেই বিএসএফের একটি অংশের সদর দপ্তর। ৪০০ ওয়াট শর্টওয়েভ ট্রান্সমিটার থেকে অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করা হয়। এরপর আবার স্থানান্তরিত হই আমরা। কয়েক দিন কাটে ছিন্নমূল অবস্থায়। রাত্রিবাস সেনাবাহিনীর বিভিন্ন ট্রাকে। বিএসএফের ইউনিটগুলো স্থান বদল করছিল মাঝেমধ্যেই। মলিন বাস আমাদের, নির্ঘুম আমরা। সেখানেই একদিন দেখা হয় কর্নেল (পরে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক) ওসমানী এবং এম আর সিদ্দিকী সাহেবের সঙ্গে। কর্নেল ওসমানীর সঙ্গে করমর্দন করার সময় তাঁর সহজাত দৃঢ়তার পরিচয় পেলাম। সৈনিকের হাতই বটে। আমাদের হতদরিদ্র অবস্থা দেখে এম আর সিদ্দিকী কিছু ভারতীয় টাকা তুলে দেন বেলাল ভাইয়ের হাতে। মেজর খালেদ মোশাররফকেও কিছুক্ষণের জন্য পাই আমরা। আমাদের পরিচয় জেনে খুব উৎসাহ দেন।
১১ এপ্রিল এই সাময়িক ছিন্নমূল অবস্থা থেকে যিনি আমাদের উদ্ধার করেন, তিনি বিএসএফের একজন বাঙালি কর্মকর্তা কর্নেল শঙ্করপ্রসাদ ব্যানার্জি। তিনি আমাদের গাড়িতে করে নিয়ে গেলেন আগরতলা শহরের একটি বাড়িতে। ৯১২ কর্নেল চৌমুহনী। চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক, ’৭০-এর নির্বাচনে মুসলিম লীগের নেতা ফজলুল কাদের চৌধুরীকে হারিয়ে লায়ন-কিলার নাম অর্জন করা অধ্যাপক মোহাম্মদ খালেদ সেখানে। আরও ছিলেন মাহবুবুল আলম চাষী, তাহেরউদ্দিন ঠাকুর প্রমুখ। ঠিক হলো, এখানেই থাকব আমরা পাঁচজন। রেকর্ড করা হবে অনুষ্ঠান। আমরা নিশ্চিন্ত, থাকতে পারব পরিচিতদের মাঝখানে। বাড়ির গ্যারেজে আমাদের থাকার ব্যবস্থা। মেঝের ওপর বিছানা পাতা। সেটাকেও রাজকীয় মনে হচ্ছিল। এখানেই অনুষ্ঠান তৈরি করা। এখানেই শরফুজ্জামান রেকর্ড করার ভালো ব্যবস্থা গড়ে তুলল।