গাজী টিভি

অ্যাপার্টমেন্ট ২বি
গাজী টিভিতে ঈদের পরদিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে নাটক অ্যাপার্টমেন্ট ২বি। লিখেছেন ও পরিচালনা করেছেন অমিত আশরাফ। অভিনয় করেছেন পিয়া বিপাশা, প্রসূন আজাদ, মনোজ কুমার প্রমুখ।
আকাশ অবিবাহিত। একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে সেলসে চাকরি করে। মায়ের সঙ্গে ঢাকায় একটি ছোট্ট বাসায় থাকে। অফিস থেকে একটি বড় অ্যাপার্টমেন্ট বিক্রির দায়িত্ব দেওয়া হয় আকাশকে। অফিস থেকে তাকে একটি ভার্চুয়াল লিভিং রুম নামের নতুন প্রযুক্তিও দেওয়া হয়। এই প্রযুক্তিতে চশমা পরে ক্রেতারা একটি বাস্তব অ্যাপার্টমেন্টের ছবি দেখবে। এদিকে আকাশ দেখতে পায়, সেরিনা নামের একজন রহস্যময়ী ডিজিটাল নারী তার এই ভার্চুয়াল অ্যাপার্টমেন্টে বাস করছে। সেরিনা আকাশকে তার স্বামী হিসেবে দাবি করে!
কুংফু পাণ্ডা
গাজী টিভিতে ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টায় প্রচারিত হবে অ্যানিমেশন সিরিজ কুংফু পাণ্ডা। সেই কুংফু পাণ্ডার কথা মনে আছে? ওই যে মোটা হোঁৎকা পো নামের এক পাণ্ডা কুংফু শিখে কীভাবে ড্রাগন যোদ্ধা হয়ে গেল, আর ধুন্ধুমার লড়াই শেষে হারিয়ে দিয়েছে ভয়ংকর তাইলংকে। সেই কুংফু পাণ্ডাকে এবার দেখা যাবে টিভির পর্দায়। মূল চরিত্র পাণ্ডা বা পোর নেপথ্য কণ্ঠ দিয়েছেন ডাস্টিন হফম্যান। অন্যান্য চরিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, ইয়ান ম্যাকশেন, লুসি লিউ, সেথ রজেন, ডেভিড ক্রস, র্যান্ডাল ডাক কিম, জেমস হং ও জ্যাকি চ্যান।
চট্টলা এক্সপ্রেস
গাজী টিভিতে ঈদের দিন বিকেল ৫টা ২০ মিনিটে প্রচারিত হবে আঞ্চলিক নাটক চট্টলা এক্সপ্রেস। লিখেছেন ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, ঊর্মিলা, স্বাধীন খসরু প্রমুখ। মমকে না জানিয়ে মা-বাবা তার বিয়ে ঠিক করেছে। মা-বাবার ওপর রাগ করে কিছু না জানিয়ে মম চলে যায় চট্টগ্রামে বান্ধবী সুমীর বাসায়। চট্টগ্রামে বাস থেকে নামার সময় একটি ছেলের সঙ্গে ধাক্কা লাগে মমর। এদিকে মমর ব্যাগে পার্স আর মুঠোফোন নেই। মম সন্দেহ করে ছেলেটিকে। ছেলেটির পেছন পেছন সে যাচ্ছে। এ পর্যায়ে ছেলেটির কাছ থেকে বিভিন্ন সুবিধা আদায় করে নেয়।
সিল্ক সিটি
গাজী টিভিতে ঈদের তৃতীয় দিন বিকেল ৫টা ২০ মিনিটে প্রচারিত হবে আঞ্চলিক নাটক সিল্ক সিটি। লিখেছেন ও পরিচালনা করেছেন মঞ্জুরুল হাসান। অভিনয় করেছেন সাজু খাদেম, শশী, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।
সিল্ক সিটি রাজশাহী। এই শহরের ডানপিটে মেয়ে ইমা হঠাৎ একেবারে শান্ত হয়ে গেছে। শহরের বেকার যুবক আনাম। তাকে ভালোবেসেই নাকি ইমা এমন শান্ত হয়েছে। ইমার বাবা তা জানতে পেরে কৌশলে এক ধনাঢ্য ব্যবসায়ীর ছেলের সঙ্গে মেয়ের বিয়ে চূড়ান্ত করেছে। এদিকে আনাম ও ইমা সুযোগ বুঝে স্থানীয় কাজি অফিসে গিয়ে বিয়ে করে। বিয়ের পর শুরু হয় নানা অশান্তি।
সেলিব্রিটি ক্রিকেট
গাজী টিভিতে ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত প্রতিদিন বেলা তিনটায় এবং চতুর্থ থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা ২০ মিনিটে দেখানো হবে ‘সেলিব্রিটি ক্রিকেট’। প্রতিটি দলে অংশ নিয়েছেন তারকা শিল্পী এবং ক্রিকেট দলের তারকা খেলোয়াড়।
ফাইভ ফিমেল ফ্রেন্ডস
গাজী টিভিতে ঈদের দিন রাত ১২টায় প্রচারিত হবে টেলিছবি ফাইভ ফিমেল ফ্রেন্ডস। যৌথভাবে পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ, ইমরাউল রাফাত, গৌতম কৌরি ও গোলাম মোক্তাদির শান। অভিনয় করেছেন মারিয়া নূর, সনিকা, নাবিলা, পিয়া ও শ্রীয়া সর্বজয়া।পাঁচ মেয়েবন্ধু। তাঁরা ভিন্ন ভিন্ন পেশার সঙ্গে যুক্ত। তাদের পছন্দ, জীবনযাপন, খুনসুটি, বন্ধুত্ব নিয়ে এই টেলিছবির গল্প।
সাম্রাজ্য
গাজী টিভিতে ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক সাম্রাজ্য। লিখেছেন শারমিন হায়াত, পরিচালনা করেছেন রুবায়েত মাহমুদ। অভিনয় করেছেন নওশীন, নাঈম, পিয়া বিপাশা। নাজমা মালিক অপরাধজগতের সঙ্গে জড়িত। বাবাকে অনুসরণ করেই এই জগতের সঙ্গে যুক্ত হয়েছে সে। কিন্তু মা নূরজাহান তা মেনে নিতে পারেনি। এদিকে মেয়ে হয়েও বাবার পরম্পরা মেনে খুব কঠিন আর সফল হাতেই সব সামলে নেয় নাজমা। কিন্তু শেষ পর্যন্ত কি তা সম্ভব হবে?
লন্ডন ড্রিমস
গাজী টিভিতে ঈদের পরদিন বিকেল ৫টা ২০ মিনিটে প্রচারিত হবে আঞ্চলিক নাটক লন্ডন ড্রিমস। লিখেছেন ও পরিচালনা করেছেন আর বি প্রীতম। অভিনয় করেছেন সাজু খাদেম, শানু, মাহি। রুমেলেন জন্ম এবং বেড়ে ওঠা সিলেটে। সে শুদ্ধ বাংলায় কথা বলতে পারে না। তার স্বপ্ন সে লন্ডনে যাবে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তার শিক্ষাগত যোগ্যতা। পরিবারের আর্থিক অবস্থাও তেমন ভালো না। তাই সে লন্ডনের কোনো মেয়েকে বিয়ে করার পরিকল্পনা করে। প্রতিদিনই পত্রিকায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দেখে। কিন্তু কোনো ফল হলো না। রুমেলের পাশে এসে দাঁড়ায় তার বন্ধু। রুমেল পারবে লন্ডন যেতে?