উঠে দাঁড়ানোর শক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুল হাসান। ছবি: লেখকের সৌজন্যে
মাহমুদুল হাসান। ছবি: লেখকের সৌজন্যে

শুরু করি এক সংকটের গল্প দিয়ে। পবিত্র হজ করে যেদিন দেশে ফিরলাম, সেদিনই খবরটা পেলাম। ‘মজার স্কুল’-এর চারজনকে নারী ও শিশু পাচারের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে, ওরা প্রায় এক মাস ধরে কারাবন্দী।
কী আশ্চর্য! এই ছেলেমেয়েগুলোর সঙ্গে ব্যক্তিগত এবং কিছু কিছু ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবেও আমি তিন বছর ধরে জড়িত। আমাদের জন্য বিষয়টি ভীষণ বড় এক সংকট ছিল।
একদম শুরুর দিকে দেশের সব মূলধারার গণমাধ্যম তথ্যের অভাবে ওদের বিপক্ষে লিখলেও পরবর্তী সময়ে অনলাইন ও মুদ্রণ—সব মাধ্যমেই প্রকৃত বিষয় তুলে ধরা হয়। অনেক মানুষের ঐকান্তিক চেষ্টায়, প্রশাসন, পুলিশ কর্তৃপক্ষ এবং সবশেষে প্রধানমন্ত্রীর দপ্তরের আন্তরিক সহায়তায় আজকে ওরা মুক্ত হয়েছে। এখন এই এত মানুষের সংশ্লিষ্টতা পথশিশুদের নিয়ে কাজ করার উদ্যোগে যুক্ত হয়েছে আরও নতুন নতুন সম্ভাবনা।
এখন, এই মুহূর্তে আপনি নিশ্চয়ই ভাবছেন, আমার উদ্যোক্তা হওয়ার গল্পে কিংবা ‘রকমারি ডটকম’-এর সঙ্গে এই বিষয়ের সম্পর্ক কী? আমাদের গ্রুপের নাম ‘অন্য রকম বাংলাদেশ’। আমরা স্বপ্ন দেখি অন্য রকম বাংলাদেশের। শুধু রকমারি না, আমাদের সব উদ্যোগই এই অন্য রকম বাংলাদেশ গড়তে।
আমরা হয়তো মুখে মুখে বলে গেলাম অন্য রকম বাংলাদেশ গড়ব, কিন্তু আসলেই সেটা কতখানি সম্ভব? জাতি হিসেবে আমাদের অনেক অনেক সীমাবদ্ধতা। এটা নেই, সেটা নেই। চারদিকে শুধু এই সমস্যা, সেই সমস্যা। হাজার হাজার চ্যালেঞ্জ আমাদের সামনে। তাহলে কীভাবে আমরা অন্য রকম বাংলাদেশ গড়ব?
এইখানে একদম বাংলাদেশের জন্মলগ্নে ফিরে যাই। ১৯৭১ সালে আমরা কীভাবে অসম্ভবকে সম্ভব করেছিলাম? শুধু বিশ্বাসের জোরে আর সবার সম্মিলিত প্রচেষ্টায়। আমাদের যার যা কিছু ছিল, শুধু তা-ই নিয়েই আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। হ্যাঁ, এই যে যার যা কিছু আছে, তা-ই নিয়ে শুরু করা এবং গভীর বিশ্বাস আর ভালোবাসার সঙ্গে এগিয়ে যাওয়া, এই অগ্রযাত্রাকে রুখবে কে? জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জ আর সংকট চলে আসে। কিন্তু সবচেয়ে বড় সত্য হলো, সংকট আপনাকে মেরে ফেলে না, তা আপনাকে আরও শক্তিমান করে তোলে।
প্রতিটি সংকট আর চ্যালেঞ্জের মধ্যে লুকিয়ে থাকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ। যে যে অবস্থানে আছে, আর হাতের কাছে যতটুকু আছে, সেইটুকু নিয়েই বিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলে এই চ্যালেঞ্জগুলোই আমাদের সন্ধান দেয় নতুন নতুন সুযোগের। দিন শেষে নির্ধারিত হয় আপনি হার মেনেছেন, (হ্যাঁ, হেরে গেছেন বলছি না, হার মেনেছেন বলছি) নাকি ওই সুযোগ কাজে লাগিয়ে পরবর্তী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও শক্তপোক্ত হয়েছেন।
রকমারি ডটকম ছিল এই অন্য রকম বাংলাদেশ গড়ার একটি প্রচেষ্টা। আপনি যে খাতে ইতিমধ্যেই তৈরি (ডেভেলপড), সেখানে নতুন করে বিনিয়োগ করে হয়তো টাকা কামাতে পারবেন, কিন্তু তাতে দেশের ওইভাবে কোনো উপকার হবে না। যেখানে সবকিছু গোছানো আছে, সেখান থেকে শুরু করাটা আসলে ব্যবসা। কিন্তু যেখানে কোনো কিছু গোছানো নেই, যেখানে কিছু হচ্ছে না, সেখানে কাজ করাই উদ্যোগ।
রকমারি শুরুর গল্পটা বলি। প্রযুক্তিতে সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে। বাংলাদেশও পিছিয়ে নেই। কিন্তু অনলাইনে কেনাকাটা তখনো বাংলাদেশে শুরু হয়নি। অথচ আমাদের জন্য এই বিষয় অন্য দেশের থেকে অনেক বেশি দরকার। কারণ শুধু যদি ঢাকার কথাই চিন্তা করি, প্রতিদিন একজন মানুষের কত কমর্ঘণ্টা নষ্ট হচ্ছে যানজটে বসে। এই যানজটের অন্যতম কারণ কিন্তু কেনাকাটা। যেমন ধরুন, মঙ্গলবার নিউমার্কেট বন্ধ থাকে। কিন্তু ওই এলাকার সব অফিস-স্কুল-কলেজ খোলা থাকে। তারপরও অন্যান্য দিনের মতো ওই রকম যানজট থাকে কি? তারপর যদি সারা দেশের যোগাযোগব্যবস্থার কথা চিন্তা করি, তাহলে দেখি যে ঢাকার বাইরে বসে একজনের জন্য তার কাঙ্ক্ষিত পণ্য পাওয়া অনেক ঝামেলার বিষয়। এসব চিন্তা করেই আমরা অনলাইনে কেনাকাটার ব্যবস্থা নিয়ে কাজ শুরু করি, যেটাতে আদতে একটা সমস্যার সমাধান হবে।
পণ্য হিসেবে বই নিয়ে শুরু করার বিষয়ে বলি। ব্যক্তিগতভাবে আমরা যারা রকমারির সঙ্গে যুক্ত, তারা বই পড়া নিয়ে অসম্ভব উৎসুক। ফলে যেটা হয়, ব্যক্তিগত আগ্রহের জায়গাটা প্রাতিষ্ঠানিকভাবেও চলে আসে। তা ছাড়া জাতি হিসেবে পিছিয়ে পড়ার জন্য কিংবা আমাদের প্রচলিত মূল্যবোধের ঘাটতিজনিত সংকট আমাদের বই পড়ার অভ্যাস কমে আসার একটি প্রধান কারণ। এই যে আমাদের মধ্যে এত হানাহানি, কেউ কারও ভালো দেখতে পারি না, এত এত বিভেদ—এসবের পেছনের প্রধান কারণ—উপলব্ধি করে বই না পড়া। হ্যাঁ, আমরা পাঠ্যবই পড়ি, কিন্তু সেটা শুধু নম্বর পাওয়ার জন্যই। মানুষের মনের পরিধি, চিন্তা-চেতনার পরিধি কিন্তু বাড়ে পাঠ্যবইয়ের বাইরের ভালো বই পড়েই। তো এই যে বই পড়ি না, আমরা সেটা নিয়ে শুধু কথা বলেই যাই, বলেই যাই। মাঝেমধ্যে এসব কথার সংকলন করে বই বের করারও চিন্তা করি, কিন্তু কেন বই পড়া কমে যাচ্ছে, সেই বিষয় নিয়ে কাজ খুব কমই করি। আমরা দেখেছিলাম, সবাই বই পড়তে চায়, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই গৎবাঁধা কিছু বইয়ের বাইরে আর বই পাচ্ছি না। তারপর যেখানে হয়তো পাওয়া যায়, সেখানেও সংগ্রহের পথে বিশাল বাধা। যেমন উত্তরাতে যিনি থাকেন, তিনি যদি কিছু বই কিনতে চান, তাহলে তাঁকে নীলক্ষেত আসতে হবে। আবার সব বই হয়তো সেখানে পাবেন না, বাংলাবাজার, শাহবাগ যেতে হবে। সে ক্ষেত্রে তাঁর কত মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এই রকম বেশ কিছু সমস্যার সমাধান করতেই রকমারির জন্ম।
তো যেটা হয় আরকি। শুরু করার সঙ্গে সঙ্গেই হাজার সংকট, হাজার চ্যালেঞ্জ। ওই সংকটগুলো আমাদের ঘুম হারাম করতে পারত, কিন্তু কেন যেন ওই রাতগুলোতেই আমরা অনেক শান্তিতে ঘুমিয়েছি। আমরা আমাদের যা কিছু ছিল, তা-ই নিয়েই লেগে থেকেছি। আমাদের কাজ অনলাইনে। আমাদের মার্চেন্ট সব প্রকাশক। কিন্তু অতি দুঃখের বিষয় আজ থেকে চার বছর আগে শতকরা ৯০ জন প্রকাশকের কাছে তাঁদের কোনো তথ্যেরই কোনো সফট কপি ছিল না। হাজার হাজার প্রকাশকের লাখ লাখ বইয়ের তথ্য কীভাবে আমরা সাইটে আনব—এই প্রশ্ন একদম শুরুর দিনেই আমাদের প্রায় থামিয়ে দিয়েছিল।
প্রায় থামিয়ে দিয়েছিল, পুরোপুরি না। এই চ্যালেঞ্জই আমাদের সাহস জোগাল। আমরা বুঝেছিলাম, আমরা যদি কোনোভাবে তাঁদের সঙ্গে কাজ করে এই তথ্যগুলো ডিজিটাইজ করতে পারি, শুধু রকমারি না, সারা বাংলাদেশের বইয়ের জগৎই এক লাফে ১০০ বছর এগিয়ে যাবে। তখন আমরা থামিনি। আমাদের যা কিছু ছিল, শুধু তা-ই নিয়েই ভয়ানকভাবে লেগে গিয়েছিলাম। ফলাফল, আজকে এই চার বছরে শতকরা হিসাবে ওই ৯০ ভাগই আছে। কিন্তু সেটা এখন আমাদের কাছে তথ্য থাকার পরিসংখ্যান।
এরপর এল কীভাবে সবার কাছে বই পৌঁছাব সেই সমস্যা। আমরা কথা দিয়েছি সবার ঘরে বই পৌঁছাব, কিন্তু বাংলাদেশে এমন কোনো কুরিয়ার সার্ভিস নেই, যারা আসলে সারা বাংলাদেশে বই পৌঁছে দেবে। তাহলে?

সংকট থাকবেই। কিন্তু সংকট না থাকলে কোনো অনুপ্রেরণা থাকে না। চলার পথে অনুপ্রেরণা জিনিসটা খুব দরকার। কখনো কখনো এক পা এগোলে হয়তো দুই পা পেছাতে হয়। কিন্তু তাই বলে আমাদের পথচলা থামে না। এটা নেই, সেটা নেই, এটা লাগবে, সেটা লাগবে—এই কথাগুলো আমাদের জন্য না। বরং চলুন আমরা খুঁজে দেখি কী কী আছে

হ্যাঁ, আমরা লেগে থেকেছি। দিনের পর দিন, মাসের পর মাস। নতুন চিন্তাকে সহজভাবে না নেওয়ার ‘কমন’ প্রবণতায় অনেকে অনেকভাবে অপমান করেছে। অনেক কিছু শুনিয়েছে, হাসাহাসি করেছে। ওই হাসিকে আমরা ইতিবাচকভাবে নিয়েছি। আজকে এত দিন পরও তারা হাসে। কেননা চার বছরে আজকে আমরা প্রমাণ করেছি, আমাদের দিয়েও তাদের ব্যবসা হবে।
আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল টাকার আদান-প্রদান। মানুষ বাজারে গিয়ে যাচাই-বাছাই করে জিনিস কেনে। সেখানে রকমারি কেবল একটা ওয়েবসাইট। ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না। সে ক্ষেত্রে কেন মানুষ বিশ্বাস করে আগে টাকা দিয়ে পণ্য কিনবে। এই সমস্যা দূর করতে আমরা শুরু করি উল্টো প্রক্রিয়া। আমরাই ক্রেতাদের বিশ্বাস করে ‘আগে বই পরে টাকা’ চালু করি। অর্থাৎ বই পেয়ে ক্রেতা টাকা দেবেন। সবাই হেসেছিল তখন আমাদের দিকে তাকিয়ে। কিন্তু সত্যি কথা হচ্ছে, আপনি মানুষকে বিশ্বাস করলে ঠকবেন না, না করলে বেশি ঠকবেন।
আমরাও ঠকিনি। মানুষও আমাদের বিশ্বাসের প্রতিদানে বিশ্বাস করেছে। ফলে আজকে অনেক অনেক সংকট দূর করে একটা অবস্থানে আমরা উঠে আসতে পেরেছি।
আমরা অন্য রকম বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা আমাদের স্বপ্নকে পূরণ করার কাজে এগিয়ে যাচ্ছি। এই যে এত এত সংকট পার হয়ে এসে কিন্তু শুধু আমাদেরই লাভ হয়নি, আস্তে আস্তে একটা প্রক্রিয়া দাঁড়িয়ে যাচ্ছে, আদতে যেটার সুফল পাবে পুরো দেশ।
সংকট থাকবেই। কিন্তু সংকট না থাকলে কোনো অনুপ্রেরণা থাকে না। চলার পথে অনুপ্রেরণা জিনিসটা খুব দরকার। কখনো কখনো এক পা এগোলে হয়তো দুই পা পেছাতে হয়। কিন্তু তাই বলে আমাদের পথচলা থামে না। এটা নেই, সেটা নেই, এটা লাগবে, সেটা লাগবে—এই কথাগুলো আমাদের জন্য না। বরং চলুন আমরা খুঁজে দেখি কী কী আছে। বিশ্বাস করুন, শুরু করার জন্য যা যা দরকার, তার থেকে অনেক বেশি ছড়িয়ে আছে আপনার-আমার পাশে। শুধু শুরু করতে হবে। চ্যালেঞ্জ থাকবেই। আপনাকে শুধু সেই চ্যালেঞ্জ থেকে সুযোগটা আলাদা করতে হবে। আপনি বারবার হোঁচট খাবেন, আবার উঠে দাঁড়াতে হবে।
পতন কখনো পরাজয় নয়। পরাজয় তখন, যখন কেউ উঠে দাঁড়াতে চায় না।
পড়ে থাকবেন, নাকি উঠে দাঁড়াবেন, সিদ্ধান্তটা আপনারই।
মাহমুদুল হাসান: রকমারি ডটকমের প্রতিষ্ঠাতা