ইরানের সঙ্গে পরমাণু চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Untitled-11
Untitled-11

দীর্ঘ ২৯ বছর পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রেসিডেন্ট পর্যায়ে টেলিফোন সংলাপ এবং তার ধারাবাহিকতায় ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি বিষয়ে ইরান ও বিশ্বের ছয় শক্তিমান রাষ্ট্রের মধ্যে এক অন্তর্বর্তী সমঝোতা চুক্তি স্বাক্ষর ২০১৩ সালের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা। ইরান ও পশ্চিমের মধ্যে সম্পর্কের বরফ গলার এ ঘটনাকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

গত ১ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোন করেন ইরানের নতুন প্রেসিডেন্ট হাসান রুহানিকে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হওয়ার পর এই প্রথম এমন ঘটনা ঘটল। উভয় নেতা দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এর পর থেকে ওবামা প্রশাসনের উচ্চপর্যায়ের নেতারা তেহরানের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যান এবং ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে একটি সমঝোতায় আসতে ইরানকে সম্মত করেন। এরই ফলে গত ২৪ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভোয় ইরান ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই সমঝোতা অনুযায়ী, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৫ শতাংশে সীমিত থাকবে। তারা নতুন কোনো সেন্ট্রিফিউজ চালু করতে পারবে না এবং তাদের পারমাণবিক চুল্লির নকশা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কাছে সরবরাহ করতে দায়বদ্ধ থাকবে। বিনিময়ে তারা আগামী ছয় মাস ওই পরমাণু কর্মসূচিসংক্রান্ত আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে রেহাই পাবে। ফলে, সোনা ও মূল্যবান ধাতু রপ্তানিসহ অন্যান্য খাতে ইরানের প্রায় দেড় শ কোটি মার্কিন ডলারের রাজস্ব আয়ের সুযোগ তৈরি হবে। আর ইরান বর্তমানে যে পরিমাণ তেল রপ্তানি করছে, তা অব্যাহত থাকবে। তবে তার বেশি পরিমাণ তেল রপ্তানি করতে পারবে না। বিভিন্ন দেশে পেট্রোলিয়াম বিক্রি বাবদ ইরানের যে অর্থ প্রাপ্য রয়েছে, তা পরিশোধের ক্ষেত্রেও আর কোনো বাধা দেওয়া হবে না। ফলে, ইরান প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার পাবে।

এই সমঝোতার মেয়াদ হবে ছয় মাস। এর মধ্যে উভয় পক্ষ একটি দীর্ঘমেয়াদি চুক্তির লক্ষ্যে আলাপ-আলোচনা এগিয়ে নেবে। তবে তেহরান চুক্তি মেনে না চললে তাদের ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। ইরান অবশ্য সব সময়ই বলে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি। কিন্তু তাদের এই দাবির প্রতি পশ্চিমা বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর আস্থা প্রতিষ্ঠা করতে হলে ইরানকে আগামী ছয় মাস সদ্য স্বাক্ষরিত চুক্তির শর্তগুলো আন্তরিকভাবে মেনে চলতে হবে।

আশিস আচার্য