কারখানা আছে, যান্ত্রিকতা নেই

বিদ্যুৎসাশ্রয়ী আধুনিক প্রযুক্তির সেলাই মেশিনে বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য প্যান্ট তৈরি করছেন নানা বয়সী পোশাকশ্রমিক। কয়েক সারি সেলাই যন্ত্রের পরপর অনেকখানি জায়গাজুড়ে বিশেষ ব্যবস্থায় লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। ছাদজুড়ে সবুজ বাগান, আছে সৌরবিদ্যুৎ। মূল ফটকের সামনে ও দুই পাশে গাছের সারি। গাছ আছে সীমানাপ্রাচীরের ভেতরেও।
নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) রেমি হোল্ডিংস নামের পরিবেশবান্ধব পোশাক কারখানায় একটা চক্কর দিলেই এই ভিন্ন পরিবেশ চোখে পড়বে। বিটপি গ্রুপের এই কারখানাটি বিশ্বের সব ওভেন পোশাক কারখানার মধ্যে সবচেয়ে বেশি নম্বর পাওয়া পরিবেশবান্ধব কারখানা।
সূর্যের আলো ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ, বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয়, ভেতরে-বাইরে গাছ এবং অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারে শ্রমিকদের কায়িক পরিশ্রম কমিয়ে আনায় সর্বোচ্চ দক্ষতা—এসবই পরিবেশবান্ধব কারখানা হিসেবে সবচেয়ে বেশি নম্বর এনে দিয়েছে রেমি হোল্ডিংসকে।
২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দিনটিতে আকাশে ছিল মেঘ আর সূর্যের লুকোচুরি। রেমির সহকারী মহাব্যবস্থাপক তারিকুল হান্নান স্বাগত জানালেন এই প্রতিবেদককে। কাচ দিয়ে ঘেরা তাঁর কক্ষটি কারখানা ভবনের একেবারে ওপরের তলায়। নিচের তলায় শত শত শ্রমিক কাজ করছেন। মৃদুস্বরে বাজছে দেশাত্মবোধক গান। কারখানার ছাদে বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে করে ভেতরে আসছে সূর্যের আলো। সব মিলিয়ে পরিবেশটা অত্যন্ত সুন্দর ও বেশ মানবিক।

কারখানার ছাদ থেকে হেলিকপ্টারের মতো বিরাট পাখাওয়ালা ফ্যান ঝুলিয়ে দেওয়া হয়েছে, চুপচাপ ঘুরছে। কারখানাটিতে ১০টি ‘হাই-ভলিউম লো-স্পিড’ (এইচভিএলএস) নামের বৈদ্যুতিক পাখা লাগানো হয়েছে। বাংলাদেশের পোশাক কারখানায় এমন প্রযুক্তির পাখা এই প্রথম। কারখানার শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র থেকে বের হওয়া ঠান্ডা বাতাস চারদিকে ছড়িয়ে দিতে পাখাগুলো ব্যবহার হচ্ছে। এতে করে বাইরের চেয়ে কারখানার ভেতরের তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস কম রাখা সম্ভব হয়।
দিনের আলো ব্যবহারের জন্য কারখানার ছাদে ৫২টি ‘স্কাই লাইট’ লাগানো হয়েছে। এ জন্য কারখানার ভেতরে ২৪০টি এলইডি বাতি কম লাগাতে হয়েছে। যার ফলে ১৯ কিলোওয়াট বিদ্যুৎ কম লাগছে। এ ছাড়া পুরো কারখানায় রয়েছে বিদ্যুৎসাশ্রয়ী বিশেষ বৈদ্যুতিক পাখা। একটি সাধারণ পাখা চালাতে ৮০ ওয়াট বিদ্যুৎ খরচ হলেও বিশেষ পাখায় লাগে মাত্র ৩২ ওয়াট।
১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রেমির কারখানা প্রি-ফেব্রিকেটেড বা স্টিলের কাঠামোর। ২ লাখ ৭৫ হাজার ২৬৫ বর্গফুট আয়তনের কারখানা ভবনটি চার তলার সমান উঁচু। ভেতরের একপাশে চারতলা। মাঝে দুইটি তলা আর অন্য পাশে একতলা। এর মধ্যেই রয়েছে কাটিং, সেলাই ও ওয়াশিং বিভাগ এবং প্রশিক্ষণকেন্দ্র, শিশু দিবাযত্নকেন্দ্র, চিকিৎসাকেন্দ্র, ক্যানটিন ও কার্যালয়। পেছনের একটি ভবনে আছে বর্জ্য পরিশোধনাগার ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট।
রেমিতে এখন পর্যন্ত ১ হাজার ৪৮৪ জন শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান হয়েছে। আগামী ডিসেম্বরে এই সংখ্যা বেড়ে ২ হাজার ২০০ জন হবে। শ্রমিকদের কায়িক পরিশ্রম কমাতে হ্যাঙ্গার পদ্ধতি নিয়ে এসেছে রেমি। হস্তচালিত এই পদ্ধতিতে সেলাই মেশিনের পাশে ওপরে থাকা হ্যাঙ্গারে প্যান্টের বিভিন্ন অংশ ঝোলানো থাকে। শ্রমিকদের যার যে অংশ দরকার, সেই অংশ নিয়ে সেলাই করেন। আবার সেলাই শেষে ওই হ্যাঙ্গারে ঝুলিয়ে দেন।
পাঁচ লাইন সেলাই মেশিন বসানোর পর ইট-সিমেন্ট আর মাটি দিয়ে টবের মতো তৈরি করা হয়েছে। তাতে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। এই ব্যবস্থা না করলে কারখানা কর্তৃপক্ষ সেখানে দুই লাইন মেশিন বসাতে পারত। তবে কারখানার পরিবেশে বৈচিত্র্য ও শ্রমিকদের সবুজের মধ্যে কাজ করানো চিন্তাভাবনা থেকে এটি করা হয়েছে।
আদমজী ইপিজেডের আরেকটি পোশাক কারখানায় কাজ করতেন আফরোজা আক্তার। ভালো সুযোগ-সুবিধা পাওয়ায় রেমিতে সিনিয়র অপারেটর হিসেবে কাজ নিয়েছেন। জানতে চাইলে তিনি বলেন, ‘এই কারখানার পরিবেশ খুব ভালো। ভেতরে সবুজ গাছ আছে। কারখানার ভেতরে অনেক বাতাস। খুব ভালো লাগে।’
দোতলায় সেলাইয়ের কাজ শেষে একটি চ্যানেলের মাধ্যমে নিচের তলার ওয়াশিং প্লান্টে বানানো প্যান্ট চলে যায় হাতের সাহায্য ছাড়াই। প্যান্ট ওয়াশিংয়ের জন্য সর্বশেষ প্রযুক্তির চারটি যন্ত্র বসিয়েছে রেমি হোল্ডিংস। এসব যন্ত্র আবার অন্য সাধারণ মেশিনের চেয়ে ৫০ শতাংশ গ্যাস বা ডিজেল ও ৫০ শতাংশ পানিসাশ্রয়ী। ওয়াশিংয়ের বর্জ্য সরাসরি কারখানার পেছনে নিজস্ব ইটিপি বা বর্জ্য পরিশোধনাগারে জমা হয়।
রেমি হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিরান আলী জানালেন, ওয়াশিংয়ের বর্জ্য ইটিপিতে পরিশোধন করা হচ্ছে। পরিশোধনের পর যে পানি পাওয়া যায় তা পুনরায় ওয়াশিং, বাগান ও বাথরুমে ব্যবহার করা হবে। এতে করে ওয়াশিংয়ে ব্যবহৃত ৯০ শতাংশ পানিই আবার ব্যবহার হবে। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে।
যন্ত্রপাতিকে পাশ কাটিয়ে কারখানার সামনের দিকে আসতেই দেখা গেল চিকিৎসাকেন্দ্র। কয়েকজন নারী পোশাকশ্রমিক সেখানে চিকিৎসা নিচ্ছেন। দায়িত্বরত নারী চিকিৎসক জানালেন, দিনে গড়ে ২৮-৩০ জন শ্রমিক প্রাথমিক চিকিৎসাসেবা নেন। পরের কক্ষেই শিশু দিবাযত্ন কেন্দ্রে ঘুমিয়ে আছে বিভিন্ন বয়সের ৩২ শিশু। শিশুদের মায়েরা কারখানায় কাজ করছেন। কারখানা কর্তৃপক্ষই শিশুদের খাবারের ব্যবস্থা করে।
রেমির কারখানার ছাদে তিনটি জিনিস আছে। যেমন, সারি সারি গাছ, সূর্যের আলো ভেতরে নেওয়ার জন্য স্কাই লাইট এবং ১২৫ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্যানেল। ছাদে দাঁড়িয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মিরান আলী বললেন, আমাদের কারখানা ভবনের বাইরে খুব বেশি জায়গা নেই। তাই ছাদের জায়গাটি নষ্ট করতে চাইনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব কারখানা বা ভবনের সনদ দিয়ে থাকে। সে জন্য নয়টি শর্ত পরিপালন করতে হয়। এসব শর্ত পরিপালনে ১১০ পয়েন্ট থাকে। এর মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে সর্বোচ্চ সনদ ‘লিড প্লাটিনাম’ দেওয়া হয়। রেমি পেয়েছে ৯৭ পয়েন্ট। বিশ্বের যেকোনো পরিবেশবান্ধব ওভেন পোশাক কারখানার মধ্যে রেমির পয়েন্টই সবচেয়ে বেশি।
মিরান আলী বলেন, পোশাক ব্যবসাকে টেকসই করার জন্যই পরিবেশবান্ধব কারখানা স্থাপনের চিন্তাভাবনাটি আমাদের মাথায় আসে। পরিবেশবান্ধব কারখানায় ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি।
সকাল আটটায় কারখানার উৎপাদন শুরুর সময় রেমির সব পোশাকশ্রমিক কণ্ঠ মিলিয়ে জাতীয় সংগীত গেয়ে থাকেন। তারপর শ্রমিকদের হালকা ব্যায়ামও করানো হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মিরান আলী বললেন, সকালে জাতীয় সংগীত গাইলে মনটা মুহূর্তের মধ্যেই ভালো হয়ে যায়। মানসিকভাবে সবার মধ্যে ঐক্য তৈরি হয়। কাজে গতি আসে।
একনজরে
১৪৮৪ কর্মী
৮,০০০ প্যান্ট তৈরি হচ্ছে দিনে
ক্রেতা এইচঅ্যান্ডএম, ডি ক্যাথেটন, বেনেটন ও ভিএফ করপোরেশন