ঘুরে দাঁড়ানোর শিক্ষা

আমার বাবা মারা যান ২০১০ সালে। তাঁর মৃত্যুতে মারাত্মক অর্থ-সংকটে পড়ল আমাদের পরিবার। পরিবারের নারী সদস্য হয়ে তখন কী করব, তার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছিলাম না। সে সময় আমি কৃষি ডিপ্লোমা পড়ছি, সবেমাত্র পঞ্চম সেমিস্টার শেষ করেছি। পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি বলতে তেমন আর কেউ নেই। পড়াশোনা বন্ধ হওয়ার মতো অবস্থা। ওই সময়ে আবার বিয়েও করেছি। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্বামী অ্যানি মং মারমা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন আমাকে। তারপরও সংকট কাটে না। দুনিয়ার সব অভাব যেন আমাদের পরিবারকে ঘিরে ধরেছে চারদিক থেকে। এই দিশেহারা সময়ে, বিমূঢ় অবস্থায় আমি পেলাম জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা, সবার আগে দরকার লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করা, তারপর কাজে নেমে পড়া।
১৯৮৯ সালের ১২ জানুয়ারি আমার জন্ম বান্দরবানের পাহাড়ঘেরা প্রত্যন্ত চেমিডলুপাড়া এলাকায়। তিন ভাইবোনের মধ্যে আমি দ্বিতীয়। বাবা মংশৈসিং ও মা থুইম্যা প্রু মারমা—দুজনই যুক্ত ছিলেন কৃষিকাজের সঙ্গে। যেহেতু কৃষক পরিবারের সন্তান, তাই বাবা আমাকে কৃষি ডিপ্লোমা পড়তে পাঠিয়ে দিলেন। এরপর বাবার মৃত্যু, তারপর তো সেই কঠিন সময়।
সেই সংকটের সময়ে একদিন বেড়াতে গিয়েছি এক আত্মীয়ের বাসায়, জেলা শহরে। তাঁরা নিয়মিত দৈনিক পত্রিকা রাখেন। এখানে পুরোনো পত্রিকায় পেলাম স্ট্রবেরি চাষ সম্পর্কে একটি ফিচার। ফিচারটি দারুণভাবে আকৃষ্ট করল আমাকে। ভীষণ আলোড়িত হলাম। আমার ভেতরে যেন একটা চোখ খুলে গেল। ফিচারটি সংগ্রহ করে প্রথমে চলে গেলাম আমাদের কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটে। সেখানে আমার এক শিক্ষকের কাছ থেকে স্ট্রবেরি চাষ সম্পর্কে জানলাম সবিস্তারে।
মনে হলো, হ্যাঁ, এত দিনে পেয়েছি মোক্ষম একটি উপায়। এবার লক্ষ্য ঠিক করে কাজে নেমে পড়ার পালা। সিদ্ধান্ত নিলাম, নতুন এ ফল আমার চেমিডলুপাড়া এলাকায় চাষ করে সবাইকে তাক লাগিয়ে দেব। মন বলল, লাল টুকটুকে হালকা টক-মিষ্টি বিদেশি এ ফলটি দেখে সবাই যেমন আকৃষ্ট হবে, তেমনি আগ্রহী হবে খাওয়ার জন্যও। আবার বিক্রি করতেও কোনো সমস্যা হবে না।
বান্দরবান-চন্দ্রঘোনা-রাঙামাটি সড়কে আমাদের চেমিডলুপাড়া নামের এলাকাটি বান্দরবান জেলা শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। সহজে যাতায়াত করা যায়। কিন্তু স্ট্রবেরি চাষের প্রথমেই মুখোমুখি হলাম সবচেয়ে বড় সমস্যাটির—চাষ যে করব, পুঁজি পাব কোথায়? ইনস্টিটিউট থেকে বাড়িতে ফিরে পরামর্শ করলাম স্বামীর সঙ্গে। সিদ্ধান্ত নিলাম, বিক্রি করে দেব আমার বিয়ের গয়না। এবার সামনে এল দ্বিতীয় সমস্যা, জমি পাব কোথায়? বাবার ধানি জমি থাকলেও রবি ফসলের জমি নেই। তা ছাড়া জমি যা আছে, তাও সড়ক থেকে বেশ দূরে। তাই সড়কসংলগ্ন ২০ শতক জমি ভাড়া নিয়ে প্রথম পর্যায়ে শুরু করলাম স্ট্রবেরি চাষ।
আজ বলতে পারি, ওই ২০ শতক স্ট্রবেরি চাষই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কৃষি ডিপ্লোমার ছাত্রী হিসেবে নিজের জ্ঞান ও কৃষি সম্পর্কে আমার স্বামীর বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে শুরু হলো আমাদের যৌথ সংগ্রাম। নিবিড় পরিচর্যা করে স্ট্রবেরি চাষ করতে থাকলাম।
সবার আগে দরকার লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করা, তারপর কাজে নেমে পড়া
কদিন বাদে আমার স্ট্রবেরি চাষ নিয়ে জেলায় রীতিমতো হইচই পড়ে গেল। আমাদের এই পাহাড়ি জনপদে বিদেশি নতুন ফল স্ট্রবেরির সফল ও লাভজনক চাষের বিষয়টি টেলিভিশন ও পত্রপত্রিকায় পেল ব্যাপক প্রচার। সেই সুবাদে ছড়িয়ে পড়ল আমার নামও। আমার উৎপাদিত স্ট্রবেরি বাজারে নিয়ে বাজারজাত করার প্রয়োজন হলো না। খেত থেকেই প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়ে যেতে লাগল। এক পর্যায়ে অবস্থা দাঁড়াল এই—খেতে এত ক্রেতা আসতে থাকল যে সরবরাহ দিতে হিমশিম খেতে লাগলাম।
আমি ও আমার স্বামী—দুজনে মিলে এখন ‘হিলি ফ্রুটস অ্যান্ড অ্যাগ্রোভ্যালি’ নামে একটি খামার দাঁড় করানোর চেষ্টা করছি। এখন নিজেদের কেনা কিছু জমিসহ ভাড়া জমিতে স্ট্রবেরির পাশাপাশি ড্রাগন ফ্রুট, টমেটো, কালমেঘ, ধনে, শসাসহ বিভিন্ন ফসলের চাষ করতে চাই আমরা। পাহাড়ে আমাদের জমির পরিমাণ পাঁচ একর। সেখানে এ বছর থেকে স্থানীয় প্রজাতির রাংগোয়াই আম, পেঁপে আর কলার বাগান করার উদ্যোগ নিয়েছি। কিন্তু সব মৌসুমে সবজি চাষের চারা উৎপাদনের জন্য দরকার একটি গ্রিনহাউস। কারণ, যে সবজি যে মৌসুমে উৎপাদন হয়ে থাকে, সেটি অন্য মৌসুমে চাষ করলে লাভবান হওয়া যায় বেশি। যেমন টমেটো হয় সচরাচর রবি মৌসুমে। সে সময়ে কম-বেশি সব চাষিই এর চাষ করেন। সে জন্য বাজারে সরবরাহ বেশি হওয়ায় দাম পাওয়া যায় অপেক্ষাকৃত কম। কিন্তু গ্রীষ্মকালে যখন কেউ এ সবজির চাষ করে না, তখন চাষ করলে দাম পাওয়া যায় বেশি।
এ বাস্তবতায় গেল বছর পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিংয়ের কাছে চারা উৎপাদনের ছোট আকারের গ্রিনহাউস তৈরির জন্য আর্থিক সাহায্যের আবেদন করলাম আমরা। তিনি অনুদানও দিলেন। সেই অনুদানের সঙ্গে নিজের টাকা মিলিয়ে একটি গ্রিনহাউস তৈরির চেষ্টা করছি। তবে এখনো কিছু টাকার ঘাটতি থাকায় এর নির্মাণ শেষ করা যায়নি।
ভবিষ্যতে কচ্ছপ ও ব্যাঙের খামারও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমাদের। বাজারে ব্যাঙ ও কচ্ছপের চাহিদা প্রচুর। এ জন্য তো প্রথমে পুঁজি জোগাড় করতে হবে। তাই ‘কাজ শিখুন, পেশাদারি হন’ নামে একটি বেসরকারি সংস্থায় আমার আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ চমৎকার একটি কর্মসূচিতে পরামর্শক হিসেবেও কাজ করছি।
গত বছর আমার কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছি ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নিয়ে তো অভিভূত! এই দিনটির কথা আমার আজীবন মনে থাকবে। অর্থনৈতিকভাবে সফল নারী হিসেবে বিশেষ অবদান রাখায় উপজেলা, জেলা ও বিভাগে ‘জয়িতা’ হওয়ার সৌভাগ্য অর্জন করেছি তিনবার। এ ছাড়া আত্মকর্মসংস্থান ও গ্রামীণ অবহেলিত নারীদের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কার্যালয়ের ‘সফল নারী সম্মাননা’, যুব উন্নয়ন ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘সফল আত্মকর্মী’, কৃষিতে সাফল্য অর্জনকারী ‘নারী কৃষি উদ্যোক্তা’, একটি বেসরকারি টেলিভিশনের ‘কীর্তিমতী উদ্যোক্তা’ এবং জেলা পরিষদের ‘গুণীজন সম্মাননা’ পেয়েছি।
একদিন বিয়ের গয়না বিক্রি করে স্ট্রবেরি চাষ করায় যাঁরা আমাকে তিরস্কৃত করেছে, পুরস্কার পাওয়ার পর তাঁরাই এখন আমার প্রশংসায় পঞ্চমুখ। সবাই এখন বলেন, মাসিং, তুমিই আসলে বুদ্ধিমতী। তাঁদের অনেকে কৃষি বিষয়ে কোনো সমস্যা হলে পরামর্শের জন্য এখন আমার কাছে আসেন। এলাকার মানুষের ভালোবাসা ও গণমাধ্যমের আনুকূল্যে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত যে প্রায় এক ডজন পুরস্কার পেয়েছি। মাঝেমধ্যে মনে হয়, এই পুরস্কার, সম্মাননা—এসবের যোগ্য আমি না আমার কাজ? আরও মনে হয়, সংকটে পড়লে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়—এই শিক্ষাটি দেওয়ার জন্য বোধ করি বাবা আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেছেন।
মাসিংনু মারমা: কৃষি উদ্যোক্তা, বান্দরবান