এনটিভি

ঈদ ক্যাম্প অ্যাগেইন
এনটিভিতে ঈদের দিন বিকেল সাড়ে পাঁচটায় প্রচারিত হবে গেম শো ‘ঈদ ক্যাম্প অ্যাগেইন’। পরিচালনা করেছেন মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানটিতে অংশ নিয়েছে বিভিন্ন স্কুল থেকে বাছাই করা ১০ জন স্কাউট ও গার্ল গাইডসের সদস্য। তারা কখনো সাঁতার, কখনো বোটিং, কখনো বারবিকিউ আয়োজনে অংশ নিয়েছে। আবার কখনো বেজে উঠবে গিটার, নূপুরের তালে নাচবে রঙিন ফড়িং। পাশাপাশি তারা অংশ নিয়েছে বিভিন্ন খেলায়।
যুদ্ধ এবং প্রেম
এনটিভিতে ঈদের দিন রাত সোয়া ১১টায় প্রচারিত হবে নাটক যুদ্ধ এবং প্রেম। লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন সজল, সুমাইয়া শিমু, দিলারা জামান, সৈয়দ হাসান ইমাম, রাজ ও কেয়া। এক দম্পতি ডিভোর্স নেওয়ার জন্য কাজি অফিসে যায়। সেখানে গিয়ে কাজিকে পাওয়া যায় না। তারা একটি পার্কে বসে কাজির জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করে ডিভোর্স কার্যকর করার জন্য কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিপত্তি বাধায় এক জোড়া তরুণ-তরুণী।
চুপ! ভাই কিছু বলবে
এনটিভিতে শুক্রবার রাত আটটা ১০ মিনিটে প্রচারিত নাটক চুপ! ভাই কিছু বলবে। লিখেছেন ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন মোশাররফ করিম, অপি করিম, সামিহা, হারুন, শাহনেওয়াজ রিপন প্রমুখ।
সরল ভাইকে মহল্লার সবাই ‘ভাই’ বলে ডাকে। সবাই ভাইকে ভয় পায়, আবার ভালোবাসে। মাঝেমধ্যে কমিশনার ঠিকমতো কাজ না করলে তাকেও দৌড়ের ওপর রাখে। এই মহল্লার মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত মেয়ে মায়া। মায়া এক বেলা অফিসে চাকরি করে আর বিকেলে সুবিধাবঞ্চিত বাচ্চাদের পড়ায়। এই মায়াকে ভাই ভালোবাসে। কিন্তু মায়া তাতে খুবই বিরক্ত।

রাসায়নিক প্রেম
এনটিভিতে ঈদের দিন থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক রাসায়নিক প্রেম। লিখেছেন মাসুম রেজা। পরিচালনা করেছেন সালাহ্উদ্দিন লাভলু। অভিনয় করেছেন মম, রওনক হাসান, মিশু সাব্বির, আজিজুল হাকিম, কাজী উজ্জ্বল, তানিয়া আহমেদ, তিথি প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক রাসায়নিক তরল আবিষ্কার করেছেন। যে এই তরলের ঘ্রাণ নেবে, সে-ই তার প্রেমে পড়বে। বিষয়টি টের পায় দুই বন্ধু। তাদের একজন কৌশলে এক শিশি তরল চুরি করে। দুই বন্ধু গ্রামে এসে এক মেয়ের প্রেমে পড়ে। একজনের সঙ্গে মেয়েটির সখ্য গড়ে ওঠে। আরেক বন্ধু মেয়েটিকে চুরি করে আনা রাসায়নিক তরল দিয়ে তার করে নিতে চায়। কিন্তু ঘটে যায় চরম বিপত্তি।
নারী
এনটিভিতে বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় প্রচারিত হবে নাটক নারী। লিখেছেন ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। অভিনয় করেছেন মৌ, শহীদুজ্জামান সেলিম, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল প্রমুখ। হঠাৎ সিদ্ধার্থর ভাগ্য বদলে যায়। সে মানুষের মন পড়তে পারে। কয়েক বছর তিব্বতে থেকে সে এ বিদ্যা আয়ত্ত করেছে। সবার মধ্যে তোলপাড় শুরু হয়। একদিন সকালে সিদ্ধার্থের কাছে একটা মেয়ে আসে। মেয়েটির মন পড়তে গিয়ে সিদ্ধার্থ একের পর এক রহস্যের ফাঁদে পড়ে।
সত্য বালক
এনটিভিতে ঈদের দিন রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে বিরতিহীন নাটক সত্য বালক। লিখেছেন ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা, মিশু সাব্বির, শামীমা নাজনীন প্রমুখ। মীর বরকত তার জীবনে একবার মিথ্যা কথা বলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়। এরপর সে সিদ্ধান্ত নিয়েছে আর একটি মিথ্যা কথাও বলবে না। এখন সত্য কথা বলতে গিয়ে তাকে নানা ঝামেলায় পড়তে হচ্ছে। বরকতের একটি সত্য কথায় কান্তার সঙ্গে মোর্শেদের প্রেম প্রায় যায় যায় অবস্থা। বরকতকে প্রাণনাশের হুমকি দেয় মোর্শেদ। কিন্তু বরকত তার সিদ্ধান্তেই অটল থাকে।