ইসমে আজমের গবেষক মন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসমে আজম। ছবি: সংগৃহীত
ইসমে আজম। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারা উপজেলা শহরের পাশ দিয়ে বয়ে গেছে শান্ত ছোট্ট নদ বারনই। নদের পাড়ে একটি জায়গায় ছিল ভাঙাচোরা ইটের এক প্রাচীন স্তূপ: সম্ভবত পুরোনো ইটভাটা। সেখানে বিকেলে ছেলেরা আড্ডা দিত।

জায়গাটা বাড়ির কাছে বলে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া ইসমে আজমেরও আনাগোনা ছিল সেখানে। সেই ধ্বংসস্তূপে একদিন পাওয়া গেল ধ্যানমগ্ন এক মানুষের একটি মাটির মূর্তি। মানুষটা চেনা চেনা মনে হলো। বইপত্র ঘেঁটে একদিন পর জানা গেল, ধ্যানমগ্ন মূর্তিটা শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের।
অজানাকে জানা, নতুন কিছু আবিষ্কারের আকাঙ্ক্ষাই ইসমে আজমকে একসময় নিয়ে যায় সুন্দরবনের অতীতের খোঁজে। কয়েক বছর ধরে সুন্দরবনের আদি সভ্যতার সুলুক সন্ধান করতে গিয়ে তিনি অনেক চাঞ্চল্যকর তথ্য ও নিদর্শন খুঁজে পেয়েছেন। প্রত্নতাত্ত্বিকেরা তাঁর কাজে বিস্ময় প্রকাশ করেছেন।
ইসমে আজমের জন্ম রংপুরে। পুলিশ কর্মকর্তা বাবার চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় কেটেছে তাঁর শৈশব। প্রাতিষ্ঠানিক পড়াশোনায় ইস্তফা দিয়েছিলেন উচ্চমাধ্যমিকে উঠেই। কিন্তু বই পড়া থামাননি। বললেন, ‘আসলে বই না পড়ে থাকা যায় না। এই নেশা ছোটবেলার। রাজশাহীর পুঠিয়ায় থাকতে তো একটি লাইব্রেরির ছোটদের সব বই পড়ে ফেলেছিলাম। সত্যি বলতে কী, নতুন কোথাও গেলে সেখানকার জাদুঘর আর লাইব্রেরির খোঁজ করি আমি।’
কলেজ ছাড়ার পর নানা কাজ করেছেন। ২০১০ সালে যুক্ত হন বন্য প্রাণিবিষয়ক সংস্থা ওয়াইল্ড টিমের সঙ্গে। ২০১২ সালে যান খুলনায়। বলছিলেন, ‘সুন্দরবনে বাঘ সংরক্ষণের কাজ করতে এসে মনে হলো, যাঁদের সঙ্গে নিয়ে কাজ করব, যাঁদের সচেতন করব, সেই স্থানীয় মানুষদের সম্পর্কে তো জানা দরকার। তাঁদের জীবনযাপন, পেশা কিংবা অতীত সম্পর্কে না জানলে সচেতন করব কীভাবে?’

>ইসমে আজম
 সুন্দরবনের বাঘ সংরক্ষণকর্মী।
 সুন্দরবনে আদি সভ্যতার প্রত্নস্থলের আবিষ্কারক।
 সুন্দরবনে খুঁজে পেয়েছেন: লবণশ্রমিকের কবর, অনেক মৃৎপাত্র, পশুর হাড়, প্রাচীন স্থাপনা ইত্যাদি

সেই ভাবনা থেকেই তিনি সুন্দরবন ও এর আশপাশের অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও মানুষ সম্পর্কে লেখা বিভিন্ন বই পড়া শুরু করেন। যত পড়েন, ততই আগ্রহ বাড়ে। ২০১৫ সালের ডিসেম্বরে প্রথম গহিন সুন্দরবনে যান। ছিলেন ৪৫ দিন। সুন্দরবনের সব রেঞ্জ ঘুরে দেখেন। বইতে ও লোকমুখে শোনা ধারণার সঙ্গে যোগ হতে লাগল চাক্ষুষ দেখার অভিজ্ঞতা। দুহাত ভরে তুলে আনলেন নমুনা-নিদর্শন-ছবি। ফিরে এসে সেসব নিয়েই গবেষণা ও পড়াশোনায় মেতে উঠলেন। প্রচুর বইপত্র পড়লেন, বিশেষজ্ঞদের পরামর্শ নিলেন। নতুন নতুন প্রশ্ন দেখা দিল মাথায়। সেসব প্রশ্ন মাথায় চেপে রেখেই চার মাসের জন্য সুন্দরবনের গহিনে গেলেন ২০১৬ সালের শেষে। সেবার আরেক নতুন জগতের সন্ধান মিলল। ফিরে এসে জানালেন হাজার বছরের বসতির কাহিনি। আরও তথ্য–উপাত্ত যাচাই করলেন গবেষকেরা। প্রথম আলোর উদ্যোগেও একটি গবেষক দল ঘুরে এল ইসমে আজমের আবিষ্কৃত এলাকায়। হইচই ফেলল তাঁর গবেষণাকাজ।
এ বছরও গহিন সুন্দরবনে তিন মাস থেকে এলেন। বাঘ জরিপের কাজ তো করছেনই, তাঁর গবেষণাকাজেও অগ্রগতি হয়েছে বলে জানালেন। নতুন কিছু নিদর্শন খুঁজে পেয়েছেন: লবণশ্রমিকের কবর, অনেক মৃৎপাত্র, পশুর হাড়, স্থাপনা। এগুলো থেকে লবণশিল্পের পূর্ণাঙ্গ ম্যাপিং করতে পারবেন বলে তিনি আশাবাদী।
মাঠকর্মী হিসেবে এখনো তাঁর কর্মস্থল সাতক্ষীরার সুন্দরবন লাগোয়া মুন্সিগঞ্জে। সেখানেই পেশাগত কাজের বাইরে এগিয়ে নিচ্ছেন গবেষণার কাজ। হাত দিয়েছেন বই লেখায়। বললেন, ‘আমার দুটি স্বপ্ন। গবেষণাকাজ নিয়ে বই প্রকাশ করা। বইটা হয়তো সামনের বইমেলাতেই প্রকাশিত হবে। অন্য স্বপ্নটি হচ্ছে জাদুঘর ও গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা। এই কাজ আমার একার পক্ষে সম্ভব নয়; সরকারি-বেসরকারি সহায়তা পেলে হয়তো স্বপ্নটা পূরণ হবে।’
বইয়ের বিষয়বস্তু সম্পর্কেও ধারণা দিলেন, ‘সুন্দববনে আদি বসতি স্থাপনের তথ্য, ভূতত্ত্ব, নৃতত্ত্ব থেকে ওখানকার প্রাকৃতিক ইতিহাস, লবণশিল্পের পূর্ণাঙ্গ চিত্র, সুন্দরবনের লৌকিক দেবতাদের নিয়ে বিশদ আলোচনা থাকবে এবারের কাজে।’
এই স্বপ্নগুলো পূরণ হলেই ইসমে আজম চট্টগ্রাম পার্বত্য এলাকা নিয়ে গবেষণায় মনোযোগী হতে চান।

 সজীব মিয়া প্রথম আলোর শিক্ষানবিশ সহসম্পাদক