গান নেই তো আমিও নেই

আগেকার নদীয়া জেলা—এখনকার জেলা কুষ্টিয়ার মীরপুর থানার অধীন অঞ্জনগাছি গ্রামে আমার জন্ম। মায়ের কাছে শুনেছি, বাংলা ১৩২৭ সনের ভাদ্র মাসে যেবার বড় বন্যা সব গ্রামগঞ্জ ভাসিয়ে নিয়েছিল, সেই মহাদুর্যোগের কালে আমি হই। আমার বাপের নাম ঝুমুর আলী আর মায়ের নাম কুসুম।
বাপজান ঝুমুর আলীর অন্তরে একধরনের উদাস ভাব ছিল—সে কারণে বাপ-মা দুজনই কুষ্টিয়া শহরের কোলে উদিবাড়ী গ্রামের চিশতিয়া তরিকায় সাধক মনসুর শাহের কাছে দীক্ষা নেন। আর সেই সঙ্গে ছিল গানবাজনার ঝোঁকও। ভাবগানের পাল্লায় অংশ নিতে গ্রামের বাইরেও নানা জায়গায় ডাক পড়ত তাঁর। আমার মা-ও কিন্তু শুনে শুনে গান তুলতে পারতেন—গলাও ছিল বেশ ভালো। কিন্তু সেই সুর ওই বাড়ির ভেতরেই ঘোরাফেরা করত। একটু বড় হয়ে বাপজানের সঙ্গে গানের আসরে যাওয়া শুরু করলাম। বলতে গেলে বাপজানই আমার গানের প্রথম গুরু—তাঁর কাছেই এ বিদ্যার হাতেখড়ি।
ধীরে ধীরে কখন যেন গানের মোহ আমাকে টেনে নিয়ে গেল ভিন্ন এক জগতে। এই অঞ্জনগাছি গ্রামেরই আবুল মকসুদ—সম্পর্কে আমার জ্ঞাতি–ফুপা—শব্দগানের ওস্তাদ গায়ক ছিলেন। তিনিই আমাকে হাতে ধরে ভাবগানের তালিম দেন। তখন থেকেই মনটা উড়ু উড়ু। গানের নেশায় ঘর ছাড়লাম সেই ১৬-১৭ বছর বয়সেই। গেলাম কুষ্টিয়ার দৌলতপুর থানার জগন্নাথপুরের তছের শাহ ফকিরের কাছে। বলা যায়, তছের শাহ ফকিরি গান শেখার কৌপিন এঁটে দিলেন ভালো করে। বেশ কিছুকাল ছিলাম তাঁর কাছে। এরপর এলাম ফকির বেহাল শাহের দ্বারে। বেহাল শাহ একেবারে উজাড় করে দিলেন তাঁর গানের ভান্ডার। এ কথা আমি দশমুখে বলব যে বেহাল শাহই আমার গানের প্রধান গুরু।
এখন সাধনগুরুর খোঁজে পথে নামলাম। আমার মা–বাপ দুজনই বয়েত হয়েছিলেন উদিবাড়ীর মনসুর শাহ ফকিরের কাছে। আমিও প্রথমে এখানেই দাখিল হলাম। এরপর শুরু হলো পথে পথে ঘোরা—সাধুসঙ্গ করি আর পড়ে থাকি আখড়ায় আখড়ায়। মনটা শান্ত হয় না। সব সময়ই মন কী যেন খুঁজে বেড়ায়। তখন আমার উঠতি বয়স—এই ২৫-২৬ বছর হবে আর কি। অবশেষে মনের মতো গুরুর সন্ধান মিলল সদর কুষ্টিয়ার হালসার কাছে শঙ্করদিয়া গ্রামে ফকির নিমাই শাহের ধামে এসে। নিমাই শাহ ছিলেন সতী মায়ের ঘরের সাধক-ফকির। তাঁর সঙ্গ-সান্নিধ্য আর বাক্য শুনে মনের বন্ধ জানালাগুলো সব খুলে গেল। দীক্ষা নিলাম তাঁর কাছে।
সাধুসঙ্গ আর নানা মহতের গান করতে করতে শখ হলো নিজে গান বাঁধার। এ বড় সাহসের কাজ। কোথায় লালন সাঁই, দুদ্দু শাহ, পাঞ্জ শাহ, জহরদ্দি শাহ, হাউড়ে গোঁসাই, যাদুবিন্দু—আর কোথায় করিম শাহ! এ যেন কুঁজোর কাত হয়ে শোয়ার মতো ব্যাপার।
গান আর গুরু ছাড়া বাউল হয় না। গানই হলো বাউল-ফকিরের ধ্যান-জ্ঞান-সাধনা। গানে গানেই তো বাউল তার মনের মানুষকে খোঁজে—স্রষ্টাকে খুঁজে বেড়ায়। আমিও সেই ভাব নিয়েই গান গাই। গান নেই তো আমিও নেই।
‘বাউলের আউলা কথা’, প্রথম আলো, ১৪ এপ্রিল ২০১০