কয়েক টুকরা বিনোদন

আবার হ্যারি পটার
হ্যারি পটার ও তার বন্ধুদের আর দেখা যাবে না পর্দায়, কোনো বইও আর লেখা হবে না তাদের নিয়ে। এ ঘোষণায় যাদের মন ভেঙে গেছে, তাদের জন্য সুখবর। ২০১১ সালে জে কে রাওলিংয়ের লেখা ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম অবলম্বনে টিভি সিরিজ নির্মাণ করছে ওয়ারনার ব্রাদার্স। হ্যারি পটারের জাদুর দুনিয়ার নানা প্রাণীকে নিয়ে লেখা হয়েছে এই বই। তবে এটি ‘হ্যারি পটার’ সিরিজের সিক্যুয়েল বা প্রিক্যুয়েল—কোনোটাই হবে না। হ্যারির কাহিনি যেখানে শুরু হয়েছে, তার ৭০ বছর আগে থেকে দেখানো হবে এর কাহিনি।

জাস্টিন বিবার সুপার হিরো?
এমনিতেই বেন অ্যাফ্লেকের ব্যাটম্যান হওয়া নিয়ে ভক্তদের অশান্তির শেষ নেই। জাস্টিন বিবারকে যদি দেখা যায় রবিনের ভূমিকায়, তবে কী ঘটতে পারে? সম্প্রতি ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান চলচ্চিত্রের চিত্রনাট্যের ছবি তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ছবির ক্যাপশনে লিখেছেন ‘রবিন’? তাহলে কী তিনি এই ছবির অংশ হতে যাচ্ছেন? জানা যাবে কিছুদিন পর। এর আগে তিনি বলেছিলেন অভিনয়ে আসার ইচ্ছার কথা।

নভেম্বরে হাঙ্গার গেমস
আর মাত্র এক মাস, লড়াইয়ের ময়দানে জয়ী ক্যাটনিস আর পিটার বিজয় উৎসব শুরু হচ্ছে শিগগিরই। হাঙ্গার গেমসের সিক্যুয়েল ক্যাচিং ফায়ার ছবিটি মুক্তি পাবে আগামী নভেম্বরে।
এতে অভিনয় করছেন জেনিফার লরেন্স, জশ হাচারসন ও লিয়াম হেমসওয়ার্থ। ছবিটির সাউন্ডট্র্যাকের একটি গান মুক্তি দেওয়া হয়েছে এরই মধ্যে। ‘অ্যাটলাস’ শিরোনামের গানটি গেয়েছে কোল্ডপ্লে ব্যান্ড দল।
হাঙ্গার গেমসে জয়ী হয়ে ঘরে ফিরেছে ক্যাটনিস আর পিটা। কিন্তু এরই মধ্যে দানা বেঁধেছে বিদ্রোহ। আর না জেনেই তা আরও উসকে দিয়েছে ক্যাটনিস। এখন কী করবে সে, গেইলের কাছে ফিরে যাবে, না পিটাকে বিয়ে করতে বাধ্য হবে। এমনই নানা প্রশ্নের উত্তর মিলবে এই ছবিতে।

বরফের রাজ্যে ডিজনির নতুন ছবি
বোনকে খুঁজতে বরফের রাজ্যে গেল আনা নামের মেয়েটি। সেখানে সে দেখা পেল ক্রিস্টফ আর তার সঙ্গী রেইনডিয়ার সভেনের। তাদের নিয়েই শুরু হলো এক আশ্চর্য অভিযান। বরফ-রানি এলসাই হলো আনার বোন, যে নিজেকে বন্দী করে রেখেছে পাহাড়ের রাজ্যে, যাতে পৃথিবীতে চিরস্থায়ী শীত না নামে।
এমন ঘটনা নিয়েই তৈরি হয়েছে ডিজনির নতুন অ্যানিমেশন ছবি ফ্রোজেন। হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের দ্য স্নো কুইন থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। ছবিটি মুক্তি পাবে আগামী নভেম্বরে।
গ্রন্থনা: রুহিনা তাসকিন