এভাবে আর চলতে পারে না
মুখের সামনে আগুন, কালো ধোঁয়া। দাউ দাউ করে বাস জ্বলছে। কিন্তু সুস্মিতা কোথায়? আমি জ্বলন্ত বাসের ভেতর ঢুকে পড়লাম। দেখি, বাসের পেছন দিকে মেয়ে আমার দাঁড়িয়ে আছে মূর্তির মতো, ভাবলেশহীন। আমি ওকে টেনে বাইরে নিয়ে এলাম। তারপর কেউ একজন আমাদের রিকশায় তুলে দিল। তখন খেয়াল হলো, আমার হাত দুটো থেকে মাংস খুলে খুলে পড়ছে। ঝুলে আছে চামড়াটা। আমি মাথার ওপরে হাত দুটো তুলে বললাম, ‘কৃষ্ণ, বাতাস দাও! জ্বলে গেলাম! পুড়ে গেলাম! বাতাস দাও!’
আমি গীতা সেন। গৃহিণী। দুই মেয়ে আমার, কণা সেন আর সুস্মিতা সেন। আমার স্বামী গোপাল সেন বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত করে। টাকাপয়সা নেই। কিন্তু সুখের কমতি ছিল না। আমি আর আমার স্বামীর একটাই চিন্তা, মেয়েদের মানুষ করা। সাধ অনেক, সাধ্য নেই। তবু যতটুকু পেরেছি, করেছি। দুই মেয়েই ঢাকা মহানগর মহিলা কলেজে পড়ে। কণা ব্যবসায় প্রশাসন আর সুস্মিতা উচ্চমাধ্যমিকে। সুস্মিতা কিন্তু আরও ভালো কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল। কিন্তু যাতায়াতভাড়া বেশি পড়ে যায়, তাই সিদ্ধান্ত বদলাতে হয়েছে। কিন্তু ওদের প্রতিভার বিকাশ হোক, আমরা সব সময় চাইতাম। সুস্মিতা তো এবার ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে। ২৮ নভেম্বরও তো একুশে টিভিতে যাচ্ছিলাম আমরা। কোথায় যাওয়ার কথা ছিল, আর কোথায় শুয়ে আছি এখন! আমার একেকটা হাতের ওজন মনে হয় পাঁচ কেজি। নাড়তে পারি না। দাঁড়ালে পা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ে। বাসে আমার যারা সহযাত্রী ছিল, তাদের অনেকেই মারা গেছে।
আমাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিয়েছিল। আবার ভর্তি হতে হয়েছে। ভয় লাগে। আমিও কি মারা যাব? ফিরতে পারব তো বাসায়?
দেখেন, ভয় শুধু আমার না, সারা দেশের মানুষ ভয়ে আছে। কেউ নিরাপদে নাই, কেউ না। আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম, আমরা আপনাদের তৈরি করেছি। আপনারা আমাদের তৈরি করেন নাই। বিষয়টা তো তা-ই। আমি দাঁড়িয়ে যদি বলি, আমি দেশের প্রেসিডেন্ট, কেউ কি মানবে? কিন্তু আমার মতো এক একজনের ভোটেই নেতা-নেত্রীরা ক্ষমতা পান। আর নেতা-নেত্রীদের ওপরেই তো আমাদের দেখাশোনার ভার। আমরা একসময় পরাধীন ছিলাম। এখন তো পরাধীন না। দেশ তো স্বাধীন। তাহলে কেন আমি স্বাধীনভাবে চলতে পারব না?
এই যে বিছানায় শুয়ে আছি, আপনারা কি জানেন, আমার সংসারটা কীভাবে চলে? আমার স্বামী দোকানে যেতে পারে না। মেয়েদের কলেজে যাওয়া বন্ধ। সংসারটা কীভাবে চলে? হাসপাতালে কোনো কিছু কিনতে হয় না। এক সপ্তাহ বাসায় ছিলাম, এক একটা ট্যাবলেট ৫০ টাকা। কীভাবে হবে চিকিৎসা? আমাদের তো ব্যাংক-ব্যালেন্স নেই। আমার স্বামী কিছু বলে না, আমি তো বুঝি ওর কী অবস্থা। ও খুব আপসেট। সেদিন হু হু করে কেঁদে ফেলেছে। কাজ নাই, আমি অসুস্থ, টাকার সংকট বড় সংকট। এভাবে চলতে পারে না।
আমাদের মনমানসিকতা পরিচ্ছন্ন হওয়া উচিত। নইলে এই সমাজ সুস্থ হবে না। যে-ই ক্ষমতায় আসুক, জনগণের কোনো লাভ হবে না। তবু আমি হতাশ হতে চাই না। শহীদের রক্তে পাওয়া দেশ। আমরা পুড়ছি। কিন্তু সব সময় কি আর এমন যাবে? আমি হতাশ হব না। ভালো হবেই। আমরা স্বাধীন, আমরা স্বাধীনই থাকব, যত যা-ই হোক না কেন। তবে রাজনৈতিক দলগুলোকে আমি বলতে চাই, আমরা সবাই সুস্থ সুন্দর দেশ চাই। এমন একট দেশ, যেখানে সহিংসতা থাকবে না, অস্থিরতা থাকবে না। আমরা আর আগুনে পুড়ে হাসপাতালে থাকতে চাই না। আমরা পরিবারের লোকজন হারিয়ে এতিম হতে চাই না।
অনুলিখন: শেখ সাবিহা আলম