ইচ্ছাগুলোকে বাঁচতে দিন, সাফল্য আসবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহদী হাসান
মাহদী হাসান

বাবা-মায়ের ইচ্ছা সন্তান বড় ডাক্তার হবে, বড় ভাইয়ার ইচ্ছা ছোট ভাইকে ইঞ্জিনিয়ার হতেই হবে, ছোট বোনটির স্বপ্ন তার ভাইয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করবেন আর ভালোবাসার মানুষটি চায় তার হবু স্বামী একজন সরকারি কর্মকর্তা হবেন। আপনজনের এতসব চাওয়া-পাওয়ার হিসাব চুকাতে গিয়ে কখন যে আমরা নিজেদের ইচ্ছাশক্তিটাকে দাফন করে ফেলি, তা টেরই পাই না। আমাদের ছোটবেলার পাবলো পিকাসো হওয়ার স্বপ্ন একটা সময় নিজের অজান্তেই হারিয়ে যায়, কবি-সাহিত্যিকদের ভিড়ে কবিগুরুর মতো নোবেল পাওয়ার স্বপ্নে শুরু করা লেখার হাতটি আর কোনো কবিতা প্রসব করে না, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হওয়ার স্বপ্নে কেনা ডিএসএলআরে ধুলো জমে যায়; এভাবেই আমাদের ইচ্ছাশক্তিগুলো হারিয়ে যায়। খুব জোর করে সবার পছন্দের পেশাতেই আত্মতৃপ্তি খুঁজে ফিরি।

আমার জীবনের গল্পটা একটু আলাদা। শিক্ষাজীবনের সূচনা মাদ্রাসায়। বিশ্ববিদ্যালয়ে আসার আগ পর্যন্ত একটি মাত্র প্রতিষ্ঠানে সময় কেটেছে আমার। ২০০৯-১০ সেশনে ভর্তি পরীক্ষা দিতে এসে ভাবছিলাম ঢাকার এত ভালো ভালো কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকা কি সম্ভব হবে? ভেতরে অজানা এক শঙ্কা কাজ করত। তবে আশাও কোনো অংশে কম ছিল না। ভয় ও আত্মবিশ্বাসের সমন্বয় ঠিকই সফলতা এনে দিয়েছিল সেদিন। ভর্তি পরীক্ষায় ৪৮৩ মেধাক্রম নিয়েও সাবজেক্ট চয়েস লিস্টে যখন কেবল আরবি লিখে নিয়ে গিয়েছিলাম, তখন একজন শিক্ষক আমাকে খুব জোর করেছিলেন আরবি না নিয়ে সমসাময়িক মার্কেট ভ্যালু অনুযায়ী অন্য কোনো বিভাগে ভর্তি হওয়ার জন্য। আমি তাঁকে বলেছিলাম, স্যার, আরবি নিয়ে পড়ার শখ আমার অনেক দিনের, আমি এ বিষয়েই পড়তে চাই। স্যার মুচকি হেসে বলেছিলেন, আচ্ছা, তোমার ইচ্ছা।

পছন্দের বিভাগ থেকে অনার্স, মাস্টার্স উভয় স্তরে ডিনস অ্যাওয়ার্ড অব অনার এবং অনার্সে কলা অনুষদে প্রথম স্থান অর্জন করার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনয়ন পাই। এসব পুরস্কার পেয়ে শিক্ষাজীবন শেষ করার পর এখন আমি আরবি বিভাগ পছন্দ করার পেছনে আমার শখ ছাড়াও আরেকটা যুক্তি পেয়েছি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়টা বিভাগ চালু করা হয়েছে, কোনোটিই উদ্দেশ্যহীন নয়। প্রতিটি ডিসিপ্লিনের আলাদা একটা জগৎ আছে। সেই জগৎটাকে জানতে হবে, কাজ করার জায়গা খুঁজে নিতে হবে, জায়গা সংকীর্ণ হলে তা নিজের সাধ্যানুযায়ী প্রসারিত করে নিতে হবে। আমাদের প্রিয় মাতৃভূমিকে স্বপ্নের সোনার বাংলা করে গড়ে তোলার জন্য অবশ্যই সব ক্ষেত্রে দক্ষ জনবল দরকার। আর তা ছাড়া সবাই যতই মেধাবী হোক আর যতই পরীক্ষায় ভালো ফল করুক না কেন, কোনো বিভাগের পক্ষেই নির্ধারিত আসনসংখ্যার বেশি শিক্ষার্থীকে সুযোগ দেওয়া সম্ভব নয়। সে ক্ষেত্রে মেধাক্রম অনুযায়ী প্রত্যেককে কোনো একটি বিভাগ বেছে নিতে হবে। আমি বিশ্বাস করি, বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দেওয়া প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের যথেষ্ট প্রায়োগিক দিক রয়েছে। তাই কোনো শিক্ষার্থীর যদি কোনো বিষয়ের প্রতি ভালোবাসা থেকেই থাকে, তাহলে অবশ্যই তাকে তার ভালোবাসার বিষয়ে পড়াশোনা করার সুযোগ দেওয়া উচিত।

>স্কুল-কলেজ-মাদ্রাসা-বিশ্ববিদ্যালয় সর্বস্তরে প্রত্যেক শিক্ষার্থীর ভেতরের সুপ্ত প্রতিভাকে কাজে লাগাতে পারলে তবেই না সামষ্টিক অর্থে সোনার বাংলা গড়ার পথে আমরা অগ্রসর হতে পারব

আরবি বিভাগের শিক্ষার্থীদের কথায় আসি। এ বিভাগের অধিকাংশ শিক্ষার্থীই তাদের ভবিষ্যৎ নিয়ে খুব হতাশায় ভোগে। এর পেছনে যৌক্তিক কারণও রয়েছে বটে। তবুও, সত্যি বলছি, আমি কোনো দিনই হতাশাকে কাছে আসতে দিতাম না। অনেক বেশি আশাবাদী আমি। নিজের পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করেছি, তাই সবার সামনে গর্ব করেই বলতাম, আরবি বিভাগের ছাত্র আমি। আরবি সাহিত্য অনেক সমৃদ্ধ, এতে কারও সন্দেহ থাকার কথা নয়। জাহেলি যুগের আরব কবিদের ক্ষুরধার লেখনী আমাকে রীতিমতো মুগ্ধ করেছে। উমাইয়া, আব্বাসীয়, আন্দালুসীয় থেকে শুরু করে আধুনিক যুগের কবি-সাহিত্যিকেরা একেক যুগে একেক ঢঙে আরবি সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। সময়ের চাহিদানুযায়ী নতুন নতুন ধারা যোগ করেছেন সমৃদ্ধ এই সাহিত্যভান্ডারে। হাসিচ্ছলে মাঝে মাঝেই বন্ধুরা বলে বসত, আরবি সাহিত্য যদি এতই সমৃদ্ধ হতো, তবে এ পর্যন্ত আরবি সাহিত্যে নোবেল বিজয়ীর সংখ্যা একজন কেন? এ বিষয়ে কিছুদিন আগে ব্রুনাইয়ের দারুস সালামের সুলতান শরিফ আলি ইসলামি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মিসরীয় অধ্যাপক আরেফ কারখিকে প্রশ্ন করেছিলাম, তিনি বলেছিলেন, দেখো এ ক্ষেত্রে দুটি কারণ থাকতে পারে; এক. আরব সাহিত্যিকদের লেখনীর দরদ নোবেল জুরিবোর্ড বুঝতে পারেনি, দুই. আমরা আমাদের দরদ, আবেগ, ভাষার শ্রেষ্ঠত্ব বিশ্ববাসীর কাছে পৌঁছাতে পারিনি। প্রসঙ্গত, ব্রুনাই সরকারের স্কলারশিপ নিয়ে আমি সেখানে দুই বছর মেয়াদি একটি রিসার্চ মাস্টার্স করছি।

কোনো একটি দেশের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হয়। সে ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে তরুণ প্রজন্ম। আমাদের দেশে তরুণদের একটি বড় অংশ মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হচ্ছে। তাদের অধিকাংশই আবার উচ্চমাধ্যমিকের পর পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নে মহা প্রতিযোগিতায় নেমে পড়ে। আসন সংকটের কারণে সবাই দেখা যায় স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় না।

 মাদ্রাসা শিক্ষা নিয়ে অনেকেরই নেতিবাচক ধারণা রয়েছে। অথচ মাদ্রাসার শিক্ষার্থীদের বাংলা ইংরেজির পাশাপাশি আরবি ভাষাও শিখতে হয়। যোগ্যতার দিক থেকে খুব যে পিছিয়ে থাকে তা নয়। বরং বাংলা, ইংরেজির পাশাপাশি আরবি ভাষার ওপর দক্ষতা মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মপরিধিতে ভিন্নমাত্রা যোগ করে। স্কুল-কলেজ-মাদ্রাসা-বিশ্ববিদ্যালয় সর্বস্তরে প্রত্যেক শিক্ষার্থীর ভেতরের সুপ্ত প্রতিভাকে কাজে লাগাতে পারলে তবেই না সামষ্টিক অর্থে সোনার বাংলা গড়ার পথে আমরা অগ্রসর হতে পারব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়কে সামনে রেখে শেখ হাসিনা সরকারের বর্তমান শাসনামলে উন্নয়নের যে ধারা প্রবাহিত হচ্ছে, এ ধারাকে গতিশীল রাখতে হলে সর্বক্ষেত্রে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি তরুণদের উজ্জীবনী শক্তিকে কাজে লাগিয়ে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একাডেমিক পড়ালেখার পাশাপাশি নিজের মেধাকে শাণিত করার অনেক মাধ্যম আছে। তবে আমার কাছে মনে হয়, তরুণদের মেধার বিকাশে সহ-পাঠক্রমিক কার্যক্রমগুলোর মধ্যে নিঃসন্দেহে বিতর্ক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় বর্ষে পড়া অবস্থায় প্রথম বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছিল আমার বিতর্ক জীবন। আর সংক্ষিপ্ত বিতার্কিক ক্যারিয়ারের ইতি টেনেছি গত বছর নিজ বিভাগ আরবি বিভাগকে আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়নশিপ এনে দেওয়ার মাধ্যমে। গ্রামের একটি মাদ্রাসা থেকে উঠে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একজন ছাত্র হিসেবে বিতর্কের এই জগৎটাতে টিকে থাকা আমার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ ছিল। ক্যারিয়ারের সূচনা হয়েছিল নিজ হল শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ডিবেটিং ক্লাব হাউস অব ডিবেটরসকে প্রতিনিধিত্ব করার মাধ্যমে। খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়নশিপ পেতে। এরপর একদিন সুযোগ মিলল প্রাণের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ডিইউডিএসের প্রধান বিতর্ক দল ডিইউডিএস—অপরাজেয় বাংলার টিম মেম্বার হিসেবে বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করা ক্যাম্পাসের সব বিতার্কিকেরই লালিত স্বপ্ন। সে অবস্থানে যেতে আমাকে অনেক ত্যাগ-তিতিক্ষা স্বীকার করতে হয়েছিল।

আন্তবিশ্ববিদ্যালয়, আন্তহল, আন্তক্লাব—সব ধরনের প্রতিযোগিতায় বহুবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছি। বিতর্কের পাশাপাশি ২০১৪-১৫ সেশনে ডিইউডিএসের সহসভাপতি এবং হাউস অব ডিবেটরসের সভাপতির দায়িত্বও পালন করেছি। আন্তর্জাতিক অঙ্গনেও এর সুফল পেতে আমার সময় লাগেনি। গত বছর ব্রুনাইতে ইন্টারন্যাশনাল স্পিচ কমপিটিশন-২০১৫-তে প্রথম রানারআপ হয়েছিলাম। প্রায় ২০টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে সেই ইভেন্টে ইন্দোনেশিয়ার এক প্রতিযোগীর চেয়ে একটু কম নম্বর পাওয়ায় চ্যাম্পিয়নশিপটা আর পাওয়া হয়নি। বিতার্কিক পরিচয়ে ব্রুনাইয়ের বাংলাদেশ হাইকমিশন আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর নেতৃত্বের গুণাবলি নিয়েও আলোচনা করার সুযোগ পেয়েছিলাম।

 আমাদের দেশটি বিশ্বের কাছে সগৌরবে পরিচিত দুটি কারণে। একটি হলো আমাদের শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতাযুদ্ধ আর অন্যটি হলো ১৯২০ সালের ১৭ মার্চ জন্ম নেওয়া টুঙ্গিপাড়া গ্রামের ছোট খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবের কারণে। পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমাদের সামনে রয়েছে মহান মুক্তিযুদ্ধের চেতনা আর উন্নত দেশের তালিকায় দ্রুত নাম লেখানোর জন্য আমাদের সামনে রয়েছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার মডেল।

মাহদী হাসান

সাবেক সভাপতি, হাউস অব ডিবেটরস,

জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিজয়ী