কার্টুনটা যেন জীবনের অংশ

এখন ২০১৬ সাল। কার্টুন আঁকা শুরু হয়েছিল কাঁটায় কাঁটায় ১০ বছর আগে, ২০০৬ সালে। শুরুটা শখের বশেই, পেশা হিসেবে নেব এমন চিন্তা মাথায় ছিল না। বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন হঠাৎ করেই উন্মাদ ম্যাগাজিনের অফিসে গিয়েছিলাম, উন্মাদ–এ যুক্ত হওয়ার আবদার নিয়ে। যতটা আশা করেছিলাম তার চেয়েও বেশি প্রশ্রয় পেয়ে যাতায়াত শুরু করলাম নিয়মিত। প্রথম কার্টুনে হাতেখড়ি হলো ওখানেই, উন্মাদ সম্পাদক কার্টুনিস্ট আহসান হাবীবের হাত ধরে। আঁকতে আঁকতে হঠাৎ খেয়াল করলাম কার্টুনটা কখন যেন জীবনের অংশ হয়ে গেছে!

কার্টুন শুরু করার সময় মাথায় কখনোই আসেনি যে মেয়ে হয়ে এই পেশায় আসাটা খুব সাধারণ ঘটনা না। সত্যি বলতে, এই মুহূর্তে বাংলাদেশে কার্টূনকে পেশা হিসেবে নিয়েছে এমন মেয়ে আমিসহ দুজন মাত্র।
বিভিন্ন জায়গায় বারবারই একটি প্রশ্ন শুনতে হয়েছে যে কার্টুন আঁকিয়ে মেয়ের সংখ্যা এত কম কেন? আমার ব্যক্তিগত ধারণা যদিও অন্য রকম, সমাজস্বীকৃত হাতে গোনা কয়েকটি পেশা বাদে অন্য কোনো পেশাতেই মেয়েদের সংখ্যা বেশি নয়। আমাদের দেশে এই কিছুদিন আগেও ছেলেমেয়ে–নির্বিশেষে কার্টুন এঁকে জীবন চালাবে, এটা ভাবা যেত না। আর কার্টুনিস্টরা সব দেশেই একটা ক্ষুদ্র সম্প্রদায়ের অংশ। সেখানে মেয়েদের সংখ্যা আরও কম থাকবে তাতে আশ্চর্য কী? আমেরিকা–ইউরোপেও নারী কার্টুনিস্টের সংখ্যা হাতে গোনা! আশার কথা হচ্ছে, এ দেশে ইদানীং বেশ কয়েকজন মেয়ে এই পেশায় আসতে আগ্রহী হচ্ছে, কাজেই আশা করা যায় অদূর ভবিষ্যতেই এই চিত্র কিছুটা হলেও পাল্টাবে!
আমার মূল আগ্রহের জায়গা হলো ক্যারিকেচার, পাশাপাশি রাজনৈতিক কার্টুন এবং অলংকরণ করতেও ভালোবাসি। ২০১৪ সালে দেশের প্রথম ক্যারিকেচার প্রদর্শনী হিসেবে অলিয়ঁস ফ্রঁসেজে ‘মিট দ্য ফেসেস’ শিরোনামে আমার একক ক্যারিকেচার প্রদর্শনী হয়। উন্মাদ–এ সহযোগী সম্পাদক হিসেবে থাকার পাশাপাশি এই মুহূর্তে অনিয়মিতভাবে রাজনৈতিক কার্টুন করছি বিডিনিউজ২৪ডটকমে। এ ছাড়া অন্যান্য অভিজ্ঞতার মধ্যে উল্লেখ করার মতো বলা যায়, এনসিটিবির পাঠ্যবই অলংকরণ। খুবই সম্প্রতি একটি বিজ্ঞান নিয়ে একটা কমিকসের কাজ করেছি, যেটা আলোর মুখ দেখেছে এবারের বইমেলায়।

নাতিদীর্ঘ কার্টুনিস্ট–জীবনে হয়েছে নানা অভিজ্ঞতা, বেশির ভাগ অভিজ্ঞতাই সুখকর, পাশাপাশি আছে কিছু তিক্ত অভিজ্ঞতাও। প্রাপ্তির খাতায় যোগ হয়েছে বিভিন্ন সময়ে অর্জিত পুরস্কার, তার মধ্যে সাম্প্রতিকতম হচ্ছে গত বছর টিআইবি আয়োজিত জলবায়ু অর্থায়ন–বিষয়ক কার্টুন প্রতিযোগিতায় পাওয়া প্রথম পুরস্কার। তবে কার্টুন এঁকে মূল প্রাপ্তি পুরস্কার নয়, বরং যখন কোনো কার্টুন সময়ের বিচারে সত্যিকার অর্থেই মানুষের মধ্যে সাড়া ফেলতে পারে, সেটাই যেকোনো কার্টুনিস্টের জন্য বড় অর্জন। সেই বিচারে আমার একটা কার্টুনের কথা উল্লেখ করা যায়, যেটি এখন পর্যন্ত আমার সফলতম কার্টুন বলে আমার বিশ্বাস। কার্টুনটি হলো রানা প্লাজা ট্র্যাজেডির পর করা আমার একটি কার্টুন, যেটি পরে প্রথম আলো ও নিউ এজ পত্রিকায় ছাপা হয়। এই কার্টুনর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে সাড়া আমি পেয়েছি, তা অভাবনীয়। কার্টুনটি দেশে-বিদেশে শেয়ার হয়েছে সম্ভবত এক লাখেরও বেশি, এর ওপর ভিত্তি করে একাধিক ডকুমেন্টারি ও প্রোমো তৈরি হয়েছে দেশীয় চ্যানেলসহ বাইরের মিডিয়ায়। উল্টো দিকে একই সঙ্গে এটি সম্ভবত দেশের কার্টুনের ইতিহাসে অন্যতম সমালোচিত কার্টুন হয়েও থাকবে। এই কার্টুনের পরে আমি রাতারাতি এই দেশের কর্পোরেটদের একটা অংশের কাছে রীতিমতো জাতিশত্রু হিসেবে চিহ্নিত হয়ে যাই, যে পরিমাণ হুমকি এবং গালি শুনতে হয়েছে, তা আসলে অবিশ্বাস্য! এই ঘটনার পর উপলব্ধি করেছি যে আমাদের চারপাশের সভ্য সমাজেও কত বিকৃত মানুষ আছে! তবে সবকিছুর পরেও, সেই সময় যত মানুষকে আমি পাশে পেয়েছি, সেই ভরসাই আমাদের ভালো সময়ের স্বপ্নগুলো বাঁচিয়ে রাখে।
কার্টুনের মতো মাধ্যমে মেয়েদের উপস্থিতি কতটা জরুরি, সেটা নতুন করে অনুভব করেছি গত বছরের পয়লা বৈশাখের ঘটনার পর। কঠোর পুরুষতান্ত্রিক একটা ইকোসিস্টেমে একজন নারীর নিজে প্রতিষ্ঠিত হলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সামাজিক, রাজনৈতিক সমস্যাগুলো বাদ দিলেও মেয়েদের নিজেদের কথাগুলো বলার জন্যও এই মিডিয়া দরকার, কারণ কার্টুন এঁকে মানুষের যতটা কাছাকাছি যাওয়া যায় অন্য মাধ্যমে সেটা কঠিন। তবে এ মুহূর্তে না হলেও ভবিষ্যতে নারীদের এই ক্ষেত্রে বিচরণ নিয়ে আমি যথেষ্টই আশাবাদী।