উৎপাদিত পণ্যের ওপর কৃষকের নিয়ন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সাহাদাত পারভেজ
ছবি: সাহাদাত পারভেজ

সময়টা ষাটের দশক। দুনিয়াজুড়ে দিকে দিকে সমাজবদলের ডাক উঠছে। বাংলাদেশও তার বাইরে থাকবে কী করে? সমাজবদলের সংগ্রামের শপথ নিয়ে কৃষক সমিতিতে যোগ দিই। যশোর, খুলনা, সাতক্ষীরার বিভিন্ন এলাকায় কৃষকদের দিনবদলের সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানাই। আশির দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বজুড়ে সমাজবদলের সংগ্রামে হতাশা নেমে এল। কৃষকদের মধ্যে কাজ করা নিয়ে আমার মধ্যেও নতুন করে উপলব্ধি এল। মনে হলো কৃষকদের সমাজবদলের সংগ্রামে উৎসাহিত করার আগে তাঁদের নিজেদের সমস্যার সমাধানের জন্য সংগঠিত করা দরকার। তাঁদের নিজেদের জীবনে ও জীবিকার ইতিবাচক পরিবর্তনের পথে আগে নামানো দরকার।
কৃষকের জীবনে অনেক সমস্যা। দুর্যোগের কারণে ফলন নষ্ট হয়, আবার ফলন ভালো হলে তাঁরা ভালো দাম পান না। ভালো দাম পাওয়ার আশায় কৃষক ফসলে বেশি বেশি রাসায়নিক সার ও কীটনাশক ছিটান। এতে তাঁর উৎপাদিত ফসলেই শুধু বিষ যায় না, তিনি নিজেও বিষে আক্রান্ত হন। এতসব সমস্যায় থাকা কৃষকদের সমাধানের পথ বের করার চিন্তা থেকে কৃষকদের ক্লাব প্রতিষ্ঠা করার পরিকল্পনা করি। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচান্দায় কৃষক সমিতি করার কারণে নিয়মিত যাতায়াত ছিল। সেখানেই আমার প্রথম কৃষক ক্লাব গঠন শুরু হলো। দেশে তখন নতুন নতুন কৃষিপ্রযুক্তি ও বীজের প্রচলন শুরু হয়েছে। কিন্তু সমস্যা হলো, আমাদের কাজের এলাকা বা ক্লাবগুলো মূল সড়ক ও শহর থেকে বেশ দূরে। ফলে সেখানে অন্য জেলা এবং শহর থেকে কৃষিবিজ্ঞানী ও প্রযুক্তিবিদেরা আসতে রাজি হচ্ছিলেন না। মহেশ্বরচান্দার কাজের অভিজ্ঞতা থেকে এবার নিজের গ্রামের বাড়ির এলাকায় কৃষক ক্লাব গড়ার কাজে হাত দিলাম।
নিজের গ্রামের বাড়ি বন্দবিলা, নিমতা ও কঠুরাকান্দি গ্রামের কৃষকদের নিয়ে একটি ক্লাব গঠন করলাম। নাম দিলাম ‘বণিক কৃষি ক্লাব’। ব্যবসায়ীরা যেমন কোনো কাজ মুনাফার জন্য করেন, তেমনি কৃষিকাজেও যাতে শুধু খোরাকির জন্য না করে লাভ করার চিন্তা করেন, সেই জন্যই এই নাম। মূল সড়কের পাশে হওয়ায় ওই ক্লাবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা আসা-যাওয়া শুরু করেন। ধান ও বিভিন্ন ফসলের নতুন জাত এবং চাষের নতুন প্রযুক্তি সম্পর্কে সরকারি সংস্থাগুলোর বিজ্ঞানীরা এসে আমাদের ধারণা দেওয়া শুরু করলেন। আমরা তাঁদের কাছ থেকে নেওয়া জ্ঞানকে নিজেদের এলাকার উপযোগী করে প্রয়োগ করা শুরু করলাম।
কিন্তু একসময় মনে হলো আধুনিক প্রযুক্তির কিছু সমস্যাও আছে। এতে ফসলের উৎপাদন ঠিকই বাড়ছে, কিন্তু একই সঙ্গে বিষের বিপদও বাড়ছে। উন্নত জাতের ধান ও সবজি চাষ করতে গিয়ে ফসলে পোকামাকড় দেখা দিতে শুরু করল। কৃষকেরা পোকা মারতে ফসলে রাসায়নিক কীটনাশক বা বিষ দেওয়া শুরু করলেন। আমরা খেয়াল করলাম, ওই বিষ কৃষকের উৎপাদিত ফসলে রয়ে যাচ্ছে। মানুষ ওসব সবজি খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে। রাসায়নিক সার সেচের পানির সঙ্গে মিশে নদী-খাল-বিলে পড়ছে। এতেও মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যাচ্ছে। এসব দেখে মন খারাপ হতো। কীভাবে প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ দমন করা যায় তা নিয়ে চিন্তা শুরু করলাম।

সরাসরি ঢাকার কারওয়ান বাজারে সবজি পাঠানো শুরু করলাম। যশোর-মাগুরা সড়কের পাশে কৃষক ক্লাব থেকে পণ্য রাখার মাঠ ও গুদাম বানালাম। সেখান থেকে ঢাকার বড় পাইকারেরা সবজি নিয়ে যাওয়া শুরু করলেন। কৃষকেরা সেখানে সবজি নিয়ে এলে ভালো দাম পেলেন

কৃষকের জ্ঞান এবং বিজ্ঞানীদের বিজ্ঞানকে মিলিয়ে কীটপতঙ্গের দাপট কমানোর একটি পদ্ধতি বের হলো। যার বৈজ্ঞানিক নাম ‘সেক্স ফেরোম্যান ট্রাপ’। যাকে বাংলায় ‘জাদুর ফাঁদ’ বলা হতো। ফসলের জমিতে পাত্র বা জালের বাক্সের মধ্যে ফেরোম্যান নামে একধরনের রাসায়নিক মাখিয়ে রাখা হয়। ওই রাসায়নিকের গন্ধে পুরুষ পোকারা এসে ওই ফাঁদে এসে আটকে মারা যায়। এভাবে শস্য ছিদ্রকারী পুরুষ পোকা মেরে তাদের প্রজনন ও সংখ্যা কমিয়ে আনা হয়। আমরা যশোরে ওই পদ্ধতিটি প্রথম প্রয়োগ করে সফলতা নিয়ে আসি। আমাদের এখানে সবজিখেতে ওই জাদুর ফাঁদের সফলতা দেখে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। দেশ-বিদেশের বিজ্ঞানীরা যশোরে এই পদ্ধতিটি শিখতে আসেন।
রাসায়নিক সারের বিকল্প জৈব সার উৎপাদনের জন্য আমরা কৃষক ক্লাব থেকে উদ্যোগ নিলাম। কেঁচো, কচুরিপানা ও গরুর গোবর মাটিতে গর্ত করে বা একটি ড্রামে রেখে দেওয়ার পর ওই পোকাগুলো যে মল ত্যাগ করে, তা খুবই উন্নত মানের সার হয়। একজন জার্মান বিজ্ঞানীর উদ্ভাবিত ওই প্রযুক্তিকে বলা হয় ‘ভার্মি কম্পোজ সার’। আমরা কৃষক ক্লাবের মাধ্যমে আমাদের এলাকায় ভার্মি কম্পোজ সার উৎপাদন শুরু করি। আমাদের যশোর, ঝিনাইদহ এলাকায় প্রচুর সবজি হয়। আমরা ওই জাদুর ফাঁদ ও ভার্মি কম্পোজ জনপ্রিয় করতে কৃষক ক্লাবের সংখ্যা বাড়াতে থাকলাম। একপর্যায়ে আমাদের ক্লাবের সংখ্যা হয়ে গেল ৬২। দেশের অনেক স্বনামধন্য কৃষিবিজ্ঞানী আমাদের ক্লাবগুলোতে আসা শুরু করলেন। কৃষিবিজ্ঞানী কাজী বদরুদ্দোজা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নুরুল আলম, রেজাউল করিমসহ অনেকেই আমাদের ক্লাবে এসে বুদ্ধি-পরামর্শ দিয়েছেন। আমাদের ক্লাবের কৃষকদের কাছ থেকে অনেক কিছু তাঁরা নিজেরাও শিখেছেন। অন্য এলাকায় তা প্রসারের ব্যবস্থা করেছেন।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন সংস্থার (এসআরডিআই) বিজ্ঞানীরা দেশের বিভিন্ন এলাকার মাটি পরীক্ষা করে সেখানকার উপযোগী ফসল চাষের জন্য পরামর্শ দেন। এটা জানতে পেরে আমরা এসআরডিআইয়ের পরামর্শ নিয়ে আমাদের যশোরের মাটির ধরন অনুযায়ী ফসল চাষ শুরু করি। আমাদের কৃষক ক্লাবগুলো কৃষকদের এ ব্যাপারে পরামর্শ দেওয়া শুরু করে। এর ভালো ফলও কৃষকেরা পেতে শুরু করেন। মাটির গুণাগুণ বুঝে চাষ করার ফলে অনেক এলাকায় সারের ব্যবহার কমে গেল। পোকার আক্রমণও কম হলো। উৎপাদনও বাড়ল। আমাদের কাছ থেকে এই পদ্ধতি শিখে অন্য এলাকার কৃষকেরাও তা প্রয়োগ করা শুরু করলেন।
কৃষকেরা বিষমুক্ত ফসল উৎপাদন করার পরও দেখা গেল বাজারজাতকরণের দুর্বলতায় তাঁরা ভালো দাম পাচ্ছিলেন না। আমাদের যশোরে ফুল ও বাঁধাকপি, টমেটো, শিমসহ বিভিন্ন সবজি যে দামে বিক্রি হতো, ঢাকা বা চট্টগ্রামে তার চেয়ে দুই-তিন গুণ বেশি দামে বিক্রি হতো। আমরা কৃষক ক্লাব থেকে সরাসরি ঢাকার কারওয়ান বাজারে সবজি পাঠানো শুরু করলাম। যশোর-মাগুরা সড়কের পাশে কৃষক ক্লাব থেকে পণ্য রাখার মাঠ ও গুদাম বানালাম। সেখান থেকে ঢাকার বড় পাইকারেরা সবজি নিয়ে যাওয়া শুরু করলেন। কৃষকেরা সেখানে সবজি নিয়ে এলে ভালো দাম পেলেন।
কৃষকেরা সবজি ও ধানের ভালো বীজ না পাওয়ায় তাঁদের ফসলের মান খারাপ হতো। ২০০০ সালের পর থেকে আমরা খেয়াল করলাম, আমাদের কাছ থেকে বীজ আস্তে আস্তে কোম্পানির হাতে চলে যাচ্ছে। বিভিন্ন কোম্পানি বেশি দামে কৃষকের কাছে বীজ বিক্রি করতে থাকল। সুন্দর মোড়ক ও ভালো ভালো কথায় প্রভাবিত হয়ে কৃষকেরা ওই বীজ কিনলেও তাতে ফসল খুব বেশি যে ভালো হতো তা নয়। আমরা কৃষক পর্যায়ে বীজ সংরক্ষণ এবং বীজের মান উন্নত করার জন্য কাজ শুরু করি। গঠন করি বীজপ্রযুক্তি পল্লি। ওই পল্লিগুলো থেকে অন্য এলাকার কৃষকেরা স্বল্পমূল্যে বীজ কিনতে পারেন। বীজ সংরক্ষণের প্রযুক্তির ওপরও আমরা কৃষকদের প্রশিক্ষণ দিই।
ষাটের দশকে আমাদের সমাজবদলের সংগ্রামের মূল প্রেরণা ছিল কার্ল মার্কস। তিনি উৎপাদনের সঙ্গে উৎপাদকের সম্পর্ক স্থাপনের কথা বলেছিলেন। এই ৭৩ বছর বয়সে জীবনসায়াহ্নে এসে আমার এই একটাই উপলব্ধি, কৃষককে যদি তাঁর উৎপাদিত পণ্যের ওপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার সুযোগ দেওয়া যায়, তাহলে এই দেশের ভাগ্য বদলে যাবে। এই দেশের কৃষিকে উন্নত করতে হলে কৃষকের জ্ঞান, অভিজ্ঞতা ও স্বার্থকে আমলে নিতে হবে।
(অনুলিখন)
আইয়ুব হোসেন, আধুনিক পদ্ধতিতে বিষমুক্ত ফসল উৎপাদনের জনক, যশোর