একটি সোনালি প্রহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ছেলেটি তরুণ বয়সেই মুখোমুখি হতে হলো মৃত্যুর। ঠিক তাও নয়, নিশ্চিত মৃত্যুর মুখে বেঁচে যাওয়ার সুযোগ। এ সুযোগ সবাই পায় না। আদৌ কেউ পায় কি? কিন্তু সেই সুযোগ ফারাজ ফিরিয়ে দিয়েছিল। কেউ ফিরিয়ে দেয় কি? সেকেন্ডের কাঁটার কয়েকটি ঘূর্ণনে, গৌরবময় এক সোনালি প্রহরে, ফারাজ হয়ে ওঠে এক সাহসী নেতা

গুলশানের হলি আর্টিজান রে​েস্তারাঁয় নিহ​তদের স্মরণে মানুষের শ্রদ্ধা, জুলাই ২০১৬। ছবি: প্রথম আলো
গুলশানের হলি আর্টিজান রে​েস্তারাঁয় নিহ​তদের স্মরণে মানুষের শ্রদ্ধা, জুলাই ২০১৬। ছবি: প্রথম আলো

ফারাজ কি কোনো দিন পুরান ঢাকায় এসেছিল?
ও থাকলে ওকে নিয়ে আসতাম আমার প্রিয় একটা সড়কে। লক্ষ্মীবাজার থেকে সদরঘাট পর্যন্ত। শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে সামনে গেলেই ও দেখতে পেত সুপ্রাচীন একটা মন্দির। কাঁসার ধ্বনি বাজছে ওখানে। একটু এগোলেই সেন্ট গ্রেগরি স্কুলের গা ঘেঁষে গির্জা। ঘণ্টাধ্বনি বাজে সময় সময়। আর পাশের ভবনটাই একটা মসজিদ। আজানের সুমধুর ধ্বনি ভেসে আসে সেখান থেকে। আরেকটু হেঁটে গেলে ব্যাপ্টিস্ট গির্জা বাংলাবাজারে। তারপর বাংলাবাজার মসজিদ। আবার কাছাকাছি শাঁখারীবাজার মন্দির। এই চিরচেনা আবহে আমাদের বেড়ে ওঠা। অথচ খুব চরম সত্য যেমন কখনো কখনো ঊহ্য থাকে, তেমনি আমরাও এই মিলনমেলা ভুলে থাকি। ফারাজ চলে যাওয়ার আগে যেন চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিল, দেখো, এটাই আমাদের ঐতিহ্য। এটাই আমাদের বাংলাদেশ। সব ধর্মের, সব সংস্কৃতির মানুষ একসঙ্গে থাকার প্রকৃত সৌন্দর্য।
ফারাজ আইয়াজ হোসেন ছিল তরুণ। খুব স্বাভাবিকভাবে এই চিরতরুণ মুখটাই ভেসে উঠবে আজীবন। এই মুখ কোনো দিন বার্ধক্যে মলিন হবে না। এই চোখ কখনোই ঝাপসা হবে না। এই চোখে আশা আছে, প্রতিশ্রুতি আছে, সুন্দর আগামীর স্বপ্ন আছে। একই সঙ্গে আছে প্রতিবাদ, দ্রোহ, পরিবর্তনের আহ্বান। এই প্রতিবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সব কূপমণ্ডূকতার বিরুদ্ধে। মানুষ জন্মগতভাবেই অসাম্প্রদায়িক। অসাম্প্রদায়িকতা তার প্রকৃতিতে। এটা শেখাতে হয় না। বরং সাম্প্রদায়িকতা মানুষকে শেখাতে হয়। ভয় দেখিয়ে শেখাতে হয়। হিংসা, লোভ, অজ্ঞানতা, স্বার্থপরতা দিয়ে শেখাতে হয়। চারদিক যখন এই সাম্প্রদায়িকতার আঁধার কালো মেঘ ছেয়ে ফেলতে চায়, আমরা পথ হারিয়ে ফেলার উপক্রম হই, আমরা বিভ্রান্ত হই, তখন কিছু তরুণ তারকা হয়ে জন্মায় আমাদের পথ দেখাতে। আমরা ওদের ফারাজ বলি।

ফারাজ আইয়াজ হোসেন  জন্ম: ১৫ এপ্রিল ১৯৯৬, মৃত্যু: ১ জুলাই ২০১৬
ফারাজ আইয়াজ হোসেন জন্ম: ১৫ এপ্রিল ১৯৯৬, মৃত্যু: ১ জুলাই ২০১৬


তরুণের আরেকটি ধর্ম সাহসিকতা। আমরা অযথাই ভুল উপমা দিয়ে বলি ‘সিংহ-হৃদয়’। মানুষের হৃদয় সিংহের চেয়ে অনেক বড়, অনেক বিশাল, অনেক শক্তিশালী। কোনো সিংহ বন্দুকের সামনে, নিশ্চিত মৃত্যুর সামনে বুক চিতিয়ে প্রতিবাদ করতে পারে না। নিজের মৃত্যু উপেক্ষা করে বন্ধুর জীবন অক্ষত রাখতে পারে না। মানুষ সৃষ্টির সেরা জীব। এই কথায় যাদের অবিশ্বাস, তারা একবার ফারাজকে দেখুক। উল্টেপাল্টে দেখুক ফারাজের শেষ মুহূর্তগুলো। এই তরুণ হৃদয়ের সমতুল্য সাহস শুধু মানুষের পক্ষেই সম্ভব।

ফারাজের সঙ্গে ছিল দুই বন্ধু, অবিন্তা কবির আর তারিশি জৈন। ওরা সম্ভবত অর্থনীতিতে নিজেদের ভবিষ্যৎ খুঁজতে চেয়েছিল। অবিন্তা আর ফারাজ দুজনই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, ইমোরি বিশ্ববিদ্যালয়। তারিশি ভারতের মেয়ে। বাংলাদেশকে খুব আপন করে নিয়েছিল সে। ওরা সংস্কৃতির নানা বৈচিত্র্যে একসঙ্গে মিশেছিল। দেশ, ভাষা, ধর্ম, জাতীয়তা, লিঙ্গ, জীবনধারার ভিন্নতা পার করে বন্ধুত্ব স্থাপনই তারুণ্যের সৌন্দর্য। এই বৈচিত্র্য একটি দেশকে, সমাজকে, সময়কে রাঙিয়ে দেয়। আকর্ষণীয় করে তোলে। আমরা যত এগিয়ে যাব, উন্নত হব, সভ্য হব, ততই এই বৈচিত্র্যকে আপন করে নিতে হবে। চিন্তাচেতনার বৈপরীত্য, ভিন্নমতকে সঙ্গে নিয়ে চলতে হবে। প্রতিদিন আমাদের দেশের মেধাবী ছেলেমেয়েরা ভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতির নাগরিকের সঙ্গে কাজ করতে দেশের বাইরে যাচ্ছে। একেকজন ফারাজ প্রতিনিয়ত তারিশি-অবিন্তার সঙ্গে পরিচিত হচ্ছে। সেই ছেলেগুলো বলছে, আমি বাংলাদেশ থেকে এসেছি। বিদেশি অনেক নাগরিক খুব আনন্দের সঙ্গে গ্রহণ করে নিচ্ছে ড. ইউনূস, সাকিব আল হাসানের দেশের সন্তানদের। কেউ কেউ কি আতঙ্কের সঙ্গে মনে করছে, এ তো নিবরাসেরও দেশের মানুষ? আসলেই তো, নিবরাসরাও তো এই বাংলাদেশের ছেলে। ওরাও তো তরুণ। ওদেরও তো সময় ছিল এই দেশকে প্রতিনিধিত্ব করার। কিন্তু আমরা ওদের নাম শুনে আঁতকে উঠি। বিদেশিরা আতঙ্কিত হয়। তখন আমরা ভিনদেশি বন্ধুদের অভয় দিই, এই দেশের প্রতিনিধিত্ব নিবরাসদের হাতে নয়, বরং ফারাজদের হাতে।

ফারাজ আর নিবরাস। কাছাকাছি বয়স। একই দেশ। নানা সুযোগ আর সচ্ছলতার মধ্যে বেড়ে ওঠা। অথচ কত পার্থক্য ওদের মধ্যে। এ কি শুধু আদর্শের দ্বন্দ্ব? ভিন্নমত সহ্য করার সামর্থ্যের ঘাটতি? নিবরাসের সামনেও ছিল সুন্দর আগামীর হাতছানি। সেই সুযোগও ছিল। তবু ওদের মতো কেউ কেউ ভুল পথে পা বাড়ায়। কিন্তু ‘ভুল’ ‘সঠিক’ ব্যাপারগুলো তো খুব আপেক্ষিক। বিশেষ করে এই তরুণ বয়সে। কিছুসংখ্যক তরুণ উগ্র, বিপজ্জনক, ক্ষতিকর, আক্রমণাত্মক চিন্তাভাবনাকে নিজের গন্তব্য ঠিক করে নেয়। এই অভ্যাস ক্ষতি করে ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক শৃঙ্খলায়, রাষ্ট্রীয় নিরাপত্তায় আর আন্তর্জাতিক ভাবমূর্তিতে। হয়তো তারা সংখ্যায় খুবই কম, কিন্তু খুবই বিপজ্জনক। আর ফারাজের মতো তরুণেরা বিভিন্নভাবে প্রবল বিপরীতধর্মী। ওরা ব্যক্তিগতভাবে প্রচণ্ড সাফল্যের প্রত্যাশী। ওরা সমাজকে এগিয়ে নিতে চায়। নেতৃত্ব দিতে চায়, ইতিবাচকভাবে। ওরা দেশকে ভালোবাসে। ওরা পরমতসহিষ্ণু এবং ভিন্নমতকে শ্রদ্ধা করে। ওরা সুন্দর আর নতুন দৃষ্টান্ত স্থাপন করে। বন্ধুর জন্য মানুষ জীবন দিতে পারে, কয়জনই এমন ভাবতে পারত! বন্ধুর জীবন বাঁচাতে ওরা মৃত্যুর পরোয়া করে না। আশ্চর্য ব্যাপার হচ্ছে মৃত্যুর পরোয়া নিবরাসরাও করত না। কিন্তু সেটা বন্ধুকে শত্রু বানিয়ে, তার জীবন কেড়ে নিয়ে।

অনেকের হয়তো জানা নেই, তাই ফারাজের একান্ত ব্যক্তিগত কিছু তথ্য জানিয়ে নিই। ফারাজ আইয়াজ হোসেন নামের ছেলেটার জন্ম ১৫ এপ্রিল ১৯৯৬, বাংলা নববর্ষের ঠিক এক দিন পরে। বাবা ওয়াকার হোসেন আর মা সিমিন হোসেনের দ্বিতীয় সন্তান, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমান ও শাহনাজ রহমানের দৌহিত্র ফারাজ। বড় ভাই যারেফ আইয়াত হোসেন। ফারাজ সবার ছোট বলেই সবাই আদর করে ডাকত ‘ছোটু’। এটাই হয়ে উঠেছিল তার ঘরোয়া ডাকনাম। একাডেমিক জীবন শুরু হয়েছিল স্যার জন উইলসন স্কুল দিয়ে। এরপর আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা হয়ে গিজুয়েটা বিজনেস স্কুল, ইমোরি বিশ্ববিদ্যালয়। এখানেই ছিল শেষ দিন পর্যন্ত। মায়ের হাতের রান্না কার না ভালো লাগে। ফারাজ ভালোবাসত মায়ের হাতের ডাল-ভাত, গরুর মাংস। পাশ্চাত্যের খাবারের মধ্যে সবচেয়ে প্রিয় ছিল লাজানিয়া। আর দশটা তরুণের মতো ঘুরে বেড়াতে পছন্দ করত ফারাজ। পড়ালেখার জন্য অনেক দেশ ঘুরলেও কুয়ালালামপুর, বালি, ব্যাংকক একটু বেশিই টানত। পরতে পছন্দ করত পলো শার্ট, বারগ্যান্ডি জ্যাকেট। প্রিয় রং নীল, কালো।

ফারাজের ছিল খুব সহজাত একটি নেতৃত্বগুণ। খুব ছোট বয়স থেকেই ছোটু বড় হতে, অন্তত বড় হওয়ার স্বপ্ন দেখতে শিখেছিল। পঞ্চম শ্রেণিতে ও ছিল এলিমেন্টারি স্কুল প্রেসিডেন্ট। সে বছরই ফারাজ অর্জন করে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং একাডেমিক অ্যাকসিলেন্স। এরই ধারাবাহিকতায় অষ্টম শ্রেণিতে মিডল স্কুল প্রেসিডেন্ট আর পরের বছর ফ্রেশম্যান কাউন্সিল প্রেসিডেন্ট। স্কুল পেরিয়ে সামনের দিনগুলোতেও ছিল সম্ভাবনার হাতছানি। একাদশে যখন জুনিয়র কাউন্সিল প্রেসিডেন্ট, আর এক বছরের মাথায় এক্সিকিউটিভ কাউন্সিল প্রেসিডেন্ট হয় ফারাজ, স্বজন আর সুহৃদেরা হয়তো তখন ভবিষ্যতের নেতার মুখচ্ছবি খুঁজে পেয়েছিল ওর মধ্যে। বিশ্ববিদ্যালয় জীবনেও ফারাজের অর্জন ছিল রীতিমতো ঈর্ষণীয়। গ্র্যাজুয়েশন স্টুডেন্ট সিলেক্টেড স্পিকার, ডিনস ফ্রেশম্যান কাউন্সিল, ফি ইটা সিগমা অনার সোসাইটি, স্টুডেন্ট অ্যাকটিভিটিজ কমিটি মেম্বার, স্টুডেন্ট অ্যাকটিভিটিজ চেয়ার—এসবই ছিল সাফল্যের মুকুটের একেকটি পালক।

ফারাজ ছিল ক্রীড়াপ্রেমী। জাতীয় ক্রিকেট দলের প্রতিটি সাফল্যে মেতে উঠত, আরও হাজার হাজার বাঙালি তরুণের মতো। ভালোবাসত ইংলিশ প্রিমিয়ার লিগ, ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল খেলা। ম্যানচেস্টার ইউনাইটেডের সব খবর, খেলা, ভিডিও অনুসরণ করা ছিল প্রিয় একটা শখ। ছেলেটা স্কুল ভলিবল শুধু খেলতই না, ছিল দলের অধিনায়ক।

ফারাজের আরেকটা নেশা ছিল বই পড়া। প্রিয় লেখক ছিল অনেকেই। তবে ব্রিটিশ লেখক রোয়াল্ড ডালের বই একটু বেশিই পছন্দ করত ফারাজ। চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি নামের মজার বইটা খুব টানত ওকে। এই বই থেকে পরে তৈরি হয়েছিল হলিউডের সিনেমা। জনি ডেপের দুর্দান্ত অভিনয় মনে পড়ে? তবে ফারাজের আরেকটা প্রিয় সিনেমা ছিল লায়ন কিং, ১৯৯৪-এ মুক্তি পাওয়া অ্যানিমেটেড ছবি।

জীবনকে অসম্ভব ভালোবাসা এই ছেলেটি তরুণ বয়সেই মুখোমুখি হতে হলো মৃত্যুর। ঠিক তাও নয়, নিশ্চিত মৃত্যুর মুখে বেঁচে যাওয়ার সুযোগ। এ সুযোগ সবাই পায় না। আদৌ কেউ পায় কি? কিন্তু সেই সুযোগ ফারাজ ফিরিয়ে দিয়েছিল। কেউ ফিরিয়ে দেয় কি? সেকেন্ডের কাঁটার কয়েকটি ঘূর্ণনে, গৌরবময় এক সোনালি প্রহরে, ফারাজ হয়ে ওঠে এক সাহসী নেতা। অনেকে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে অমর হয়ে যায়। আর ফারাজরা ইতিহাসের অভূতপূর্ব কিছু অধ্যায় রচনা করে। এতটা দৃঢ়তা, অসীম সাহস, বিপুল ত্যাগ, অপার মানবতা একেকটা ফারাজ কীভাবে শেখে? চারপাশের অভিজ্ঞতার জগৎ থেকে মূল্যবোধ শুষে নেওয়ার ক্ষমতা? তা তো বটেই। কিন্তু এই বাংলার হাওয়া ও মাটির গুণও কি তাতে কম?

নিবরাসরা আসবে, চিহ্ন না রেখেই চলে যাবে। এরা তো গুটিকয়েক। কিন্তু ফারাজের মতো ছেলেরা আছে বলেই সোনার বাংলাদেশ টিকে আছে, থাকবে। আর জয় আমাদেরই হবে।

আহাদ আদনান: চিকিৎসক

ক্রোড়পত্র সম্পাদক: সাজ্জাদ শরিফ* সমন্বয়ক: আলতাফ শাহনেওয়াজ* প্রতিকৃতি: মাসুক হেলাল