এশিয়া কাপই আত্মবিশ্বাসের উৎস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজী আশরাফ হোসেন
গাজী আশরাফ হোসেন

কী দুর্দান্ত ক্রিকেটটাই না এশিয়া কাপে খেলল বাংলাদেশ। শিরোপার স্বপ্নটা শেষ পর্যন্ত অধরা থাকলেও গোটা টুর্নামেন্টেই প্রাণভরে উপভোগ করেছি মাশরাফি-সাকিব-মুশফিক-মুস্তাফিজদের নৈপুণ্য।
টি-টোয়েন্টি ক্রিকেটে এত দিন আমরা পিছিয়েই ছিলাম। ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টিটা অনিয়মিত। দ্বিপক্ষীয় আন্তর্জাতিক সিরিজেও খুব বেশি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাই না আমরা। আইপিএল কিংবা বিগ ব্যাশের মতো বড় টি-টোয়েন্টি প্রতিযোগিতাগুলোয় আমাদের খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ নেই বললেই চলে। প্রতিদ্বন্দ্বিতামূলক টি-টোয়েন্টি ম্যাচে খেলে ব্যক্তিগত নৈপুণ্য বাড়ানোর সুযোগটা আমাদের ক্রিকেটারদের জন্য বেশ সীমিতই বলা চলে।
এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় ব্যক্তিগতভাবে আমার উৎকণ্ঠা ছিল। উৎকণ্ঠার কারণ এই ফরম্যাটে আমাদের অতীত পারফরম্যান্স। কিন্তু সবার শঙ্কা ভুল প্রমাণ করেছে মাশরাফি বাহিনী। দল হিসেবে কীভাবে যেন নিজেদের বদলে ফেলল ওরা। এই বদলের ভিত্তিটা গড়ে দিয়েছে আমাদের পেসাররা।
পেস বোলিংয়ে আমি যে ব্যাপারটা দেখলাম, সেটা হচ্ছে তাসকিন, আল আমিন, মুস্তাফিজ কিংবা মাশরাফি প্রায় প্রতিটি ম্যাচেই পরিস্থিতির দাবি পূরণ করেছে। এশিয়া কাপে বাংলাদেশের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাব্বিরের দুর্দান্ত নৈপুণ্য। নতুন এক মাহমুদউল্লাহকেও যেন নতুন করে আবিষ্কার করলাম এবার। ফাইনালে কঠিন পরিস্থিতিতে কী দারুণ আক্রমণাত্মক ব্যাটিংটাই না করল সে। শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বির তো ছিল অসামান্য।
এশিয়া কাপে আমাদের প্রাপ্তি অনেক। কিন্তু এর পাশাপাশি সাকিব আল হাসানকে সঠিক ছন্দে না পাওয়াটা বাংলাদেশ ও অধিনায়ক মাশরাফির জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ। ব্যাটিং-বোলিং কোনোটাতেই সাকিবকে স্বরূপে দেখা যায়নি। গোটা প্রতিযোগিতায় সে একেবারেই ফর্মে ছিল না। বোলিংয়েও সে ছিল নিজের সেরা থেকে অনেক দূরে। বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলাটা ওর জন্য কাল হচ্ছে কিনা, সেটা ভেবে দেখা উচিত সবারই। আমার কেন যেন মনে হয়, সে অতিব্যবহৃত হয়ে যাচ্ছে।
মুশফিকও কিন্তু একেবারেই ভালো ফর্মে নেই। ওর নামের সঙ্গে যে ‘মি. ডিপেনডেবল’ তকমা, সেটাও কেন যেন একটু ফিকে হয়ে যাচ্ছে। মুশফিক যদি আত্মবিশ্বাসী না থাকে, বাংলাদেশের দলগত সাফল্য ব্যাহত হতে পারে। এ মুহূর্তে অন্য অনেকেই খেলে দিচ্ছে বলে মুশফিক-সাকিবের ফর্মহীনতা তেমন বড় হয়ে দেখা দিচ্ছে না, কিন্তু এমন একটা সময় আসবে যখন শক্ত প্রতিপক্ষের বিপক্ষে এই দুজনের ব্যাটই হয়ে উঠবে সবচেয়ে বড় ভরসা। এ জায়গাটিতে এই দুজনকে নিয়ে কোচ হাথুরুসিংহের কাজ করার অনেক জায়গা আছে। কোচের উচিত ব্যাপারটাকে গুরুত্বের সঙ্গে দেখা, কথা দিয়ে এই দুজনকে উজ্জীবিত করার চেষ্টা করা। এ ক্ষেত্রে মুশফিকের অগ্রাধিকারটাই বেশি।
কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমার কাছে মনে হয়েছে কোচ হাথুরুসিংহে সজ্ঞানেই হোক কিংবা নিজের অজান্তেই হোক মুশফিকের ওপর কেন যেন একটা চাপ তৈরি করে দিচ্ছেন। এটা ঠিক নয়। মুশফিকের প্রতি তাঁর আস্থাহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে। এটা খুবই ভয়ংকর ব্যাপার। মুশফিক একজন অভিজ্ঞ ক্রিকেটার। তার সঙ্গে রয়েছে অনেক বছরের অভিজ্ঞতা। এমন একজন ব্যাটসম্যানকে যদি কেবল আত্মবিশ্বাসের অভাবের কারণে হারিয়ে ফেলি, সেটা হবে আমাদের জন্য বড় ক্ষতি। এ ব্যাপারে ক্রিকেট-সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের হস্তক্ষেপ করা উচিত। হাথুরুসিংহের উচিত আলাপ-আলোচনার মাধ্যমে মুশফিকের সমস্যাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

.
.

একাদশ নির্বাচনে মাশরাফির ভূমিকাটা এখন জরুরি। সে এমনিতেই দারুণ অধিনায়ক। আমার মনে হয় সময় এসেছে দলের একাদশ নির্বাচনে মাশরাফির শক্ত ভূমিকা নেওয়া। কোচের ভূমিকা অবশ্যই থাকবে। কিন্তু একাদশ নির্বাচনের ব্যাপারে মাশরাফির সঙ্গে আলোচনা করেই তাঁর কাজ করা উচিত বলে আমি মনে করি। প্রতিটি ম্যাচেই একাদশ নির্বাচন নিয়ে কোনো না কোনো বিতর্ক থাকছে। এশিয়া কাপেই দুটি ম্যাচে আমরা দেখলাম একাদশে তিনজন উইকেটকিপার—মোহাম্মদ মিঠুন, নূরুল হাসান আর মুশফিকুর রহিম। নাসির হোসেনের মতো একজন পরীক্ষিত খেলোয়াড়কে পুরো প্রতিযোগিতায় বসিয়ে রাখা হলো। নাসির নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান, দারুণ ফিল্ডার, প্রয়োজনে সে অফব্রেক বোলিংটাও করতে পারে। নাসিরের অভাব বোধ করেছি একাদশে। ডাগ-আউটে বসে থেকে থেকে নাসিরের পক্ষে আত্মবিশ্বাস হারিয়ে ফেলাটা খুবই স্বাভাবিক।
তারপরও দলের অনেক ইতিবাচক দিক আছে। এই এশিয়া কাপেই শ্রীলঙ্কা আর পাকিস্তানের বিপক্ষে যে পরিস্থিতি থেকে আমরা জিতেছি, সেটা খুবই আশা-জাগানিয়া। আগে এমন পরিস্থিতিতে আমরা ম্যাচ হারতাম। এখন ম্যাচগুলো বের করে আনছি। এসব জায়গায় কিন্তু দলের ভালো কিছু প্রত্যাশা করা যেতেই পারে।
সবশেষে আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের কথা বলতে চাই। হিমাচল প্রদেশের ধর্মশালায় এই সময়টা বেশ ঠান্ডা আবহাওয়া থাকে। এশিয়া কাপের ফাইনালের পরদিন সকালেই কোনো বিশ্রাম ছাড়া ধর্মশালায় গিয়েছে দল, এই ঠান্ডা আবহাওয়ায় একটিও অনুশীলন ম্যাচ খেলতে না পারার ব্যাপারটি না আবার প্রভাব ফেলে! এই ঠান্ডা আবহাওয়া হল্যান্ড ও আয়ারল্যান্ড দলকে প্রথম রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে একটু সুবিধাজনক অবস্থানে রাখবে।
তবে এশিয়া কাপ আমাদের আশাবাদী করে তুলেছে। আশা করছি, সব বাধা-বিপত্তি জয় করে মাশরাফির দল আমাদের মুখে হাসি ফোটাতে পারবে।
দলের জন্য রইল শুভকামনা।