গ্রামে গ্রামে কর্মমুখী শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখি
>

বগুড়ার একটি প্রত্যন্ত গ্রামের চেহারাই বদলে দিয়েছেন এই তরুণ। বেকারত্ব, ঝগড়াবিবাদ ও মাদক যে গ্রামকে কুরে কুরে খাচ্ছিল, সেই গ্রাম এখন আদর্শ। ঘরে ঘরে তৈরি পোশাকের কারখানা, মাঠে–পুকুরে কাজ করছেন তরুণেরা।
শহর থেকে দূরে। পিচঢালা আঁকাবাঁকা পথ পেরিয়ে শশীবদনী গ্রাম। বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের শ্যামল ছায়াঘেরা এই গ্রামেই নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার। শৈশব থেকেই স্বপ্ন দেখতাম, চিকিত্সক-প্রকৌশলী হব। কিন্তু শৈশব পেরোতেই স্বপ্নটা ফিকে হতে লাগল। বাবা চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী। বেতনের টাকায় ঠিকমতো সংসার চলে না। তার ওপর তিন ভাইবোনের পড়াশোনার খরচ। মাথা গোঁজার বসতবাড়িটাই সম্বল। ছেলেবেলার স্বপ্ন মন থেকে মুছে ফেলতে হলো। পরিবারের বড় সন্তান আমি। ইচ্ছা ছিল স্নাতক পাসের পর একটা চাকরি জুটিয়ে সংসারের দায়িত্ব নেব। কিন্তু স্নাতক শেষ করার আগেই ভালোবেসে বিয়ে করে ফেললাম। বিয়ের পর শুরু হলো বাস্তবতার সঙ্গে কঠিন লড়াই। অভাব-দৈনতা হাড়ে হাড়ে টের পেলাম। হাতখরচের টাকা নেই, স্ত্রীর শখ-আবদার পূরণ করতে পারি না। তার মধ্যেই স্নাতক পাস করলাম। একটা চাকরির খুব প্রয়োজন তখন। নানা জায়গায় ধরনা দিলাম। একটা ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধির চাকরি পেলাম। দুই বছরের চাকরিতে বিপুল টাকা বকেয়া পড়ল। মোটা অঙ্কের ঋণগ্রস্ত হয়ে হতাশায় চাকরিটা ছেড়ে দিলাম। খালি হাতে ফিরলাম গ্রামে।
ভবঘুরে ছন্নছাড়াদের মতো সারা দিন ঘুরতাম। মাঝরাতে বাড়ি ফিরতাম। হতাশায় গোটা দুনিয়াটা বিষাদময় লাগত। আড্ডা দিতে গিয়ে গ্রামের সমবয়সীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ল। দেখলাম, গ্রামে মাদকের ভয়াল থাবা। অনেক যুবকই নেশাগ্রস্ত। হতাশাগ্রস্ত অনিশ্চিত জীবন তাদের। বেকারত্বের কষ্ট ভুলে থাকতে নেশা করছে তারা। এসব তরুণকে নেশার জগৎ থেকে ফেরাতে কিছু একটা করার কথা ভাবলাম। তাদের নিয়ে প্রথমে যুক্ত হলাম নানা সামাজিক কাজে। গ্রামে ‘একতা সংঘ’ নামে একটা সংগঠন ছিল। সেই সংগঠন থেকে চাঁদা তুলে গ্রামে শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনা পয়সায় চিকিত্সাশিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঈদগাহ মাঠ ও রাস্তাঘাট সংস্কারসহ নানা সামাজিক কাজ করতাম। এসব করতে গিয়ে চোখে পড়ল শুধু তরুণেরা নয়, গ্রামের ঘরে ঘরে নারীরাও বেকার। সংসার সামলানো ছাড়া নারীদের হাতে কাজ নেই। বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে বাড়ির কর্তার হাতে টাকা তুলে দেন নারীরা। সপ্তাহ শেষে কিস্তির টাকা জোগাতে না পারলে নানাভাবে অপদস্থও হন তাঁরা।
ঋণের বেড়াজালে আটকে পড়ছেন সবাই। কিস্তি শোধের জন্য উপার্জন না থাকায় দিন দিন বাড়ছে দায়-দেনা। বাড়ছে স্বামী-স্ত্রীর কলহ, বউ-শাশুড়ির ঝগড়াসহ সামাজিক নানা অস্থিরতা। সাতসকালে ঘুম থেকে জেগে এবাড়ি–ওবাড়ি থেকে ঝগড়াঝাঁটির শব্দে কান ঝালাপালা হতো। খুব খারাপ লাগত। ভাবতাম, কাজ থাকলে উপার্জনের পেছনে ছুটত সবাই। ঝগড়ার সময় পেত না।
হঠাৎ একটা পরিকল্পনা মাথায় এল। ভাবলাম, গ্রামের প্রত্যেক মানুষের দুটো হাত আছে। ৩ হাজার জনগোষ্ঠীর এই গ্রামের মানুষকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করা গেলে এই হাতই ভাগ্যবদলের হাতিয়ার হতে পারে। সুযোগ সৃষ্টি হতে পারে কর্মসংস্থানের। এলোমেলো স্বপ্ন নিয়ে কদিন ভাবতে থাকলাম। অভাব-বেকারত্ব তাড়িয়ে শশীবদনীকে ‘স্বপ্নজাগানিয়া’ মডেল গ্রাম গড়ার পরিকল্পনা করলাম। সেই পরিকল্পনা নিয়ে সমবয়সীদের সঙ্গে কথাও হলো। সবাই উত্সাহ দিল। কীভাবে অভাব-দারিদ্র্য তাড়িয়ে শশীবদনীর অর্থনৈতিক চিত্র পাল্টে দেওয়া যায়, সেটা নিয়ে নানা ভাবনার কথা জানাল তারা। সিদ্ধান্ত হলো গ্রামের প্রতিটি মানুষ প্রশিক্ষণ নেবে, দক্ষ হবে। যাদের জমি ও পুকুর আছে তারা মাঠে ফসল ফলাবে, মাছ চাষ ও দুগ্ধ খামার গড়বে। প্রশিক্ষণ নিয়ে নিজ নিজ কাজে দক্ষ হবে। নারীরা প্রশিক্ষণ শেষে সেলাই, হস্তশিল্প, প্যাকেজিংসহ উত্পাদনমুখী নানা কাজ করবে। তরুণেরা দক্ষ হবেন উত্পাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ, নতুন বাজার খোঁজা ও বাজার গবেষণায়। এক কথায় গোটা শশীবদনী গ্রাম হবে ‘উত্পাদন পল্লি’। কৃষি উত্পাদনের পাশাপাশি ‘পোশাক পল্লি’র খ্যাতি ছড়াবে এই গ্রাম।

যেমন ভাবনা, তেমন কাজ। খালি হাতেই কাজে নেমে পড়লাম। ২০১৪ সালের মাঝামাঝিতে ‘শশীবদনী যুব ও আত্মকর্মসংস্থান ফাউন্ডেশন’ নামে একটা সংগঠন দাঁড় করালাম। বাড়ি বাড়ি গিয়ে নারী সদস্য সংগ্রহ শুরু হলো। শাড়ির আঁচলে এক–দুই টাকা জমিয়ে মাসে ২০-৫০ টাকা সঞ্চয় রাখতেন নারীরা। ৯ জন উদ্যোক্তা পাঁচ হাজার টাকা করে জমা দিলাম সংগঠনের তহবিলে। ৩০ জন নারী সদস্যকে সেলাই প্রশিক্ষণের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরে যোগাযোগ করা হলো। অধিদপ্তরের বগুড়ার উপপরিচালক বিরাজ চন্দ্র নারীদের প্রশিক্ষণে সহায়তার হাত বাড়ালেন। গ্রামেই তিন সপ্তাহের সেলাই প্রশিক্ষণ চলল। প্রশিক্ষণে ১৬ জন নারীকে সেলাই মেশিন কিনতে ঋণসহায়তা দিল সদর উপজেলা প্রশাসন। কিছু নারীর বাড়িতে আগে থেকেই সেলাই মেশিন ছিল। সব মিলিয়ে ৩০-৩২টির মতো সেলাই মেশিন জোগাড় হলো। প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের কাজে লাগাতে এবার সংগঠনের তহবিলে থাকা ৪৫ হাজার টাকায় ঢাকা থেকে পোশাক তৈরির কাঁচামাল (সুতা, বোতাম, প্যান্ট ও সোয়েটারের কাপড়) কেনা হলো। নেওয়া হলো একজন কাটিং মাস্টার। কাটা কাপড় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসা হতো। নারীরা ছোট ও বড়দের হাফপ্যান্ট, ট্রাউজার, সোয়েটার, জিনসের প্যান্ট, পাঞ্জাবি ও ফতুয়া তৈরি শুরু করলেন। শুরুতে হোঁচট খেলেন নারীরা। প্রচুর কাটা কাপড় নষ্ট হতে লাগল। পোশাক তৈরি করতে না পেরে নারীরা কান্নাকাটি করতেন। স্বল্পপুঁজির কাঁচামাল এভাবে নষ্ট হওয়ায় আমরাও ভেতরে–ভেতরে হতাশ ছিলাম। কিন্তু সদস্যদের তা বুঝতে না দিয়ে উত্সাহ অব্যাহত রাখলাম। অল্প কিছুদিনের মধ্যেই চমকে দিলেন তাঁরা। স্বল্প প্রশিক্ষিত হয়েও পোশাক তৈরিতে দক্ষতা রপ্ত করলেন। তৈরি পোশাক পাইকারি ক্রেতাদের কাছে ব্যাপক প্রশংসা কুড়াল। নারীদের হাতে তৈরি উত্পাদিত পোশাকের সুনাম বগুড়া ছাড়িয়ে আশপাশের জেলাতেও ছড়িয়ে পড়ল। পড়ে গেল অভাবনীয় সাড়া। দামের তুলনায় হাতে তৈরি এসব পোশাকের মান ভালো হওয়ায় পাইকারি বাজারে ব্যাপক চাহিদাও দেখা দিল।
চাহিদা বেড়ে যাওয়ায় এবার কর্মী বাড়ানোর উদ্যোগ নিলাম আমরা। কর্মীদের প্রশিক্ষণে এবারও এগিয়ে এল যুব উন্নয়ন অধিদপ্তর। সব মিলিয়ে প্রশিক্ষিত তরুণ ও নারীর সংখ্যা দাঁড়াল পাঁচ শতাধিক।
প্রথম দিকে স্কুলের বারান্দায়, ফাঁকা মাঠে, খোলা আকাশের নিচে, বসতবাড়ির আঙিনা ও খুলিতে বসে সেলাই ও হস্তশিল্পের কাজ হতো। বৃষ্টি এলে কর্মীরা ঝামেলায় পড়তেন। এ কারণে ছোট পরিসরে একটা ভাড়া ঘরের বন্দোবস্ত হলো। সেখানেই মেশিনে সেলাইয়ের কাজ করতে শুরু করলেন নারীরা।
এক বছরের মাথায় সংগঠন দাঁড়িয়ে গেল। ব্যবসার পরিধিও বাড়ল। লাভের টাকায় কেনা হলো আটটি বৈদ্যুতিকসহ ২২টি সেলাই মেশিন। নারী কর্মীদের কাজের জন্য আলাদা ঘর ভাড়া নেওয়া হলো। কর্মীদের জন্য নির্ধারণ করে দেওয়া হলো পারিশ্রমিক। এখন মাস শেষে পারিশ্রমিকের টাকা বুঝে নিচ্ছেন নারীরা। সাধ্যমতো সঞ্চয় করছেন। বছর শেষে পণ্য বিক্রির লাভের টাকা থেকে সঞ্চয় অনুযায়ী লভ্যাংশও পাচ্ছেন তাঁরা।
নারীদের কর্মযজ্ঞ দেখতে এলেন সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আকতার জাহান। নারীদের কর্মযজ্ঞ আর গ্রামে বদলের হাওয়া দেখে মুগ্ধ হলেন তাঁরা। একখণ্ড জায়গার বন্দোবস্ত হলে তাঁরা সংগঠনের নিজস্ব কার্যালয় নির্মাণে সহায়তা দিতে পারবেন বলেও আশ্বাস দিলেন। দুই লাখ টাকায় গ্রামের পাকা সড়কের পাশে চার শতক জায়গা কেনা হলো। সেই জায়গায় কার্যালয় নির্মাণে সরকারি তহবিল থেকে সাড়ে পাঁচ লাখ টাকার সহায়তা মিলল। দ্বিতলবিশিষ্ট পাকা ভবনের এ কার্যালয় নির্মাণের কাজ চলছে এখন। সংগঠনের পুঁজি আনুমানিক ১৫ লাখ। ১৫০ জন নিয়মিত নারী কর্মী ছাড়াও কয়েকজন বেকার তরুণ-তরুণীকে চাকরি দেওয়া সম্ভব হয়েছে এখানে। পড়াশোনার পাশাপাশি এখানে হস্তশিল্প ও পোশাক তৈরির কাজ করছেন স্কুল-কলেজের ২৫ থেকে ৩০ জন ছাত্রী।
সংগঠনের বয়স এখন আড়াই বছরের মতো। এরই মধ্যে পাল্টে গেছে গ্রামের অর্থনৈতিক চিত্র। গ্রামজুড়ে কর্মমুখর পরিবেশ। কেউ বসে থাকেন না। নারীরা ঘরে ঘরে ব্যস্ত হস্তশিল্প ও পোশাক তৈরির কাজে। আমার স্ত্রী রোখসানাও এখন এই সংস্থার নারী কর্মী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে এসে পোশাক তৈরির কাজ করেন।
হস্তশিল্পে ৬০ জন নারীর কাজ দেখভাল করেন রানু খাতুন। তিনি পড়াশোনা করেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে, স্নাতকোত্তর পর্যায়ে। এখন নারী কর্মীরা বড়দের জিনসের প্যান্ট, শার্ট, থ্রি–কোয়ার্টার প্যান্ট, ট্রাউজার, ফ্রক, সোয়েটার, পাঞ্জাবি, মেয়েদের থ্রিপিস, টপস, ম্যাক্সি, ফ্রক, নকশিকাঁথা, বেডশিট, বালিশের কভার, নকশি চাঁদরসহ নানা পণ্য উত্পাদিত হচ্ছে। প্রতিদিন গড়ে ৭০ হাজার থেকে ১ লাখ টাকার পণ্য তৈরি করি আমরা। পাইকারদের পাশাপাশি গ্রামের বেকার যুবকেরা উত্পাদিত পণ্য পাইকারি বাজারে নিয়ে বিক্রি করছেন। নকশিকাঁথা যাচ্ছে আশপাশের জেলাসহ ঢাকা ও চট্টগ্রামে। প্যাকেজিং ইউনিটে তৈরি হচ্ছে কাগজের ব্যাগ, শপিং ব্যাগ, ঠোঙা, মিষ্টির কার্টন।
গ্রামের নারীদের কর্মমুখী করা সহজ ছিল না। নারীদের নিয়ে কাজ করায় শুরুতে অনেকেই ভালো চোখে দেখেননি। আড়ালে–অবডালে সমালোচনা করেছেন। কেউ পাগলামি বলেছেন। ঠাট্টা–মশকরা করেছেন। তবে তাতে দমে যাইনি। লক্ষ্য অটুট ছিল। শক্ত মনোবল আর নিজেদের মধ্যে ঐক্য ছিল। ছিল সাহস, সততা ও স্বচ্ছতা। এখন গ্রামে কদর বেড়েছে আমাদের। সামাজিক অনুষ্ঠানে ডাক পাই। সবচেয়ে বড় কথা, গ্রামে ঝগড়াবিবাদ নেই। সংসারে অশান্তি নেই। ছেলে–বউয়ের জন্য শাশুড়িরা টিফিন ক্যারিয়ারে দুপুরের খাবার সাজিয়ে নিয়ে আসেন। দিন শেষে স্ত্রীকে এগিয়ে নিতে আসেন স্বামীরা।
ঐক্যবদ্ধ তারুণ্যের শক্তি আর পারস্পরিক বিশ্বাস, নারীদের প্রতি সম্মান-শ্রদ্ধা আর গ্রামবাসীর ভালোবাসাতেই শশীবদনী গ্রামের চিত্র পাল্টে দেওয়া সম্ভব হয়েছে। এখন কেউ নিজের জন্য স্বপ্ন দেখি না। গোটা গ্রামকে নিয়ে, গ্রামের মানুষজনকে নিয়ে স্বপ্ন দেখি। শশীবদনী গ্রাম থেকে অভাব-দারিদ্র্য ও বেকারত্ব চিরতরে দূর হবে, সৎ, শিক্ষিত ও তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম বেরিয়ে আসবে—সেই স্বপ্ন দেখি। আমাদের উত্পাদিত পোশাক দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে রপ্তানি হবে। দেশের অন্যান্য গ্রামে কর্মমুখী শিক্ষার প্রতিষ্ঠান এবং তথ্যপ্রযুক্তি কেন্দ্র গড়ে তোলার স্বপ্ন আছে আমাদের। আমরা বিশ্বাস করি, শশীবদনী গ্রাম হবে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার সোপান। শশীবদনী গ্রামের মানুষ ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ।
(অনুলিখিত)