গণমাধ্যমের স্বাধীনতার জন্য স্পষ্ট আইন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন বিভিন্ন দেশের গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকতা জগতের ২০ জন বিশিষ্ট ব্যক্তি। মতপ্রকাশের স্বাধীনতা, প্রযুক্তির উন্নয়ন, রাজনৈতিক ও গোষ্ঠীগত স্বার্থের বাধা, উগ্রপন্থার উত্থান ইত্যাদি নানা ধরনের চ্যালেঞ্জের পটভূমিতে সংবাদপত্র এবং সাংবাদিকতার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকেরা। তাঁদের এসব সাক্ষাৎকার আজ থেকে ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে
কারি হুতা
কারি হুতা

কারি হুতা ফিনল্যান্ডের সর্বাধিক প্রচারিত দৈনিক হিলসিঙ্গিন সানোমাট-এর কূটনৈতিক সম্পাদক এবং সম্পাদকীয়
পরিষদের সদস্য। মুক্ত গণমাধ্যমের বৈশ্বিক সূচকে ফিনল্যান্ড সাত বছর ধরে শীর্ষে। তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনের ধাক্কায় অনেক দেশের মতো ফিনল্যান্ডেও ছাপা কাগজের সংখ্যা বেশ কমেছে। এই পরিবর্তিত পরিস্থিতি মানিয়ে নিতে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে ছাপা কাগজের সঙ্গে অনলাইন সংস্করণের সমন্বয় করার বিষয়ে মত দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন রাহীদ এজাজ

প্রথম আলো: প্রথমবারের মতো আপনি বাংলাদেশে এলেন। সংক্ষিপ্ত সময়ের জন্য ঢাকায় এসে বাংলাদেশ সম্পর্কে কী ধারণা নিয়ে দেশে ফিরছেন?

কারি হুতা: দীর্ঘদিন ধরে আমি আমাদের পত্রিকার বিদেশ-বিষয়ক সম্পাদক ছিলাম। এবার ঢাকায় আসার আগে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, এ দেশের সম্ভাবনা, সমস্যা ও শক্তি—এসব বিষয়ে ইন্টারনেট থেকে নানা তথ্য সংগ্রহ করেছি। তথ্যগুলো পর্যালোচনা করে দেখেছি, বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা শক্তি কাজ করেছে। এগুলোর মধ্যে অর্থনৈতিক শক্তির বিষয়টি প্রথমেই চলে আসে। এখানকার ধারাবাহিক প্রবৃদ্ধি চোখে পড়ার মতো। এ দেশে প্রাকৃতিক সম্পদও আছে। তেমনই চাঁদাবাজি, দুর্নীতি—এসব সমস্যাও আছে। বাংলাদেশের গণমাধ্যমের বৈচিত্র্য আমাকে মুগ্ধ করেছে।

প্রথম আলো: ঢাকায় পা রাখার আগে আপনার ধারণাটা কেমন ছিল?

কারি: অন্য সাংবাদিকদের মতো আমিও বাংলাদেশে আসার আগে এখানকার ইদানীংকালের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে নানা রকম খবরে চোখ বুলিয়েছি। এসব খবর দেখে ও পড়ে আমার মনে কিছু প্রশ্ন জেগেছে। বাংলাদেশের প্রবৃদ্ধির ‘জোরালো’ ধারাবাহিকতার ওপর রাজনীতি কতটা প্রভাব ফেলছে? যেহেতু প্রথম আলোর অনুষ্ঠানে আসছি, খুব স্বাভাবিকভাবে আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও ভালোভাবে জানা এবং এখানকার গণমাধ্যমের পরিস্থিতি কেমন—এ প্রশ্নগুলো আমার মাথায় ছিল।

প্রথম আলো: আপনার প্রশ্নগুলোর উত্তর কি পেয়েছেন?

কারি: নিশ্চয়ই না। সবে তো প্রশ্নের উত্তর জানার কাজটা শুরু হলো।

প্রথম আলো: এখানকার সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা—এসব নিয়ে কী ধরনের মনোভাব পেলেন?

কারি: দেখুন, রিপোর্টার্স উইদাউট বর্ডারসের সূচক অনুযায়ী, গণমাধ্যমের স্বাধীনতার তালিকায় ফিনল্যান্ডের অবস্থান সবার ওপরে। সাত বছর ধরে ফিনল্যান্ড এই অবস্থান ধরে রেখেছে। বাংলাদেশের অবস্থান সম্ভবত ১৪৪তম। তার মানে তো এই নয় যে বাংলাদেশের সহকর্মীদের চেয়ে আমি অনেক বেশি ভালো সাংবাদিক। সাংবাদিকতার মানের ক্ষেত্রে ফিনল্যান্ডের সঙ্গে বাংলাদেশের তফাতটা আকাশ-পাতাল, এমনটা ভাবার কোনো কারণ নেই। সূচকে এটি বলে দেয়, বাংলাদেশের সহকর্মীরা অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করেন। ফলে তাঁদের দৃঢ়সংকল্প নিয়ে কাজ করতে হয়। পেশার প্রতি বাংলাদেশের সাংবাদিকদের এই অঙ্গীকারকে আমি শ্রদ্ধা করি।

প্রথম আলো: সাংবাদিকতার ক্ষেত্রে আপনার দেশের চ্যালেঞ্জগুলো কী?

কারি: আমাদের দেশের কোনো কোনো রাজনীতিবিদ আছেন, যাঁরা কোনো না কোনোভাবে গণমাধ্যমকে প্রভাবিত করার চেষ্টা করেন। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, এটি করার মতো কোনো আইনি ভিত্তি তাঁদের নেই। আবার আইনকে অবজ্ঞা করেও তাঁদের সেটা করার উপায় নেই। তা ছাড়া, গণমাধ্যমকে অর্থায়ন করার ক্ষেত্রেও তাঁদের কোনো ভূমিকা বা প্রভাব নেই। দেখুন, রাজনীতির সঙ্গে গণমাধ্যমের একটি স্থায়ী দ্বৈরথ আছে এবং সেটি থাকবে। তবে গণমাধ্যমের স্বাধীনতার জন্য জরুরি হচ্ছে খুব স্পষ্ট আইন, যা মতপ্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করবে। শুধু আইন থাকলেই চলবে না, এসব আইন বাস্তবায়নের বিষয়টিও নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি যেমন আস্থা থাকতে হবে, তেমনই মুক্ত গণমাধ্যমের ওপরও শ্রদ্ধা রাখতে হবে। একে অন্যের প্রতি শ্রদ্ধা রাখাটা কঠিন বটে, তবে এটি খুব জরুরি।

প্রথম আলো: ফিনল্যান্ডের গণমাধ্যমের যে চ্যালেঞ্জ, তা কীভাবে মোকাবিলা করছেন?

কারি: ফিনল্যান্ডে নিউজরুমে বিনিয়োগের সমস্যাকে আমি বড় বলে মনে করি। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দেশে ছাপা কাগজের কাটতি উল্লেখযোগ্য হারে কমেছে। আমাদের দেশের জনসংখ্যা প্রায় ৬০ লাখ। পাঁচ বছর আগে ফিনল্যান্ডের সর্বাধিক প্রচারিত দৈনিক হিসেবে আমাদের পত্রিকা হিলসিঙ্গিন সানোমাট-এর প্রচারসংখ্যা ছিল প্রায় সাড়ে চার লাখ। এখন তা কমে হয়েছে তিন লাখের মতো। প্রচারসংখ্যা কমে যাওয়ায় স্বাভাবিকভাবে আয়ের ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে।

এই পরিস্থিতিতে আমরা ছাপা কাগজ ও অনলাইন সংস্করণে সমন্বিত উপায়ে কাজ করছি। অনলাইন সংস্করণ থেকে কীভাবে আয় বাড়ানো যায়, সেটা খুঁজে বের করার চেষ্টা করছি। এক দিক থেকে আমরা সৌভাগ্যবান। কারণ, আমাদের অর্ধেকের বেশি পাঠক অনলাইন সংস্করণ ব্যবহারের জন্য টাকা দিয়ে থাকেন। টিকে থাকার জন্য একসঙ্গে কাজ করাটা জরুরি। সাংবাদিকতার বিভিন্ন ধারা হিসেবে আজকাল সিটিজেন জার্নালিজম, ব্লগ ও নানা রকম সামাজিক যোগাযোগমাধ্যম জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে এই উপাদানগুলোকে নিয়ে এগোনোর জন্য পেশাদার নিউজরুম দরকার। এ ধরনের নিউজরুমের জন্য বিনিয়োগ জরুরি।

প্রথম আলো: কাজ করতে গিয়ে ফিনল্যান্ডে গণমাধ্যমের কি মামলার মুখোমুখি হতে হয়?

কারি: সাধারণত আমাদের দেশে লোকজন কোনো প্রতিবেদননিয়ে কাউকে আদালতে নিয়ে যায় না। ধরা যাক, কোনো একটি প্রতিষ্ঠানের দেউলিয়া হয়ে পড়ার খবর প্রচারের ফলে সেটি অর্থনীতিতে প্রভাব ফেলল। এ ধরনের কোনো বিষয় হলে লোকজন বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থার কথা ভাবে। তবে বাংলাদেশে কাজ করতে গিয়ে সাংবাদিকেরা যেভাবে আইনি পরিস্থিতির মুখে পড়েন, তেমনটা ফিনল্যান্ডে ঘটে না। ওখানে ব্যাপারটা এখানকার মতো নয়।

প্রথম আলো: গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন দেশের সাংবাদিকদের একসঙ্গে কাজ করার কতটা সুযোগ আছে?

কারি: আমি মনে করি, একটি দেশের পরিস্থিতি নিয়ে বাইরের কারও হস্তক্ষেপ করা উচিত নয়। কারণ, আজ ইউরোপের গণমাধ্যমে অনেক রকম সমস্যা তৈরি হয়েছে। এখানকার গণমাধ্যমের স্বাধীনতার জন্য সংলাপ আয়োজনে আমরা সহযোগিতা করতে পারি। এ ক্ষেত্রে আমাদের সহযোগিতা কেউ নিতে চাইলে খুশি হব।

প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।

কারি: আপনাকেও ধন্যবাদ।