এটিএন বাংলা

ছায়াসঙ্গী
এটিএন বাংলায় ঈদের দিন বেলা ৩টা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি ছায়াসঙ্গী। লিখেছেন রুম্মান রশীদ খান। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, মম, নাজিরা আহমেদ, মৌ প্রমুখ। নগরের কোলাহল থেকে দূরে থাকতে নীলগিরিতে আবাস গড়েছে শরীফ মাহমুদ ও তাঁর স্ত্রী নীলা। সবকিছুই চলছিল নিয়মের ঘড়িতে। হঠাৎ একদিনের ঘটনা ওদের দুজনের জীবনে ছন্দপতন ঘটায়। আর এই ছন্দপতনের জন্য দায়ী দীপা। দীপা অন্তঃসত্ত্বা। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে ছিল। দীপাকে এই অবস্থায় দেখে মায়া হয় নীলার। স্বামীর ইচ্ছার বিরুদ্ধেই দীপাকে নিজের বাংলোতে নিয়ে আসে নীলা। ধীরে ধীরে স্বামী শরীফের মন গলে। নতুন সমীকরণ তৈরি হয় তাঁদের তিনজনের মাঝে।
এক দুপুরের ভালোবাসা
এটিএন বাংলায় ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক এক দুপুরের ভালোবাসা। লিখেছেন ও পরিচালনা করেছেন মোহন খান। অভিনয় করেছেন সুজনা, তানভীর, কল্যাণ, সোমা, সমাপ্তী ও নমিরা।
বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু রঞ্জু, সামিন, সেরাজ, মারুফ ও তৃষা। বিশ্ববিদ্যালয়ের শেষ দিনে সিদ্ধান্ত নেয়, পরবর্তী তিন বছর তারা নিজেদের ক্যারিয়ার গড়তে ব্যস্ত থাকবে। এই সময় কারও সঙ্গে কেউ কোনো যোগাযোগ করবে না। তিন বছর পর নির্দিষ্ট তারিখে ওরা একটি হোটেলে এসে মিলিত হবে। এই হোটেলে তারা পরবর্তী সাত দিন একসঙ্গে কাটাবে। বিশ্ববিদ্যালয় জীবনে একবার ওরা এই হোটেলে সুন্দর সময় কটিয়েছিল। তিন বছর পর সবাই আসে এই হোটেলে। এরপর?
রকস্টার
এটিএন বাংলায় ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক রকস্টার। লিখেছেন ও পরিচালনা করেছেন রায়হান খান। অভিনয় করেছেন তারিক আনাম খান, আবুল হায়াত, ওয়াহিদা মল্লিক জলি, অপূর্ব, মিশু সাব্বির, সাজ্জাদ, পাভেল, সোনিয়া, নোভা, নওশীন, আরফান প্রমুখ।
একটি গ্যারেজব্যান্ডের চার সদস্য হিমেল, ওয়াসেফ, শিবলি ও রাসেল। আপাতত বিয়ে আর গায়েহলুদের অনুষ্ঠানে গান গেয়ে আয় হয় তাদের। তাতে নিজেদের পকেট খরচও ঠিকমতো চলে না। তাদের অভাব ও স্বপ্ন—দুটোই পাশাপাশি দৌড়াচ্ছে। স্বপ্ন একটা অ্যালবাম বের করা। তাদের বিশ্বাস, এক অ্যালবামেই বাজিমাত করে দেবে। অনেক প্রযোজকের কাছে ছোটাছুটি করেও অর্থের জোগান হয় না। কোথায় পাবে টাকা?
ফড়িং
এটিএন বাংলায় ঈদের পরদিন বেলা ৩টা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি ফড়িং। লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয় করেছেন তারিক আনাম খান, ফারাহ রুমা, সুজানা, ফারুক আহমেদ, টুটুল চৌধুরী প্রমুখ।
মির্জা সাহেবকে এলাকায় সবাই ভয় পায়। তার সামনে সাবলীলভাবে কেউ কিছু বলার সাহস পায় না। তবে কিছু কিছু বিষয়ে মাওলানা সাহেবের পরামর্শ নেন। মির্জা সাহেব আবার বিয়ে করবেন। তিনি কাকে বিয়ে করছেন?
সুসময়ে সকলেই...
এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক সুসময়ে সকলেই...। লিখেছেন ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, মীর সাব্বির, তারিন, তানিয়া আহমেদ, শাহরিয়ার নাজিম জয়, আবদুল কাদের, আফজাল শরীফ, সুভাশিষ ভৌমিক, রতন খান, নজরুল ইসলামসহ অনেকে।
মিজান সাহেব একজন লেখক। তাঁর এক ছেলে, এক মেয়ে। মিজান সাহেবের লেখালেখি নিয়ে ঘরে-বাইরে ঘটতে থাকে নানান ঘটনা। আর এসব ঘটনা নিয়েই রচিত হয়েছে সুসময়ে সকলেই... নাটকের কাহিনি।
অস্থির পারভেজ
এটিএন বাংলায় ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত সোয়া আটটায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক অস্থির পারভেজ। লিখেছেন মারুফ রেহমান, পরিচালনা করেছেন আর বি প্রিতম। অভিনয় করেছেন ইরেশ যাকের, আবুল হায়াত, সাবেরি আলম, মিশু সাব্বির, সোনিয়া প্রমুখ। পারভেজ সব কাজেই অস্থির। এলাকায় সবাই তাকে অস্থির পারভেজ নামেই চেনে। পড়াশোনায় বন্ধুরা যেখানে দারুণ ফল করছে, সেখানে অস্থির পারভেজ ফেল। সেই পারভেজ হঠাৎ এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে। এই স্কুলে ভর্তির যোগ্যতা ও পড়াশোনা সবই আলাদা। এই স্কুলকে ভালোভাবে নিতে পারেননি এলাকার কমিশনার। কিন্তু তাঁর মেয়ে এই স্কুলে শিক্ষকতা করছেন।
হোপলেস ম্যান
এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন বেলা ৩টা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি হোপলেস ম্যান। লিখেছেন ফারুক হোসেন, পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, মৌ, সোনিয়া প্রমুখ।
জয়নাল মানসিক রোগী। মৃত্যু-আতঙ্কে আতঙ্কিত সে। মুক্তা পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত। তার দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। বাঁচার আশা ছেড়ে দিয়েছে সে। জীবনের শেষ কয়টা দিন সে প্রকৃতির কাছাকাছি কাটাতে চায়। এই গ্রামে পরিচয় হয় জয়নালের সঙ্গে। নিজে মৃত্যুর মুখে দাঁড়িয়ে মুক্তা জয়নালকে বেঁচে থাকার সাহস জোগায়। জয়নাল এবার মুক্তার এতিমখানা, বৃদ্ধাশ্রম আর স্কুলের মাঝে বেঁচে থাকার স্বপ্ন দেখে। মুক্তা বেঁচে থাকলে এই প্রতিষ্ঠানগুলো বেঁচে থাকবে। মুক্তাকে বাঁচাতে এগিয়ে আসে সে।
হারজিৎ
এটিএন বাংলায় চাঁদরাতে রাত সোয়া নয়টায় প্রচারিত হবে গেম শো ‘হারজিৎ’। উপস্থাপনা করেছেন ফেরদৌস বাপ্পী, পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। বিভিন্ন টিভি চ্যানেলের সংবাদকর্মীদের নিয়ে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান। তাঁদের মধ্যে রয়েছেন সংবাদ উপস্থাপক ও প্রতিবেদকেরা।