
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ছোট শিক্ষার্থীদের প্রথম বড় পরীক্ষা। এ নিয়ে শিক্ষার্থীদের চেয়ে অভিভাবকেরা চিন্তা বেশি করে থাকেন। কিছু অভিভাবক এ সময়ে শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগ করেন, যা কোনোভাবেই ঠিক নয়। পরীক্ষার আগে শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করে পড়ালে শিশুর মনের ওপর বিরূপ প্রভাব পড়ে। তাই এ সময়ে তাদের ওপর বাড়তি কোনো চাপ দেওয়া যাবে না। নতুন করে কোনো কিছু শেখানোও ঠিক হবে না।
পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর মুহূর্তের মধ্যে পুরো প্রশ্নটা পড়ে ফেলবে। নির্ভুল উত্তর গুছিয়ে লিখতে হবে। উত্তরপত্রে বেশি ঘষামাজা ও কাটাকাটি করবে না। যা লিখবে প্যারা বা অনুচ্ছেদ করে লিখবে। হাতের লেখা সুন্দর করে লিখতে হবে।
নির্ভুল ও সুন্দর হাতের লেখা নম্বর পাওয়ার ক্ষেত্রে খাতা মূল্যায়নকারীকে প্রভাবিত করে। পরীক্ষার হলে ভিন্ন পরিবেশ দেখা দিলেও নিজে আত্মবিশ্বাস নিয়ে উত্তর লিখবে। পাশের কারও দিকে না তাকিয়ে নিজের থেকে জানা উত্তর লিখবে। পরীক্ষার আগের রাতে কোনো অবস্থাতেই বেশি রাত জেগে থাকবে না। মনের আনন্দে জীবনের প্রথম বড় পরীক্ষায় অংশ নেবে। তবেই মন ফুরফুরে থাকবে।
তোমাদের প্রতি রইল ফুলেল শুভেচ্ছা।
প্রধান শিক্ষক, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা