এটিএন বাংলা

পাঁচফোড়ন
এটিএন বাংলায় শুক্রবার রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচফোড়ন। এবার দেখা যাবে এলাকার প্রভাবশালী এক নেতা আর তাঁর তিন সহকর্মীর মধ্যে সমসাময়িক বিষয় নিয়ে মজার আলোচনা। কোরবানির ঈদ সামনে রেখে ভিন্নধর্মী নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সাজানো হয়েছে গল্প। নেতা ও তাঁর তিন সহকর্মীর মধ্যে এই প্রচারণা নিয়ে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। আর ঘটনার ফাঁকে ফাঁকে থাকবে নানা কিছু। নেতার ভূমিকায় অভিনয় করেছেন মিশা সওদাগর। তার তিন সহকারীর সুভাশীষ ভৌমিক, আমিন আজাদ ও নজরুল ইসলাম। অনুষ্ঠানে গান গেয়েছেন রবি চৌধুরী ও শাকিলা জাফর, আগুন এবং অর্জুন। গ্রামের ঈদের প্রস্তুতি ও ঈদে পশু কোরবানির বিভিন্ন সরঞ্জাম নিয়ে রয়েছে দুটি প্রতিবেদন। রয়েছে কয়েকটি ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক নাট্যাংশ। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সানজিদা হানিফ।
ভালো থেকো সবুজ পাতা
এটিএন বাংলায় বৃহস্পতি থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ভালো থেকো সবুজ পাতা। লিখেছেন প্রসূন রহমান। পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, তারিন, মোনালিসা, মীর সাব্বির, ফজলুর রহমান বাবু, শাহেদ, ফারাহ রুমা, সাঈদ বাবু, মাজনুন মিজান, অলিউল হক রুমি, শিরিন শীলা প্রমুখ। ভাটি অঞ্চলের একটি গ্রাম। এখানে শহর থেকে গ্রামে বেড়াতে যায় এক তরুণ। গিয়ে দেখে তার দাদার করে যাওয়া স্কুলটি বন্ধ করে মাদ্রাসা হিসেবে চালু করেছে স্থানীয় পীর। সেই স্কুল উদ্ধার করতে গিয়ে তাকে মুখোমুখি হতে হয় নানা সমস্যার। কারণ, এই পীরের ক্ষমতার জালও অনেক বিস্তৃত।
প্রীতি ও শুভেচ্ছা
এটিএন বাংলায় ঈদের দিন বেলা তিনটা পাঁচ মিনিটে প্রচারিত হবে টেলিছবি প্রীতি ও শুভেচ্ছা। লিখেছেন জাকির হোসেন। পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, নিপুণ, সিদ্দিকুর রহমান প্রমুখ। পুলক দীর্ঘদিন বিদেশে থাকার কারণে একদিকে যেমন অনেক টাকার মালিক হয়েছে, অন্যদিকে তার বিয়ের বয়সও পার হয়ে যাচ্ছে। তাই পুলক দেশে ফেরার পরই পরিবারের সঙ্গে পাড়া-প্রতিবেশীরাও তার বিয়ের জন্য চেষ্টা শুরু করে। কিন্তু কোনো মেয়েই পুলকের পছন্দ হয় না অথবা পুলককে মেয়েদের পছন্দ হয় না। সামনে ঈদ। নিজের পরিচয় তুলে ধরার জন্য এলাকার ছোট ভাই মাখন পুলককে পোস্টার ছাপানোর পরামর্শ দেয়।

উত্তম-সুচিত্রা
এটিএন বাংলায় ঈদের দিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক উত্তম-সুচিত্রা। লিখেছেন ইরাজ আহমেদ। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, অপি করিম, অপূর্ব প্রমুখ। সৈয়দ হাসান ইমাম উত্তম-সুচিত্রা জুটির ভীষণ ভক্ত। সুযোগ পেলেই প্রিয় জুটির সিনেমা দেখেন। উত্তম-সুচিত্রাকে পছন্দ করে না এমন কাউকে বাসাভাড়া দেন না। অপূর্ব তাঁর বাসা ভাড়া নিতে যান। অপূর্বকে উত্তম-সুচিত্রা জুটিকে নিয়ে কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়। এই যাত্রায় পার পেয়ে যান অপূর্ব। তাঁকে বাসা ভাড়া দেওয়া হয়। সঙ্গে একটি শর্ত—সুচিত্রা সেন ছাড়া অন্য কোনো মেয়ে এই বাসায় প্রবেশ করতে পারবে না।
খোঁজ
এটিএন বাংলায় ঈদের দিন থেকে রোববার পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক খোঁজ। লিখেছেন ও পরিচালনা করেছেন মোহন খান। অভিনয় করেছেন শাহেদ, তানিয়া, ছন্দা, সিদ্দীক, সাব্বির, সাবাবা মোহন প্রমুখ। বিয়ের পর থেকেই সজল ও তম্বীর বনিবনা হচ্ছেনা। ছোটবোন স্বর্ণার বুদ্ধিতে ওরা যায় নেপালে। কিন্তু সেখানেও ওদের একই অবস্থা। নেপালে অনেকেই বেড়াতে যায়। স্বর্ণা বুঝতে পারে—তারা প্রত্যেকেই এখানে এসেছে সুখ এবং আনন্দের খোঁজে। কিন্তু প্রবাসের কয়েকটা দিনে ওরা কি তা পেয়েছে?