একজন উপেন স্যার
‘দি কাউ’ রচনা মুখস্থ করতে দিয়েছিলেন উপেন স্যার। পড়া ধরার পর ধরা পড়ে গেলাম। ‘দি কাউ ইজ এ ফোর ফুটেড অ্যানিমেল—বলার পর দেখি আর কিছু মনে পড়ছে না। মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। চোখের সামনে ভাসছে গোয়ালপালিত গরুর নয়নকাড়া এক জোড়া চোখ।
মুখস্থ পড়া ভুলে যাওয়ায় আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার অমলকান্তির মতো মাথা চুলকাতে থাকি। জানালা দিয়ে উদাস চোখে আকাশের দিকে চাই। সঙ্গে সেই কৃত্রিম উদাস দৃষ্টি দিয়ে স্যারের মনে সিমপ্যাথি জাগানোর চেষ্টা। সঙ্গে অসহায় বিড় বিড় আওয়াজ, ‘দি কাউ ইজ এ ফোর ফুটেড অ্যানিমেল...অ্যাঁ. . অ্যাঁ...’
স্যার ভাবলেন, পরের লাইনটা ধরিয়ে দিলে হয়তো ছেলেটা পারবে। তিনি বললেন, ‘ইট লিভস অন গ্রাস...তারপর কী বল...হোয়াট ইজ নেক্সট?’ আমার মাথা চুলকানি বেড়ে যায়। স্যার হুংকার দিয়ে ওঠেন। বেঞ্চিতে জোড়া বেত সপাং করে বাড়ি মেরে বলেন, ‘এই গরু! বলিস না কেন, হোয়াট ইজ নেক্সট?’ আমি ভয়ের চোটে বলে ফেলি, ‘ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত! অ্যাঁ...অ্যাঁ...অ্যাঁ...।’ স্যার রক্তবর্ণ চোখে জিজ্ঞেস করেন, ‘মানে?’ আমি কাঁপতে কাঁপতে বলি, ‘দি কাউ ইজ দি ক্যাপিটাল অব বুড়িগঙ্গা! অ্যাঁ...অ্যাঁ...অ্যাঁ...বাথরুমে যাব।’ স্যার বেত বাগিয়ে বললেন, ‘নিল ডাউন! নিল ডাউন!’
টানা এক পিরিয়ড দুই পায়ের ফাঁক দিয়ে হাত গলিয়ে কান ধরে আধা বসা, আধা দাঁড়ানো অবস্থায় থাকতে হলো। নিচের দিকে মাথা; পশ্চাৎদেশ ঊর্ধ্বমুখী। নাকের শিকনি-সর্দি বেয়ে বেয়ে ঝরছে। নাক ঝেড়ে আবার আগের পজিশনে যাওয়ার এজাজত চাইলাম। আবেদন খারিজ হয়ে গেল। অতি ধীর লয়ে নাসারন্ধ্র নিঃসৃত ঘনীভূত তরল পড়তে লাগল। সেই নিলডাউনের মধ্য দিয়ে উপেন স্যার অবলা গরুর জীবনী আমাকে জন্মের মতো মুখস্থ করিয়ে দিলেন। স্যারকেও আর ভোলা হলো না।
উপেন স্যারের পুরো নাম মনে পড়ছে না। শুধু মনে আছে উপেন্দ্র নারায়ণ। তারপর কী পদবি তা মনে নেই। তবে মনে আছে খুব সস্তা কিন্তু পরিচ্ছন্ন সাদা ধুতি পরতেন। গায়ে থাকত ব্যাপারীদের মতো কলারওয়ালা সাদা শর্ট কাবলি পাঞ্জাবি। পাঞ্জাবিতে বুক পকেট। সেই পকেটে খুব যত্ন করে গোঁজা লাল আর কালো কালির দুটো ফাউন্টেন পেন। পায়ে দিতেন দুই ফিতেওয়ালা স্পঞ্জের চপ্পল।
যে স্কুলে পড়তাম তার নাম ‘গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়’। কিন্তু এই নাম বললে কেউ তখনো চিনত না। এখনো চিনবে না। স্কুলটার ‘ডাক নাম’ ছিল (এখনো আছে) ‘নতুন ইশকুল’। গোপালগঞ্জ শহরের পূর্ব প্রান্তের বহু পুরোনো এই স্কুল এখনো ‘নতুন ইশকুলই’ রয়ে গেছে। তখন সেটা বেসরকারি। এখনকার মতো সরকারি তহবিল থেকে তখন শিক্ষকেরা বেতন পেতেন না। ছাত্রদের কাছ থেকে ১০ টাকা করে কুড়িয়ে কাছিয়ে নেওয়া টাকা থেকে তাঁরা বেতন নিতেন। যাঁদের এই শিক্ষকতার বাইরে অন্য কোনো ব্যবসা বা জমিজমা ছিল, তাঁরা একটু সচ্ছল ছিলেন।
কিন্তু উপেন স্যার ছিলেন ‘ফুল টাইম’ শিক্ষক। সেই সুবাদে তাঁর ছিল ফুল টাইম টানাটানির সংসার। তাঁর পোশাকে দারিদ্র্য ছিল। কিন্তু চেহারায় বা আচরণে তার ছিটেফোঁটাও ছিল না। কথা বলার ধরন, হাঁটাচলার ভঙ্গি থেকে শুরু করে যাবতীয় শারীরিক ভাষায় কোনো দীনতা ছিল না। একটা সম্ভ্রান্ত দ্যুতি চেহারা থেকে ঠিকরে বেরোত। আর্থিকভাবে হতদরিদ্র এই মানুষটির চেহারায় ব্যক্তিত্বের যে অবিশ্বাস্য ঐশ্বর্য ঝিলিক দিত, তা ওই অত টুকুন বয়সেও বেশ টের পেতাম। ঠিক সময়ে ক্লাসে ঢুকতেন। এক মিনিটও এদিক-ওদিক না। ইংরেজি ব্যাকরণ পড়াতেন। পড়া পারলে ভালো। না পারলে স্যার হয়ে উঠতেন ভিন্ন মানুষ। আদর্শ শিক্ষক বলতে ওই বয়সে যা বুঝতাম তা-ই ছিলেন উপেন স্যার।
বছর পাঁচেক আগে ঈদের ছুটিতে বাড়িতে গেছি। বিকেলে হঠাৎ দেখি অতি ভগ্ন শরীরে এক বৃদ্ধ যাচ্ছেন। খুব চেনা মনে হচ্ছে। কিন্তু চিনতে পারছি না। মিনিট খানিক পর চিনলাম। উপেন স্যার! গায়ে মলিন একটা চাদর। ময়লা ধুতি। কাছে গিয়ে হাত ধরলাম। তাঁর হাত কাঁপছে। তিনি আমার দিকে তাকালেন। চোখ থেকে সেই সম্ভ্রান্ত আলো আগের মতোই ঠিকরে বেরোল। পরিচয় দিলাম। চিনতে পারলেন না। অস্ফুট ভাষায় কী যেন বললেন। বুঝলাম না।
গত ঈদে বাড়ি গেছি। শুনলাম, স্যার পৃথিবী থেকে অবসর নিয়ে চলে গেছেন। স্যারের অবসরজীবন ভালো কাটুক।
লেখক: সাংবাদিক