আমি আর সেই মুখচোরা ব্যাকবেঞ্চার মেয়েটা নই

একটা মঞ্চ, সামনে দর্শকের সারি। কিছুক্ষণ পরে শুরু হবে আমার অভিনীত প্রথম নাটক। তখন আমি দ্বিতীয় শ্রেণির ছাত্রী। মায়ের সিল্কের লাল শাড়ি পরে আমি টিচারের শিখিয়ে দেওয়া মুদ্রাটা প্র্যাকটিস করছিলাম।
নির্বাক একটি পুতুলের চরিত্র পেয়ে অন্যদের তুলনায় আমি কিছুটা স্বস্তিতেই ছিলাম। এরপরও মঞ্চে ওঠার আগে আদৌ পারফর্ম করতে পারব কি না, এই আশঙ্কায় ততক্ষণে তিন-চারবার বাথরুমে আসা-যাওয়া শেষ।
কিন্তু অবাক করার বিষয়, মঞ্চে ওঠার পর এক থেকে দেড় মিনিটের মধ্যে জাদুমন্ত্রের মতো সব পাল্টে যেতে লাগল। দর্শকসারিতে বসে থাকা মানুষগুলো একটু আগেও যাদের পরীক্ষার আগের রাতের প্রহরগুলোর মতো দেখাচ্ছিল, তাদের মুখগুলো আপন মনে হতে লাগল। মুখের অসাড় মাংসপেশিগুলো জীবন ফিরে পেল, প্রতি লোমকূপ থেকে আসতে লাগল শ্বাসের আওয়াজ। নির্বাক হয়েও যে কত সবাক থাকে মানুষের ইন্দ্রিয়গুলো, তা প্রথমবারের মতো টের পেলাম। মঞ্চে এক নতুন নওশাবার মতো নিশ্বাস নিলাম। এভাবে সবটুকু উজাড় করে নিশ্বাস নেওয়ার অভিজ্ঞতা মনে হয় শিল্পী নামের কিছু অদ্ভুত প্রজাতির মানুষেরাই নিতে পারে। একজীবনে অনেক ধরনের মানুষের জীবন যাপিত করার অভিজ্ঞতা একমাত্র আমাদের, শিল্পীদের।
আমি আমার মা-বাবার একমাত্র মেয়ে। আমার দুজন বড় ভাই আছেন। আব্বুর আর্মিতে চাকরির সুবাদে মোটামুটি বেশ কড়া শাসন আর নিয়মের মধ্যে আমার শৈশব কেটেছে। অল্পসংখ্যক মানুষের আনাগোনা ছিল আমাদের বাড়িতে এবং আমার জীবনে। বিকেল হলে পাড়ার বাচ্চাদের সঙ্গে খেলা বা ভাইবোনেরা মিলে ঝড়ের দিনে আম কুড়ানো, বর্ষার বৃষ্টিতে ভেজা এই ধরনের স্মৃতি আমার জীবনের অ্যালবামে নেই।
একসময় আমার খুব আফসোস হতো, ইশ্! বাকি সবার মতো যদি আমারও এই স্মৃতিগুলো থাকত, আমার শিল্পীজীবন হয়তো আরও উন্নত হতো। কিছুদিন আগে আমার এক অদ্ভুত উপলব্ধি হয়েছে, আমার জীবনে হয়তো সেই ছবি নেই। কিন্তু একটা পাতার দিকে ক্লান্তিহীন তাকিয়ে থাকার অভিজ্ঞতা আছে, আছে নীরবতার মাঝে প্রকৃতির নিজস্ব কোলাহল শোনার এবং প্রকৃতির সঙ্গে কথোপকথনের স্মৃতি। বাসায় একটি ভৃত্য, একটি ভিক্ষুক একটি মেহমানকে অনেক আদর অনেক একাগ্রতা দিয়ে যত্ন নেওয়ার মুহূর্ত। দুটি কুকুর, একটি ময়না পাখি, একটি বিড়ালের সঙ্গে নিখাদ বন্ধুত্ব, তবে সর্বোপরি আব্বু-আম্মুর জীবনদর্শন দেখে-বুঝে কিছুটা সময়ের আগেই আমি বুঝে যাই, ভালো থাকার বা ভালো কিছু করার মূলমন্ত্র হচ্ছে ‘আশপাশের মানুষগুলোকে ভালো রাখা’।
একটা কথা আছে, ‘নিঃসঙ্গ শৈশব’ সেটাই আমার জীবন ছিল। কিন্তু আজ তো ইট-কাঠের দেয়ালে ঘেরা শহরে থাকা সব শিশুরই শৈশব নিঃসঙ্গ। আমার সঙ্গে তবু তো ছিল প্রকৃতি, আজ তো সেটার বদলে এসে গেছে অ্যাপস ও গেমের জয়গান। ধীরে ধীরে পৃথিবীটা বড়ই ছোট হয়ে আসছে। কিন্তু দূরত্ব বাড়ছে মানুষে মানুষে, মানুষের সঙ্গে প্রকৃতির, নিজের সঙ্গে নিজের। পরিবর্তন সব সময়ই শঙ্কাপূর্ণ হয়, নিয়মের মতোই পরিবর্তনকেও আমরা নেগেটিভ একটা লেবাস দিই শুরুতেই। কিন্তু পরিবর্তন তো স্বাভাবিক। এই স্বাভাবিক বিষয়টির সঙ্গে নিজেকে পরিবর্তন না করে বরং সময়ের সঙ্গে মিতালি করে এগিয়ে যাওয়াটাই তো জীবন। আব্বুকে দেখতে দেখতে আমি এগুলো আয়ত্তে এনেছি, আনার চেষ্টা করে যাচ্ছি সেই ছোটবেলা থেকে। তিনি সব সময়ই পরিবর্তনের পক্ষে।
একটা সময়ে আমি বুঝতে পারলাম বিবর্তিত হয়ে এক নতুন রূপে আমি আমাকে পেতে যাচ্ছি। জীবনটা এখন আর আগের মতো সরল থাকবে না, কারণ এখন আমার আবেগগুলো শুধু আমার বা আমার আপনজনের মাঝে সীমাবদ্ধ নয়, সেটা ছড়িয়ে পড়তে শুরু করেছে সমগ্র সৃষ্টির প্রতি। ভিসা, বর্ডার, জাতিগত বিভেদে অবিশ্বাসী এ দায়িত্ববোধটা আমাকে আমার অভিনয়কে জীবনের অপরিহার্য অংশ বানাতে বিশ্বাসী করেছে। কর্মক্ষেত্রে শত হতাশার মাঝেও আমি এখনো সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে আমার সাধনা চালিয়ে যাচ্ছি। কারণ, এত প্রতিকূল পরিবেশের মাঝেও আয়নাবাজির মতো সিনেমা হিট হয়, মাটির ময়না, জালালের গল্প-এর মতো সিনেমা আন্তর্জাতিক স্বীকৃতি পায়। চরম রাজনৈতিক অস্থিরতা, জ্যাম, ট্রাফিক, নানা হট্টগোলের মাঝে আজও মানুষ পকেটের টাকা খরচ করে থিয়েটার দেখতে যায়, আজও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে শত শত নাটক তৈরি হয় এবং প্রতিনিয়ত তার মানোন্নয়নের প্রয়াস চলমান। আর এই প্রচেষ্টায় আমার অগ্রজদের সঙ্গে আমার প্রজন্মের একজন হিসেবে হাতে হাত ধরে এগিয়ে চলেছি অবিরাম। হাজারো মন্দের মাঝে ভালো কাজগুলোর সফলতা অন্ধকার টানেলের শেষ প্রান্তে জ্বলতে থাকা আলোটির মতোই আমাকে আলোর পথ দেখায়, যুদ্ধ করার সাহস জোগায়।
>একাগ্রতা, ধৈর্য এবং কাজের প্রতি সম্মান ও প্রেম থাকলে সাফল্য আসে; আর সেই সাফল্য ক্ষণস্থায়ী হয় না। অক্সিজেনের মতো আপনার সঙ্গে থেকে আপনাকে ও আপনার কাজকে বাঁচিয়ে রাখে
খুব অল্পসংখ্যক মানুষই সুযোগ পায় এত কোলাহলের মাঝে নিজের মননের ডাক শুনতে। এই ধারায় তার আগমনের কারণ জানতে। আসলেই সে কী চায়, কী দিতে চায় এই সমাজকে, পৃথিবীকে পরবর্তী প্রজন্মকে। পরিবারকে অসুখী করে, অনেক প্রতিবন্ধকতা জেনেও অনিশ্চিত পথে আমি হাঁটা শুরু করি। এ ক্ষেত্রে আমার আব্বুর বলা একটি কথা ‘ফেস দ্য ফিয়ার’ আমাকে আজও আমার পথ থেকে বিচ্যুত হতে দেয়নি। কনজারভেটিভ ও মিডল ক্লাস একটি ফ্যামিলির মেয়ে হয়ে খুব সহজে রচিত হয়নি এ পথটি। এত দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকা। আজও একচুল ছাড় না দিয়ে নিজের তৈরি করা পথে হাঁটছি। আজ আমার ঝুলিতে যতটুকু সাফল্য, সেটা খুবই চাকচিক্যহীন হলেও ধারাবাহিকতা ধরে রেখে ভালো কাজের জন্য শূন্য থেকে তৈরি করার ইচ্ছা আমার আজও জাগ্রত।
সিসিমপুরের বাচ্চা ভূত ইকরি-মিকরির চরিত্র আমার অভিনয়জীবনের মেরুদণ্ড। তিন বছরের একটি বাচ্চা ভূতের চরিত্র নিয়ে কাজ করি ক্যারিয়ারের শুরুতেই। এখনো প্রতিনিয়ত চরিত্রগুলো আমাকে টানে। আমার প্রথম চলচ্চিত্র উধাও যেখানে একজন ভাসমান পতিতা, প্রথম মঞ্চ নাটক শান্তাতে সমাজ তোয়াক্কা না করা ‘রিয়া’ ‘আলগা নেঙ্গের’-এ বাস্তবতার স্রোতে টালমাটাল একজন প্যাথলজিস্ট, ‘চন্দ্রাবতী’তে মৈয়মনসিংহ গীতিকার বিখ্যাত চরিত্র ‘সোনাই’, ‘প্রতিরুদ্ধতে’ আধুনিক ‘সুনীতা’, ‘ঢাকা অ্যাটাক’-এ পুলিশ অফিসারের অন্তঃসত্ত্বা বউ, ‘স্বপ্নের বাড়িতে’ রহস্যজনক ‘টিনা ডিসুজা’, ‘ভুবন মাঝিতে’ সাংবাদিক চরিত্রের প্রতিটিই আমাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে।
এসব ক্ষেত্রে আমার টেবিলের পাশে থাকা ‘জল’ নামক কচ্ছপটা হচ্ছে আমার আদর্শ। তার ধীরে চলা আমার পথের নিয়ম জানিয়ে দেয়। তার কাঙ্ক্ষিত একটি অর্জনের মূল্য আমি জানি। একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ অর্জনের পথে প্রতিটি গল্প ও দীর্ঘশ্বাস আমার চেনা। তাই প্রতিটি শব্দের মূল্য আমার কাছে জীবনের শেষ শট দেওয়ার মতোই মূল্যবান। আমার প্রথম চলচ্চিত্র উধাও– এর চার বছর পর আমি আরেকটি চলচ্চিেত্র সাইন করার সুযোগ পেয়েছিলাম। আমি আজ এ ছবিগুলো অর্জন করেছি। কতটা ভালো করেছি বা করব, তা সময় বলে দেবে। কিন্তু এ অর্জনগুলো আমাকে আরও দৃঢ় করছে আমাকে আমি থাকতে। একাগ্রতা, ধৈর্য এবং কাজের প্রতি সম্মান ও প্রেম থাকলে দেরিতে হলেও সাফল্য আসে এবং সেই সাফল্য উষালগ্নের মতো ক্ষণস্থায়ী হয় না, অক্সিজেনের মতো আপনার সঙ্গে থেকে আপনাকে ও আপনার কাজকে বাঁচিয়ে রাখে।
মন থেকে নেওয়া সিদ্ধান্তগুলোর অনুভূতির সঙ্গে মাতৃত্বের আবেগের এক অদ্ভুত মিল পাওয়া যায়। মাতৃত্বের যাত্রা, অনুভূতির সঙ্গে শিল্পের সৃষ্টিকালও জন্মলগ্নের অনেক সাদৃশ্য। একটি সদ্যোজাত শিশুর নিষ্পাপ মুখ যেমন প্রসববেদনার তীব্র কষ্টের অনুভূতিকে নিমেষেই মিটিয়ে দেয়, শিল্পও তা-ই। শিল্প রচনায় যতই বেদনা থাকুক না কেন, সৃষ্টির আনন্দে সেই বেদনাগুলো একসময় ম্রিয়মাণ হয়ে যায়।
আমার কাছে সব সময় সংখ্যার চেয়ে মান বেশি গুরুত্ব পেয়েছে। এর কারণ আমার কাজের সংখ্যা যেমন সীমিত, তেমনি আমার অপেক্ষার প্রহরও বেশি। চারুকলা থেকে শুরু হওয়া যাত্রার সিসিমপুর, বিজ্ঞাপন, নাটকের পথে চলতে চলতে হঠাৎ আকস্মিক এক দুর্ঘটনায় প্রায় স্থবির হয়ে যায়। চলমান চঞ্চল জীবনটা হঠাৎ স্থির হয়ে গেল। মনে হলো আমার জীবনের সিনেমাটিতে কে যেন পজ বাটন চাপ দিল। আর সেই পজ বাটনকে প্লে করতে জোগাড় করলাম স্থির নওশাবার চেপে থাকা লুকানো অনুভূতি। আবার হঠাৎ লেখা শুরু করলাম। গদ্য-পদ্য কোনো কিছুর গণ্ডিতে সেই লেখাগুলো আমার অনুভূতির ক্ষোভের, ভালোবাসার রূপক হয়ে সাদা কাগজে ছবি আঁকা শুরু করল। এ এক নতুন ছবি, এ এক নতুন আমি।
শিল্পের সঙ্গে আমার শুরুটা খুব ছোটবেলাতেই। কিন্তু সংগীত, নৃত্য, কবিতা দিয়ে নয়। স্কুলের মঞ্চে দাঁড়িয়ে কবিতা বা বিতর্ক করে কখনোই আমি অনেক হাততালিও পাইনি। সত্যি কথা বলতে কি, মুখচোরা হিসেবে আমি দূর থেকে রিহার্সাল দেখতাম খুব মনোযোগ দিয়ে। ওই যে পর্যবেক্ষণ দিয়ে শিল্পের প্রতি আমার প্রথম প্রেমে পড়া, মানুষের প্রেমে পড়া, মনুষ্যত্বের প্রেমে পড়া; এক-একজন মানুষ আমার কাছে শিল্প হিসেবে ধরা দিতে থাকল। তাদের নীরবতা, তাদের কলরব, তাদের উচ্ছ্বাস দেখে আমার চোখের তারায় জল আসত, আজও আসে। আমি আমার এই নীরবতাকে আমার দুর্বলতা ভাবতাম চিরকাল। কিন্তু আজ যখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কাজের স্বীকৃতি পাই, আমি সেই মুখচোরা ব্যাকবেঞ্চার মেয়েটাই তখন নিজের নিজস্বতাকে আমি আমার পথচলার অনুপ্রেরণা ভাবি।
কাজী নওশাবা আহমেদ
তরুণ চলচ্চিত্র অভিনেত্রী