
এমন একটি বিকেল কিংবা একটি সন্ধ্যার আবাহন কোনো সামান্য আকাঙ্ক্ষার ছিল না। ছিল প্রয়োজন। ভীষণ জরুরি।
বিশেষ করে যে বিকেলে এমন এক ক্রীড়া পুরস্কারের প্রবর্তন, যেটির মাধ্যমে আমরা আমাদের সত্যিকারের ক্রীড়া নায়কদের প্রণতি জানাতে পারি। আর এটি যখন প্রকৃত অনুভবে ধরা দেয়, প্রথম আলো নিশ্চেষ্ট বসে থাকে কী করে! প্রথম আলোর ক্রীড়া পুরস্কারের ভাবনাটা এভাবেই আসে ২০০৪ সালে। পরের বছরই সেটি দেখে আলোর মুখ। ২০০৫ সাল থেকে ২০১৬—ঠিক এক যুগ পেরিয়ে গেছে এই পুরস্কারের।
বছরের সেরা ক্রীড়াবিদ, বছরের দ্বিতীয় সেরা ক্রীড়াবিদ, বর্ষসেরা নারী ক্রীড়াবিদ আর সারা জীবনের অবদানের স্বীকৃতি আজীবন সম্মাননা। ২০১১ সাল পর্যন্ত পুরস্কারের ক্ষেত্র ছিল এই পাঁচটি। ২০১২ সাল থেকে যোগ হয়েছে আরেকটি পুরস্কার—পাঠকের ভোটে বর্ষসেরা। প্রথম ১০ বছর প্রথম আলোর সঙ্গী ছিল গ্রামীণফোন। ২০১৪ থেকে এই যাত্রার একটু বাঁক বদল, নতুন সঙ্গী হয়েছে রুপচাঁদা। তবে একটি বিষয় বদলায়নি একেবারেই। পুরস্কার প্রাপকদের নির্বাচনটা এখনো নির্মোহ। খেলোয়াড়ি নৈপুণ্য বা দক্ষতাই শেষ কথা। নির্বাচনের পুরো ভার সাবেক তারকা ক্রীড়াবিদ ও দেশের সেরা ক্রীড়াব্যক্তিত্বদের নিয়ে গড়া নির্বাচকমণ্ডলীর হাতে।
ক্রীড়া পুরস্কার তারুণ্যের গৌরবদীপ্ত অর্জনেরই নান্দীপাঠ। প্রথম আলো শুরু করে তাই একেবারেই টগবগে তারুণ্য থেকে। যেটি পড়েছে বর্ষসেরা উদীয়মান শ্রেণিতে।
প্রথম আলোর নির্বাচিত উদীয়মান তারকারা যাঁর যাঁর দিগন্তে উদিত হয়ে ছড়িয়েছেন আলো। ১৬, ১৮ কিংবা ২০ বছরের যে তরুণকে বর্ষসেরা উদীয়মানের পুরস্কার দিয়েছে প্রথম আলো, পূর্ণোদয় হতে তাঁর বেশি সময় লাগেনি। ২০০৪ সালে বর্ষসেরা উদীয়মান রাসেল মাহমুদ জিমি দুই বছরের মধ্যেই হকির সেরা স্ট্রাইকার। তাঁকে ছাড়া এখনো কল্পনা করা যায় না জাতীয় হকি দল। ২০০৫ সালের সেরা উদীয়মান জাহিদ হাসান এমিলি পরের বছর থেকেই জাতীয় ফুটবল দলের অপরিহার্য স্ট্রাইকার। জিমি ও এমিলির পরের দুই উদীয়মানের নাম—সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ওঁরা আজ আন্তর্জাতিক ক্রিকেটাকাশেরই উজ্জ্বল দুটি নক্ষত্র। সর্বকনিষ্ঠ বর্ষসেরা উদীয়মান ফাহাদ রহমান। ২০১১ সালে তাকে যখন পুরস্কার দেওয়া হয়, তার বয়স আট–নয় বছর। দুই বছরের মধ্যেই ছেলেটি দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফিদে মাস্টার। তার মধ্যেই আরেক গ্র্যান্ড মাস্টারকে খুঁজে পেতে আকুল হয়ে আছে বাংলাদেশ।
পরের দুই সেরা উদীয়মান দুই হক—এনামুল হক বিজয় ও মুমিনুল হক। ক্রিকেটের আন্তর্জাতিক আকাশে উদয়ের গান এঁরা শুনিয়েছেন। ২০১৪ ও ২০১৫ সালের সেরা উদীয়মান তাইজুল ইসলাম ও সৌম্য সরকারের নাম শুনে অনেকে বলতে পারেন, ওঁরা উদীয়মান কেন উদিতই তো হয়ে আছেন।
তারা খুঁজতে হয় রাতের আকাশে। সে জন্যই এ আয়োজনের শুরুটাও হয় সন্ধ্যা রাতেই। ঝলমল করতে থাকে ক্রীড়াঙ্গনের সর্বজনীন এক আনন্দমেলা। এই মেলায় পুরস্কৃত হয় বর্ষসেরা ক্রীড়াতারা। প্রথম আলো সেই কাজটাই অক্লেশে করে যাচ্ছে বছরের পর বছর। আপনাদের সঙ্গে নিয়ে করে যেতে যায় যুগ যুগ ধরে।
একনজরে
সূচনা: ২০০৫ সাল
মোট আয়োজন: ১২ বার
পুরস্কারের শাখা: ৫টি