একুশে: নানা রূপ, নানা লক্ষ্য
বাকী অংশ
আসলে, এ দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে গ্রহণ করার সময়ে ইউনেসকো যে যুক্তি দিয়েছিল, তা হলো পৃথিবীর বহু লোকই নিজেদের মাতৃভাষা সম্পর্কে সচেতন নয়। সুতরাং বছরে কোনো একটি দিনে আনুষ্ঠানিকভাবে মাতৃভাষাকে স্মরণ করলে তা মাতৃভাষা চর্চা করার প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধি করবে এবং মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলবে। আর, একুশে ফেব্রুয়ারি যেহেতু পূর্ব পাকিস্তানে মাতৃভাষার দাবিতে প্রথম রক্তপাতের ঘটনা ঘটেছিল, সে কারণে একুশে ফেব্রুয়ারি তারিখটাকেই নির্বাচন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।
এরপর বাংলাদেশের অনেকেই শহীদ দিবসের বদলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বেশি মর্যাদাপূর্ণ বলে গণ্য করেন। কিন্তু আমরা একুশে ফেব্রুয়ারি দিনটিকে পালন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে নয়, বরং আমাদের নিজেদের মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য যাঁরা প্রাণ দিয়েছিলেন, তাঁদের স্মরণে। আর, ‘মোদের গরব, মোদের আশা’, আমাদের বাংলা ভাষার প্রতি আমাদের ভালোবাসা জানানোর জন্য। মাতৃভাষার প্রতি সচেতনতা ও ভালোবাসা আমাদের আছে অফুরন্ত পরিমাণে। তাই আমাদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিতান্তই অবান্তর। তবে একুশে ফেব্রুয়ারি তারিখটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেটা আমাদের গর্বের বিষয়।
বরকত-সালাম-রফিক নিহত হয়েছিলেন অর্ধশতাব্দীরও আগে। তারপর এই দীর্ঘ সময়ের মধ্যে একুশের মূল লক্ষ্য হারিয়ে গেছে। বদলে গেছে একুশে পালনের স্পিরিটও। যখন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়নি, তত দিন এ দিনের সঙ্গে বাংলা ভাষা নিয়ে যে ভালোবাসা ও গর্ববোধ, দেশপ্রেম এবং পবিত্র-গাম্ভীর্য জড়িত ছিল, স্বাধীনতার পর থেকে তার অনেকটাই হ্রাস পেয়েছে। শহীদ দিবস এখন উৎসবের দিন। তাকে আমরা আনন্দ ও আড়ম্বরের সঙ্গে স্মরণ করি, কিন্তু সে আর আমাদের আগের মতো অনুপ্রাণিত অথবা উদ্দীপ্ত করে না। প্রতিজ্ঞা ও সংকল্প নিতে প্রেরণা জোগায় না। কেবল তা-ই নয়, তরুণদের অনেকে জানেনও না একুশের ইতিহাস। অনেকে শহীদ দিবসকে মনে করেন স্বাধীনতা দিবস বলে। সন্দেহ নেই, আমাদের স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল বায়ান্নর একুশে ফেব্রুয়ারি। কিন্তু তাই বলে একুশে আমাদের স্বাধীনতা দিবস নয়। আমাদের রাষ্ট্রভাষা বাংলা, স্বাধীনতাও আমরা লাভ করেছি, কিন্তু একুশের সব লক্ষ্য আমরা অর্জন করিনি। এ দিনের ইতিহাস আমাদের ভালো করে জানা উচিত। এবং বাংলা ভাষা ও ভাষাভিত্তিক অসাম্প্রদায়িকতা অর্জনের প্রতি আমাদের আরও নিষ্ঠা থাকা উচিত।