এসএ টিভি

ময়ূরাক্ষী, তুমি দিলে
এসএ টিভিতে বৃহস্পতিবার বেলা তিনটায় প্রচারিত হবে টেলিছবি ময়ূরাক্ষী, তুমি দিলে। লিখেছেন আদনান আদীব খান। পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তিশা, রওনক হাসান, শ্যামল মওলা, খলিলুর রহমান প্রমুখ। ময়ূরাক্ষী তিন চিত্রকর বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিল এক গ্রামে। এই গ্রামের শস্যখেতে নাকি প্রতি পূর্ণিমায় নেমে আসে দেবী লক্ষ্মী। এই নিয়ে কাহিনি এগিয়ে যেতে থাকে।
বন্ধু আমরা তিনজন
এসএ টিভিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে নাটক বন্ধু আমরা তিনজন। লিখেছেন জাকির হোসেন। পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয় করেছেন মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, অহনা প্রমুখ।সুমন, রাজন, মোহন তিন বন্ধু। তিনজনই প্রতিবন্ধী। একই মেয়েকে ভালোবাসে তারা। কিন্তু মেয়েটি তাদের শুধু বন্ধু ভাবে। এক প্রতারকের সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক হয়। মেয়ের বাবা বিষয়টি বুঝতে পারে। এগিয়ে যায় তিন বন্ধুর কাছে। তিনজনের মধ্যে কে তার মেয়েকে বিয়ে করবে? তিন বন্ধুর কেউই রাজি হয় না। কারণ, তারা বুঝতে পারে, এর ফলে তাদের বন্ধুত্ব ভেঙে যাবে।

অ্যালিয়েন ও রুম্পার গল্প ২
এসএ টিভিতে ঈদের দিন বেলা তিনটায় প্রচারিত হবে টেলিছবি অ্যালিয়েন ও রুম্পার গল্প ২। লিখেছেন ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ। অভিনয় করেছেন তাহসান খান, ইরেশ যাকের, তিশা, অ্যালেন শুভ্র প্রমুখ। রুম্পা রাতে আকাশে একটি ফ্লাইং সসার দেখতে পায়। রুম্পা ফোন দেয় তার বন্ধু ক্লাইডকে। ক্লাইড অ্যালিয়েনের অস্তিত্ব নিয়ে গবেষণা করছে। ক্লাইডও তার ডিভাইসে ফ্লাইং সসারের সিগন্যাল পাচ্ছে। পরদিন সকালে ক্লাইডের বাসায় যায় রুম্পা। চমকে ওঠে রুম্পা—অন্ধকার রুমে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে ক্লাইড! পরের মুহূর্তেই রুম্পার পেছনে এসে দাঁড়ায় কেউ।