গ্রামীণ জনপদে বড়দিন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের খ্রিষ্টসমাজ অত্যন্ত ছোট একটি জনগোষ্ঠী। ষোড়শ শতাব্দীতে পতুর্গিজ মিশনারিদের দ্বারা খ্রিষ্টান সম্প্রদায়ের গোড়াপত্তন ঘটে এই বাংলার মাটিতে। এদের বেশির ভাগের অবস্থান ও বসবাস গ্রামীণ জনপদে। আজ ৪০০ বছরের বেশি সময় ধরে খ্রিষ্টান জনগোষ্ঠী এ দেশের মা-মাটি-মানুষের সঙ্গে মিশে গেছে। স্থানীয় কৃষ্টি-সংস্কৃতি, ভাষা-সাহিত্য— সবকিছু অবলম্বন করেই এই জনগোষ্ঠীর ধর্ম ও জীবন আবর্তিত হচ্ছে। বিদেশি মিশনারিদের দ্বারা ধর্মবিশ্বাসের শুরুটা হয়েছিল বটে, তবে তা বিকশিত ও প্রকাশিত হয়ে আসছে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির ভাবধারায়। তাদের উপাসনা ও প্রাত্যহিক জীবনাচরণে বাংলা ভাষা ও দেশজ সংস্কৃতির ব্যবহার উল্লেখযোগ্য। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ, যুদ্ধোত্তর বাংলাদেশ পুনর্গঠনে অবদান, শিক্ষা-স্বাস্থ্য, আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে খ্রিষ্টান সম্প্রদায়ের অবদান প্রশংসার দাবি রাখে।
বাংলাদেশের গ্রামীণ জনপদের খ্রিষ্টধর্মে বিশ্বাসীরা অত্যন্ত ভক্তি-শ্রদ্ধা ও আনন্দোৎসবের মধ্য দিয়ে যিশুর জন্মতিথিকে বরণ করে নেয়। উৎসবের প্রস্তুতিকে দুভাবে চিন্তা করা যায়। আধ্যাত্মিক ও বাহ্যিক বা বৈষয়িক প্রস্তুতি। আত্মিক প্রস্তুতির মধ্যে রয়েছে নয় দিনব্যাপী নভেনা। এই সময় বিশেষ খ্রিষ্টযাগ ও প্রার্থনা করা হয় যিশুর আগমনকে কেন্দ্র করে। এই আত্মিক প্রস্তুতির মূল লক্ষ্য হলো ব্যক্তির অন্তরাত্মার প্রস্তুতি। মহান মুক্তিদাতা যিশু আসছেন, তাঁকে বরণ করতে চাই শুদ্ধ-পবিত্র অন্তর। ব্যক্তি তাঁর জীবনের সীমাবদ্ধতা, পাপময়তা, দুর্বলতাগুলো পরিহার করার চেষ্টা করেন।
এখানে একটি সংস্কারীয় ব্যবস্থা রয়েছে, যা দ্বারা নিজ নিজ জীবনের সব কৃত পাপের জন্য পুরোহিতের কাছে গিয়ে পাপ স্বীকার ও সংস্কার গ্রহণ করা এবং প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে পরিশুদ্ধতা ও ক্ষমা লাভ করা যায়। পাড়া-পড়শি কিংবা কারও সঙ্গে সম্পর্কের অবনতি হলে, তা সংস্কারের মধ্য দিয়ে কিংবা ক্ষমা আদান-প্রদানের মধ্য দিয়ে এই সময় পুনর্মিলিত হওয়ার রেওয়াজ রয়েছে। গরিব-দুঃখীদের যথাসাধ্য সাহায্য ও সহযোগিতা দেওয়া আধ্যাত্মিক প্রস্তুতিরই অংশবিশেষ।
বড়দিনের সুন্দর সুন্দর কার্ড আদান-প্রদানের মাধ্যমে অনেক বাড়িতে যিশুর আগমনকে কেন্দ্র করে নয় দিন প্রদীপ প্রজ্বালন করা হয়। কেননা, যিনি আসছেন, তিনি হলেন জীবনজ্যোতি, যিনি অন্ধকারে আলোক হয়ে আসছেন।
বৈষয়িক প্রস্তুতির মধ্যে রয়েছে ঘর-দুয়ার পরিষ্কার-পরিচ্ছন্ন করা। নতুন নতুন পোশাক তৈরি করা। এলাকা অনুসারে বিভিন্ন ধরনের পিঠাপুলির মাল-মসলা প্রস্তুত করা। কিছু কিছু পিঠা আগে থেকেই প্রস্তুত করা হয়। এই সময় গ্রামে কয়েক বাড়ির বউ-ঝিরা একসঙ্গে মিলে এ-বাড়ি ও-বাড়ি পিঠা তৈরি করে দেন। তাতে নিজেদের মধ্যে উৎসবের মিলন ও একাত্মতা অত্যন্ত স্পষ্ট হয়ে ধরা দেয়।
আগে বাড়ির মাটির দেয়ালে কিংবা কাদামাটি দিয়ে বেড়া লেপন করে নানা রঙের নকশা-ফুল আঁকা হতো। এগুলো এখন অনেকটা অপসৃত। কাগজের ঝালর দিয়ে সাজানোর রীতি এখনো রয়েছে। বাড়ির উঠানে কলাগাছ লাগিয়ে, রঙিন বেলুন ও গাঁদা ফুল দিয়ে অত্যন্ত সুন্দরভাবে গেট সাজানো হতো। এখনো কোনো কোনো বাড়িতে সেটা দেখা যায়। তবে খুব কম। এখন ক্রিসমাস ট্রি রঙিন বাতি দিয়ে সাজানো হয়। এটা অবশ্য পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশের উদাহরণ।
ভাওয়াল অঞ্চলের ঐতিহ্যবাহী বিবিক্কা পিঠার স্থান এখন কেক দখল করে নিচ্ছে। সব অঞ্চলেই বড়দিনে কেকের প্রচলন বাড়ছে। হয়তো এতে পরিশ্রম কিংবা ঝামেলা কম, তাই। তবে এতেও পশ্চিমা সংস্কৃতির ছোঁয়া সুস্পষ্ট। আগে গ্রামাঞ্চলে গ্রামে গ্রামে বৈঠক বসত। বড়দিনের কয়েক দিন পর্যন্ত এসব বৈঠকে গান-বাজনাসহ বিভিন্ন পিঠাপুলি সহভাগিতা করে একসঙ্গে খাওয়া হতো। তাতে পারস্পরিক মিলন, ভ্রাতৃত্ব, সামাজিকতা ও জীবন সহভাগিতা হতো। এখন এসব বৈঠক বিস্মৃতির পথে। পালাগান, কীর্তন প্রতিযোগিতা, বিভিন্ন অঞ্চলে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান করার প্রচলন ছিল। এগুলো সবই আজ হারিয়ে যেতে বসেছে।
বাড়ি বাড়ি দলবেঁধে কীর্তন গাওয়া ছিল বড়দিন উৎসবের একটি উল্লেখযোগ্য ঐতিহ্য। অনেকেই খুশি হয়ে কিছু টাকাপয়সা দিত। এসব অর্থ একত্র করে আবার গরিবদের মধ্যে বিতরণ করা হতো। আগে এক গ্রাম থেকে অন্য গ্রামে কীর্তনের দল যেত। এখন সেটাও বন্ধ হওয়ার পথে। এখন গ্রামে গ্রামে ক্লাবের আয়োজনে কীর্তন করা হয়। তাতে ক্লাবের জন্য কিছু অর্থ সংগ্রহ করার সুযোগ থাকে। কীর্তন প্রতিযোগিতার আয়োজন এখনো হয়, তবে তা সীমিত আকারে।
গ্রামাঞ্চলে বড়দিন উৎসবকে কেন্দ্র করে পারিবারিক মিলনোৎসব হয়ে থাকে। অনেকেই যাঁরা বিদেশে থাকেন বা প্রবাসী কর্মজীবী, এই সময় তাঁরা সুবিধা অনুসারে ছুটিতে আসেন। যাঁরা শহরাঞ্চলে থাকেন, তাঁরাও এই সময় গ্রামের আত্মীয়স্বজনের সঙ্গে মিলিত হন। সারা বছর যাঁদের সঙ্গে সাক্ষাৎ ঘটে না, এই সময় তাঁদের সঙ্গে একত্র হয়ে বড়দিন উৎসব করা, আনন্দ করা সত্যিই অপূর্ব! তাতে সহভাগিতা, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ বাড়ে।
আবহমানকাল ধরেই বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ শান্তি ও সম্প্রীতিতে বসবাস করে আসছে। তবে কোনো কোনো সময় সংখ্যালঘুরা কিছু স্বার্থান্বেষী মহল কর্তৃক আক্রান্ত হওয়ার বেদনাদায়ক অভিজ্ঞতাও রয়েছে। সাধারণ মানুষ ধর্মপ্রিয় ও শান্তিপ্রিয়। ধর্ম যার যার, উৎসব সবার। এটাই যেন এ দেশের মানুষের ঐতিহ্যগতভাবে লালিত-পলিত কৃষ্টি-সংস্কৃতি। বাংলাদেশের জনগণের ওপর ঈশ্বরের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের অমিয়ধারা বর্ষিত হোক। শুভ বড়দিন।
ফাদার জয়ন্ত এস গমেজ: পরিচালক, খ্রিষ্টীয় যোগাযোগকেন্দ্র সম্পাদক, ‘সাপ্তাহিক প্রতিবেশী’।