এখন বুঝি স্যারের অনেক গুণ ছিল
প্রিয় শিক্ষক নিয়ে লেখতে হবে শুনে ভীষণ খুশি হয়েছিলাম। মনে হচ্ছিল, এত দিনে হয়তো ঋণ শোধের কিছুটা সুযোগ পেলাম। যে বিশাল স্নেহ, শাসন ও ভালোবাসায় বটবৃক্ষের ছায়া পেয়েছিলাম, তা সবাইকে জানানো উচিত।
আমি কখনোই ভাবিনি আমারও প্রিয় শিক্ষক হতে পারেন কেউ। সব সময় শুধু প্রিয় শিক্ষক রচনাতেই পড়েছি। কিন্তু স্যারের সংস্পর্শে আসার পর বুঝতে পেরেছি অন্য সবার মতোই আমিও একজন প্রিয় শিক্ষক পেয়েছি, যাঁকে সমস্ত জীবন শ্রদ্ধা করা যায়, যাঁর আদর্শে জীবন পরিচালনা করা যায়, যাঁর স্নেহের স্পর্শে আগামী দিনে ভালো কিছু করার প্রেরণা পাওয়া যায়।
অনেকের মতোই আমিও আমার প্রিয় শিক্ষকের মাঝে একজন বাবা সত্তাকে খুঁজে পেয়েছিলাম। মাত্র দুই বছর সৌভাগ্য হয়েছিল স্যারের আদর্শ গ্রহণের। ওহ, এখনো সেই প্রিয় মানুষটির নামই বলা হলো না। ওনার নাম ছিল, সহিদুল হক। ছিল বলছি কারণ জগতের চিরন্তন নিয়মে সেই প্রিয় স্যার আমাদের ছেড়ে চলে গেছেন। এখনো তার শূন্যতা প্রতিনিয়ত অনুভব করি।
স্যারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাসিতপুর গ্রামে। স্যার ছিলেন গণিতের শিক্ষক। আমি তখন নজরুল শিক্ষালয়ে নবম শ্রেণিতে পড়ি (স্কুলটি ২১০, আউটার সার্কুলার রোড, ওয়ারলেস, মগবাজার, ঢাকায়)। আমার ছোটবেলা থেকেই ভীষণ গণিতভীতি ছিল এবং এখনো সেই ভীতি পূর্ণগ্রাসেই আছে। ভয়ে ভয়েই একদিন স্যারের কাছে গিয়ে জানালাম, ওনার কাছে পড়তে চাই, শিখতে চাই গণিত। স্যার মৃদু হেসে বললেন, পরদিন থেকে চলে আসতে। দল বেঁধে গেলাম পরদিন, দেখলাম স্যার খেলা দেখছেন। আমাদের দেখে বললেন, ‘আজ পড়াশোনা হবে না, চল সবাই একসঙ্গে খেলা দেখি।’ স্যার খুবই খেলাভক্ত ছিলেন। পরে শুনেছি উনি এককালে খুবই ভালো ফুটবল খেলতেন। ধীরে ধীরে সময় পেরিয়ে গেল। একসময় স্যারের সঙ্গে এক অদ্ভুত সখ্য গড়ে উঠল। এখন বুঝতে পারি, স্যারের বহু গুণ ছিল। কখনো তিনি কঠোর শিক্ষক, কখনো স্নেহপূর্ণ পিতা, কখনো বন্ধু।

বিশেষভাবে মনে পড়ে সে দিনের কথা, যেদিন তিনি শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার পেলেন। আমাদেরকে ওনার পুরস্কার গ্রহণের ছবি দেখালেন। বিভিন্ন বিশিষ্ট মানুষের সঙ্গে স্যারের ছবি ছিল, সেগুলোও দেখালেন। আমদের মিষ্টি খাওয়ালেন এবং পরবর্তীতে চাপাচাপি করায় একদিন ডিম-খিচুড়িও রেঁধে খাওয়ালেন। এখনো সেই স্বাদ মুখে লেগে রয়েছে।
স্যারের চেষ্টায় দিনে দিনে গণিতে ভালো হয়ে উঠছিলাম। শুধু স্যারের চেষ্টায় এসএসসিতে গণিতে এ প্লাস পেয়েছিলাম। স্যার খুব খুশি হয়েছিলেন।
যেদিন স্যারের মৃত্যু সংবাদ পেয়েছিলাম, সেই দিনের কথা মনে পড়লে এখনো অজান্তেই চোখ ভিজে ওঠে। স্যার মারা গিয়েছিলেন কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে। বিশাল সমুদ্র গ্রাস করেছিল আমার প্রিয় মানুষকে, কিন্তু বাস্তবে স্যারের বিশালতা নিশ্চিতভাবেই ছাপিয়ে গিয়েছিল সমুদ্রের বিশালতাকে। স্যারকে সমাহিত করা হয়েছে তার প্রিয় গ্রামের বাড়িতে।
একজন মানুষের মৃত্যুর মাঝেই সব কিছু শেষ হয়ে যায় না, বরং শুরু হয় জ্বলজ্বলে ইতিহাস হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নতুন উদ্দীপনা দেওয়া। আজও তিনি শুধু আমি না, আমার মতো আরও অনেকের মনেই চিরদিনের মতো থেকে গেছেন।
লেখক: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী