একজন রাজু স্যার, আমার জীবনশিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক সৈয়দ মিজানুর রহমান। ছবি লেখকের দেওয়া
শিক্ষক সৈয়দ মিজানুর রহমান। ছবি লেখকের দেওয়া

২০১৬ সালের ১১ জুলাইয়ের সকাল। আমার জীবনের একটি স্মরণীয় দিন। আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস। সেদিন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের মিটিং রুমে বসে কিছু সময় নীরবে অপেক্ষা করছিলাম। কখন আসবেন তিনি! যিনি আমাকে দিয়েছেন মুক্ত জীবনের অসীম দৃঢ়তা। তিনি শিখিয়েছেন কীভাবে শিখতে হয়, কীভাবে ভাবতে হয় এবং অচলতাকে বদলে দিতে হয় সচলতায়। অবশেষে তিনি এলেন একটি নীল ব্লেজার পরে সকালকে রঙিন করে। আমাদের ব্যাচ নম্বর সাতাশ। আমরা ছাত্র-ছাত্রী ছিলাম সাতাশ জন। তিনি আমাদের স্বপ্নের কথা শোনালেন। তার কথাগুলোর সঙ্গে আমিও নিজেকে মিশিয়ে ফেলছিলাম, যেমন মিশে পিকাসোর ক্যানভাসের রং। তিনি আমার আলোকবর্তিকা রাজু স্যার।

উচ্চমাধ্যমিক শেষ করে সবাইকে একটি নির্দিষ্ট একাডেমিক বিষয় নিয়ে পড়তে হয়। শুরু হয় জীবনের নতুন যাত্রা। এ যাত্রা সবার জন্য সুখকর হয় না। আমারও হয়নি, যখন আমি গণযোগাযোগ নিয়ে পড়তে চেয়েছিলাম। আমার বাবা-মা প্রথমে বাঁধা দেন। তাঁদের দাবি, পড়তে হবে ব্যবসায় প্রশাসনে, যেখানে আছে চকচকে ভবিষ্যৎ। তারপর আত্মীয়-স্বজনেরা বহুবিধ কুবুদ্ধি দিতে থাকেন। বুঝতে থাকি প্রতিবন্ধকতা কি জিনিস। এভাবেই সময় বইতে থাকে।

২০১৫ সালের জানুয়ারি মাস। আমার ভর্তি হওয়ার সময় এসে যায়। অবশেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ -তে ভর্তি হই। শুরু হয় নতুন যাত্রা। আমাকে ময়মনসিংহ থেকে ঢাকায় চলে আসতে হয়। ক্লাস শুরু হয়ে যায়। আমি ক্লাসে যাই, ক্লাস করি, আবার ফিরে আসি। ক্লাসের ফাঁকে লাইব্রেরিতেও যাই। লাইব্রেরি ছিল আমার সময় কাটানোর সেরা জায়গা। কিন্তু লাইব্রেরিতে আমার দৃষ্টি যায় স্কুল অব সোশ্যাল সায়েন্সের ডেস্কের দিকে। কত বিখ্যাত আর বুদ্ধিদীপ্ত বই! কিন্তু আমার পড়তে হয় বিজনেস, এন্টারপ্রাইজ, অ্যাকাউন্টিং কিংবা ম্যানেজমেন্টের বই। অধিকাংশ ক্লাসই ছিল আমার জন্য আনন্দহীন। অনেকটা মনের বিরুদ্ধে কবিতা লেখার মতো। ক্লাস শেষ হলে আমি গণযোগাযোগ বিভাগের সামনে ঘোরাঘুরি করি। নোটিশ বোর্ডেও অ্যাক্টিভিটি বোর্ডের ছবিগুলো দেখি। তারপর চোখ পড়ে একটা পরিচিতি বোর্ডে। যেখানে লেখা ছিল-সৈয়দ মিজানুর রহমান, ডিরেক্টর-স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও বিভাগীয় প্রধান। তিনিই রাজু স্যার। বিভাগের একজন ভাইয়ার সঙ্গে আলাপচারিতায় জানতে পারি, এই ব্যক্তিটি ছাত্র-ছাত্রীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করেন। সেই ভাইয়া আমাকে স্যারের সঙ্গে কথা বলতে বলেন। কিন্তু বলা হয়নি। আমার পরিবার মানবে না। অতঃপর এক সেমিস্টার শেষ হয়ে গেল। রেজাল্টের অবস্থা কহতব্য নয়। গ্রেড হিসাব করলে ১ পয়েন্টের নিচে। আমি বাসায় চলে আসি। মা-বাবাকে বলি ড্যাফোডিলে পড়ব না। তাদের বোঝাই যে, সেখানে পড়াশোনা খুব জটিল। তাই বিশ্ববিদ্যালয় বদলাতে হবে। পরিবার রাজি হয়।

ওই বছরের মে মাসে গুলশানের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ধানমন্ডির বাসা ছেড়ে বসুন্ধরায় চলে যাই। শুরু হয় আরেক জীবন। সেখানে বিজনেস স্কুলের পড়াশোনা ছিল অনেকটা জোড়াতালি দেওয়ার মতো। আমার আনন্দহীন শিক্ষণ অপরিবর্তিত থাকে। ধীরে ধীরে নিজের ওপর অস্বস্তি তৈরি হয়। এখানেও এক সেমিস্টার সমাপ্ত হয়। তবে রেজাল্টের কোনো উন্নতি হয়নি। তার চেয়ে বড় বিষয় ছিল, আমার মানসিক শান্তি বিঘ্ন হতে থাকে। মানুষের সবচেয়ে বড় পরাজয় হয় তখন, যখন সে নিজের কাছে নিজে পরাজিত হয়। কিন্তু আমি পরাজিত হতে চাই না। থ্রি ইউিয়টস আমার প্রিয় চলচ্চিত্র। হৃদয় দিয়ে অনুভব করেছি আমির খানের বার্তা। মানুষের তাই করা উচিত যাতে সে মানসিক কিংবা বুদ্ধিবৃত্তিকভাবে সক্ষম। সার্কাসের ঘোড়াকে চাবুক মেড়ে ওপরে তোলা হয়। তাকে আমরা ওয়েল ট্রেইনড বলি, ওয়েল এডুকেটেড নয়। অতঃপর আমি সেমিস্টার ড্রপ দিই। বাসায় কিছু জানাইনি।

লেখকের সঙ্গে শিক্ষক সৈয়দ মিজানুর রহমান।
লেখকের সঙ্গে শিক্ষক সৈয়দ মিজানুর রহমান।

জীবনের সমীকরণ খুব অদ্ভুত। কথায় আছে, মানুষ তাই যা সে মনে ছবি আঁকে। এমন অস্থির সময়ে হঠাৎ আমার ছোটবেলার বন্ধু বাঁধন আমার পাশে দাঁড়ায়। বাঁধন ড্যাফোডিলে ভর্তি হবে। ওর বিষয়টাও আমার মতোই ছিল। কিন্তু ওর পরিবার থেকে কোনো প্রতিবন্ধকতা ছিল না। অতঃপর বাঁধন ঢাকা আসে, ভর্তির ফরম তোলে। ও জানতে চায় আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি না? আমি সবকিছু খুলে বলি। তারপর ও বলে, ‘তুমি যদি এখন আমার সঙ্গে না আসো, তাহলে আমি অ্যাডমিশন নিব না।’ তখন আমি সিদ্ধান্ত নিই—হ্যাঁ, এখনই সময়। আজ নয় তো কোনো দিনই নয়। আমি বাঁধনকে বলি, ‘একজন আমাদের অবস্থা বুঝবেন, রাজু স্যার।’ তারপর আমি ড্যাফোডিলের অন্য বিভাগের কিছু বন্ধুদের সঙ্গে রাজু স্যারের বিষয়ে কথা বলি। ওরা সবাই আমাকে ইতিবাচক আশ্বাস দেয়।

আমরা দিনক্ষণ ঠিক করি, রাজু স্যারের কাছে যাব। তারপর ২৮ ডিসেম্বর আমরা স্যারের কাছে যাই। স্যারের রুমে ঢুকে আমাদের পরিচয় দিতেই স্যার বলেন, ‘জেএমসিতে কেন পড়তে চাও?’ আমার বন্ধু চুপ থাকে, আমি বলি। স্যার বলেন, ‘তোমাদের মা-বাবার সঙ্গে আমি কথা বলব। আর আগামী সপ্তাহে তোমরা দুজন আসবে।’

আমরা ফিরে আসি। বাবা-মাকে ঢাকায় আসতে বলি। ঢাকা আসার কারণটা আর বলি না। আমার বাবা-মা যখন ঢাকায় আসে, তখন আমি ডিপার্টমেন্ট বদলানোর কথা জানাই। মজার বিষয় হলো, তাদের মাঝে তেমন নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করি না। আমার বাবা বলেন, ‘তুমি যদি গণযোগাযোগে নিজেকে উপযুক্ত মনে করো তাহলে চলে যাও। জীবন তোমার, তুমিই গড়বে।’ আমি অবাক হয়ে যাই। তাহলে কি রাজু স্যার...!

পরের সপ্তাহে আমরা আবার যাই। স্যার আমাদের জন্য একটি মিটিংয়ের আয়োজন করেছেন। বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তারা ছিলেন সেই সভায়। আবার সেই প্রশ্ন, কেন আসতে চাই জেএমসি?আমাদের সমস্যাগুলো কি? আমি বলি, ‘স্যার, আমি মনে করি গণযোগাযোগ আমার জন্য উপযুক্ত। আমি পড়তে ভালোবাসি, লিখতে ভালোবাসি, বিশ্লেষণ করতে পছন্দ করি। আমার পরিবার অন্যের আলো দিয়ে আমাকে আলোকিত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে।’ এটুকু শুনে স্যার হেসে দেন। তারপর বলেন, ‘তোমাদের আমি অনুমতি দিচ্ছি। তোমাদের পরিবারের সঙ্গে আমি কথা বলেছি। তবে এটা আমার একান্ত রিস্ক। তোমাদের প্রমাণ করতে হবে যে, তোমরাই সেরা। যাও ভর্তির কাজ শুরু করো।’

ওই সময় আমার ভেতর অন্যরকম প্রশান্তি খেলা করে। আমি স্যারকে জার্মান কালচারাল সেন্টার থেকে পাওয়া একটা জার্নাল উপহার দিই। তারপর আমরা দুজন বিজয়ের হাসি নিয়ে সেই কক্ষ থেকে বের হই।

এখানেই শেষ নয়। এর পর থেকেই শুরু হলো এক আনন্দময় যাত্রা। যে যাত্রার প্রতি বিশেষ পদক্ষেপে আছে রাজু স্যারের দীপ্তিময় ছোঁয়া। আমি যতবার তার কাছে গিয়েছি কখনো ‘না’ শব্দটা শুনিনি। এমন অসংখ্য জানা-অজানা ঘটনা আছে স্যারকে নিয়ে। ড্যাফোডিলে একটা বিশেষ কোর্স আছে, যার নাম ‘আর্ট অব লিভিং’। এটি স্যারের পরিকল্পনায় করা। এই কোর্সে খোঁজা হয় একজন শিক্ষার্থীর ভেতরে লুকিয়ে থাকা চকচকে হিরাকে।

একটা কথা না বলে পারছি না। গত বছরের শেষ দিকে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ স্কলারশিপ প্রোগ্রামে সাংস্কৃতিক যোগাযোগ বিষয়ে গণচীনে আবেদন করতে আগ্রহী ছিলাম। আবেদনের জন্য একটা সুপারিশ প্রয়োজন ছিল। যথারীতি আমি পেপারস নিয়ে স্যারের কাছে যাই। স্যারকে বলি এই প্রয়োজনের কথা। স্যার বলেন, ‘আচ্ছা, তুমি লিখে নিয়ে আসো। আমি স্বাক্ষর করে দেব।’ আমি একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছিলাম যে, সত্যিই আমি লিখব কিনা! স্যার বলেছিলেন, ‘অবশ্যই, তোমার প্রতি তো আমার কোনো বিভ্রান্তি নেই। আমি জানি তুমি কি করতে পারবে। তুমি ব্লাঙ্ক চেকে সাইন দিতে বললে, আমি তাই দেব। সো, ডু ইট।’

আমি মন্ত্রমুগ্ধের মতো স্যারের দিকে তাকিয়ে ছিলাম। এ বছর স্কলারশিপটাও পেয়ে যাই।

এই প্রথমবার শিক্ষক দিবসে আমি স্যারের কাছ থেকে দূরে আছি। হয়তো অবস্থানগতভাবে দূরে, কিন্তু রাজু স্যার আমার হৃদয়ে আছেন। গণচীনের রক্তিম লালের মতো স্যারের মুখখানা আমি মিস করি প্রতি মুহূর্তে। দিবসের মাপকাঠিতে নয়, স্যারকে আমি দেখি অগণিত শিক্ষার্থীর দীপশিখা হিসেবে। অমলিন থাকুক আপনার হাসি। ভালোবাসি স্যার আপনাকে।

লেখক: ভিজিটিং স্কলার (কালচারাল কমিউনিকেশন), হিউনান ইউনিভার্সিটি অব হিউম্যানিটিস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চীন