আলো ছড়াবেন যাঁরা

ক্রিস গেইল
ব্রেট লিকে ওভালের পাশে লর্ড টেনিসন স্কুলে আছড়ে ফেলা বলুন আর নাথান হরিজের অফ স্পিনকে পার্থের লি-মার্শ স্ট্যান্ডের ছাদে, সজোরে হাঁকিয়ে বলকে গ্যালারি-ছাড়া করায় ক্রিস গেইলের জুড়ি নেই। ছোট সংস্করণের ক্রিকেটের ‘ফেরিওয়ালা’ তিনি। কে জানে, টি-টোয়েন্টির সবচেয়ে বড় মেলায় সবচেয়ে সুন্দর স্টলটা হয়তো তাঁরই হবে! টি-টোয়েন্টির জন্মই যেন তাঁর কথা মাথায় রেখে। অন্তত রেকর্ড তা-ই বলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি, এই সংস্করণের ক্রিকেটে সবচেয়ে বেশি রান (৮৭২৬); দ্রুততম সেঞ্চুরি (৩০ বলে) আর সর্বোচ্চ ইনিংস (দুটিই একই ইনিংসে, বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ১৭৫)—সব রেকর্ডই ওয়েস্ট ইন্ডিজ ওপেনারের। কদিন আগে বিগ ব্যাশে টি-টোয়েন্টি ক্রিকেটের দ্রুততম ফিফটির রেকর্ডেও (১২ বলে) যুবরাজ সিংয়ের সঙ্গে নামটা লিখিয়ে নিয়েছেন। বিশ্বকাপেও এমন কিছু হবে না, কে বলতে পারে।
বিরাট কোহলি
শরীরী ভাষায় যেমন আগ্রাসী, ব্যাটিংয়ের ধরনেও তেমনই। তবে আগ্রাসী ব্যাটিং বললে যেমন ব্যাটিং ব্যাকরণের মাথা খেয়ে গায়ের জোরে মারা বোঝায়, বিরাট কোহলির ব্যাটিং ঠিক তেমন নয়। অনেকটা ফিউশন সংগীতের মতো—শুদ্ধস্বরের সারগাম যেমন থাকে, তেমনি ‘ফলস নোটে’রও নিত্য উপস্থিতি। বাঁ পা সামনে বাড়ানো কাভার ড্রাইভ যতটুকু ভালো খেলেন, হুক-পুলও আসে সমান স্বচ্ছন্দে। সঙ্গে আশ্চর্য ক্ষিপ্রতায় এক-দুই রান নেওয়ার ক্ষমতা। টি-টোয়েন্টি কেন, যেকোনো ক্রিকেটেই সফল হতে আর কী লাগে! সফল কোহলি সব জায়গাতেই। শচীন টেন্ডুলকার–পরবর্তী সময়ে ভারতের তো বটেই, বিশ্ব ক্রিকেটেরই তর্ক সাপেক্ষে সেরা ব্যাটসম্যান কোহলি। কদিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে ৩-০ ব্যবধানে জেতা টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচেই ফিফটি করেছেন, এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে চাপে পড়ে যাওয়া দলকে উদ্ধার করেছেন ৪৯ করে, শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটির পর ফাইনালেও দলকে জিতিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে ভারত।

এবি ডি ভিলিয়ার্স
ক্রিকেটপ্রেমীরা সৌভাগ্যবান, এবি ডি ভিলিয়ার্স ক্রিকেটকেই বেছে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক যে রাগবিও খেলেন সমান স্বচ্ছন্দে। টেনিসও ভালো খেলেন। আবার শখকে পেশা হিসেবে নিলে হতে পারতেন গলফারও। কিন্তু ওসব না হয়ে তিনি ক্রিকেটারই হলেন এবং সন্দেহাতীতভাবে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। বিশ্বজুড়ে জনপ্রিয়ও। টেস্ট, ওয়ানডের গড় ৫০ পেরোনো, তুলনায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ২২.৮৭। কী মনে হচ্ছে, ডি ভিলিয়ার্স এই ‘ধরো-মারো’ ক্রিকেটে একটু কম মানানসই? ভুলেও ওই ভুল ধারণা করতে যাবেন না যেন। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ফিফটি, সেঞ্চুরি, দেড় শ—সব রেকর্ডই ৩২ বছর বয়সী ব্যাটসম্যানের। আর যেহেতু ভারতের মাটিতে বিশ্বকাপ, আইপিএল রেকর্ডেও একটু চোখ বুলিয়ে নিন। গড় ৩৬.৭, স্ট্রাইক রেট ১৪৪.৭৩। মাঠের সবদিকে মারতে পারেন বলে নামই হয়ে গেছে ‘৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান’। বিশ্বকাপেও এই নামের প্রতি সুবিচার করা কিছু ইনিংস হয়ে যেতে পারে।
গ্লেন ম্যাক্সওয়েল
সমর্থকদের হতাশ করা আর আনন্দে ভাসানো—গ্লেন ম্যাক্সওয়েলের দুটি ক্ষমতাই পরস্পর সমানুপাতিক। তালিকায় অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে রাখা একটু ঝুঁকির। তবে নিজের দিনে কোনো একটা ম্যাচ একাই বের করে নিয়ে যেতে পারেন ‘জি-ম্যাক্স’। অবশ্য ঝুঁকি তো তাঁর ব্যাটিংয়েরই অনুষঙ্গ। রিভার্স সুইপ, পুল কিংবা স্কুপ, উদ্ভাবনী সব শটই খেলেন বেশ অনায়াসে। সোজা ব্যাটে বলকে বাউন্ডারি–ছাড়া করার ক্ষমতায় ম্যাক্সওয়েলের ধারেকাছে কেউ নেই। তাঁর এই ক্ষমতা সবচেয়ে বেশি দেখেছে ভারতের সমর্থকেরাই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর ১৬৬.৪৪ স্ট্রাইক রেট, ২০১৪ সালে চারটি ফিফটি, যার মধ্যে তিনটি ইনিংসই ৯০ পেরিয়েছে। চমক দেখাতে পারেন বোলিংয়েও।
সাকিব আল হাসান
সাকিব আল হাসান থাকা মানে বাংলাদেশ ১২ জন খেলোয়াড় নিয়ে নামা। ব্যাটিংয়ে যেমন, তেমনি বোলিংয়েও—অধিনায়কের পরিকল্পনা আর সমর্থকদের ভরসার কেন্দ্রে দুই ভূমিকাতেই সাকিবের উজ্জ্বল উপস্থিতি। ব্যাটিং গেইল-ডি ভিলিয়ার্সদের মতো দানবীয় নয়, বোলিংয়েও অশ্বিনের বৈচিত্র্য বা নারাইনের রহস্য নেই। তবু সাকিব অনেকটা সময় ধরে সব ধরনের ক্রিকেটেই সেরা অলরাউন্ডার ছিলেন শুধু মাঠে নিজের সামর্থ্যের সবটুকু ঢেলে দেওয়ার ক্ষমতার জন্য। এই ক্ষমতার জোরেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান ও উইকেট তাঁর। এই ক্ষমতার কারণেই তাঁর ডাক পড়ে বিশ্বজুড়ে প্রায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে। পাকিস্তান সুপার লিগের কয়েকটা ম্যাচে ফর্মটা মোটেও ‘সাকিবীয়’ ছিল না। এশিয়া কাপে বল হাতে ফাইনাল ছাড়া বাকি ম্যাচগুলোতে অন্তত কিছুটা পুষিয়ে দিয়েছেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘পুষিয়ে দেওয়ার’ ব্যাপারটা ভালোভাবেই হয়ে যাক।

মুস্তাফিজুর রহমান
এক বছর আগেও তাঁকে কজনই–বা চিনত। গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে অভিষেক, অথচ ১১ মাস পরের বিশ্বকাপেই মুস্তাফিজ যাচ্ছেন সম্ভাবনাময় সেরাদের তালিকায় একজন হয়ে। তাঁর বোলিংয়ের বড় শক্তি কী? প্রশ্নটার উত্তর সম্ভবত বাংলাদেশের মাত্র মুখে কথা ফুটতে থাকা শিশুটিও বলতে পারবে। শুধু বাংলাদেশ কেন, ক্রিকেট খেলে এমন সব কটি দেশই এখন ভালোভাবেই জানে মুস্তাফিজ নামটি। এমনি মায়াজাল তাঁর স্লোয়ারের, এমনি বিভ্রান্তি ছড়িয়েছে তাঁর কাটার। ওয়ানডেতেই পারফরম্যান্সটা বেশি ভালো (৯ ম্যাচে ২৬ উইকেট)। পরিসংখ্যান বলবে, তুলনায় টি-টোয়েন্টিতে একটু পিছিয়ে মুস্তাফিজ (১০ ম্যাচে ১৩ উইকেট)। কিন্তু এটুকু দেখেই কোনো ‘বেঁফাস’ মন্তব্য করে বসার আগে জেনে নিন, টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারের উইকেটপ্রতি খরচ ১৭ রান। ইকোনোমি রেটটাও টি-টোয়েন্টির যুগে ‘টেস্ট-প্রমাণ’—৫.৬১! এশিয়া কাপের আগে হাতের পেশিতে চোট ছিল, এশিয়া কাপ চলার সময়ে পেলেন চোট পেলেন পাঁজরে। মুস্তাফিজ কতটুকু সুস্থ হয়ে বিশ্বকাপে খেলবেন, কতটুকু স্বস্তিতে কাটার-স্লোয়ার করবেন, সেটি নিয়ে একটু সংশয় থেকেই যাচ্ছে। তবে পুরো স্বস্তি নিয়ে জ্বলে উঠতে পারলে বিশ্বমঞ্চেও নিজেকে ভালোভাবে চেনানো হয়ে যাবে ১৯ বছর বয়সী বাংলাদেশি পেসারের।
সাব্বির রহমান
গত কয়েক দিনে বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার একটা ইতিবাচক ফল অবশ্যই সাব্বির রহমানকে তিন নম্বরে উঠিয়ে আনা। মহাগুরুত্বপূর্ণ এই পজিশনে ব্যাটিংয়ের দায়িত্ব পেয়ে যেন হাজার ওয়াট আলোয় জ্বলে উঠেছেন বাংলাদেশ ব্যাটসম্যান। এশিয়া কাপের সেরা খেলোয়াড়ও হয়েছেন। কারও চোখে তিনি বাংলাদেশের ‘বিরাট কোহলি’, কারও চোখে ‘গ্লেন ম্যাক্সওয়েল’। ঠান্ডা মাথা আর দ্রুত হাতের সমন্বয়ে সাব্বিরের ব্যাটিং ক্রিকেট বিনোদনের পরিপূর্ণ প্যাকেজ। মিড অন দিয়ে সোজা ব্যাটে বল গ্যালারিতে উড়িয়ে নেওয়া কিংবা ওপরে উঠতে থাকা বলে ফ্রন্ট ফুট কাভার ড্রাইভ—সাব্বিরের ব্যাটে সবই সুন্দর। সৌন্দর্যের পাশাপাশি আছে কার্যকারিতাও। দুর্দান্ত ফর্ম নিয়েই বিশ্বকাপে যাচ্ছেন, সেটি ধরে রাখতে পারলেই হয়। অবশ্য শুধু ব্যাটিংই কেন, ফিল্ডিংও তো আছে। পয়েন্টে বাজপাখির মতো উড়ে গিয়ে দুর্দান্ত কোনো ক্যাচ কিংবা চিতার ক্ষিপ্রতায় নিশ্চিত চার বাঁচানো ফিল্ডিং দেখতে সাব্বিরের দিকে আলাদা চোখ রাখতেই পারেন।
শহীদ আফ্রিদি
ব্যাটিং করার সময় যে এক-দুই করেও রান নেওয়া যায়, সেটি বোধ হয় শহীদ আফ্রিদির মনেই থাকে না! চার মারার চেয়ে তাঁর কাছে যেন ছক্কা মারা সহজ। প্রমাণ? আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কা তাঁরই (৪৬৯টি)। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ইনিংস দিয়ে নিজের আগমনী গান শুনিয়েছিলেন তখনকার বিশ্ব রেকর্ড ৩৭ বলে সেঞ্চুরি করে। এরপর ক্রিকেট অনেক রং বদলেছে, টি-টোয়েন্টি এসেছে, উদ্ভাবনী সব শট এসেছে, কিন্তু আফ্রিদি এখনো আগের আফ্রিদি। তুলে মারার এই অভ্যাসের কারণেই, সব সময় তাঁর ওপর ভরসা করা যায় না। কিন্তু যখন ব্যাটে বলে লেগে যায়, আফ্রিদি যেকোনো বোলারের জন্য দুঃস্বপ্নের নাম। ২০০৯ টি-টোয়েন্টিতে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে ভর করেই বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। বিদায় নেওয়ার আগে আরেকবার তেমন কিছু নিশ্চয়ই করতে চাইবেন আফ্রিদি।

মোহাম্মদ আমির
‘ওয়াসিম আকরাম-২’। পাকিস্তানি কিংবদন্তি বিদায় নেওয়ার পর ‘আরেকজন ওয়াসিম আকরাম কখনো আসবে না’ বলে যাঁরা আক্ষেপ করছিলেন, তাঁদের জন্য আকরাম নিজেই খুঁজে দিয়েছিলেন উত্তর—মোহাম্মদ আমির। মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তান দলে অভিষেক। এরপর সুইং, রিভার্স সুইং আর গতি দিয়ে ক্রিকেট রোমান্টিকদের বারবার যেন আকরামের কথাই মনে করিয়ে দিচ্ছিলেন আমির। ২০০৯ সালে পাকিস্তানের সফল টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রায়ও সঙ্গী ছিলেন। ৭ ম্যাচে ৬ উইকেটও নিয়েছেন। তবে সেই বিশ্বকাপ আর এই বিশ্বকাপে একটু পার্থক্য থাকছে। এবারের বিশ্বকাপে আমির যাচ্ছেন ভিন্ন পরিচয় নিয়ে, নিজেকে নতুন করে চেনানোর ব্রত নিয়ে। স্পট ফিক্সিংয়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর থেকেই অবশ্য চিনিয়ে যাচ্ছেন। পাকিস্তানের ঘরোয়া লিগে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিংবা এবারের এশিয়া কাপে, ২৩ বছর বয়সী বাঁহাতি পেসার দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন। এবার তাঁর সামনে চ্যালেঞ্জ বিশ্বমঞ্চে উদ্ভাসিত হওয়ার।
অ্যালেক্স হেলস
চট্টগ্রামের দর্শকের নামটা মনে থাকার কথা; সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে যে ‘সুনামি’ তুলেছিলেন অ্যালেক্স হেলস। শ্রীলঙ্কার ১৮৯ রানের পাহাড়ও ধসে গেল ইংলিশ ওপেনারের ৬৪ বলে ১১ চার, ৬ ছক্কায় ১১৬ রানের ঝড়ে। ঝড় তিনি আগে-পরে আরও তুলেছেন। তাঁর ব্যাটিংয়ের ধরনই এমন। ইংল্যান্ডের ওয়ানডে দলে এখন অনেকটাই স্থায়ী, তবু ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার হেলস টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবেই বেশি পরিচিত। অবশ্য ৩৩ পেরোনো গড় আর ১৩৫ স্ট্রাইক রেটের একজন ব্যাটসম্যান তো ওভাবেই পরিচিত হওয়ার কথা। এবার ইংল্যান্ড কতটা কী করতে পারে তার অনেকটাই নির্ভর করবে হেলস কেমন শুরু এনে দিতে পারেন, তার ওপর।
লাসিথ মালিঙ্গা
কোনো বোলারের বোলিং অ্যাকশনের কারণে আম্পায়ারকে পোশাকের রং বদলাতে হয়েছে, সেটি লাসিথ মালিঙ্গার আবির্ভাবের আগে কখনো দেখেনি ক্রিকেট। অভিষেক ২০০৪ সালে, তবে বছর খানেক পর নিউজিল্যান্ড সফরে শ্রীলঙ্কান পেসারকে এভাবেই চিনেছে ক্রিকেট বিশ্ব। এরপর দিনে দিনে বল হাতে একের পর এক চমক দিয়ে গেছেন। চুলের রং সাদা-কালো ছাড়িয়ে সোনালি-কালো হয়েছে, পাল্লা দিয়ে বোলিংয়ে বৈচিত্র্যও শুধু বেড়েছে। বাউন্সার, ইয়র্কার সামলাতেই ব্যাটসম্যানদের ‘এখন যাই, তখন যাই’ অবস্থা, এর সঙ্গে আবার যোগ হয়েছে স্লোয়ার ইয়র্কার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে শিরোপা জয়ী লঙ্কান দলটির বোলিংয়ের নেতা তো ছিলেনই, ছিলেন অধিনায়কও। এবার চোট কিছুটা সংশয়ে ফেলে দিয়েছে তাঁর বিশ্বকাপে অংশগ্রহণ। তবে খেলতে পারলে মালিঙ্গা আবারও পুরোনো ভয়ংকর রূপে দেখা দেবেন, এ নিয়ে নির্দ্বিধায় বাজি ধরতে পারেন।