
‘কত দাম? ’ ‘৮০০ রুপি।’ ‘কম হবে না? ’
‘ফ্রম কলকাতা?’
‘না, বাংলাদেশ।’
‘ও! সাকিব আল হাসান, ওকে ওকে, ৫০০ রুপি।’
ভারতের কাশ্মীরে বেড়াতে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছে পদে পদেই। আর এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমাদের দলে থাকা খুদে সদস্যগুলোর চোখ-মুখের ভাব হতো দেখার মতো। গর্বে, উত্তেজনায় থরথর অবস্থা। শুধু যে সাকিব আল হাসান তা নয়, ওরা বাংলাদেশের জাতীয় দলের সব ত্রিকেটারের ভক্ত। জানতে চায়, কেমন আছে মুর্তজা (মাশরাফি), মুশফিক। এমনকি আশরাফুল যে খুব ভালো খেলোয়াড়, সেটাও জানা একজন মুদি দোকানদার থেকে রিসোর্টের ম্যানেজার পর্যন্ত সবার। তবে দলের একজন খুদে দেশপ্রেমিক কানে কানে এসে সতর্ক করে, ‘ম্যাচ ফিক্সিংয়ের কথাটা এখানে বলার দরকার নাই।’

হ্যাঁ, ছোটবেলা থেকে জেনেছি কাশ্মীর মানে ভূস্বর্গ। যে পাঁচ দিন এই ভূস্বর্গে ছিলাম, পুরো সময়টা আমাদের ঘিরে ছিল অপরূপ প্রকৃতি আর বাংলাদেশের ক্রিকেট!
আমরা ছিলাম শ্রীনগরে ডাল লেকের পাশে একটি হোটেলে। রাতের বেলা ডাল লেকের হাউস বোটের বাতিগুলো জ্বলে উঠলে এপার থেকে চমৎকার দৃশ্য ফুটে ওঠে।
আমরা এক রাত হাউস বোটে কাটিয়ে বেশ জমিদার জমিদার ভাবের তৃপ্তি নিয়ে শিকারা থেকে স্যুটকেস-বাক্স নিয়ে নামলাম। শিকারা ওদের বিশেষ নৌকা। আয়েশ করে বসার জন্য গদি আঁটা। রাতের বেলা ঢাকা থেকে যাওয়া তিন পরিবার তিন শিকারা নিয়ে ডাল লেক ঘুরতে বের হলাম। কিছুক্ষণ পরে পাশে এল কাবাব বিক্রির নৌকা। দুটো নৌকা পাশাপাশি চলছে। গরম গরম কাবাব তৈরি হচ্ছে। এ নৌকা থেকে ও নৌকায় কাবাব বিক্রি। প্রথমে দুই প্লেট অর্ডার, তারপর আরও দুই, আরও দুই...। আমাদের দলের একজন গাইলেন গান। শেষ হতেই মাঝির অনুরোধ, ‘আরেকটা গাও’। অতঃপর সুরে-বেসুরে আমরা সবাই গলা মেলাই।
আমরা গিয়েছিলাম বছর দুই আগে। ঢাকা থেকে কলকাতা বিমানে, তারপর রাজধানী এক্সপ্রেসে দফায় দফায় খেতে খেতে দিল্লি। কলকাতায় থাকতেই শুনলাম কাশ্মীরে ‘বন্ধ’ চলছে। নানাজনের নানা উপদেশ, ‘বাচ্চাকাচ্চা নিয়ে এ রকম অবস্থায় যেয়ো না।’ আর দলের মধ্যে একজন বলে উঠল, ‘আরে দূর, হরতালের দেশ থেকে এসে বন্ধকে ভয় পেলে চলবে?’ দিল্লির এক জ্যেষ্ঠ সাংবাদিকের পরামর্শ চাইলাম, এত দূর এসে ফিরে যাব? তিনি বললেন, ‘মাস কয়েক আগে আমি ঘুরে এসেছি। ওখানে একই সঙ্গে গন্ডগোলও হয় আবার পর্যটকও ঘুরতে যায়, বছর বছর ধরেই এই চলছে।’
অতএব গন্তব্য কাশ্মীর...। দিল্লি থেকে শ্রীনগরে গিয়ে নামলাম বিমানে। বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে যাচ্ছি হোটেলে। জুলাই মাস। বাইরে বেশ গরম।
‘গাড়িতে এসি নাই?’—আমাদের একজন হাঁসফাঁস করতে করতে বললেন। চালক জানালেন, এসি আছে, তবে আগাম ভাড়া (প্রি-পেইড) দেওয়ার সময় সেটা উল্লেখ করতে হতো। কী আর করা! কিন্তু কিছুক্ষণ পর গাড়ি চালাতে চালাতে চালক জানালার গ্লাস উঠিয়ে দিয়ে এসি ছেড়ে দিলেন। এই গল্প সেই গল্প। শ্রীনগর থেকে সোন মার্গ, গুল মার্গ কত দূর? জানলাম, দিনে দিনে ফিরে আসা যায়। ঢাকা থেকে শুনে গেছি কয়েকটি খাবারের নাম। ওয়াজওয়ান বা কোপ্তার মতো গোস্তাবা। কেন জানি নাম শুনে ভেবেছি গরুর মাংসের তৈরি। কিন্তু না, জানলাম, মাংস মানে এখানে মুরগি কিংবা খাসি। গরুর মাংস গ্রামের দিকে কেউ কেউ খায়। এমনকি এরা বেশির ভাগ ক্ষেত্রে কোরবানি দেয় ভেড়া কিংবা খাসি। জেনে নিলাম কোন রেস্তোরাঁয় মাটন রোগান জোশ ভালো। রমজান মাস চলছে, দোকানপাট কয়টায় বন্ধ হয়? বন্ধ উঠে গেছে...। হোটেলে নেমে এসি ছাড়ার জন্য যেই চালকের হাতে বাড়তি টাকা দিতে গেলাম, সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিয়ে বললেন, ‘তুম তো মেরা মেহমান হো।’

একটা টেম্পো ট্রাভেলার ভাড়া করে আমরা ১০ জনের দল ঘুরে বেড়াতাম। চালকই আমাদের গাইড হতেন। তবে অন্যান্য পর্যটন এলাকার মতোই চালকদের নিজস্ব এজেন্ডা-পছন্দ-অপছন্দ থাকে, হোটেল-দোকান ঠিক করা থাকে। তাই আগেভাগে কিছু খোঁজখবর নিয়ে যাওয়া ভালো। পাহাড়ি পথে ফুলের বাহার দেখতে দেখতে গুল মার্গ আর খরস্রোতা নদীর ধারঘেঁষা পথ ধরে পেহেলগাঁও ঘুরে এলাম দিনে দিনেই। তবে সোন মার্গে গিয়ে এক রাত যদি না থাকতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয়। যে রিসোর্টে ছিলাম, তার একপাশে খরস্রোতা নদী, আরেক পাশে পাহাড়ের গায়ে গায়ে শক্ত সাদা জমা বরফ (গ্লেসিয়ার); আর আকাশের মেঘ এসে যখন সেই পাহাড়ের গায়ে থাক্কা খাচ্ছিল, তখন কাশ্মীর যেন তার নামকরণের সার্থকতাই দেখাল। আমাদের দলের কেউ কেউ পাহাড় বেয়ে উঠে গেল হেঁটে, যতটা পথ হাঁটা যায়। কেউবা নেমে গেল নদীর ধারে। পা ভেজাল ঠান্ডা পানিতে। হাঁটুপানি মাড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকল বিশাল পাথরের ওপর। একপাশে সবুজ পাহাড়ে চরে বেড়াচ্ছে নানা আকারের ঘোড়া। কেউবা রিসোর্টের সামনের খোলা জায়গায় বসে মেঘের আনাগোনায় আকাশের রং বদল দেখল। নেপথ্যে বাজতে থাকল খরস্রোতা নদীর কুলকুল ধ্বনি। এই জুলাই মাসেও সন্ধে হলেই গায়ে জড়াতে হলো শাল কিংবা সোয়েটার। তবে সত্যিকারের কাশ্মীরি শাল আর কার্পেটের কারখানা দেখেছি শ্রীনগরে।
গুল মার্গে রোপওয়েতে চড়ে পাহাড়ের চূড়ায় ওঠার জন্য যাচ্ছি। পথের মাঝে চালক নামিয়ে দিয়ে বললেন, ‘বাকিটা ঘোড়ায় যেতে হবে।’ এ কথা শুনে ছেলে আমার মহা খুশি। তার কাজকারবার দেখে মনে হলো, ঢাকায় রোজ ঘোড়ায় চড়ে স্কুলে যায়! এদিকে ছেলের মায়ের অবস্থা কেরোসিন। কোনো বিকল্প এরা বোধ হয় ইচ্ছে করেই রাখেনি। দর-কষাকষি করে ১০টি ঘোড়া ঠিক করা হলো। জীবনে এতটা অসহায় কমই লেগেছে। পাহাড়ের চূড়ায় উঠতেও চাই, আবার ঘোড়া রোগ!
ইমরান বলে একটি ছেলে আমাদের ঘোড়ার সঙ্গে চলছে। ও একটু এগিয়ে গেলেই আমার চিৎকার, ‘ইমরান, প্লিজ ইধার ইধার।’ ইমরান আমার এই ঘোড়া থেকে পড়ে যাওয়ার ভয়কে পাত্তাই দেয় না। একবার এসে দেখিয়ে দিয়ে যায় কীভাবে ঘোড়ার রাশ টেনে ধরতে হবে। এর মধ্যেই সেই প্রশ্ন, বাঙালি কি না? কোথা থেকে এলাম? যেই বললাম, ‘ঢাকা’; ব্যস ইমরানের প্রথম কথা, ‘তোমাদের ক্রিকেটের আমি খুব ভক্ত। সাকিব খুব ভালো খেলে...তরুণ দল...।’ আমি আমার ভাঙা হিন্দি আর ইংরেজি খিচুড়ি দিয়ে ইমরানকে সাকিব বাহিনীর নানা তথ্য দিয়ে আটকে রাখি। সংবাদপত্রের কর্মী হিসেবে নানা তথ্য তো জানা আছেই। ও পাশে থাকলে অন্তত পড়ে পা-টা মচকাবে না। অতএব গল্প চালিয়ে যাচ্ছি। ইমরান বলেই চলেছে, ‘কাজ না থাকলেই আমি ক্রিকেট খেলি, দেখি। এই দেখো, খেলতে গিয়ে চোট পেয়েছি হাতে। মুশফিকের মার খুব পাকা, আমাদের কাশ্মীরে সবাই সাকিবকে চেনে...।’ আমি যে শেষ পর্যন্ত ঘোড়া থেকে পড়ে হাত-পা ভাঙলাম না, সেই জন্য কাকে ধন্যবাদ দেব? ইমরানকে নাকি সাকিব আল হাসানকে!