গল্প ছোট কিন্তু সত্যি!
আমার প্রিয় শিক্ষক শ্রদ্ধেয় সামছুল হুদা স্যার। ফেনীর দাগনভূঞা থানার দক্ষিণ করিমপুর গ্রামের নুরুলহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি। তৃতীয় শ্রেণিতেই খুব সম্ভবত দুখু মিয়ার গল্পটা পড়েছিলাম। আমার স্যারের চেহারাটা ছিল ঠিক দুখু মিয়ার মতো। চুলগুলোও ছিল কোঁকড়ানো।
স্যার যখন দুখু মিয়ার গল্পটা পড়াতেন, তখন আমি স্যারের দিকেই তাকিয়ে থাকতাম। আর ভাবতাম, স্যার কি নিজের গল্প পড়ে শোনাচ্ছেন নাকি! অবশ্য আমার স্যারের অত দুঃখ ছিল বলে কখনো আমার মনে হয়নি। আমি পড়াশোনায় যতটা না মন্দ ছিলাম, তার চেয়ে বেশি অমনোযোগী ছিলাম। আজও অবস্থা তেমনি।
স্যার কেন জানি আমাকে খুব খুব স্নেহের চোখে দেখতেন। আমার মতো ডানপিটে ছোকড়াকে সব সময় চোখে চোখে রাখতেন তিনি। পঞ্চম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষার জন্য স্যার অনেক মেধাবী ও মনোযোগী ছাত্রের মধ্যেও আমাকে তালিকায় রেখেছিলেন। আমাকে বলেছিলেন, ‘তুই অবশ্যই এই পরীক্ষায় অংশগ্রহণ করবি।’ তখন হয়তো বুঝিনি স্যারের দেওয়া এমন আত্মবিশ্বাস একজন ছাত্রের জন্য কতটা জরুরি! আজ যখন জীবনযুদ্ধে নানা অসংগতির মুখোমুখি হই, তখন সেই আত্মবিশ্বাস ফিরে পাই।
আমার এই প্রিয় স্যারের ক্লাসে আমার মনোযোগ কেন জানি আপনা-আপনিই আসত। কৃতিত্বটা অবশ্যই আমার প্রিয় স্যারের, যা একজন আদর্শ শিক্ষকের বিশেষ গুণ বা যোগ্যতা। কাকতালীয়ভাবে স্যারের বিষয়ের পরীক্ষায় আমি ভালো নম্বরও পেতাম। আমি এতটাই ডানপিটে ছিলাম যে, একটু সুযোগ পেলেই হাডুডু, ফুটবল ইত্যাদি খেলায় মজে থাকতাম। ক্লাসের মধ্যবিরতিতে চলত ছোটাছুটি, খেলাধুলা। আবার ঘণ্টা বাজানোর ঠিক আগের সময়টায় ঠিকই চোখ-কান খোলা রাখতাম যে, ঘণ্টা আমিই বাজাব। এই প্রতিযোগিতা অবশ্য অনেকের মধ্যেই ছিল। একদিন ঠিক লাইব্রেরির সামনে বসে আছি ঘণ্টা বাজানোর আগমুহূর্তে। আমি আমার প্রিয় স্যারের দিকে তাকিয়ে ছিলাম অনুমতির অপেক্ষায়। সময় হতেই স্যার চোখের ইশারা করলেন, অমনি এক লাফে ঘণ্টা হাতে নিয়ে সে কী ঘণ্টা বাজানো!
সামছুল হুদা স্যারকে প্রাথমিক স্কুলে রেখে এসেছিলাম। তিনি ঠিকই জ্ঞানের আলো বিলিয়ে চলেছেন। আমার বাড়ির পাশেই প্রাইমারি স্কুল। একটা সময় স্যার বদলি হোন অন্যত্র। এখনো জানি, স্যার কোথায় আছেন, কি করছেন। তিনি জ্ঞান ফেরি করে বেড়াচ্ছেন বিরামহীন।
জীবনের এই প্রতিযোগিতার মঞ্চে একটু ভালো থাকার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছি আমি। দিনের ব্যস্ততা শেষে যখন নিজেকে একটু এলিয়ে দিই, তখন স্মৃতি রোমন্থন করি। শহরের চার দেয়ালের মধ্যেই আমার প্রিয় শিক্ষক সামছুল হুদা স্যারকে মনের মণিকোঠায় খুঁজি স্মৃতির ঘোরে। স্যার কেমন আছেন? নিশ্চয়ই এখনো হাজারো ডানপিটে অমনোযোগী ছাত্রকে মনোযোগী করে গড়ে তুলছেন। স্যারের দীর্ঘায়ু কামনা করছি।
লেখক: বেসরকারি চাকরিজীবী