বাকী অংশ—
৮ এপ্রিলের প্রভাতি অধিবেশনের পর তিন দিন আমরা অনুষ্ঠান প্রচার করতে পারিনি।
কর্নেল চৌমুহনীতে আওয়ামী লীগের সাময়িক প্রশাসনিক দপ্তর। সেখানে সীমান্ত পেরিয়ে আসা বহু মানুষের আনাগোনা। তথ্য সংগ্রহের সুবিধা ছিল। যথারীতি ইংরেজি সংবাদ প্রচারের দায়িত্ব আমার। অনুষ্ঠান ঘোষণাও করতে হতো। বেলাল ভাই, মোস্তফা আনোয়ার কথিকা লিখছেন। ব্যারিস্টার মওদুদ আহমদ ইংরেজিতে বিশ্ববাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়ে কথিকা রেকর্ড করেছেন। কথিকা পড়ছেন অধ্যাপক মোহাম্মদ খালেদ। একদিন শরফুজ্জামান রেকর্ড করল বদরুল হাসানের কণ্ঠে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা। অধ্যাপনা করতেন কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে। ক্যাসেটে রেকর্ডিং। সেই ক্যাসেট প্রচারের জন্য নিয়ে যেতেন বিএসএফের ক্যাপ্টেন দেশমুখ। ১১ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত এখান থেকেই সরবরাহ করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান।
একটি ঘটনা মনে পড়ছে। আমার পরনে একটি শার্ট ও প্যান্ট। এতদিনে তা হয়ে পড়েছে জীর্ণ ও মলিন। একদিন এসে পৌঁছালেন ঢাকা থেকে টেলিব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। আমার অবস্থা দেখে তাঁর একটি ফুলপ্যান্ট আমাকে পরতে দিলেন। কিন্তু ফিট করল না একেবারেই। আমার যে কী দুঃখ সে দিন! ১৭ এপ্রিল আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলা একাডেমির সুব্রত বড়ুয়া। আমাদের লেখালেখির শক্তি আরও বেড়ে গেল। ২০ এপ্রিল ১৯৭১। আগরতলা জেল রোডে সিপিআইএম এমএলএ অঘোর দেববর্মনের বাড়িতে ওঠানো হলো আমাদের। এবার আমরা ছয়জন। থাকা-খাওয়ার সুব্যবস্থা। এক বাঙালি বৃদ্ধার ওপর দায়িত্ব রান্নার। আমাদের মাসিমা। খুব আদর করে খাওয়াতেন। তবে আমাদের পরিচয় গোপন রাখা হয়েছিল। বলা হয়েছিল আমরা বিএসএফের কর্মী। ভিন্ন ভিন্ন নাম নেওয়া হয়েছিল। বেলাল ভাই নাম নিলেন লালমোহন, মোস্তফা ভাই তাঁর প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়ের নাম নিয়ে হলেন শক্তি। মাসিমার উপস্থিতিতে সাবধানে কথা বলতে হতো, যাতে বুঝতে না পারেন যে আমরা বাংলাদেশ থেকে এসেছি। একদিন কে যেন চিত্কার করে উঠল: মাসিমা, নাশতা। আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম, নাশতা না, জলখাবার। এই সময়টা আমাদের খুবই নিরুদ্বিগ্ন কেটেছে।
মোস্তফা আনোয়ারের কথা খুব মনে পড়ছে। ১৫ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে তিনি পড়েছিলেন নিজের লেখা একটি কবিতা ‘বৈশাখের রুদ্র জামা’। এখনো আমার শরীরের লোমগুলো জেগে ওঠে এই কবিতাটির কথা মনে হলে। ‘ওরা মানুষ হত্যা করেছে, আসুন আমরা পশু হত্যা করি,’ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই বহুল প্রচারিত স্লোগানটিও তাঁর। এই স্লোগান অবলম্বন করেই ইয়াহিয়া খানের স্কেচ করেন কামরুল হাসান।
২৪ মে পর্যন্ত জেল রোডের বাড়ি থেকেই অনুষ্ঠান রেকর্ড করা হয়েছে। ১১ এপ্রিল তাজউদ্দীন আহমদের একটি ভাষণ এবং ১৭ এপ্রিল মুজিবনগরে প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের দেওয়া রেকর্ড করা ভাষণ প্রচারিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। ২৪ মে বন্ধ করে দেওয়া হয় এই পর্বের ট্রান্সমিশন। তত দিনে আমরা ১০ জন আবার একত্র। সুব্রতদাকে নিয়ে আমরা হলাম এগারো। আগরতলার পাট চুকিয়ে ২৬ মে বিমানে সুব্রতদা, সন্দ্বীপ আর আমি পৌঁছে গেলাম কলকাতায়। বালিগঞ্জ সার্কুলার রোডে। আগরতলার সঙ্গে আমাদের অনেক স্মৃতি। একটু মন খারাপ করেছিল বৈকি।
এই বাড়িতে তখনো রয়েছেন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদসহ আরও কয়েকজন মন্ত্রী। বেতারকর্মীদের জায়গা দিতে তাঁরা কিছুদিনের মধ্যেই অন্যত্র চলে যান। প্রাথমিকভাবে খাওয়ার ব্যবস্থা ছিল সেখানেই। কিন্তু বহু মানুষ তখন আসছেন সীমান্ত পেরিয়ে। তাঁদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমরা খাবার। পরে বাইরে খাওয়ার জন্য টাকা দেওয়া হতো আমাদের। চট্টগ্রাম, ঢাকা আর রাজশাহী থেকে আসা বেতারকর্মীদের উপস্থিতিতে চঞ্চল হয়ে উঠল ৫৭/৮ বালিগঞ্জ সার্কুলার রোডের দ্বিতল বাড়িটি। কামাল লোহানীর নেতৃত্বে বার্তা বিভাগের কাজ চলছে জোরেশোরে। সাদেকিন, রণজিত্ পাল চৌধুরী (রণপা), সুব্রত বড়ুয়া এবং অন্যরা খবর তৈরিতে ব্যস্ত। এলেন আলমগীর কবির। আজকের নামী নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের সহযোগিতায় গড়ে তুললেন ইংরেজি অনুষ্ঠান। কল্যাণ মিত্র রচনা করলেন নাটক জল্লাদের দরবার। মুখ্য অভিনেতা রাজু আহমদ। ছিলেন রণেন কুশারী, মাধুরী চট্টোপাধ্যায়, সুমিতা দেবী। চট্টগ্রাম থেকে এসেছিলেন কল্যাণী ঘোষ, প্রবাল চৌধুরী, রঙ্গলাল দেব চৌধুরী। ঢাকা থেকে এসেছেন অজিত রায়, আবদুল জব্বার, আপেল মাহমুদ, রথীন্দ্রনাথ রায়, মান্না হক আরও কত শিল্পী। কথিকা পড়তে আসছেন সৈয়দ আলী আহসান, জহির রায়হান, মজহারুল ইসলাম, অধ্যাপক আনিসুজ্জামান। কবিতা পড়ছেন আল মাহমুদ, আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা। কর্মীদের মধ্যে কনিষ্ঠতম নাসিম চৌধুরী। লিখে ফেলল একদিন তার কবিতা ‘কমান্ডার’। এভাবেই চলছিল। উপস্থাপক হিসেবে আমার নাম ছিল ইফতেখার আহমদ। নানা অনুষ্ঠানেই অংশ নিতাম।
কিন্তু একধরনের অনিশ্চয়তা বিক্ষিপ্ত করে তুলছিল মন। অক্টোবর মাসে প্রবাসী সরকারের তথ্য ও প্রচার দপ্তরের পরিচালক এম আর আখতার মুকুল জানালেন, কয়েকজন ওয়ার করেসপনডেন্ট পাঠানো হবে সেক্টরে। যাবে নাকি। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। সামনে থেকে যুদ্ধ দেখতে চাই। সহকর্মীদের না জানিয়েই সিদ্ধান্ত নিলাম। তাঁরা পছন্দ করেননি। তবুও বিদায় দিলেন। চাঁদা তুলে চীনা খাবার খাওয়ালেন।
এর পর আমার অন্য যাত্রা। আমরা চললাম ৬ নম্বর রংপুর-দিনাজপুর সেক্টরে।