
মার্কিন তরুণ এডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন নজরদারি কার্যক্রম সম্পর্কে বিপুল পরিমাণ অতিগোপনীয় তথ্য জনসমক্ষে ফাঁস করে দিলে ২০১৩ সালের দ্বিতীয়ার্ধে বিশ্বজুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। পেন্টাগন এটিকে আমেরিকার ইতিহাসে ‘মহাবিপর্যকর’ তথ্য ফাঁসের ঘটনা বলে বর্ণনা করেছে।
সিআইএর সাবেক কর্মী কম্পিউটার বিশেষজ্ঞ স্নোডেন সর্বশেষ তিনি বুজ অ্যালান হ্যামিলন্টন নামে একটি মার্কিন বেসরকারি কোম্পানির কর্মী হিসেবে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার জন্য চুক্তিভিত্তিতে কাজ করছিলেন। সেই সুবাদে তিনি দেখতে পান, এনএসএ বিভিন্ন রাষ্ট্র, প্রতিষ্ঠান ও ব্যক্তিনাগরিকের যাবতীয় ক্রিয়াকর্মের ওপর গোপনে নজরদারি করছে ইন্টারনেট ও মোবাইল টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের আইনসহ আন্তর্জাতিক সব আইনকানুন ও রীতিনীতির পরিপন্থী এনএসএর এই গণগোয়েন্দাগিরির তথ্য বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি গত মে মাসের মাঝামাঝি তাঁর শেষ কর্মস্থল যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে চলে যান হংকং। সেখানে তিনি যুক্তরাজ্যের গার্ডিয়ান ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট—এই দুটি সংবাদপত্রকে এনএসএর ‘টপ সিক্রেট’ তথ্যভান্ডারের ইলেকট্রনিক ভাষ্য হস্তান্তর করলে পত্রিকা দুটি সেসবের ভিত্তিতে প্রামাণ্য প্রতিবেদন প্রকাশ করা শুরু করে। মার্কিন প্রশাসন স্নোডেনের পাসপোর্ট বাতিল করে তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য হংকং কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়। স্নোডেন ইকুয়েডর যাওয়ার চেষ্টার মাঝপথে মস্কো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় আশ্রয় নিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। যুক্তরাষ্ট্র রাশিয়াকে অনুরোধ জানায় স্নোডেনকে আশ্রয় না দিয়ে তাঁদের হাতে তুলে দিতে। নানা নাটকীয়তার মধ্য দিয়ে স্নোডেন অবশেষে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় পান।
স্নোডেনের ফাঁস করা তথ্য থেকে জানা যায়, মার্কিন এনএসএ জার্মান চ্যান্সেল আঙ্গেলা ম্যার্কেল, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফসহ বিশ্বের অন্তত ৪০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের মোবাইল ফোনে আড়ি পেতেছে। চীনের সবচেয়ে বড় শিক্ষা ও গবেষণা নেটওয়ার্কে নজরদারি হয়েছে, আড়ি পাতা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক ও ইইউর কর্মকর্তাদের ওপর। নজরদারির টার্গেট করা ৩৮টি দূতাবাস ও মিশনের মধ্যে ছিল ওয়াশিংটনে ইইউর দূতাবাস ও নিউইয়র্ক মিশন, এক মাসের মধ্যেই আড়ি পেতে রেকর্ড করা হয়েছে স্পেনের নাগরিকদের ছয় কোটি ফোনকল। চ্যান্সেলর ম্যার্কেল প্রেসিডেন্ট ওবামাকে টেলিফোন করে ক্ষোভ প্রকাশ করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ওবামাকে ফোন করে ক্ষোভ প্রকাশ করেন ফরাসি নাগরিকদের মোবাইল ফোনে গণ-আড়ি পাতার তথ্য ফাঁস হওয়ার পর। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে; জার্মানি ও ইইউ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। ইইউ পার্লামেন্ট মার্কিন নজরদারিকে ইইউর নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন বলে আখ্যা দেয়। রুসেফ তাঁর যুক্তরাষ্ট্র সফর বাতিল করেন। মস্কো-ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।
সম্প্রতি মার্কিন একটি আদালত এনএসএর গোপন নজরদারিকে ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টাদের নিয়ে গঠিত একটি প্যানেল নজরদারি কর্মসূচি সীমিত করাসহ পুরো ব্যবস্থায় ব্যাপক সংস্কারের সুপারিশ করেছে।
মাহফুজার রহমান