গবেষণা যেন মানুষের কাজে লাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিস রহমান l ছবি: লেখকের সৌজন্যে
আনিস রহমান l ছবি: লেখকের সৌজন্যে

জীবনের শুরুটা কেটেছে পাবনা জেলার নৌবাড়িয়া গ্রামে। সেখানেই ১৯৫৫ বা ১৯৫৬ সালে জন্মেছি আমি। সে সময় জন্মসাল নিয়ে কেউ ভাবত না। এরপর আসি ভাঙ্গুড়া সদরে, নৌবাড়িয়া থেকে যেটা প্রায় দুই মাইল দূরে। বাবা আব্দুস সাত্তার খোন্দকার ও মা আজিজা খাতুন। দুজনেই প্রয়াত।
বর্তমানের উপজেলা ভাঙ্গুড়া তখন ছিল একটি আধা শহর এলাকা। সেখানকার ভাঙ্গুড়া হাইস্কুল থেকেই এসএসসি পাস করে পাবনা এডওয়ার্ড কলেজে ভর্তি হই। এইসএসসি পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে শুরু হয় আমার উচ্চশিক্ষা। এমএসসিতে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলাম। এরপর যোগ দিই ঢাকায় আণবিক শক্তি কমিশনে (বর্তমানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন)। সেখানে প্রায় সাড়ে চার বছর ছিলাম।
মানসিক উৎকর্ষ সাধনে এই সময়টা আমার জীবনে বেশ গুরুত্বপূর্ণ। রাজশাহীতে আমার থিসিস উপদেষ্টা ছিলেন অধ্যাপক আব্দুস সালাম মণ্ডল ও অধ্যাপক আহমদ হোসেন। তাঁদের সঙ্গে এক্সপেরিমেন্টাল পার্টিকল ফিজিকসের একটি কাজ ছিল আমার গবেষণার বিষয়। আণবিক শক্তি কমিশনে ড. শমসের আলীর সঙ্গে ওই পার্টিকল ফিজিকসেরই তত্ত্বীয় দিক নিয়ে কাজ শুরু করি। পরে শমসের আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের ‘বোস প্রফেসর’ হিসেবে যোগ দেন। তখনো আমি তাঁর সঙ্গেই গবেষণা করতাম। আণবিক শক্তি কমিশনেই আমার কম্পিউটার শেখা শুরু হয়। শমসের আলী তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের একজন নামকরা গবেষক এবং নোবেল বিজয়ী বিজ্ঞানী প্রয়াত আব্দুস সালামের সঙ্গে ব্যক্তিগতভাবে সুপরিচিত ছিলেন। পরে যুক্তরাষ্ট্রে অধ্যাপক সালামের সঙ্গে আমার দেখা করার সৌভাগ্য হয়। তিনি তাঁর সই করা একটি বই আমাকে দেন।

ঢাকার আণবিক শক্তি কমিশন ছিল আমার জন্য ঘটনাবহুল। তাই তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেওয়ার সুযোগ এলেও আমার যাওয়া হয়নি। তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের গবেষণা ছাড়াও অনেক কিছু নিয়ে তখন আমি বেশ ব্যস্ত। এর মধ্যে ড. এম এ ওয়াজেদ মিয়া, শেখ হাসিনা এবং তাঁদের পরিবার ভারত থেকে ফিরে আসেন। ড. ওয়াজেদ মিয়া তখন আণবিক শক্তি বিজ্ঞানী সমিতির সভাপতি নির্বাচিত হন এবং আমি নির্বাচিত হই সহকারী সাধারণ সম্পাদক। ড. এস এম এম আর চৌধুরীর নেতৃত্বে আমি আণবিক শক্তি কমিশনে পেশাদার কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি শুরু করি। তবে ড. শমসের আলীর সঙ্গে তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের গবেষণাটাই ছিল মূল কাজ। শমসের আলী তাঁর ব্রিটিশ এক সহকর্মীর সঙ্গে গাণিতিক মডেল তৈরি করেছিলেন, যাকে বলা হতো ‘আলী-বডমার পোটেন্সিয়াল’ মডেল। আমার থিসিসের কাজটি ছিল একটি ভারী কণা (কাসকেড পার্টিকল) এবং নিউক্লিয়াসের মিথস্ক্রিয়া বিশ্লেষণ করা। শমসের আলীর উপদেশে এই কাজেরই একটি তত্ত্বীয় মডেল তৈরি করা হয়। প্রায় দুই বছর সময় নিয়ে আমি একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করি, যা দিয়ে ক্যাসকেড-নিউক্লিয়ন মিথস্ক্রিয়া-শক্তি প্রথমবারের মতো পরিগণনা করা হয়। ড. আমিন হাসান গবেষণার ফলাফল আমিন হাসানকে দিয়ে আসি এবং এগুলো প্রকাশনার ভার তাঁর ওপরেই ছিল।

১৯৮৫ সালের আগস্টে আমি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মারকুইট বিশ্ববিদ্যালয়ে যোগ দিই। সেখানে সলিড স্টেট ফিজিকসে এমএস এবং তড়িৎ​ ও কম্পিউটার প্রকৌশলে পিএইচডি করি। এক বছর সেখানেই শিক্ষকতা করার পর উচ্চতর গবেষণার জন্য কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যোগ দিই।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাড়ে তিন বছর গবেষক বিজ্ঞানী হিসেবে কাজ করার পর ওয়াশিংটন ডিসি যাই। একটি বড় আকারের গবেষণা প্রকল্পে যোগ দেওয়া ছিল উদ্দেশ্য। এখানে গবেষণার ব্যাপারে একটি কথা বলে রাখি। বিজ্ঞান ও প্রযুক্তির প্রধান উদ্দেশ্য হলো কোনো না কোনো সমস্যার সমাধান করা। অর্থাৎ, একটি গবেষণার ফলাফল যতই অভিনব হোক না কেন, এর উদ্দেশ্য কখনোই কাউকে ‘তাক লাগিয়ে’ দেওয়া নয়। বরং উদ্দেশ্য হলো সমস্যাটি নিয়ে যাঁরা ধাঁধার মধ্যে আছেন, তাঁদের কাছে ধাঁধার জট ছুটিয়ে দেওয়া। কোনো নতুন প্রযুক্তির বেলাতেও তা–ই। প্রযুক্তির সফলতার একমাত্র মাপকাঠি হলো এটি সমাজের কোনো উপকারে লাগছে কি না।

যা–ই হোক, চাকরিজীবনে আমার একটা কথা সব সময়ই মনে হয়েছে, এবং এখনো মনে হয়—আমরা যারা সুদূর বাংলাদেশ থেকে ​এসে এই মার্কিন মুলুকে বসবাস করছি, তারা মূলত চাকরিজীবী। যদিও যুক্তরা​ষ্ট্রকে বলা হয় ‘ল্যান্ড অব অপরচুটিনি’, কিন্তু এই ‘অপরচুটিনি’ সবার জন্য সমান নয়। সৌভাগ্য তারই, যে অর্জন করতে পারে। ভালো একটা চাকরি পাওয়া অবশ্যই সৌভাগ্যের ব্যাপার। তবে মনে রাখতে হবে, এই যে ভালো চাকরিটা আমি পেলাম, সেটা তো এমনি এমনি হয়নি। কাউকে ওই চাকরির পদটি তৈরি করতে হয়েছে। তাহলে এটা কি সম্ভব না যে আমিই সেই ব্যক্তি হতে পারব, যে শুধু চাকরিজীবীই নয়, চাকরিদাতাও বটে। এই দুই ভূমিকার দায়িত্বগত পার্থক্যটাই মূল বিবেচ্য, গুণগত নয়।

নতুন কিছু করতে গেলে অন্য অনেক কিছুর সঙ্গে প্রচুর ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত থাকতে হবে। প্রযুক্তির ক্ষেত্রে নতুন চাকরির পদ সৃষ্টি করতে হলে একটি নেতৃত্বের দরকার, যা রাজনৈতিক নেতৃত্ব থেকে আলাদা। বিশেষ করে প্রযুক্তিতে উন্নত দেশে, যেখানে বিশ্ব নেতৃত্ব অর্জিত হয়েছে প্রধানত প্রযুক্তিতে প্রভূত উন্নতি সাধন করার মাধ্যমে, সেখানে প্রযুক্তিতে নতুন কিছু করতে গেলে তা অবশ্যই এমন হতে হবে, যা আক্ষরিক অর্থেই নব্য এবং আলাদা। এ ধরনের নেতৃত্বই প্রয়োজন আগামী প্রজন্মের নাগরিকদের জন্য, চাকরির পদ সৃষ্টি করতে হলে।

আমার গবেষণার একটি বিষয় হলো ত্বকের ক্যানসার অতি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারা বা ধরতে পারা। ক্যানসার ব্যাধিটি এখনো দুরারোগ্য। এর প্রধান কারণ হলো উপযুক্ত ওষুধের অনুপস্থিতি এবং প্রাথমিক স্তরে শনাক্ত না করতে পারা

আমার গবেষণার একটি বিষয় হলো ত্বকের ক্যানসার অতি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারা বা ধরতে পারা। ক্যানসার এখনো একটি দুরারোগ্য ব্যাধি। এর প্রধান কারণ হলো উপযুক্ত ওষুধের অনুপস্থিতি এবং প্রাথমিক স্তরে শনাক্ত না করতে পারা। নোবেল বিজয়ী বিজ্ঞানী জে মাইকেল বিশপ তাঁর হাউ টু উইন দ্য নোবেল প্রাইজ: অ্যান আনএক্সপেকটেড লাইফ ইন সায়েন্স বইতে লিখেছেন, মানুষের শরীরের সুস্থ কোষ ক্যানসরাক্রান্ত হতে দীর্ঘ সময়ের প্রয়োজন। কোষের অভ্যন্তরে ক্রোমোজমের মধ্যে ডিএনএ অণুর কার্যকর অংশ, জিন বা বংশাণুর অবস্থান। এই বংশাণু এবং সম্পূর্ণ ডিএনএ অণু তৈরি হয় চারটি নিউক্লিওটাইডের বিভিন্ন রকম বিন্যাসে। এই নিউক্লিওটাইডগুলো সব সময় নির্দিষ্ট জোড়ায় থাকে; এর যেকোনো একটি জোড়াকে বলা হয় ‘বেইস পেয়ার’। এসব অন্‌ক জিনে রয়েছে ৫৩ হাজারেরও বেশি বেইস পেয়ার। সাধারণত এই জিন ঘুমন্ত বা নিষ্ক্রিয় থাকে। কিন্তু এর যেকোনো একটি বেইস পেয়ার যদি পরিবর্তিত হয়ে যায় (পয়েন্ট মিউটেশন), তবে তা ক্যানসারের সূচনা করতে পারে। আর এই সূচনা থেকে পূর্ণ ক্যানসারে রূপ নিতে বহু বছর সময় লাগে। কাজেই বোঝা যাচ্ছে, যদি অতি প্রাথমিক পর্যায়ে এই পয়েন্ট মিউটেশন শনাক্ত করা যায়, তবে তা ক্যানসারে রূপ নেওয়ার আগেই চিকিৎসা করা সম্ভব হতে পারে। কিন্তু এখন পর্যন্ত এত প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার মতো কোনো প্রযুক্তি উদ্ভাবিত হয়নি। তাই এই ব্যাপারে আমার কিছু করার আগ্রহ প্রবল। ইতিমধ্যেই আমরা দেখাতে সক্ষম হয়েছি যে ত্বকের সুস্থ কোষ এবং ক্যানসারযুক্ত কোষের মধ্যে যে পার্থক্য রয়েছে, তা টি-রশ্মির সাহায্যে পরিষ্কারভাবে শনাক্ত করা সম্ভব। কাজেই আমাদের পরবর্তী প্রচেষ্টা হবে এই যন্ত্র এমনভাবে তৈরি করা, যাতে একজন চিকিৎ​সক এটা দিয়ে রোগীদের ক্যানসার হওয়ার আশঙ্কা অতি প্রাথমিক পর্যায়ে নির্ণয় করতে পারবেন।

আমার গবেষণার মধ্যে আরও আছে সেমিকন্ডাক্টর ওয়েফারের ন্যানোস্কেল ত্রুটি নিরূপণ করা, ক্যানসার প্রতিষেধক ওষুধের অণুগত গুণাগুণের সূক্ষ্ম বিশ্লেষণ করে বোঝা, জৈবরসায়নভিত্তিক সোলার সেল এবং লাইট এমিটিং ডায়োডের (এলইডি) মূল কার্যকারিতা পরীক্ষা করা ও বোঝা। অর্থাৎ, টি-রশ্মি দিয়ে আরও অনেক কিছু করা সম্ভব। এসবের অনেক কাজই মার্কিন ও আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে সহযোগিতামূলকভাবে (রিসার্চ কোলাবরেশন) করে থাকি। উদাহরণস্বরূপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসিনা খানের সঙ্গে পাটের বীজের খাঁটিত্ব এবং ফলন সম্ভাবনা নিরূপণ–সংক্রান্ত বিষয় নিয়ে একটি প্রকল্প শুরু করেছিলাম।

বাংলাদেশের তরুণসমাজ সম্পর্কে আমি প্রচণ্ড আশাবাদী; আমি নিজেও সেই সমাজেরই সৃষ্টি। সততা, মূল্যবোধ, আত্মবিশ্বাস ও পরিশ্রম—এই ধরনের গুণাবলি আমি নিজের পরিবার এবং বাংলাদেশের সমাজ থেকেই শিখেছি, যা পরবর্তী জীবনে সব ক্ষেত্রেই আমাকে সাহায্য করেছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা প্রধানত সৎ ও পরিশ্রমী জনগোষ্ঠী হিসেবেই পরিচিত। আমি নিশ্চিত যে বাংলাদেশিদের কেউ কখনো দমিয়ে রাখতে পারবে না এবং সুযোগ পেলে এ জাতি নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেই।

লেখক পরিচিতি
আনিস রহমান বিজ্ঞানী ও গবেষক। জন্ম পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া গ্রামে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার অ্যাপ্লায়েড রিসার্চ অ্যান্ড ফোটোনিকস ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা। ড. আনিস রহমানের দেশে পড়াশোনা শেষ করে কর্মজীবন শুরু করেন। পরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০০৮ সালে উদ্ভাবক বিভাগে ‘নাসা ন্যানোটেক ব্রিফ ন্যানো ৫০’ পুরস্কার পান।


সেসব কীর্তিগাথা শোনাচ্ছেন দেশের মুখ উজ্জ্বল করা কয়েকজন প্রবাসী: