গল্প এখনো শুরুই হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ চৌধুরী। ছবি: খালেদ সরকার
রাশেদ চৌধুরী। ছবি: খালেদ সরকার

যখনই তোমার সামনে কোনো বাধা আসবে, সেখান থেকেই তুমি পাবে বাধা অতিক্রমের পথ, এগিয়ে যাওয়ার কার্যকর উপায়।—এই শিক্ষাটি আমার এই ক্ষুদ্র জীবনে বারবার আমাকে পথ দেখিয়েছে। যখনই কোনো বাধা এসেছে, সমস্যায় পড়েছি; দেখেছি, সমস্যার ভেতরেই রয়েছে এ থেকে উত্তরণের উপায়। যত সহজে কথাগুলো লিখতে পারছি, বিষয়গুলো কি আদৌও এতটা সহজ ছিল? সহজ উত্তর হলো, না। আজ নিজের কথা লিখতে বসে অনেক কিছুই মনে পড়ছে। ভাবছি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যে পড়লাম, এটা কি আমার ভবিতব্য ছিল? অথবা বুয়েটে যখন আমি তৃতীয় বর্ষে পড়ি, তখন আগ-পিছ কোনো কিছু না ভেবে, বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা না নিয়ে, কেবল বইপত্রের তত্ত্বজ্ঞান সম্বল করে অনেকটা ঝোঁকের বশে যে আমার এক আত্মীয়ের একটি স্থাপনার কাজ করব বলেছিলাম, সেখান থেকেই কি আমার গল্পের শুরু?
২০০৬ সালে তৃতীয় বর্ষে পড়ছি। এক আত্মীয় আমাকে বললেন, ‘আমার একটি স্থাপনার কাজে সাহায্য করো।’ এ রকম প্রস্তাব তখন আমার কাছে ছিল অপ্রত্যাশিত। তাই রাজি হয়ে গেলাম এক বাক্যে। স্থাপত্যবিদ্যায় আমার এত দিনের তত্ত্বজ্ঞানের ওপর ভর করে বিপুল উৎসাহে বেশ কয়েক দিন ধরে খাতায় নানা ধরনের নকশা করলাম। এরপর এল সেই দিন—পুরো প্রকল্পটি নিয়ে ওই দিন সেই আত্মীয়ের সঙ্গে আমার মিটিং। আমরা সবাই বসেছি একটি রেস্তোরাঁয়। হঠাৎ মনে হলো, আমি তো কেবল তত্ত্বের ভরসায় নকশা করেছি, তত্ত্ব ও তার বাস্তব প্রয়োগ তো সম্পূর্ণ ভিন্ন জিনিস। এই ‘বাস্তব প্রয়োগ’-এর ব্যাপারে আমার তো তেমন কোনো ধারণা নেই। এখন কী হবে?
গোপনে ঢোক গিললাম। সবাইকে বললাম, আমি একটু ভেতর থেকে আসছি। গেলাম বাথরুমে, ভাবলাম অনেকক্ষণ। ফিরে এসে কথা বললাম খুবই আত্মবিশ্বাসের সঙ্গে। আমার সেই কথায় সবাই আস্থা পেলেন বটে, কিন্তু আমি নিজে জানতাম, আমার সেদিনের সেই আত্মবিশ্বাসী কথাবার্তা কতটা ফাঁপা ছিল। কারণ আগেই বলেছি, তখন পর্যন্ত বাস্তব প্রয়োগ বিষয়ে আমার ধারণা ছিল শূন্যের কোঠায়। এরপর শুরু হলো তত্ত্বের সঙ্গে আমার বাস্তবতাকে মেলানোর পালা। একটি ঘরে শীতাতপ যন্ত্র বসালে প্রাথমিকভাবে কী অসুবিধা হতে পারে, এর পানি কেথায় গিয়ে পড়বে; কিংবা একটি জানালা ইটের সঙ্গে কীভাবে বসে, কীভাবে বসালে সেটি ঘরের পরিবেশের সঙ্গে বেশি সংগতিপূর্ণ হয়—নানা জায়গায় ঘুরে ঘুরে দেখলাম, শিখলাম। সেই থেকে শুরু। তারপর আরও কত সমস্যা, কত গল্পের মুখোমুখি হয়েছি; এখনো হচ্ছি। আর এসব গল্প থেকে আমি শিখছিও প্রতিনিয়ত।
আমার বেড়ে ওঠা ঢাকার খিলগাঁওয়ে। ছেলেবেলা থেকেই ছিলাম খেয়ালি ধরনের। যখন যা মনে হতো, তা-ই করতাম। ভালো ছবি আঁকতে পারতাম। মনে আছে, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ে যখন পড়তাম, টিফিনের সময় সহপাঠীরা তাদের খাতায় বিভিন্ন দৃশ্যের বিবরণ লিখে রাখত আমার জন্য। আর ওই বিবরণ অনুযায়ী তাদের খাতায় ছবি এঁকে দিতাম আমি। এভাবেই চলছিল দিন। এর মধ্যে আমার বড় ভাই রাজীব হাসান চৌধুরী বুয়েটে ভর্তি হলেন, স্থাপত্য বিষয়ে। তাঁকে দালানের নানা রকম নকশা আঁকতে দেখতাম। একবার দেখলাম, শ্রেণি পরীক্ষার অংশ হিসেবে খাড়া পাহাড়ের ওপর তাঁকে এমন একটি বাড়ির নকশা করতে দেওয়া হয়েছে, যে বাড়িতে একজন প্রতিবন্ধী লেখক—যিনি হুইল চেয়ারে ওঠা-নামা করেন—তিনি থাকবেন। ফলে বাড়িটির নকশা এমনভাবে করতে হবে, যাতে খাড়া পাহাড়ে ওঠা-নামায় ওই লেখক স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাঁর যেন কোনো কষ্ট না হয়। এই কাজের মধ্যে যেমন ছিল অঙ্ক ও নানামাত্রিক হিসাব, তার চেয়ে বেশি নকশাটি করার আগে বিবেচনায় রাখতে হয়েছিল ওই লেখকের চলাফেরা ও তাঁর আবেগের ব্যাপারটি। আর এই বিষয়গুলো সেই স্কুল-বয়সেই ভীষণভাবে মুগ্ধ করেছিল আমাকে।

দালান, বই, পণ্য বা অন্য যেকোনো কিছুর নকশা করতে গেলে প্রথমেই মাথায় চিন্তা আসে, মানুষ এটা কীভাবে ব্যবহার করবে? দালানের নকশা করতে গেলে প্রথমত যে ভাবনাটি কাজ করে: প্রকৃতির সঙ্গে মিলিয়ে একটি জায়গাকে কীভাবে ব্যবহার করা যায়? যে স্থানকে নিয়ে নকশাটি করছি, মানুষ এই স্থানকে কেমন করে ব্যবহার করবে?

দুইয়ে দুইয়ে চার হয়, এ তো আমরা সবাই জানি; তবে ওই বয়সে আমার কাছে দুইয়ে দুইয়ে চার মেলানোর প্রক্রিয়াটি এবং কত সহজে এটি মেলানো যায়—এ ব্যাপারটিই সবচেয়ে আকর্ষণীয় মনে হতো। তখনই ভেবেছি, অন্য কিছু নয়, উচ্চমাধ্যমিকের পর বুয়েটে স্থাপত্যেই পড়ব। ভাইয়া হয়তো কোনো দালানের নকশা আঁকছেন, তাঁকে দেখে দেখে একই রকম নকশা আঁকতে চেষ্টা করছি আমিও। চোখ বুজলে আজও যেন সেই দৃশ্যগুলো দেখতে পাই।
বুয়েটে স্থাপত্য বিষয়ে ভর্তি হলাম ২০০২ সালে। তারপর চলে গেল অনেকটা দিন। তৃতীয় বর্ষে উঠে যে সময় ‘বাস্তব প্রয়োগ’-বিষয়ক সমস্যার মুখোমুখি হলাম, একদিন গেলাম বুয়েটে আমাদের বিভাগের গ্রন্থাগারে। গ্রন্থাগারের ক্যাটালগিং ব্যবস্থাপনা জটিল ও দুর্বল থাকার ফলে বেশির ভাগ সময়ই সেখান থেকে প্রয়োজনীয় বইটি খুঁজে পেতে ব্যর্থ হতো শিক্ষর্থীরা। আমিও হয়েছিলাম। উপরন্তু, কোন বই কোথায় থাকে জানা না থাকার ফলে কপালে জুটেছিল অপমান। সেই অপমানই আমাকে নিয়ে গেল নতুন এক জগতে। খানিকটা খেয়ালের বশে দুই সপ্তাহ পরিশ্রম করে ওই গ্রন্থাগারের বইগুলো সহজভাবে ক্যাটালগিং অর্থাৎ সূচিবদ্ধ করলাম। পরে সেই বইয়ের তালিকা নিয়ে সূচিপত্রের একটি আলাদা বইও করেছিলাম। তাতে নিজের পকেট থেকে আমার খরচ হয়েছিল আড়াই হাজার টাকা। বইটি এখনো বুয়েটের শিক্ষার্থীদের কাজে লাগে। এই বই তৈরির মধ্য দিয়ে আমি পা ফেললাম বই নকশার জগতে। এরই মধ্যে বেশ কয়েকটি বইয়ের নকশা করেছি আমরা।
সব গল্প মিলেই তো আমার অবয়ব। আমার গল্পে আছে স্থাপত্য নকশা, বিভিন্ন পণ্যের নকশা, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) নকশাও আছে। ভারতীয় ইভিএমই আমাদের নিতে হতো। কিন্তু আমরা সেটির চেয়েও সহজ প্রকৌশলের আরও চৌকস একটি ইভিএমের নকশা করি। এর সবটাই আনন্দের জায়গা, শেখার জায়গা, সামনে এগিয়ে যাওয়ার পথরেখা।
এসবের পাশাপাশি শিক্ষকতাও করছি। ২০০৯ সালে বুয়েট থেকে পাস করার পর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি বেশ কয়েক বছর—প্রথমে পূর্ণকালীন, তারপর খণ্ডকালীন।
নিজের ভেতরে মাঝেমধ্যেই প্রশ্ন জাগে, আমার লক্ষ্য কী; আমি কি কখনো নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে এগিয়েছি, নাকি চলেছি খেয়ালের বশে? আমার মনে হয়, জীবনে কখনো খুব হিসাব করে চলিনি, ভেতর থেকে যখন যে কাজে সাড়া পেয়েছি, তা-ই করেছি। এভাবেই গড়ে উঠেছে আমাদের প্রতিষ্ঠান ‘দেশার ওয়ার্কস’। ‘দেশার’ নামটাও খেয়ালের বশে দেওয়া। এটি আমার রাশেদ নামের ইংরেজি বানানের উল্টে ধরা চেহারা। শুরু করেছিলাম ছাত্রাবস্থায়, ২০০৬ সালে। এরপর পথ চলেছি ধীরে ধীরে।
দালান, বই, পণ্য বা অন্য যেকোনো কিছুর নকশা করতে গেলে প্রথমেই মাথায় চিন্তা আসে, মানুষ এটা কীভাবে ব্যবহার করবে? দালানের নকশা করতে গেলে প্রথমত যে ভাবনাটি কাজ করে: প্রকৃতির সঙ্গে মিলিয়ে একটি জায়গাকে কীভাবে ব্যবহার করা যায়? যে স্থানকে নিয়ে নকশাটি করছি, মানুষ এই স্থানকে কেমন করে ব্যবহার করবে? এখন পর্যন্ত আমরা যেসব দালানের নকশা করেছি, সেখানে রয়েছে এই ভাবনারই প্রতিফলন। যেমন, ২০০৯ সালে নারায়ণগঞ্জের ভুলতায় শ্রমিকদের জন্য একটি ডরমিটরি তৈরি করার সময় তাতে প্রাধান্য পেয়েছিল এ ধরনের চিন্তা। আবার ২০১২ সালে ঢাকায় বিআরটিএর (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি) একটি ভবনের কাজ করার সময়ও মাথায় ছিল গাছগাছালি না কেটে সরকারি ভবনটিকে নূন্যতম খরচে সুন্দর করে গড়ে তোলার ভাবনা।
২০১৫ সাল আমাদের জন্য খুবই আনন্দের। কেননা এ বছরই আমরা পেয়েছি আমাদের কাজের স্বীকৃতি—‘ডিডব্লিউএম-ফোর’ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে প্রতিযোগিতার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ভবনের নকশার কাজ জিতেছি অমরা। এ আমাদের এক বড় অর্জন। এ ছাড়া ‘কনকারার করপোরেট আইডেনটিটি ডিজাইন কম্পিটিশন’-এ অংশ নিয়ে নালন্দা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আঁকা-লেখার বই উদ্গম প্রকাশনার নকশার জন্য এ বছরই আমরা পেয়েছি ‘ইন্সপিরেশন অ্যাওয়ার্ড’।
দুটি স্বীকৃতিই আমাদের উৎসাহিত করেছে, বাড়িয়ে দিয়েছে স্বপ্নের সীমানা। হাওয়া পেয়েছে নতুন পরিকল্পনাও—সাধারণ মধ্যবিত্ত বা স্বল্প আয়ের মানুষের কাছে কীভাবে পৌঁছানো যাবে। জানি, মধ্যবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত মানুষটি নিজের সারা জীবনের সঞ্চয় দিয়ে যে বাড়ি নির্মাণ করেন, উচ্চমূল্যের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তিনি হয়তো কোনো স্থপতিকে দিয়ে তাঁর বাড়ির নকশা করাতে পারেন না। এ ক্ষেত্রে আমরা ভেবেছি বিকল্প পদ্ধতি—পুরো বাড়ির নকশা তিনি নাও করাতে পারেন, তাঁর বাড়ির একটি অংশ—ধরা যাক, একটি জানালা বা বাড়ির প্রবেশপথ—সেটুকুর নকশাই নাহয় আমরা করে দেব। স্থাপত্যকলাকে আমরা নিয়ে যেতে চাই সাধারণ মানুষের দোরগোড়ায়।
না, আমি যেমন কখনো নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে এগোইনি, আমার গল্পেরও কোনো নির্দিষ্ট গন্তব্য এখনো তৈরি হয়নি। আমার গল্পটি ঠিক কোথায় গিয়ে শেষ হবে? এ প্রশ্নের জবাব খোঁজার আগে বরং মাথায় আসছে আরেক প্রশ্ন, আমার গল্প কি এখনো আদৌ পুরোপুরি শুরু হয়েছে?
রাশেদ চৌধুরী: স্থপতি