>

প্রথম আলো সংবাদপত্রের চেয়ে একটু বেশি। এ পত্রিকা শুধু মানুষের কথাই বলে না, মানুষের পাশেও দাঁড়ায়। প্রথম আলোর কিছু আয়োজনের কাহিনি, এর খবরে বা উদ্যোগে কিছু বদলে যাওয়ার গল্প

২০০৬ সাল। ডাচ্–বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসব তখনো এত বড় আর সারা দেশে ছড়িয়ে পড়েনি। মাত্র আগের বছর বাংলাদেশের ছয় শিক্ষার্থী মেক্সিকোতে প্রথমবারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নিয়েছে। খবরটা সব জায়গায় না পৌঁছালেও দিনাজপুর ছিল ব্যতিক্রম। ২০০৫ সালে বাংলাদেশ দলের সদস্য রাফাতুল ফারিয়ার কল্যাণে খবর পৌঁছে গেছে দিনাজপুরের টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুলে। দ্রুতই রংপুরের গণিত উৎসবের জন্য নাম নিবন্ধন করে ফেলে সপ্তম শ্রেণির ছাত্রী তামান্না ইসলাম ঊর্মি। শীতের কুয়াশাঘেরা সকালে দিনাজপুর থেকে আরও অনেকের সঙ্গে বাসে করে সেই প্রথম ঊর্মির গণিত অলিম্পিয়াডে যাওয়া। গিয়ে দেখে, আরে পরীক্ষা কই? এ তো উৎসব। জিলা স্কুলের প্রাঙ্গণে এক আলিশান প্যান্ডেল। হাজার খানেক ছেলেমেয়ে সেখানে জড়ো হয়েছে। ‘এরা সবাই পরীক্ষা দেবে?’ ভাবল ঊর্মি।
সবাই মিলে লাইনে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাওয়া, তারপর লাইন ধরে পরীক্ষার হলে যাওয়া, প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া, জুস খাওয়া, তারপর আবার প্যান্ডেলের নিচে চলে আসা আর ঢাকা থেকে আসা প্রিয় স্যারদের প্রশ্ন করা। স্মৃতি হাতড়ে ঊর্মি বলল, ‘সেবার আমি পরীক্ষায় সফল হইনি। কিন্তু চমৎকার প্রশ্নের জন্য বই পুরস্কার পেয়েছিলাম।’
পুরস্কারের বই নিয়ে বাড়ি ফিরে যাওয়ার পর ঊর্মি যোগ দেয় প্রথম আলো বন্ধুসভার গণিত আলোচনায়। সেখানেই পরিচয় হলো নানা রকম জ্যামিতিক সমস্যার সঙ্গে। শিক্ষক একরামুল হকের হাত ধরে পরিচয় হলো উচ্চতর গণিতের সঙ্গেও। এরপর জাতীয় পর্যায়ে যাওয়ার সুযোগ পাওয়ার জন্য ঊর্মিকে অপেক্ষা করতে হলো দুই বছর। ২০০৮ সালে রংপুরের আঞ্চলিক উৎসবে বিজয়ী হয়ে ঊর্মি পেল জাতীয় উৎসবের কাঙ্ক্ষিত খাম। সেখানে যোগ দিয়ে ডাক পেল চতুর্থ বাংলাদেশ গণিত ক্যাম্পে। সেখানে এসে ক্যাম্প সম্পর্কে ঊর্মির ধারণাই পাল্টে যায়। ঊর্মি বলে, ‘এখানে এসে দেখলাম জীবনে যেসব সমস্যা কোনো দিন সমাধান করার কথা ভাবিনি, সেগুলো নিয়ে আলাপ করা যায়; যেসব বিষয়কে অধরা মনে হতো, সেগুলোকে ধরা যায়।’ এ ক্যাম্পকে ঘিরেই আবর্তিত হয় ঊর্মির পরের কয়েক বছর। ২০১১ সাল পর্যন্ত প্রতিটা ক্যাম্পেই ডাক পেয়েছে ঊর্মি। যদিও শেষ পর্যন্ত লাল-সবুজের পতাকা হাতে আইএমওতে যাওয়া হয়নি। ‘তবে তত দিন আমি তো জেনে গেছি কেমন করে এগোতে হয়, কেমন করে একটি মাত্র সমস্যার পেছনে দিনের পর দিন লেগে থাকা যায়, কেমন করে স্বপ্নের পেছনে ছুটতে হয়,’ বলল ঊর্মি।
এ-লেভেল শেষ হওয়ার পর গণিত দলের কোচ মাহবুব মজুমদারের পরামর্শে আমেরিকার বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির দরখাস্ত করা শুরু করে ঊর্মি। ‘আমি স্যারকে বলতাম, আমার কি এতটা ঝুঁকি নিয়ে দরখাস্ত করাটা ঠিক হবে? আমি তো আইএমওতে যাইনি। কিন্তু মাহবুব স্যার বলতেন গণিত ক্যাম্পে আসা আর সেটা ঠিকমতো শেষ করতে পারাটাও একটা বিরাট ব্যাপার। তিনি অনুপ্রেরণা জুগিয়ে যান দরখাস্ত করার ব্যাপারে।’
এমআইটির (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি) ‘ক্লাস অব ২০১৬’–এ ডাক পেয়ে ঊর্মি অবাক। এখানে এসে ঊর্মি বেছে নেয় যন্ত্রকৌশলী হওয়ার পথ। কারণ বলতে গিয়ে ঊর্মি বলে, ‘আসলে এখানে পড়াশোনার ব্যাপারটাই অন্য রকম। আমাদের একটা করে সমস্যার সেট দেওয়া হতো। আমরা দলেবলে সেগুলোর সমাধান প্রথমে কাগজে–কলমে করি, তারপর সেটা হাতে-কলমে বানিয়ে পরীক্ষা করে দেখিা ঠিক হয়েছে কি না। এই আনন্দ আর কিসে পাওয়া যাবে?’ আমেরিকায় পড়ার সময় শীত ও গ্রীষ্মকালীন প্রতিটি ছুটিতেই গবেষণামূলক কাজ নিয়ে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে ঊর্মির। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিজাইন সামিটের জন্য গিয়েছিল বতসোয়ানার ডি’কার গ্রামে। সেই গ্রামের কৃষকদের জন্য লাঙলের ডিজাইন পরিবর্তনে কাজ করে ঊর্মি। পানামার কুনা ইয়ালার চারটি দ্বীপের পরিবেশবিষয়ক একটি প্রকল্পেও কাজ করে এমআইটির গবেষণাদলের সঙ্গে। এক গ্রীষ্মের ছুটিতে আরেকটি গবেষণা দলের সঙ্গে যুক্ত হয়ে ভারতের আহমেদাবাদ শহরের পানি বিশোধনকারী যন্ত্র নিয়ে গবেষণার জন্য দুই মাস সেখানে কাটায় ঊর্মি।
এমআইটিতে পড়তে পড়তে ঊর্মির মনে হয় নিজ দেশের আবর্জনা ব্যবস্থাপনার কথা। পৃথিবীর অনেক দেশেই আবর্জনা ভিন্ন ভিন্ন অংশে ভাগ করে প্রতিটি অংশ কাজে লাগানোর চেষ্টা করা হয়। সে রকম বাংলাদেশেও সম্ভব। এসব ভাবনা থেকে তৈরি হয় ওয়েস-টু-ক্লিন নামের প্রকল্প, যেটার পরীক্ষামূলক প্রোগ্রাম চালু হয় তার নিজ শহর দিনাজপুরে। এই প্রকল্প চালিয়ে যাওয়ার জন্য এমআইটি থেকে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছে ঊর্মি।
এই ডিসেম্বরে এমআইটিতে স্নাতক শেষ হবে ঊর্মির। এরপর কিছুদিন পছন্দসই কাজে যুক্ত থেকে মনোযোগ দেবে উচ্চতর গবেষণায়। সেই সঙ্গে কাজ করবে দেশের সমস্যা সমাধানেও। আর এভাবেই ঊর্মিরা এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে ঊর্মিল উচ্চতায়।

ওরা ৩১ জন
২০০৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশের ৩১ জন শিক্ষার্থী আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে ৪টি রৌপ্যপদক ও ১৭টি ব্রোঞ্জপদক পেয়েছেন। এঁদের মধ্যে দশজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বা পড়ছেন। চারজন বুয়েটে শিক্ষকতা করছেন। দুজন চাকরি করছেন গুগলে। আমেরিকা ও ব্রিটেনে পিএইচডি করছেন দুজন। একজন তৈরি করেছেন নিজের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান। চারজন পড়ছেন এমআইটিতে। একজন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে ডক্টর অব মেডিসিনে পড়ছেন। অক্সফোর্ড থেকে স্নাতক হয়ে একজন দেশে কিছুদিন শিক্ষকতা করে এখন কানাডায় ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। ক্যালটেক আর হার্ভার্ড থেকে স্নাতক হয়ে যথাক্রমে একজন আমেরিকায় চাকরি এবং আরেকজন সেখানেই একটি স্টার্টআপে যুক্ত হয়েছেন। একজন স্ট্যানফোর্ড থেকে স্নাতক হয়ে এখন সেখানেই মাস্টার্সে পড়ছেন। একজন চুয়েট থেকে পড়ে এখন আমেরিকায় সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত। এইচএসসি শেষ করে বেশ কয়েকজন দেশে ঢাকা ও শাহজালাল বিশ্ববিদ্যালয়, বিদেশে সেন্ট জন’স ও চেকোস্লোভাকিয়ার কার্লোভা প্রেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। কয়েকজন এখনো উচ্চমাধ্যমিকে পড়ছেন।
গণিত উৎসবে এ পর্যন্ত অংশগ্রহণকারী: প্রায় ২ লাখ ৫০ হাজার আয়োজক: বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি
পৃষ্ঠপোষক: ডাচ্–বাংলা ব্যাংক
ব্যবস্থাপনা: প্রথম আলো