একুশের চেতনা, একুশের প্রভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী: রফিকুন নবী
শিল্পী: রফিকুন নবী

বায়ান্ন তথা একুশের ভাষা আন্দোলনের চরিত্র প্রধানত চারটি স্লোগানের ভিত্তিতে প্রকাশ পেয়েছিল। সে চরিত্র রাজনীতি, অর্থনীতি, সাহিত্য ও সংস্কৃতিনির্ভর। স্লোগান চারটি হচ্ছে ‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’, ‘রাজবন্দীদের মুক্তি চাই’, ‘শহীদ স্মৃতি অমর হোক’ এবং ‘সর্বস্তরে বাংলা চালু কর’। প্রতিটি স্লোগান বাঙালি জাতিগোষ্ঠীর জন্য তাৎপর্যমণ্ডিত। অর্থাৎ তাদের আর্থসামাজিক ও রাজনৈতিক স্বার্থের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
এ বিষয় নিয়ে ঈষৎ ব্যাখ্যায় মিলবে একুশের চেতনা বলতে আমরা কী বুঝি। বিশ্বের বিভিন্ন দেশে জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাই হয়েছে সেই জাতির মাতৃভাষাকে রাষ্ট্রভাষা ও জাতীয় জীবনের ভাষা হিসেবে গ্রহণ ও জীবিকার সঙ্গে সংশ্লিষ্ট করার মাধ্যমে। সেই সূত্রে মাতৃভাষার উন্নতি ও শ্রীবৃদ্ধি এবং যা তাদের গর্ব ও অহংকারের বিষয় হয়ে দাঁড়ায়। নিদেনপক্ষে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং চীন-জাপানের মতো রাষ্ট্রগুলো তার প্রমাণ।
সেই সঙ্গে রয়েছে রাষ্ট্রযন্ত্র ও রাজনীতি ঘিরে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার মতো বিষয়াদি যা তৎকালীন উপনিবেশ সংশ্লিষ্ট দেশগুলোতে দুর্লভই বিবেচিত হয়েছে। রাজবন্দীদের মুক্তির দাবিতে তেমন সব আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে। আর সে সময়কার পাকিস্তানের অগণতান্ত্রিক দুঃশাসনে জেলখানাগুলো ভরে উঠেছিল গণতন্ত্রী ও প্রগতিবাদী রাজবন্দীদের দিয়ে।
ভাষাসংগ্রামীরা এত সব বিচার-বিশ্লেষণ না করে নানা মতের রাজবন্দীদের মুক্তির দাবি করে এসেছে গণতন্ত্রের বিধান মেনে। রাজনৈতিক মতাদর্শগত পরিচয় সে ক্ষেত্রে বাধা হয়ে ওঠেনি। আর সেই সূত্রে এবং আরও একাধিক সূত্রে প্রকাশ পেয়েছে তাদের অসাম্প্রদায়িক চেতনা। জনগোষ্ঠীর স্বার্থ-সংশ্লিষ্ট দাবির ক্ষেত্রে সম্প্রদায় বিভাজনের কোনো প্রশ্ন সামনে এসে দাঁড়ায়নি। দাবিগুলোর প্রেক্ষাপটে ছিল ভাষিক বাঙালি জাতি তথা জনগোষ্ঠীর আর্থ-সামাজিক-সাংস্কৃতিক স্বার্থ।
একুশের চেতনা বলতে আমরা এমনটাই বুঝি। বুঝি সে চেতনার বিচার-ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে। তবে কিছুটা অবাক হতে হয় ভেবে যে এ চেতনার মূল গায়েন তৎকালীন ছাত্রসমাজ, রাজনৈতিক নেতৃত্ব নয়। শেষোক্তদের উপস্থিতি ছিল তাদের রাজনৈতিক স্বার্থের টানে। প্রমাণ মেলে তাদের একাধিক তৎপরতায় ও পদক্ষেপে। যেমন তারা একুশের আন্দোলন বন্ধ করার উদ্দেশ্যে আরোপিত ১৪৪ ধারা ভঙ্গের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, ছাত্রদের ১৪৪ ধারা ভঙ্গের জোরালো দাবি সত্ত্বেও। কারণ, তখন সাধারণ নির্বাচনের রাঙামুলো তাদের চোখে প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল, জাতীয় স্বার্থের দাবি-দাওয়া নয়।
এমন এক রাজনৈতিক পরিস্থিতি সামনে রেখে বায়ান্নর ভাষা আন্দোলন রাজনৈতিক স্বার্থবাদহীন মহিমায় প্রকাশ পায়। সে আন্দোলনের সূচনায় মূল কারিগর রাজনীতি-সচেতন ছাত্রসমাজ। সঙ্গে কখনো কখনো রাজনৈতিক নেতৃত্ব তাদের হিসাবনিকাশ মাফিক। আর শাসকদের অর্বাচীন তৎপরতার প্রতিক্রিয়ায় জনসাধারণের বড়সড় অংশ সেই প্রতিবাদী আন্দোলনে শামিল। এবং তা পাকিস্তান-কেন্দ্রিক মুগ্ধতার ঘোর কিছুটা হলেও কাটিয়ে, যা ক্রমান্বয়ে অনেকাংশে কেটেছে জাতীয়তাভিত্তিক রাজনৈতিক চেতনা-বিকাশের ওপর নির্ভর করে।
তবে ধর্মনির্ভর ও সম্প্রদায়বাদী পাকিস্তানি চেতনা বিকাশের ওপর নির্ভর বাঙালি মুসলমান পুরোপুরি মুক্ত হতে পেরেছে কি না, তা নিয়ে এখনো প্রশ্ন উঠতে পারে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের রাজনৈতিক ঘটনাবলির বিশ্লেষণ থেকে এমন প্রশ্ন উঠে আসে। সে ক্ষেত্রে শিক্ষিত-অশিক্ষিত শ্রেণীর মধ্যে বড় একটা ফারাক নেই। পাকিস্তানি ধারায় নব্য বাংলাদেশে ধর্মবাদী-সম্প্রদায়বাদী রাজনীতির প্রাধান্য তার অন্তত একটি প্রমাণ।

২.
তবে এ কথাও সঠিক যে একুশের ওপর প্রভাবমুক্ত বেশ কিছু সময় এ দেশের রাজনীতি মোটামুটি সঠিক পথ ধরেই চলেছে। উদাহরণ হিসেবে, যুক্তফ্রন্ট ও ২১ দফার কথা উল্লেখ করা যেতে পারে। যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ২১ দফায় ছিল গণতান্ত্রিক জাতীয়তাবাদী ও সমাজবাদী ভাবনার প্রতিফলন। যা এখনো অনর্জিত রয়েছে এবং যা এখনো সময়োপযোগী রাজনৈতিক ইশতেহার হিসেবে বিবেচিত হতে পারে, অবশ্য কিছু সংযোজন-বিয়োজনসহ।
তবে যুক্তফ্রন্ট গঠনে সমস্যা ছিল। ছিল মত ও পথের ভিন্নতা। এমনকি ছিল স্ববিরোধী রাজনীতির মিশ্রণ, যে জন্য নির্বাচনী জয়ের পর বিপুল সম্ভাবনা সত্ত্বেও যুক্তফ্রন্ট ভেঙে ছারখার। এবং তা রাজনৈতিক স্বার্থের টানাপোড়েনে। সেখানে জাতীয়তাবাদী রাজনীতিতেও শুদ্ধতার অভাব ছিল, ছিল গণতান্ত্রিক চেতনার অভাব। ছিল ক্ষমতার লোভ ও রাজনৈতিক স্বার্থের প্রভাব।
নানা কারণে একুশের চেতনা আমাদের রাজনীতিতে পূর্ণাঙ্গ, সদর্থক প্রভাব রাখতে পারেনি। তার প্রমাণ পরবর্তী রাজনৈতিক ঘটনাবলি, যা ইতি ও নেতিতে সংশ্লিষ্ট। কিন্তু সাহিত্য-সংস্কৃতিতে এর সুপ্রভাব দীর্ঘস্থায়ী অবদান রেখেছে। যেমন সাহিত্য-সংস্কৃতিচর্চায় বাঁকফেরা প্রভাবে তেমন সেক্যুলার চেতনার আধুনিকতায়। বিষয়টা কেউ মানেন, কেউ এটিকে চেতনায় ধারণ করেন না কিছুটা গভীর অনুধাবনের অভাবে।
তাই একুশ নিয়ে আনুষ্ঠানিকতা ও উপরতলীয় প্রভাব ও প্রকাশই বড় হয়ে থাকে। আর তারুণ্যে বা অন্যত্র ‘একুশ আমার গর্ব, একুশ আমার অহংকার’ এমন বাহ্যিক উচ্চারণই প্রধান হয়ে থাকে, চৈতন্যের গভীরে তার প্রভাবজারিত আলো জ্বলে না—যেমন তারুণ্যে তেমনি বয়স্ক মননে। সম্ভবত সে কারণেই একুশের গুরুত্বপূর্ণ কিছু দাবি এখনো অনর্জিত রয়ে গেছে—রাজনীতির ক্ষেত্রে এবং শিক্ষা ও জাতীয় জীবনের কোনো কোনো ক্ষেত্রে।
তাই দেখি সশস্ত্র যুদ্ধে পাকিস্তানি সেনাবর্বরতার বিরুদ্ধে বিজয়ে অর্জিত বাংলাদেশে ধর্মীয় রক্ষণশীলতা ও সাম্প্রদায়িক রাজনীতির অবাঞ্ছিত প্রকাশ, যা কখনো কখনো নানা অজুহাতে সহিংসতারও প্রকাশ ঘটায়, উগ্র ধর্মীয় জঙ্গিবাদের প্রচারণা চালায়, সঙ্গে নাশকতা, বোমাবাজি। আর সাম্প্রদায়িক হামলা তো নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে নানামাত্রিক নাশকতা।
সেক্যুলারিজমের রাজনৈতিক ধ্যান-ধারণা সীমাবদ্ধ বৃত্তে আবদ্ধ। জাতীয়তাবাদ দ্বিভাজিত, মূলত দলীয় বিভাজনের সূত্র ধরে। পেশাজীবী, মুৎসুদ্দি, পুঁজিপতি শ্রেণীর ক্ষেত্রেও একই কথা খাটে। খাটে সাংবাদিক মহল ও শিক্ষায়তনের ক্ষেত্রেও। এককথায় রাজনীতির বিভাজনের মাধ্যমে গোটা সমাজ বিভাজিত। বিভাজিত জাতি তার রাষ্ট্রীয় চরিত্র ঘিরে। এমন রাজনৈতিক দুর্দশা একাত্তরের লড়াইয়েরও অধিক। সেখানে ছিল অর্জন। এ ক্ষেত্রে বিসর্জনের মাত্রাই বেশি।
একাত্তরের সংগ্রাম যে জাতিরাষ্ট্রের প্রত্যয় তুলে ধরেছিল, তা এখন হারিয়ে যেতে বসেছে। জনমানসে সে বিশ্বাস ও আকাঙ্ক্ষা আর নেই বললে চলে। কারণ, জাতিরাষ্ট্রের সর্বজনীন চরিত্র বাস্তবতার দেখা পায়নি। জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশ শ্রেণীবিশেষের স্বার্থপূরণের রাষ্ট্রে পরিণত হয়েছে। জাতিসত্তার শিকড়ে, সমাজের সর্বস্তরে সর্বজনীন স্বার্থের সেচ সামান্যই দেওয়া হয়েছে।
তাই একুশের চেতনা, একাত্তরের চেতনা, উনসত্তরের গণজাগরণের ঢেউ সত্ত্বেও স্বাধীন বাংলাদেশে ফসলের পরিপুষ্টি নিয়ে বিস্তার লাভ করেনি। বরং পূর্বে উল্লিখিত বিরূপ পরিবেশে সেসব চেতনা ক্রমশ পিছু হটেছে, বিকাশ ঘটা তো দূরের কথা। শুধু চেতনার বিস্তার ঘটাতে জাতিসত্তার বর্তমান আর্তি, কবির ভাষায় বলা যেতে পারে, ‘জল দাও আমার শিকড়ে।’ কিন্তু কে দেবে, কারা দেবে, দেওয়ার মতো সংঘবদ্ধ শক্তি কোথায়?
বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির সার্বিক বিচারে শেষ পর্যন্ত এমন সিদ্ধান্তে আসা কি ভুল হবে যে পাকিস্তানি দ্বিজাতিতত্ত্ব ও সাম্প্রদায়িক চেতনার আনুষ্ঠানিক অবসান ঘটলেও বাস্তবে তার প্রভাব পুরোপুরি আমাদের ছেড়ে যায়নি, অন্তত সবাইকে যে ছেড়ে যায়নি তা বলার অপেক্ষা রাখে না। সমাজের বৃহত্তর অংশ এখনো বহন করে চলেছে।
আর চলেছি বলেই একাত্তরে সংঘটিত গণহত্যা ও নারী নির্যাতনের পাশবিকতা আমরা এত সহজে ভুলে যেতে পেরেছি। এবং সম্প্রদায়চেতনা স্বাধীন বাংলার সশস্ত্র লড়াইয়ের বিপরীত চিন্তার হয়েও দিব্যি মাথা চাড়া দিয়ে উঠেছে। কথায় কথায় সংখ্যালঘুদের ওপর হামলা এবং তাঁদের সম্বন্ধে কটূক্তি অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে। ভুলে গেছি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের কথা কিংবা দিশাহারা হয়ে হাতে হাত ধরে এতটুকু আশ্রয়ের জন্য সীমান্ত অতিক্রম করে শরণার্থী হওয়ার কথা। অবশ্য সবাই যে ভুলেছি, তা নয়। কিন্তু সমাজের বড়সড় অংশ, প্রভাবশালী অংশ উল্লিখিত বিকারের শিকার।
একুশের চেতনা, একাত্তরের চেতনা এ জায়গাটিতেই মার খেয়েছে। গর্ব ও অহংকারের বিষয়টি ফাঁপা উচ্ছ্বাস বা কথার কথা হয়ে দাঁড়িয়েছে। তাও মাত্র বছরের একটি মাসে, যে মাস বিজাতীয় কর্মপন্থার। সর্বজনীন চেতনার বাংলা মাস নয়। এখানেও বুঝি একধরনের অন্তর্নিহিত দুর্বলতা থেকে গিয়েছিল। সে ফাঁক ভরাটের বদলে প্রসারিত হয়েছে বিশেষ শ্রেণীর স্বার্থযুক্ত হওয়ার কারণে। নানা কারণ মিলে স্বার্থবুদ্ধির প্রভাবে গণতান্ত্রিক জাতীয়তার ভাষিক চেতনা আধুনিকতায় ঋদ্ধ হয়ে সমাজকে সঠিক পথ দেখাতে পারছে না। প্রকৃত জাতিরাষ্ট্র গড়ে ওঠার প্রক্রিয়া নানা টানে ব্যাহত হচ্ছে। এটাই আমাদের বর্তমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি।