
নন্দীপাড়া, ছাপাখানা, ছ-নম্বর রোড, হাজি সাহেবের বাড়ি। যৎসামান্য আসবাবসহ ছোট্ট একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আমি একাই থাকছি।
এখানে আসতে চেয়েও আসেননি আফজাল হোসেন, তাঁর খুব ইচ্ছে আমার লেখা একটা ভূতের গল্প নিয়ে টিভির জন্য নাটক বানাবেন। আসেননি রাফি, ভয় পাচ্ছি আমার আচরণ তাঁকে হতাশ করে থাকবে। দূর হয়ে যায় বলে তাস খেলতে আসেননি বুলবুল, ধ্রুব, রেজা আর জুবেরি। কিশোরী এক মেয়ে ভালোবাসত, এখন তার বয়স ৫০, আমাকে দেখতে আসবে বলে রওনা হয়েও পৌঁছাতে পারেনি। ঈদের দিন রাত, বসার ঘরে একা বসে এসব ভাবছি। মনে ভিড় করে আসছে ফেলে আসা অনেক ঈদের কথা। মাথার ভেতর দুনিয়ার সব ভূত গিজ গিজ করছে। অতীত হয়ে যাওয়া গলার আওয়াজে ভরে উঠছে আমার ঘর। কত কিছুই না শুনতে পাচ্ছি। সবাই মিলে কী রকম জোশ ঈদ করেছি তখন। কোথায় গেল সেসব দিন!
এটাই আমার প্রথম একা ঈদ করা।
তবে ঠিক নিঃসঙ্গতায় ভুগছি না। খুঁজলে দেখা যাবে সারা পৃথিবীতে হাজার হাজার মানুষ একা ঈদ করে—অতীতে, বর্তমানে। অনুভব করলাম অতীত আর ভবিষ্যৎ বলে কিছু থাকে না, থাকে শুধু অনন্ত বর্তমান, যেটাকে আমরা সময় বলি; কারণ আমাদের শুধু এই একটা জিনিসই আছে।
প্রথমত পুরুষমানুষ, দ্বিতীয়ত একা, কাজেই তরুণী এক মেয়ে ঘরের ভেতর ঢুকছে দেখে মুহূর্তে অসম্ভব ভালো হয়ে গেল মন। এর মধ্যে রোমান্টিক কী যেন একটা আছে। আমার বয়স এত বেশি যে সেটা কত বলতে বাধছে, বদমেজাজি অনুবাদক এবং অক্ষম একজন লেখক; তরুণীর বয়স ২৬ কি ২৭, খুবই সুন্দর চেহারা, খুবই লম্বা, মুখের লজ্জাকাতর হাসিটুকু আপনাকে স্রেফ খুন করবে, আর চোখ দুটো দেখে ইচ্ছে হবে উল্লাসে ওই দিঘির কালো জলে ডুব মারি, নয়তো ঢক ঢক করে পান করে চিরমাতাল হয়ে থাকি।
নক না করে ভেতরে ঢুকছিল, আমাকে দেখে থমকে গেল। বলল, ‘সত্যি আমি দুঃখিত। মনে হলো এটা আমার ফ্ল্যাট।’ চলে যাওয়ার জন্য ঘুরতে গিয়েও ঘুরল না, জিজ্ঞেস করল, ‘বাড়িতে আর কেউ নেই? গিন্নি বা—?’
‘না।’
‘আপনি এ-একা? অদ্ভুত না? ঈদের দিন?’ তরুণীর গলায় কিশোরীসুলভ বিস্ময়।
‘এখন আর একা নই, এই যে তুমি চলে এলে।’
হেসে ফেলল মেয়েটা। শরীরে বিষ নিতে অভ্যস্ত যে কেউ এই হাসি দেখলে সে আর কক্ষনো বিষ নেবে না। ‘আমি একটু বসি, একটু গল্প করি?’
‘সত্যি ভারি খুশি হই।’
ভেতরে ঢুকে সোজা হেঁটে এসে আমার সামনের সোফায় বসল। বলল, ‘আপনি আবার অন্য কিছু ভাববেন না যেন। সব ফ্ল্যাটের দরজা একই রকম দেখতে তো, তাই ভুল...’
‘তুমি ভুল করায় আমি খুশি। আমার বয়স হয়েছে, কিন্তু এই তারুণ্য নিয়ে ঈদের দিন তুমি কি কারণে একা বলো তো?’
‘আপনি জানলেন কীভাবে আমি একা?’
‘তুমি বললে—আমার ফ্ল্যাট।’
‘ও, হ্যাঁ।’
‘কেন হে, একা কেন?’ আবার জিজ্ঞেস করলাম।
‘ওরা সবাই দেশের বাড়িতে। কাজের ক্ষতি হবে ভেবে গেলাম না। আমি লেখালেখি করি।’
‘ও, আচ্ছা, নষ্ট করার মতো সময় নেই।’
‘না, একটা মুহূর্তও নষ্ট করা চলে না। কিন্তু আমার মা-বাবা, গোটা পরিবার ব্যাপারটা বোঝে না।’
‘হ্যাঁ, শিল্প-সাহিত্যকে সিরিয়াসলি নেয় না ওরা। আর্জেন্সিও বোঝে না।’
‘একদম ঠিক বলেছেন।’
‘তা এখন কী লিখছ তুমি?’
‘এখন শুধু কবিতা আর ডায়েরি লিখছি, নাম দিয়েছি ‘আমার কবিতা এবং আমার আমি’। ও, নামটা বলা হয়নি—আমি সম্পূর্ণা। পরিবারের সবাই বলে লেখালেখি করে কোনো লাভ নেই। তা ছাড়া আমার বয়সও নাকি খুব কম। কিন্তু নিজেকে আমার কম বয়সী বলে মনে হয় না। মাঝেমধ্যে অনুভব করি আমি একটা বুড়ি, মারা যাওয়ার আগে অনেক কিছু করতে হবে তাকে।’
‘থামাথামি নেই, সৃষ্টিশীলতার চাকা ঘুরতে থাকে—জোরে, আরও জোরে।’
‘হ্যাঁ! ঠিক তাই! আপনি বুঝতে পারছেন! আপনাকে আমি আমার লেখা পড়তে দেব। পড়বেন কিন্তু! প্লিজ পড়বেন!’
মেয়েটির গলায় মরিয়া আর চোখে ভয় ভয় ভাব লক্ষ করে আমাকে বলতে হলো, ‘ঈদের দিন দুজনেই আমরা একটু বেশি গম্ভীর হয়ে উঠছি। দাঁড়াও, তোমার জন্য আমি সেমাই আর ফিরনি নিয়ে আসি।’ চেয়ার ছেড়ে পাশের ঘরে ঢুকলাম।
দু-মিনিট পর পাশের ঘর থেকে ফিরে এসে দেখি মেয়েটি নেই। একটু অন্যমনস্ক হয়ে পড়লাম, মনটা খারাপ হয়ে গেছে। কফি বানিয়ে একাই খাচ্ছি, হেঁটে এসে দাঁড়ালাম বুক শেলফের সামনে। প্রতিটি তাকে সারি সারি বাঁধানো সব বই, একেবারে ঠাসাঠাসি অবস্থা। এই বুক শেলফ বাড়িঅলার। এটি এখানে রাখার জন্য বাড়িঅলা ভদ্রলোক খুব করে ক্ষমা চেয়ে নিয়েছেন, বলেছেন, ‘প্লিজ, কিছু মনে করবেন না। আমার মেয়ে এই বইগুলো রাখবেই। অন্য কোথাও যে সরাব, তেমন কোনো জায়গাও নেই। সে জন্যই এই ফ্ল্যাটের ভাড়া কিছুটা কম নিচ্ছি আমরা।’
‘আমি কিছু মনে করছি না। বই তো আসলে ভালো বন্ধু।’
তবে বইগুলোর চেহারায় খুব একটা বন্ধুসুলভ কিছু দেখছি না। অনেকটা চোখ বুজে একটা বই হাতে নিলাম। নাকি অদ্ভুত কোনো নিয়তি আমার হাতকে চালিয়েছে?
কফির মগে চুমুক দিচ্ছি, টান দিচ্ছি সিগারেটে, ছোট আকারের তোবড়ানো বইটা পড়তে শুরু করলাম। আগেই লক্ষ করেছি, এটা ছাপা হয়েছে ২০১৪ সালে। দেখলাম বেশির ভাগই কবিতা—বিষয় ও ভাষা, দুটোই অপরিণত, কাঁচা; তবে বেশ গতি আছে, আছে বক্তব্য স্পষ্ট করার চেষ্টা। তারপর একধরনের ডায়েরিও দেখলাম। খুব বেশি বাস্তবঘেঁষা বলে মনে হলো। স্রেফ কৌতূহল হওয়ায় ভাবলাম দেখি তো ২০১৩ সালে ঈদের দিনে কি লেখা হয়েছে।
লেখাটা পড়লাম:
এই প্রথম একা ঈদ করছি। আজ আমার বড় অদ্ভুত একটা অভিজ্ঞতা হলো। বাইরে খানিক হাঁটাহাঁটি করে ফ্ল্যাটে ফিরে দেখি আমার বসার ঘরে প্রৌঢ় এক ভদ্রলোক বসে আছেন। প্রথমে ভাবলাম আমি বোধ হয় ভুল করে অন্য কারও ফ্ল্যাটে ঢুকে পড়েছি। কিন্তু তা সত্যি নয়। ভদ্রলোকের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প হলো, তারপর দেখি তিনি নেই, একদম গায়েব। আমার ধারণা তিনি ভূত ছিলেন। তবে আমি ভয় পাইনি। ভদ্রলোককে আমার ভালো লেগেছে। কিন্তু আজ রাতে আমার শরীর ভালো নয়। একদমই ভালো নয়। এর আগে কোনো ঈদে আমি অসুস্থ হইনি।
ডায়েরিতে এটাই শেষ লেখা। তবে তারপর প্রকাশকের একটা বিশেষ দ্রষ্টব্য আছে। সেটা এ রকম:
সৈয়দা সম্পূর্ণা ২০১৩ সালের ঈদের দিন রাতে হার্ট অ্যাটাকে মারা গেছেন। ডায়েরির সর্বশেষ এন্ট্রিতে যে প্রৌঢ় ভদ্রলোকের কথা বলা হয়েছে তিনিই জীবিত অবস্থায় সর্বশেষ দেখেছেন তাঁকে। কাগজে বিজ্ঞাপন দিয়ে অনুরোধ করা সত্ত্বেও ভদ্রলোক আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেননি। তাঁর পরিচয় একটা রহস্য হয়েই থাকল।
—বিদেশি গল্প অবলম্বনে