
ছোটবেলা থেকেই পাহাড় আর নদী আমাকে খুব টানে। এ-পাহাড় থেকে ও-পাহাড় চরে বেড়াতাম। মনের আনন্দেই তখন গান গাইতাম। অবশ্য বন্ধুরা ছাড়া সেই সুর তখনো অন্যরা শোনেনি। কারণ, নিজের গান নিয়ে আমার আলাদা কোনো ভাবনা ছিল না। সেই আমি কিনা প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশি আইডল! ১৩ ডিসেম্বর আমার নাম ঘোষণার পর মনে হচ্ছিল, সব ঘটছে স্বপ্নে।
আমার বেড়ে ওঠার সবটাই বান্দরবানকে ঘিরে। ছোটবেলা থেকেই ঘুম ভাঙত বাবার চালানো টেপ রেকর্ডারের গানে। শুনে শুনে মুখস্থ করে ফেলতাম। তবে আলাদা করে গান শেখার সুযোগ হয়নি কখনো। পরিবারে একমাত্র উপার্জনকারী বাবা মংচনু মারমা চাকরি করছেন বান্দরবান সরকারি কলেজে পিয়ন হিসেবে আর মা মেয়ই চিং মারমা গৃহিণী।
বন্ধুদের সঙ্গে আড্ডা বা ভ্রমণেই গাইতাম গান। অনেক মানুষের সামনে প্রথম গান করি ২০০৯ সালে। তখন আমি বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ি। বৈশাখে আমরা সাংগ্রাই উৎসবের আয়োজন করেছিলাম স্কুলে। সেখানেই অন্যদের সঙ্গে আমার গান শুনেছিলেন মারমা শিল্পী গোষ্ঠীর সভাপতি চ থুই প্রু মারমা। গান শেষে তিনি আমাকে মারমা শিল্পী গোষ্ঠীর সঙ্গে গান করার জন্য আমন্ত্রণ জানালেন। ব্যস, যোগ দিলাম সেই দলে।
গিটারের শব্দ অনেক দুর্বল করে দেয় আমাকে। একবার দলের গিটারিস্ট এক ভাইয়ের বাসায় গেলাম। তাঁর বাসায় দেখলাম, পড়ে থাকা পুরোনো গিটারের একটি খোলস। চেয়ে নিয়ে ধুয়ে-মুছে কড লাগিয়ে বাজানোর চেষ্টা করতাম। একটি ছোট্ট বইও কিনে নিয়েছিলাম সেই গিটার শেখার জন্য।
বাংলাদেশি আইডলের কথা জেনেছিলাম টেলিভিশন দেখে। একদিন দেখলাম বাসার টেবিলে বাবার আনা একটি লিফলেট। বাংলাদেশি আইডলের নিবন্ধনের পদ্ধতি লেখা আছে সেখানে। বুঝতে পারলাম, বাবা চাইছেন আমি প্রতিযোগিতায় যাই। নিবন্ধন করলাম। তবে রাঙামাটিতে অডিশনের দিন যাওয়ার মতো কোনো টাকাপয়সা ছিল না কাছে। খুব কাছের এক বড় ভাই উহ্লা শৈ হিরো সেদিন আমাকে নিয়ে এসেছিলেন অডিশনে। সারা দিন না খেয়ে থাকলেও আনন্দে আত্মহারা হয়েছিলাম সেদিন ঢাকায় প্রতিযোগিতা করার জন্য নির্বাচিত হওয়ার পর। দেশসেরা শিল্পীদের সামনে দাঁড়িয়ে প্রতি পর্বে গানের পরীক্ষা দিয়ে উতরে আসতে পারাটা ছিল আমার জন্য একটু বেশি চ্যালেঞ্জ। কারণ, আমার ভাষার একটা সমস্যা আছে। এখানে আমাদের গান ছাড়াও ইয়োগা থেকে শুরু করে কথা বলা, হাঁটাচলা সবকিছু শেখানো হতো। বান্দরবানে আমার সবচেয়ে পছন্দের জায়গা নীলগিরি। বর্তমানে পড়াশোনা করছি বান্দরবান সরকারি কলেজে বাণিজ্য বিভাগে।
২০১৩ সালটা আমার জীবনে অনেক পাওয়ার বছর। নতুন বছরেও এই পাওয়া অব্যাহত রাখতে চাই। তাই সংগীত শেখায় মনোনিবেশ করব। মন ভরানো কিছু গান উপহার দিতে চাই দেশের মানুষকে। কারণ, গানের সঙ্গেই আমি বেঁধে নিয়েছি আমার প্রাণ।
অনুলিখন: হাসান ইমাম