ইতিবাচক খবরের জাদুকরি শক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৩ থেকে ২০০৫—কৃষক হরিপদ কাপালীর সাফল্য উঠে আসে প্রথম আলোর িবশেষ প্রতিবেদনে
২০০৩ থেকে ২০০৫—কৃষক হরিপদ কাপালীর সাফল্য উঠে আসে প্রথম আলোর িবশেষ প্রতিবেদনে

সিনেমা শেষে ভিলেন পরাজিত হয়, নায়ক জেতে। তামাম দুনিয়ায় সিনেমাজগতে তাই চলে আসছে। সত্য, সুন্দরের জয় হয়। মানুষ তাই দেখতে চায়। শত দুঃখ-কষ্টের মধ্যেও মানুষ স্বপ্ন দেখে সুন্দর আগামীর। পঙ্কে ডুবে থেকেও পদ্মের কমনীয়তা চায় মানুষ। তাই তো ইতিবাচকতার প্রতি খুব সহজেই সাড়া দিই আমরা। হররোজ কত শত মন্দ খবর, নেতিবাচক খবর ছাপা হয় কাগজে। মারামারি, খুনোখুনি, লুটপাট, দুর্নীতির খবরের ভিড়ে কিছু খবর থাকে অন্য রকম। যেসব খবর আমাদের আশা জাগায়। সুন্দর আগামীর কথা বলে, দিনবদলের কথা বলে। সেগুলো পজেটিভ স্টোরি বা ইতিবাচক খবর। পাঠক কিন্তু এই ইতিবাচক খবরেই সাড়া দেন সবচেয়ে বেশি।

এই পাঠকের কথা মাথায় রেখেই প্রথম আলোও ইতিবাচক খবর ছাপা শুরু করে জন্মলগ্ন থেকেই। শুরুর দিকে বার ধরে এগুলোর নাম রাখা হয় ‘শুক্রবারের বিশেষ প্রতিবেদন’, ‘শনিবারের বিশেষ প্রতিবেদন’। নিয়মিত ছাপা শুরু হয় ২০০৪ সাল থেকে। বহু বছর এ নামেই চলে। মধ্যে কিছুদিন নাম পাল্টে হয় ‘আমিই বাংলাদেশ’। এখন ‘অন্য বাংলাদেশ’ নামে শনিবার দিন ছাপা হয়। এর বাইরেও বিভিন্ন পাতায় ইতিবাচক খবর নিয়মিতই ছাপা হয়। শনিবার মূল কাগজের বাইরে ছাপা হয় ক্রোড়পত্র ছুটির দিনে। প্রতি সংখ্যায় অন্তত একটি ইতিবাচক খবর তো থাকেই সেখানে। ইতিবাচক খবর দিয়ে মোড়ানো নতুন আরেকটি ক্রোড়পত্র সম্প্রতি বের হচ্ছে, নাম প্র-বাণিজ্য। ব্যবসা-বাণিজ্যের সাফল্যের খবর। সফল উদ্যোক্তাদের খবর ছাপা হচ্ছে এখানে।

অবশ্য শুরুর দিকে কৃষিভিত্তিক সাফল্যের খবর ছাপা হয়েছে বেশি। মাছ চাষে দিনবদল, দক্ষিণের পেয়ারারাজ্য, হাওরে হাঁসের ঝাঁকে সুখের হাসি, সবজি চাষে পড়ার খরচ—এগুলো আমরা প্রচুর ছেপেছি একসময়। আবার তোলপাড় করা কিছু ইতিবাচক প্রতিবেদনও হয়েছে। এই যেমন পলান সরকার। রাজশাহীর মানুষ ছিলেন। নিজের টাকায় বই কিনে বাড়ি বাড়ি হেঁটে সেই বই বিলি করে বেড়াতেন। ২০০৭-এ ‘বিনি পয়সায় বই বিলাই’ শিরোনামে সেই প্রতিবেদন ছাপার পর দেশজুড়ে সাড়া পড়ে যায়। একুশে পদক পান পলান সরকার।

ঝিনাইদহের হরিপদ কাপালিও তেমনি আলোচিত। উন্নত জাতের ধান আবিষ্কার করেছিলেন পাড়াগাঁয়ের এই কৃষক। ২০০৩ সালে আমরা ছেপেছিলাম, ‘হরিধান: হরিপদর সোনালি সন্তান’। পরে ধানটার নামও হয়েছিল তাঁর নামেই, হরিধান। জাতীয় পুরস্কারও পেয়েছিলেন কীর্তিমান এই কৃষক।

কথায় আছে, দুঃসংবাদ বাতাসের আগে ছড়ায়। খুনোখুনি, রাহাজানির খবর আপনা থেকেই এসে দরজায় কড়া নাড়ে। বহু তথ্য-তালাশ করে ইতিবাচক খবর বের করতে হয়। বারবার যাচাই-বাছাই করতে হয়। এই অনুসন্ধানী পরিক্রমায় ঝড়ঝাপটাও আসে। সাংবাদিককে সেসব সাহসের সঙ্গে মোকাবিলা করা লাগে। যেমনটা করেছিলেন রংপুরের তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়া। আরজিনা খাতুন নামের গ্রামের সাধারণ এক নারী মুষ্টিচাল দিয়ে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন। জনা চল্লিশেক নারীকে নিয়ে আরজিনা একটি সমিতি করেছিলেন। সমিতির সদস্যরা রোজ এক মুঠ করে চাল জমাতেন। সপ্তাহান্তে সেই চাল বেচে একেকজন হাঁস-মুরগি কিনে লালন-পালন করতেন। হাঁস-মুরগি বেচে কিনতেন ছাগল। দিনবদলের এই নায়িকাকে নিয়ে ২০০৬ সালে রহিদুল লিখেছিলেন, ‘মুষ্টিচালে দারিদ্র্যজয়’। কিন্তু কাজটা তখন রহিদুলের জন্য মোটেও সহজ ছিল না। তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে পড়েন বিপাকে। ছবি তোলা শুরু করতেই নারীরা হইহই করে ওঠেন, ‘তোমরা হামার ছবি তুললেন ক্যান? দোজখে নেবার চান?’ এই বলে রহিদুলকে ঘিরে ধরেন নারীরা। কিছুতেই ছবি তোলা যাবে না এবং তোলা ছবিগুলোও ফেলে দিতে হবে। আটকে রাখা হয়েছিল রহিদুলকে। বহু কষ্টে সেদিন তাঁদের বুঝিয়ে সেখান থেকে ছুটতে পেরেছিলেন। এই রহিদুল মিয়ার কলম থেকেই একে একে এসেছে ৫৯টি ইতিবাচক খবর।

সময়ের সঙ্গে বিশেষ প্রতিবেদন তথা ইতিবাচক খবরের ধরনেও এসেছে পরিবর্তন। কৃষির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, খেলাধুলা নিয়েও ঢের ইতিবাচক খবর লেখা হয়েছে। ময়মনসিংহের সেই রিকশাচালক জয়নালও কি কম যান! ঢাকায় রিকশা চালিয়ে গ্রামে গড়ে তুলেছিলেন এক অনন্য হাসপাতাল, যেখানে লোকজন বিনা মূল্যে চিকিৎসা নিতে আসে। জামালপুরের শিশুরা স্কুলে যাওয়ার পথে বিল পার হবে। কিন্তু কোনো সাঁকো নেই। তাই বলে পড়া থেমে থাকবে! পাতিলে বই, কাপড়চোপড় ভরে সাঁতরে বিল পার হয়ে তবেই স্কুলে যেত শিশুরা। বাড়ি ফিরতেও একই কসরত। ২০১০ সালে প্রথম আলোতে জামালপুরের অদম্য সেই শিক্ষার্থীদের নিয়ে ছাপা হয় ‘আলোর পথে পাতিল সাঁতার’। কম যান না ময়মনসিংহের কলসিন্দুরের মেয়েরাও। ফুটবল–নৈপুণ্যে তাঁরা দেশ মাতিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনেও কৃতিত্বের ছাপ রেখেছেন। তাঁদের নিয়ে ২০১৫-তে ছাপা হয়েছিল, ‘ফুটবল রাঙাচ্ছে কলসিন্দুরের মেয়েরা’। এরপর তাঁদের নিয়ে প্রামাণ্যচিত্র হয়। তাঁদের গ্রামে বিদ্যুৎ যায়, পাকা স্কুলভবন ওঠে।

ইতিবাচক খবরের এই এক জাদুকরি শক্তি। যেখানে যে পাতায়ই থাক, পাঠক ঠিক ঠিক বের করে নেন। সাহায্যের হাত বাড়িয়ে দেন। দিন ঘুরে যায় মানুষের, পরিবারের, সমাজের, হয়তোবা কোনো জনপদের। ইতিবাচক খবরের প্রতাপটা এখানেই।