এক গোবেচারার গো-হাট সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জগতে ঝামেলা এড়িয়ে চলার যেসব ব্যক্তি রয়েছেন, আমি তাঁদের দলের একজন। এই দুর্নামটা যে রয়েছে, তা আমার জানা। ‘স্কেপিস্ট’ও বলে থাকে অনেকে। ধরনটি চাল-চলনে ধারণ করা চারটিখানি কথা নয়। চাপের মুখে হার না মেনে নির্লিপ্ত থাকা, না শোনার ভান করা ইত্যাদি কিছু গুণা থাকতে হয়। আমার ধারণা, বহুদিনের প্র্যাকটিসে সেসব রপ্ত করা সম্ভব। আমার ক্ষেত্রে তো তা-ই ঘটেছে বলে অনেকে মনে করেন। যেমন বাজারে না যাওয়া, গরু কেনার জন্য হাটে না যাওয়ার মতো দুটি দিকের কথা বলা যায়। এসবে পরম নির্লিপ্তি ধারণ করি স্বভাবগুণে।
এই নির্লিপ্তিটা এমনি এমনি আসেনি। তবে এককালে হাটে যেতাম। মানে ছেলেবেলায় নিয়মিতই বাবার সঙ্গে গরুর হাটেও যেতাম কোরবানির ঈদ এলে। কিন্তু যখন পরবর্তী সময়ে সংসারে রোজগেরে সদস্য হলাম, তখন থেকে এসবে যাওয়াটা কমে প্রায় শূন্যের কোঠায় পৌঁছাল। ব্যাপারটি যে আমার ছাপোষা স্বভাব, রোজগার ও গরুর দামের গরমিলে দিশেহারা অবস্থার কারণে, তা বলাই বাহুল্য। অতএব নির্লিপ্ত থাকাই শ্রেয় ভাবি কারণ যার সাধ্য নেই, তার আরাধ্য ব্যাপার-স্যাপারে রাশ টানতে ভাবলেশহীন নির্লিপ্ত ভাব নেওয়াটাই মোক্ষম উপায়।
এ নিয়ে অবশ্য এখন আর কেউ কোনো উচ্চবাচ্য করে না। সবার ধাতস্থ হয়ে গেছে। বরং শুভানুধ্যায়ীদের সংখ্যা বেড়েছে। আপনজন, প্রিয়জন, বন্ধুজন—যাঁরাই আমার সম্পর্কে ঈষৎ ভাবনাচিন্তা করেন, তাঁরা আমাকে ‘গোবেচারা’ বলে অভিহিত করে থাকেন। বিশেষ করে গো-হাটের ব্যাপারে। কথাটি কেন আমার ক্ষেত্রে প্রযোজ্য, তা নিয়ে অবশ্য আমি কখনো ভাবিনি।
তবে তা যে গরুর সঙ্গে সম্পর্কিত, সেটা ভাবলেও ভাবা যায়। মানে শান্তশিষ্ট, ভাবলেশহীন স্বভাব দেখে হয়তোবা বিশেষণটি সবার মনে আসে। আমি অবশ্য এটাকে গুণাবলি ভেবে আত্মতৃপ্ত যে হই না, তা নয়। যদিও গূঢ়ার্থে শব্দটি ভয়াবহতা বহনকারীও মনে হয় মাঝেমধ্যে। অর্থাৎ গরুসদৃশ বলা হচ্ছে কি না, সেই ভাবনাটাও মাথায় আসে। এ ক্ষেত্রে সান্ত্বনা একটিই যে আর যা-ই হোক, অন্তত কথাটি ‘গোবেচারা’তেই ঠেকে থাকে, ‘বেচারা-গরু’টা ব্যবহৃত হয় না। তো এসব নানা কারণে গোবেচারা আমার গো-হাটে যাওয়া হয় না।
যাহোক, দেখতে দেখতে আবার কোরবানির ঈদ এসে গেল। চারদিকে সাজ সাজ রব শুরু হয়ে গেছে। সবার মুখে এখন কে কেমন কোরবানি দেবেন, নাকি বেদম দামের চোটে কিছুই সম্ভব হবে না, এমন সব বাক্যালাপ চালু হয়ে গেছে। কিছুটা রাজনীতিও যে তাতে ঢুকে পড়ছে না, তা নয়। পার্শ্ববর্তী দেশ গবাদি দল রপ্তানিতে অঢেলত্ব বজায় রাখবে কি না, সেই সংশয়ও ব্যক্ত হচ্ছে অঢেল।
আমার এ নিয়ে চিন্তা-দুশ্চিন্তা নেই। কারণটি আর কিছু নয়, আগে বলা পকেটের দুর্বল হাল! স্বল্প রোজগারের আস্ত টাকাপয়সা ইচ্ছা থাকলেও আস্ত একটা গবাদি ক্রয়ে খরচ করা সম্ভব নয়। অতএব নিরস্তই থাকতে হয় সংসার পরিচালনের কথা ভেবে।
তবে হ্যাঁ, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের মধ্যে আমার দলভুক্ত কম রোজগেরে যাঁরা, তাঁরা আমাকে কোরবানির নিয়ম অনুযায়ী ভাগীদার করে নেন। অর্থাৎ সপ্তভাগের একটি আমার জন্য বরাদ্দ রাখেন। তাতে অনেকটাই সুরাহা হয়। যা কিছু করার তাঁরাই করেন। আমাকে এসবে মাথা ঘামাতে দেন না। তাঁরাই মহাউদ্দীপনায় হাটে যান, কিনে আনেন। তারপর কারও বাসস্থানে ঈদের দিনে সবকিছু তৈরি হয়ে গেলে ব্যাগে পুরে আমার ভাগটি বুঝিয়ে দেন।
তাই বলে চিরকালই এমনটা ছিল, তা নয়। আগেই বলেছি, ছেলেবেলায় বাবার সঙ্গে প্রায়ই গরুর হাটে যেতাম ঈদ এলেই। অবশ্য বাবার সঙ্গে আরও ছয়জন সঙ্গী থাকতেন। তার মানে তখনো সাত ভাগের ব্যাপারটি বাবাও মেনে চলতেন। তাঁকেও পকেট বা পুঞ্জি নিয়ে ভাবতে হতো।
এত দিন পর এসব কথা ভাবতে গিয়ে একটা দিক খোলাসা হলো যে আর্থিক টানাপোড়েনের অবস্থাটি পৈতৃক সূত্রেই পাওয়া। তবে তৃপ্তি নিয়েই ভাবি যে এ ক্ষেত্রে বাবার পদাঙ্ক অনুসরণ করতে পারছি। এ নিয়ে অনেকের খোঁটা শুনতে হয়। তা এমনই যে গরু বাঁধার ‘খুঁটা’র মতোই খুঁটি পোঁতা হয়ে বিঁধে থাকে মনে। এবং আমার সেই নির্লিপ্ত ভাব দিয়ে সেসব দিব্যি হজম করি। আসলে খোঁটাটুকু অন্যদের সাকসেসের সঙ্গে তুলনা করেই। মানে বাবার আমলের অনেকের ছেলেরা তাঁদের বাবারা যা পারেননি, তা করতে পারছেন খুব সহজেই, সফলতার সঙ্গে। বিশাল দামি আর দশাসই আস্ত ষাঁড় হাট থেকে কিনে টেনে আনতে কয়েক হর্স পাওয়ারধারী গাঁট্টাগোট্টা কর্মী বাহিনীর প্রয়োজন হয়; তেমনটা করে দেখান অবলীলায়। সাতভাগী নিয়মে যেতে হয় না তাঁদের।
ব্যাপারটি বহুল কথিত অর্থনৈতিক উন্নতির যে দৃষ্টান্ত, তা বলা বাহুল্য। কারও কারও পকেটে টাকার হাট। অতএব গো-হাটে গিয়েও দামের প্রতিযোগিতায় নেমে দেদার খরুচে হয়ে পড়া সহজ হয়েছে। আমারও যে আর্থিক উন্নতি হয়নি, তা নয়। তবে তা অনুপাত দিয়ে তুলনা করা যাবে না। ছোটখাটো আস্ত গরুও কেনার অবস্থা থাকার মতো পকেটপ্রাপ্তি ঘটে না সেই উন্নতিতে। ব্যাপারটি খুলে বলছি। আগের বছর হয়তো দাম দেখা গেল আমার পুরো মাসের ইনকাম-ক্ষমতা থেকে তিন গুণ। পরবর্তী বছরে ততটা জমালাম। তারপর ঈদ আসতেই অপার প্রশান্তি নিয়ে ভাবলাম: ‘এবার পুরোটা কেনা যাবে।’ কিন্তু হায়, ‘সকলি গরল ভেল’! দেখি দাম আবার বেড়ে কয়েক গুণ। আবার ধরাছোঁয়ার বাইরে। অতএব হালটি ‘পুনর্মূষিকোভব’। তো গরুর হাটে যাই না, কিন্তু মাঝেমধ্যে তাতে ঢুকে পড়তে হয় দুরবস্থায় পড়ে। যেমন কয়েক বছর আগের একটি অভিজ্ঞতা। বাসে চেপে আসছিলাম উত্তরবঙ্গ থেকে। কোরবানির ঈদ আসন্ন। অতএব যথারীতি গাবতলীর গরুর হাটের জ্যামে বাসটি আটকে গেল। গাড়ি, গরু আর মানুষে একাকার। কী মনে হলো, নেমে গেলাম। ভিড় ঠেলে হাঁটছি আর দেখছি কেনাকাটার মানুষদের। চোখ পড়ল একটি বিশাল স্বাস্থ্যবান গরুর দিকে। তাকে ঘিরে ভিড়। গরুটি বেশ রাগী চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। দেখলাম এক ভদ্রলোক দামাদামি করছেন। তিনিও স্বাস্থ্যবান, লম্বা। দামি জিনসের প্যান্ট, গায়ে সাদা টি-শার্ট। গলায় কয়েক ধরনের চেইন। হাতের কবজিতে বালা। তার পাশে সুতা বাঁধা। দুই হাতের আট আঙুলে আট রকম পাথর লাগানো আংটি।
দামাদামিতে লাখ টাকার কিছুটা নিচে ঠেকে আছেন। ব্যাপারটি তাঁর গরুর মতোই নট নড়নচড়ন। আরও ২৫ হাজারের দাবি থেকে সরছেন না। ভিড়ের বাকি লোকেরা আমার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা দর্শক। ক্রেতা নাছোড়। চাপাচাপি যখন করেই যাচ্ছেন, তখন ভিড় ঠেলে আরেকজন এগিয়ে গেলেন। তিনি আরও দীর্ঘদেহী দশাসই। থুতনিতে ফ্রেঞ্চ-কাট। গরুর চারদিক ঘুরে দেখলেন। তারপর হঠাৎ বেপারিকে জিজ্ঞেস, ‘কত চাইতাছ?’ বেপারি দাম বললেন। ঠিক তখনই আগের ক্রেতা ভদ্রলোক মুখ খুললেন, ‘আরে ভাই, আমি তো অহনও ছাড়ি নাই, একটা দাম কইছি। সরি তো নাই।’
পরে আসা ক্রেতা কটমট করে তাকিয়ে বললেন, ‘তো কী হইছে? কতক্ষণ খাড়াইয়া থাকবেন?’
তারপর সঙ্গের ইয়া গাঁট্টাগোট্টা-সুঠামদেহী লোকদের হুকুম দিলেন, ‘এই পোলাপান, রসসি খুল। হাসিলে লইয়া চল।’
বেপারির সঙ্গে টাকাপয়সার লেনদেনটা চটজলদি সেরে ফেললেন। আগের ক্রেতা হতভম্ব। দর্শকদের বললেন, ‘টাকার গরম বেশি!’
যখন সরে আসব ভাবছি, ঠিক তখনই হুড়মুড় করে আরও বিশাল এক ষাঁড় এসে হাজির। দাম আরও অনেক বেশি। তো এই ভদ্রলোক আর দামাদামি না করে দিব্যি নিয়ে নিলেন। এবার আমার থ বনে যাওয়ার ব্যাপার। ভিড়ের কেউ একজন বললেন, ‘টাকার গরম কাউরি কম না! গরমের কম্পিটিশন!’
সরে আসতে গিয়ে কাছেই একটি ছোটখাটো হাড়জিরজিরে গরু চোখে পড়ল। গরুর মালিকটিও প্রায় একই রকম। এবং যিনি দামাদামি করছেন, তিনিও প্রায় তা-ই। হঠাৎ তিনি একটা ভুল করে ফেললেন। মানে গরুর হাড্ডিসার গায়ে কোথাও মাংসের ভাবসাব আছে কি না, তা পরখ করতে ইতিউতি টেপা শুরু করলেন।
ব্যস! এই কাণ্ড দেখে মালিক তো রেগে কাঁই। বললেন, ‘আরে সাব, কী শুরু করলেন? গরুটারে কি আম-কাঁঠাল পাইলেন?’
এ কথা শুনে ক্রেতার সঙ্গের ছেলেটি বলল, ‘আরে মিয়া, চটেন কেন? দেখতে হইব না, গরু বেচতে আইছেন না হাড্ডি?!’
বুঝলাম গো-হাটে নানা মজাদার রঙ্গ-রসিকতা চলে। সরে এলাম। পথে আবার সেই বড় টাকার প্রতিযোগী দুই গো-ক্রেতাকে দেখা গেল বীরদর্পে হাঁটছেন। গরু দুটিকে দেখা গেল বেশ দূরে সোজা হেঁটে যাচ্ছে। পেছন ফিরেও দেখছে না। আমি মনে মনে ছড়া কাটলাম—
‘ওরে গরু ফিরে চা
টাকার নাচন দেখে যা।’