আরটিভি

ইয়ার আলীর নতুন বউ
আরটিভিতে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ইয়ার আলীর নতুন বউ। লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, অহনা, আ খ ম হাসান, প্রাণ, আরফান, শাহনাজ খুশী, বৃন্দাবন দাস, গোলাম হাবিব মধু প্রমুখ।
ইয়ার আলী বউ নিয়ে বিড়ম্বনার মধ্যে আছে। তার স্ত্রী পিয়ারীকে একলা বাড়িতে রেখে যেতে তার মন চায় না। মনে ভয়, যদি কোনো বিপদ ঘটে। ব্যাপারটি এখন মানসিক সমস্যায় পরিণত হয়। কেউ তার স্ত্রীর সঙ্গে কথা বলতে এলেই তাকে বাধা দেয়, নয় তো দা নিয়ে তাড়া করে। এমনকি নারীদেরও সে তার বাড়িতে আসতে দেয় না। ইয়ার আলীর সন্দেহ থেকে বাদ যায় না কেউ।
যমজ ৩
আরটিভিতে ঈদের পরদিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক যমজ ৩। লিখেছেন অনিমেষ আইচ, পরিচালনা করেছেন আজাদ কালাম। অভিনয় করেছেন মোশাররফ করিম, প্রসূন আজাদ প্রমুখ।
এই নাটকে তিনটি ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।
ফরমাল-ইন অ্যাকশন
আরটিভিতে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ফরমাল ইন-অ্যাকশন। লিখেছেন ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। অভিনয়ে করেছেন জাহিদ হাসান, নিপুণ, শামীন নাজনীন, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য্য, ডা. এজাজ, সাজ্জাদ রেজা, রিমি করিম প্রমুখ।
বাবু ভাই ষড়যন্ত্রের শিকার। প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে সে পালিয়ে বেড়াচ্ছে। এদিকে একটি পুরোনো প্রেমের ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য তৈরি হয়। একদিকে শীর্ষ সন্ত্রাসী বকরি বাদলের আতঙ্ক, অন্যদিকে গোপন প্রেম প্রকাশিত হওয়ায় তার দিশেহারা অবস্থা।
মিস্টার পাষাণ ইন লাভ
আরটিভিতে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক মিস্টার পাষাণ ইন লাভ। লিখেছেন ফারুক হোসেন, পরিচালনা করেছেন হিমেল আশরাফ। অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, মম প্রমুখ। পাষাণ ‘কন্ট্রাক্ট কিলার’। এটা তার উপাধি। পাষাণ মানসিকভাবে অপরিণত ও নিয়ন্ত্রণহীন এক মানুষ। সে যা বুঝবে কিংবা বলবে, তা-ই ঠিক।
অ্যাংরি বার্ড
আরটিভিতে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক অ্যাংরি বার্ড। লিখেছেন ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। অভিনয় করেছেন তাহসান ও তিশা। তাহসান ও তিশার বাসে যেতে যেতে পরিচয়। তাদের শুরুটা হয় ঝগড়ার মধ্য দিয়ে। এই যাত্রাপথেই তারা বন্ধু হয়ে যায়। দুজন এত কথা বললেও ঠিকানা কিংবা মুঠোফোন নম্বর নেওয়া হয়নি। দুজন দুজনকে হারিয়ে ফেলে।
ভূতের ভয়
আরটিভিতে ঈদের দিন রাত ১১টা ২৫ মিনিটে প্রচারিত হবে নাটক ভূতের ভয়। লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয় করেছেন আফজাল হোসেন, অপি করিম প্রমুখ। ঝকঝকে নতুন ফ্ল্যাট। বাড়িওয়ালা খুন হওয়ার পর স্ত্রী ফ্ল্যাট বিক্রি করে চলে যান। এরপর এই ফ্ল্যাট যারাই ভাড়া নিয়েছে, মাস খানেক থেকে চলে গেছে। ২৫ নম্বর ভাড়াটে সেঁজুতি। একা একটা মেয়ে এমন ভুতুড়ে ফ্ল্যাটে কীভাবে থাকবে?
ফ্যান্টাস্টিক তরফদার
আরটিভিতে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ফ্যান্টাস্টিক তরফদার। লিখেছেন হামেদ হাসান, পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য। অভিনয় করেছেন মোশাররফ করিম, শখ, আ খ ম হাসান, তারিক স্বপন, আবদুল্লাহ রানা প্রমুখ।
তরফদার বাংলা, সিডনি ইংরেজি আর জহির অঙ্কের শিক্ষক। বীথি তিনবার ফেল করেছে। বীথির বাবা ঘোষণা দিয়েছে, যে শিক্ষক বীথিকে বেশি নম্বর এনে দিতে পারবে, তাকে সে লাখ টাকা দেবে। তিন শিক্ষকের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা। নানা কৌশলের মধ্য দিয়ে এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত টিকে থাকে তরফদার।