কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: অশোক কর্মকার
অলংকরণ: অশোক কর্মকার

সৈয়দ শামসুল হক
দরজা বিষয়ে ভাবনা
বারবার দরজাটা ভেঙে গেছে আমার ঘরের,
মনে হয় কাঠ ভালো ততটা ছিল না।
একটি দোয়েল কেঁদে উঠেছিল আমলকী ডালে—
কিন্তু ভিত এখনো মজবুত বলে আমি কাঁদি নাই।
উৎসন্ন সংসারে তাই ভেবেই চলেছি।
কবে সেই একদিন তুমুল স্বপ্নের
ধাক্কা লেগে উড়ে যাই মানবের ইতিহাস পাঠে;
তারপর থেকে আমি ঘর আর দরজা বিষয়ে
অনেক ভেবেছি আর ঘুরে ঘুরে পৃথিবীর
কত না দরজা ঘর দেখেছি খুঁটিয়ে—
করণকৌশল সব দেখেছি তাদের,
নিয়েছি মেধায় তুলে, এবং ভেবেছি
কোন কাঠ? মেহগনি অথবা সেগুন—

নকশাটি কেমন হবে? ফুল পাতা? নাকি
সরল জ্যামিতি বোধে মনোহর বিমূর্ত নকশাই?
তার পাল্লা ও চৌকাঠ পৃথিবীর মতোই বিশাল,
ছাদ রাত্রির আকাশ—অসংখ্য নক্ষত্র ফোটা, আর
তারই মধ্যে বসবাস তোমার আমার।

কিন্তু কাঠ চিনতেই বড় ভুল হয়েছিল, তাই
বারবার দরজা গুঁড়িয়ে যায় অমাবস্যা রাত্রির আঘাতে,
তার পরও থেকে যায় ভিত, আর ভিতের ওপরে
আবার যে তুলি ঘর—বারবার,
এবার তাহলে
কাঠ চিনতে ভুল আর নয়। এবার নকশায় তবে
পূর্ণিমার অক্ষরে অক্ষরে বার্তা—মুক্তি! স্বাধীনতা!—
মূল কথা এই
চেতনার বিকল্প আর কোনো কাঠ দরজার নেই।

অলংকরণ: অশোক কর্মকার
অলংকরণ: অশোক কর্মকার

রুবী রহমান
পৃথিবী-কাঁপানো চিত্কার
আজকাল আমি খুবই যত্ন-আত্তি করছি আমাকে।
প্রায়ই আইসক্রিম কিনে দেই
কেক-পেস্ট্রি খাওয়াই;
বড়সড় ভুল করে বসলেও মোটেই বকাঝকা করি না
হেলাছেদ্দায় সময় নষ্ট করছি দেখেও চুপ করে থাকি
অকম্মার ধাড়ির মতো বসে থাকতে দেখেও
রা-টি কাড়ি না পর্যন্ত—
আজকাল আমি এত তোয়াজ করে চলি আমাকে।
মনে হয় আমার আদরের সোনামানিক,
আমার একমাত্র ছেলে পুচিকেও
এত মাথায় তুলিনি আমি;
ওর বেঁকে-বসা মনকে বাগে আনবার জন্যও
কখনো এত আশকারা দিইনি ওকে।
আজকাল আমি এতটাই আশকারা দিচ্ছি আমাকে!
আমার নাড়িছেঁড়া ধন পুচির মৃত্যুযন্ত্রণা
আমি দেখিনি
আমার স্বামী শেষনিঃশ্বাস ফেলবার সময়ও
আমি ছিলাম না তাঁর পাশে।
কিন্তু আমি শুনেছি অভিজিতের মৃত্যুচিত্কার

বসন্ত-বাতাস আজও ভারী হয়ে আছে অভিজিতের স্ত্রীর হাহাকারে
হুমায়ুন আজাদের মেয়ের কান্নায়।

পাছে আমি—
পাছে আমি এইসব দেখেশুনে,
সমাজ-সংসারে চোখ রেখে
সেই আকাশ-ফাটানো চিত্কারটা দিয়ে ফেলি!
তখন তো মুখ চেপে ধরেও থামানো যাবে না
সেই পৃথিবী-কাঁপানো চিত্কার!

অলংকরণ: অশোক কর্মকার
অলংকরণ: অশোক কর্মকার

শিহাব সরকার
চাঁদভাসি রাতে
চাঁদভাসি রাতে ঘুম নেই
আঙিনা বাগান রৌদ্র-ঝলোমলো
খরতাপে ত্বক জ্বলে, জানালায় পর্দা নামে
চাঁদ থেকে পাই বারুদের ঘ্রাণ।
ধূলিতে গন্ধক, লৌহকণা রাশি রাশি
চাঁদে বৃষ্টি নেই, আদিগন্ত খরা
জ্যোৎস্নায় কী যে জলপিপাসা!
ইঁদারা িদঘি সব বুজে গেছে কোনকালে
দাও না গো কেউ তেষ্টার জল
নিঝুম দাওয়ায় নারী খুব ঘামে।

চেয়ে দেখি কোনো বুড়ি বসে নেই
জুরাসিক পার্ক থেকে উড়ে গিয়ে চাঁদে
জমে আছে আদিম বুনোহাঁস,
সারা রাত চরকা খুঁজেছি

হানিমুন অভিসার সব ধন্দ-ধাঁধা
চাঁদজুড়ে নিশ্চল ডাইনোসর, একা
চোখ বুজলে জাগে ভূত-বনভূমি
সৈকতে নববধূ মূর্ছা যায়।


রফিক আজাদ

ফিরে পেতে চাই
দেশহীন মানুষের আর্তি আমি প্রিয়
বন্ধু আজিজের কণ্ঠে শুনে মোহ্যমান—
জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক দপ্তরের
দায়িত্বে ছিল সে;
সংবেদনশীল বন্ধু আজিজের আর্দ্রকণ্ঠ
আজও আমি শুনতে পাই—
‘একজন মানুষের দেশ থাকতে হয়;’

আনপড় এই আমিও বুঝতে পারি—‘দেশ’
কতটা দরকার, একজন মানুষের!
প্রণম্যা আমার, আমি চাই পিতার স্বপ্নের দেশ—

আমার জীবদ্দশায়
সেই বাঙলাটি আমি চাই;
চর্যাপদের বাঙলা, চণ্ডীদাসের বাঙলা,
রবীন্দ্রনাথের থইথই বর্ষার সেই বাঙলা,
বাঙলার সেই শাশ্বত রূপটি আমি
ফিরে পেতে চাই—
শচীন কর্তার গানের ভেতর দিয়ে
যে অফুরন্ত বাঙলাকে পাই
সেই বাঙলাটি আমি ফিরে পেতে চাই,
জীবনানন্দের রূপসী বাংলা
আমার ফিরে পাওয়া বড়ই দরকার।


সোহরাব হাসান

শুদ্ধ ভাষারীতি
ভুল করে, ভুল দেশে, ভুল সময়ে জন্মেছি বলে
নিপাট নির্ভুল ভুলে কেটে গেল একটি জীবন।

ভুল মানুষের সঙ্গে ভুল ভালোবাসায় আমি যে
কতবার জড়িয়েছি সে হিসেব রাখেননি কেউ;
সরল আনন্দ ভাগ করে নেবে বলে যে বন্ধুরা
আকুল ব্যাকুল হয়ে শুশ্রূষার হাত বাড়ালেন
তাঁদের হৃদয় ছিল শীতের তৃণের মতো শুষ্ক
খরাখরা; ভালোবাসা দেবে বলে যে বালিকা কাছে
ডেকেছিল জ্যোৎস্নার আগুন-ভরা শরতের রাতে
তার রুমালেও কস্তুরির কোনো সুগন্ধি ছিল না।

ভুল মৃত্তিকায় রচিত বাগানে এখনো আমি
নিরর্থক বীজ বুনি, জল ঢালি, কুসুম ফোটে না;
সাদা কালো অথবা ধূসর সেলফিতে কালের যে
জলছবি তুলে আনি, তাও নিরন্তর ভুলে ভরা।

জীবনের অন্তরঙ্গ ক্লাসে কোনো বিদুষী শ্রীমতী
শেখাননি আমাকে নির্ভুল পাঠ; শুদ্ধ ভাষা-রীতি।

অলংকরণ: অশোক কর্মকার
অলংকরণ: অশোক কর্মকার

মাসুদ খান
মুক্ত, স্বাধীন
তিমিঙ্গিলে ফেলে গিলে
একটা তিমি আস্ত
বিশাল তাহার পেটের ভেতর
সেই তিমিটা ভাসত।
তিমিঙ্গিলের উদরজুড়ে
মস্ত জলাশয়
সেই পানিতে সাঁতার কাটে
তিমি মহাশয়।
তিমির আবার পেটভর্তি
ছোট মাছের ঝাঁক
মহাসুখে ঘুরে বেড়ায়,
তিমি তো অবাক।
বিশাল হাঁয়ের ভেতর দিয়ে
মাছের আসা-যাওয়া
এই এখনই তিমির পেটে,
পরক্ষণেই হাওয়া।
এমনি করেই তিমি থেকে 

তিমিঙ্গিলের তাঁবে...
ওইটুকুতেই মাছ নিজেকে
বেজায় স্বাধীন ভাবে।


আবিদ আনোয়ার

পাঁচটি হাইকু
ঝিনুক চলে
মুক্তো বুকে নিয়ে
আবিল জলে
২.
ধলপহর
সূর্য উঁকি দেবে
একটু পর
৩.
নারীর প্রেম
সর্প-কবলিত
কলসে হেম
৪.
চক্রবাকী
নও তো তুমি তাই
বিধবা পাখি
৫.
তোমার মন
অজানা ভান্ডারে
গুপ্তধন


চঞ্চল আশরাফ

পথের ডায়েরি
এই তো দেখছি, নুড়িগুলি উঠল ঝকমকিয়ে,
বৃষ্টির পরের রোদে, কোথায় চলেছি আজ সান্ত্বনার
সাদা রেখা ধরে, হাওয়ায়! রুপালি ফ্রিলের ঢেউ
দেখে মনে হলো এইমাত্র—আছড়ে পড়ার স্মৃতি
যে স্বীকার করে, তাকে শুধু বন্ধু ভাবা চলে;

এই তো দেখছি, পাতা ঝরে ভীষণ মন্থরভাবে
বনের সম্মতি বিনা, জানি না—কার অনিদ্রা থেকে
অশ্রুগামী গান বেজে ওঠে, কে যে গায় করুণাধারায়
এসো! গিয়েছি অনেক।... সেই পথ নুড়ির বাহক,
স্থির, মৃতদের পদচ্ছাপে ভরা;

যেতে যেতে লুটিয়ে পড়েছি, সূর্যাস্তের দিকে পা,
সমুদ্রের দিকে নিঃশ্বাস


সোহেল হাসান গালিব

তমস্বিনী
আয়ুরেখা মুছে মুছে এতটা এসেছি। ভয়ে ভয়ে।
পুষ্প বা পাদুকা—কোনো চিহ্নই রাখিনি পিছে ফেলে।
সূর্যাস্ত কি ফেলে গেল কিছু—চুনশাদা বালুচরে?
মন্থর স্রোতের টানে থেমেছে ইঞ্জিন—যেন তারই
পূর্বাভাস পেয়ে। একে একে ভেসে যায় নৌকাগুলি
শেয়ালের ডাক দিয়ে ঘেরা থমথম কাশবনে।
বাতাসে গুটিয়ে হাতা, গগনশিরীষ এল কবে
ছোট্ট জানালার পাশে! বিস্মৃতিও এত ঘ্রাণময়!
সময় মোমের মূর্তি—জ্বলে ওঠে, তাই গলে যায়।
বুকের নিটোল হেডলাইটে এই পৃথিবী এখন
শুধু নগ্নিকাই বুঝি দেখতে পায়। দেখাতে কি পারে?
নির্বাক বাদুড় যত দূর ওড়ে—ছেয়ে ফ্যালে হিম
তমসায়। তমস্বিনী, কার হাত ধরে পার হব
এ রাত্রির গুহা—অমাময়ী মা আমার! ভয়ে ভয়ে
এখানে এসেছি। আয়ুরেখা মুছে মুছে। তাই আর
পুষ্প, পাদুকার কোনো চিহ্নই রাখিনি পিছে ফেলে।
পাথুরে চোয়াল ঠেলে, শুনতে পাই, এতদিন পর
গম্ভীর দেয়াল ডাকছে আমাকেই নাম ধরে—‘আয়’।