প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আসা বিদেশি অতিথিদের সাক্ষাৎকার
গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ বাড়ছে
প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন বিভিন্ন দেশের গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকতা জগতের ২০ জন বিশিষ্ট ব্যক্তি। মতপ্রকাশের স্বাধীনতা, প্রযুক্তির উন্নয়ন, রাজনৈতিক ও গোষ্ঠীগত স্বার্থের বাধা, উগ্রপন্থার উত্থান ইত্যাদি নানা ধরনের চ্যালেঞ্জের পটভূমিতে সংবাদপত্র এবং সাংবাদিকতার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকেরা। তাঁদের এসব সাক্ষাৎকার ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে। আজ দ্বিতীয় কিস্তি

জন ইয়ারউড অস্ট্রিয়াভিত্তিক ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের নির্বাহী বোর্ডের চেয়ারম্যান। তিনি ইয়ারউড মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা শুরু যুক্তরাষ্ট্রের মিয়ামিহেরাল্ড-এ রিপোর্টার হিসেবে। এই পত্রিকায় অনুসন্ধানী রিপোর্ট করে জন ইয়ারউড একাধিক পুরস্কার পেয়েছেন। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান
প্রথম আলো: বিশ্বব্যাপী গণমাধ্যমের চ্যালেঞ্জগুলো কী?
জন ইয়ারউড: বিশ্বব্যাপী গণমাধ্যম, বিশেষ করে সংবাদপত্র দুটি প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি। প্রথমত অর্থনৈতিক, আগের থেকে পত্রিকার বিজ্ঞাপন ও প্রচারসংখ্যা উভয়ই কমে যাচ্ছে; ফলে তারা দারুণ অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। দ্বিতীয়ত, সংবাদপত্র তথা সার্বিকভাবে গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বাড়ছে। অনেক দেশেই সরকার কর্তৃত্ববাদী আচরণ করছে এবং গণমাধ্যমের কণ্ঠ রোধের চেষ্টা চালাচ্ছে। ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই) বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন।
প্রথম আলো: প্রচলিত গণমাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে কীভাবে খাপ খাইয়ে নিচ্ছে?
জন ইয়ারউড: সামাজিক যোগাযোগমাধ্যমকে প্রতিদ্বন্দ্বী ভাবার কারণ নেই। কেননা, পাঠক বা দর্শক এগুলো গ্রহণ করছেন। এখন যদি বলা হয়, সংবাদপত্র বা টেলিভিশনই একমাত্র তথ্য বা সংবাদ সরবরাহ করবে, সেটি তাঁরা মেনে নেবেন না। সে ক্ষেত্রে যেসব সংবাদপত্র সামাজিক যোগাযোগমাধ্যমকে দক্ষতার সঙ্গে কাজে লাগাতে পারবে, তারা ভালো করবে। ইতিমধ্যে অনেক পত্রিকা ও টেলিভিশন চ্যানেল অনলাইন, ফেসবুক, ওয়েবসাইট, ইনফোগ্রাফ ব্যবহারের মাধ্যমে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। অস্তিত্ব রক্ষার জন্যই এটি করছে।
প্রথম আলো: সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মূলধারার গণমাধ্যমের ভূমিকা কীভাবে দেখছেন, যেখানে প্রথম সারির প্রায় সব গণমাধ্যম বলেছিল ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনই জয়ী হবেন।
জন ইয়ারউড: গণমাধ্যম যেকোনো প্রার্থীকে সমর্থন করতে পারে। কিন্তু তারা জ্যোতিষীর মতো বলে দিতে পারে না যে অমুক প্রার্থী জয়ী বা পরাজিত হবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গণমাধ্যমের এই ভুল ধারণার পেছনে যে বিষয়টি কাজ করেছে, তা হলো তারা খুব বেশি ভোটারের কাছে যায়নি। বিশেষ করে যাঁরা প্রথমবার ভোটার হয়েছেন, তারা সেই মানুষদের কাছে যায়নি, যাঁরা ট্রাম্পকে ভোট দিয়েছেন। অন্যদিকে গণমাধ্যমগুলো বড় শহরে ভোটারদের মতামত নিয়েছে, যাঁরা হিলারির সমর্থক ছিলেন। বিভিন্ন রাজ্যে তৃণমূলের যে ৭০ লাখ ভোটার হিলারিকে ভোট দেননি, তাঁদের কাছেও মূলধারার গণমাধ্যমগুলো পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ট্রাম্প সত্যিকারভাবে তৃণমূল পর্যায়ে প্রচারণা চালিয়েছেন, যেখানে জাতীয় টেলিভিশনগুলো পৌঁছাতে পারেনি। এটিকে আমি দুর্বলতা হিসেবেই চিহ্নিত করব।
প্রথম আলো: গণমাধ্যমের দায়িত্ব কি নিরপেক্ষ অবস্থানে থেকে পাঠক বা দর্শককে সঠিক তথ্যটি দেওয়া, না কাউকে সমর্থন করা?
জন ইয়ারউড: মনে রাখতে হবে যে গণমাধ্যম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানও। সে ক্ষেত্রে গণমাধ্যমের
দায়িত্ব হবে সঠিক তথ্য-উপাত্তের মাধ্যমে যেটি জনগণের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর হবে, সেটি সুপারিশ করা। আমার নিজের অভিজ্ঞতার কথা বলি। প্রেসিডেন্ট নির্বাচনে আমি যখন ভোট দিতে গেলাম, আমি রাজ্যের ইস্যুগুলো কিংবা স্থানীয় প্রার্থী সম্পর্কে ভালোভাবে জানতাম না। তাই আমি আমার পত্রিকা মিয়ামি হেরাল্ড পড়ে জানতে চেষ্টা করেছি কে বেশি জনস্বার্থ রক্ষা করবেন।
তবে এখানে আরেকটি কথা বলা প্রয়োজন যে পত্রিকা বা টেলিভিশনকে রিপোর্ট পরিবেশনের ক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষ বা বস্তুনিষ্ঠ থাকতে হবে। সম্পাদকীয় মতামত যা-ই হোক না কেন, রিপোর্ট হতে হবে পুরোপুরি পক্ষপাতহীন।
প্রথম আলো: গণমাধ্যমের আদর্শ অবস্থান কি এ কথা বলা যে অমুককে ভোট দাও বা অমুককে ভোট দিয়ো না, না সব প্রার্থীর ইতি-নেতি তুলে ধরার মাধ্যমে পাঠক বা দর্শককে সিদ্ধান্ত নিতে সহায়তা করা?
জন ইয়ারউড: গণমাধ্যমের কাজ হলো প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নির্ভুল খবরটি পাঠক বা দর্শককে জানানো।
প্রথম আলো: আইপিআই কার প্রতিনিধিত্ব করে—সম্পাদক, সাংবাদিক অথবা গণমাধ্যম প্রতিষ্ঠান?
জন ইয়ারউড: আইপিআই সার্বিকভাবে তাদের সবাইকে প্রতিনিধিত্ব করে। যখন সরকার কিংবা অন্য কোনো মহল গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করে, তখন আইপিআই তার বিরুদ্ধে অবস্থান নেয়, গণমাধ্যমের স্বাধীনতাকে সমুন্নত রাখার পক্ষে জনমত তৈরি করে। প্রয়োজনে সংশ্লিষ্ট দেশে গিয়ে কর্তৃপক্ষের কাছে প্রতিকার দাবি করে। সম্প্রতি আমি তুরস্কে গিয়েছিলাম। সেখানে সাংবাদিকদের জেলে পাঠানো হয়েছে, বিরোধী দলের পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। একই ঘটনা ঘটেছে জিম্বাবুয়েতে। আইপিআই ৬৭ বছর ধরেই গণমাধ্যমের সাংবাদিকদের স্বাধীনতার জন্য লড়াই করছে। যেখানেই স্বাধীনতা খর্ব হচ্ছে, আমরা সহযোগী সংগঠনগুলোকে নিয়ে তার প্রতিবাদ করছি।
প্রথম আলো: কিন্তু যখন সংবাদ প্রতিষ্ঠানের মালিক ও পেশাগত সাংবাদিকদের মধ্যে বিরোধ দেখা যায়?
জন ইয়ারউড: আমরা সব সময়ই সাংবাদিকদের স্বাধীনতার পক্ষে অবস্থান নিই।
প্রথম আলো: আপনি তুরস্ক ও জিম্বাবুয়ের উদাহরণ দিলেন? কিন্তু বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের অনেক দেশেই তো সাংবাদিকেরা হয়রানি ও হুমকির শিকার?
জন ইয়ারউড: আমরা সংশ্লিষ্ট সরকার বা কর্তৃপক্ষকে যে কথাটি বলি তা হলো, গণমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না। কোনোভাবেই সাংবাদিকদের পেশাগত অধিকার খর্ব করা যাবে না। আমরা বলছি, সরকার নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করলে আইনি প্রতিকার চাইতে পারে। এমনকি মামলাও করতে পারে, কিন্তু সেটি ফৌজদারি মামলা নয়। মামলা দিয়ে সাংবাদিককে জেলে পাঠানো যাবে না। পেশাগত দায়িত্ব পালনকালে তাঁদের কোনো ধরনের ভয় বা চাপের মধ্যে রাখা যাবে না। এটি বাংলাদেশ, ভারত, ভুটান কিংবা সব দেশের জন্য প্রযোজ্য।
প্রথম আলো: আমাদের দেশে সরকারের মধ্যে দ্বৈত নীতি লক্ষ করা যায়। সরকারি অনুষ্ঠানে কারও প্রবেশাধিকার দেওয়া হয়, কারও জন্য সেটি বন্ধ রাখা হয়।
জন ইয়ারউড: যেখানে জনস্বার্থে সংবাদ সংগ্রহের প্রয়োজন আছে, সেখানে সবারই অভিগম্যতা থাকতে হবে। কারও প্রবেশাধিকার রুদ্ধ করা যাবে না।
প্রথম আলো: কিন্তু সরকার তার অবস্থান না পাল্টালে গণমাধ্যম কী করতে পারে?
জন ইয়ারউড: আপনারা আইপিআইকে বিষয়টি জানালে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করব। সরকারের নীতিনির্ধারকদের বলব, যেকোনো গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যম অপরিহার্য।
প্রথম আলো: আইপিআই গণমাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করে। রিপোর্টার উইথ আউটবর্ডারসহ আরও অনেক সংস্থা কাজ করে। এদের মধ্যে কোনো সাংগঠনিক সম্পর্ক আছে কি?
জন ইয়ারউড: হ্যাঁ, যেসব গণমাধ্যম সংগঠন সাংবাদিকদের স্বাধীনতার জন্য কাজ করে, তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ আছে। সব সংগঠনের আমব্রেলা প্রতিষ্ঠান হিসেবে ফ্রি মিডিয়া অর্গানাইজেশন কাজ করে। বিশ্বের যেসব দেশে গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকি ও হস্তক্ষেপ আছে, সেসব দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আমাদের পরবর্তী পদক্ষেপ হয় কীভাবে সেটি মোকাবিলা করা যায়। গত বছর আমি এ রকম একটি বৈঠকে প্যারিস গিয়েছিলাম।
প্রথম আলো: এখানে আসার আগে বাংলাদেশ সম্পর্কে আপনার যে ধারণা ছিল, ঘুরে যাওয়ার পর সেটি কতটা বদলাবে বলে মনে করেন?
জন ইয়ারউড: বাংলাদেশের সঙ্গে আমার যোগাযোগ ২০ বছর আগে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলের নেত্রী। টেক্সাসে আমি তাঁর সঙ্গে দেখা করি এবং সাক্ষাৎকার নিই। তাঁর ছেলে (সজীব ওয়াজেদ জয়) তখন স্কুলে পড়ত। আমি তখন তরুণ রিপোর্টার ছিলাম। এরপর থেকেই বাংলাদেশে আসার ব্যাপারে আমার আগ্রহ ছিল, পাকিস্তান, ভারতে গেলেও বাংলাদেশে আসা হয়নি। শেষ পর্যন্ত আসতে পেরে আমি আনন্দিত। প্রতিটি দেশের প্রাকৃতিক দৃশ্য, স্থাপনা ইত্যাদি সুন্দর। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ হলো মানুষ। আমি এখানে যাঁদের সঙ্গে মিশেছি, তাঁরা সবাই চমৎকার মানুষ।
প্রথম আলো: আপনি অনুসন্ধানী সাংবাদিকতায় একাধিক পুরস্কার পেয়েছেন। তরুণ রিপোর্টারদের জন্য আপনার পরামর্শ কী?
জন ইয়ারউড: বাংলাদেশ কেন, প্রতিটি দেশের প্রত্যেক মানুষের নিজস্ব গল্প আছে। মানুষ কিন্তু গল্প শুনতেই পছন্দ করে।
সে ক্ষেত্রে তরুণ রিপোর্টারদের বলব, তারা যেন বেরিয়ে পড়ে এবং যে মানুষের কথা এর আগে গণমাধ্যমে আসেনি, সেটি পাঠকের কাছে উপস্থাপন করে। এটি হতে পারে ফিচার বা অনুসন্ধানী রিপোর্টের বিষয়।
প্রথম আলো: পশ্চিমা গণমাধ্যম সম্পর্কে একটি অভিযোগ আছে যে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে যতটা সোচ্চার, সেই জঙ্গিদের উৎস যে রাষ্ট্রীয় আগ্রাসন, সে সম্পর্কে একেবারে নীরব?
জন ইয়ারউড: আমি মনে করি সাধারণভাবে এই অভিযোগ করা ঠিক হবে না। কেননা, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের বহু পত্রিকা
তাদের সম্পাদকীয় কলামে, নিবন্ধে আফগানিস্তানে মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করেছে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। সিরিয়ার বিরোধে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া উচিত নয় বলে অভিমত প্রকাশ করেছে। তাই ঢালাওভাবে বলা যাবে না, তারা নীরব ছিল বা আছে।
প্রথম আলো: বিভিন্ন দেশে সরকারের পক্ষ থেকে যেমন সাংবাদিকদের ওপর হুমকি রয়েছে, তেমনি আঘাত আসছে জঙ্গিগোষ্ঠীর কাছ থেকেও। তারা যেখানে সুযোগ পাচ্ছে, সাংবাদিকদের জিম্মি করে রাখছে বা হত্যা করছে।
জন ইয়ারউড: এটি অত্যন্ত বেদনাদায়ক। এসব সহিংসতার মাধ্যমে আইএস যে বার্তাটি দিচ্ছে, তা ভয়াবহ। আমরা প্রথমেই ওই সব দেশে বা অঞ্চলে কর্তব্যরত সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তিত। এ কারণে সেখানে যেসব সাংবাদিক ফ্রিল্যান্স হিসেবে কাজ করছেন, তাঁদের সতর্ক থাকতে বলেছি। রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি তাঁদের নিরাপত্তা দেওয়ার জন্য। একইভাবে যেসব প্রতিষ্ঠানের পক্ষে তাঁরা কাজ করছেন, সেসব প্রতিষ্ঠানকেও বলেছি তাঁদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
প্রথম আলো: বাংলাদেশে আপনার গত দুই দিনের অভিজ্ঞতা কী?
জন ইয়ারউড: আমি খুবই উপভোগ করেছি। বাংলাদেশে সংবাদপত্রের চ্যালেঞ্জ ও সম্ভাবনা জানার চেষ্টা করেছি। আমরা বাংলাদেশের সাংবাদিক বন্ধুদের কাছে শুনেছি এবং বিশ্বের অন্যান্য দেশেও এই বার্তা পৌঁছে দেব। বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে আমি অবশ্যই আশাবাদী।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
জন ইয়ারউড: আপনাকেও ধন্যবাদ।