চকলেট পাঠশালার ছেলেমেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবারক হোসেন। ছবি: সুমন মোল্লা
মোবারক হোসেন। ছবি: সুমন মোল্লা

আমার ছেলেবেলা মধুর ছিল না। আমি সাধারণ এক কৃষক পরিবারের সন্তান। বড় হয়েছি অনেক না পাওয়ার মধ্য দিয়ে। ২০০৫ সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে দিতে পারিনি। পরের বছরও একই সমস্যা। শিক্ষাজীবনের সেখানেই শেষ। আমার নতুন ঠিকানা হলো ঢাকার মোগলটুলী। সেখানে ‘ভাই-বন্ধু স্যান্ডেল ফ্যাক্টরি’ নামে জুতা তৈরির একটি কারখানায় কারিগর হিসেবে কাজে যোগ দিই।
প্রতিদিন কাজ শেষে ঘুরতে বের হতাম। তখন দেখতাম বস্তির দরিদ্র শিশুরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ঢাকার সেই সব শিশুর সঙ্গে আমার গ্রাম কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কান্দিগ্রামের শিশুদের মিল খুঁজে পেতাম। মনটা ব্যথায় ভরে যেত।
কারখানার পাশেই ছিল একটি চায়ের দোকান। ওই দোকানে আট বছরের একটি শিশু কাজ করত। একদিন শিশুটির মলিন মুখ চোখে পড়ল। ডাক দিলাম। সে কাছে এল। জিজ্ঞেস করলাম, ‘আচ্ছা, তোমার পড়ালেখা করতে ইচ্ছে করে না?’ শিশুটি জবাব দিল, ‘করে। তবে কাম না করলে খামু কী? বাবা নাই। মা পঙ্গু।’
মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম, বাস্তবতার জন্য এই শিশুটি নাহয় পড়ালেখা না করে চায়ের দোকানে কাজ করছে; কিন্তু কান্দিগ্রামের যেসব শিশু স্কুলবিমুখ তাদের সবার তো আর চায়ের দোকানের শিশুটির মতো কঠিন বাস্তবতা নেই। তাহলে তারা পড়ালেখা শিখবে না কেন? মাথায় টানা কয়েক দিন ‘কী করা যায়’ জাতীয় চিন্তা ঢুকে রইল। জুতা তৈরির কাজে মনটাই আর বসাতে পারছিলাম না। শেষে ২০০৭ সালের জানুয়ারির শুরুর দিকে কাজ ফেলে চলে এলাম গ্রামে। সিদ্ধান্ত নিলাম গ্রামের শিশুদের অক্ষরজ্ঞান দেব। লক্ষ্য পাঁচ থেকে ছয় বছরের শিশু।
২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে নিজের বাড়ির গাছতলায় খোলা আকাশের নিচে বিনা পয়সায় শিশুদের পড়াতে লাগলাম। শুরুর দিকে সপ্তাহে এক দিন পড়াতাম। বাড়ি বাড়ি গিয়ে চেষ্টা-তদবির করে ১৪ জন শিশু জোগাড় করলাম। বই-স্লেট কিনে দেওয়ার পরও বেশ কয়েকজন ঝরে পড়ল। আবার অভিভাবকদের কাছে গেলাম। অভিভাবকেরা জানালেন, সন্তান পড়তে না চাইলে তাঁরা কী করবেন।
কীভাবে তাদের স্কুলমুখী করা যায়, এমন ভাবনা থেকে মাথায় এল চকলেটের কথা। হ্যাঁ, চকলেট বিতরণ করে শিশুদের স্কুলে টেনে আনব। আবার গেলাম শিশুদের বাড়ি। জানালাম, যারা স্কুলে আসবে, তারা চকলেট পাবে। একটি নয়, দুটি করে। ও মা, তাজ্জব ব্যাপার। পরদিন সবাই হাজির। চকলেট পেয়ে প্রত্যেকে বেজায় খুশি। যে শিশুটি এক দিন এসে আর আসছিল না, ওই শিশুটি কিনা আমাকে জিজ্ঞেস করে বসল, ‘কাইল কোন সময় আমু, স্যার।’

না জানি পেছন থেকে কেউ পাগল বলে ডাক দেয়—এমন শঙ্কা নিয়ে একসময় ঘর থেকে বের হতাম। এখন সে ভয় কেটে গেছে। গ্রামের কেউ এখন আর আমাকে পাগল বলে না। ছাত্ররা তো বটেই, অতিসাধারণ মানুষও চকলেট স্যার হিসেবে ডাকে

চকলেট বিতরণে ফল মিলল। ক্রমাগত শিক্ষার্থী বাড়তে থাকল। বাড়ল আমারও উৎসাহ। সপ্তাহে এক দিনের বদলে দুই দিন করে পাঠদান শুরু হলো।
দুই বছরের ব্যবধানে শিক্ষার্থী বেড়ে হলো ৪৫ জন। সেই বছর গ্রামের এক বড় ভাই আমাদের বই, স্লেট ও চট কিনে দিলেন। সমস্যা হলো, শিক্ষার্থী বেড়ে যাওয়ায় প্রতিদিন চকলেট দেওয়া সম্ভব হচ্ছিল না। কারণ, গ্রামের বিত্তবান কয়েকটি পরিবারের শিশুদের প্রাইভেট পড়ানোর টাকা দিয়ে এই ব্যয় মেটানো হতো। বাধ্য হয়ে সপ্তাহে এক দিন চকলেট দেওয়ার সিদ্ধান্ত নিলাম; এবং দুটি নয়, একটি করে। তবে তাতে কেউ স্কুল ছেড়ে গেল না। ধীরে ধীরে শিশুদের চকলেটের পাশাপাশি পড়ালেখার প্রতিও আকর্ষণ বাড়তে লাগল।
আমার এই কাজটি কিন্তু গ্রামের অনেকেই ভালো চোখে দেখেনি। তাই বিদ্রূপ করে অনেকে আমাকে পাগল বলত। আমার আব্বা-আম্মাও তা-ই মনে করতেন। তবে কেউ কেউ যে প্রশংসা করেননি, তাও নয়।
২০১০ সালটি আমার জন্য ভালো যায়নি। হাতে টাকা নেই। শিক্ষার্থীদের বই-স্লেট কিনে দিতে পারছি না। চকলেট দেওয়াও বন্ধ। উপায় না পেয়ে ২০ দিনের জন্য স্কুল ছুটি দিলাম। টাকা রোজগারের জন্য গেলাম পাশের উপজেলা কটিয়াদীতে। সেখানে গিয়ে পরিচয় হলো সুজন নামে এক রাজমিস্ত্রির সঙ্গে। খুব ভালো আর হৃদয়বান মানুষ। তিনি আমাকে নির্মাণশ্রমিকের কাজ দিলেন। মজুরি দিনে ১৭০ টাকা। টানা ২০ দিন কাজ শেষে খরচ বাদে জমল ২ হাজার ২০০ টাকা। টাকা নিয়ে মনের আনন্দে গ্রামে ফিরলাম। কিনলাম চকলেট আর শিক্ষা উপকরণ। আবার চালু হলো স্কুল। পাশাপাশি প্রাইভেট পড়ানো অব্যাহত রাখলাম।
২০১২ সালটা ছিল মোড় ফিরে যাওয়ার মুহূর্ত। ওই বছরের জানুয়ারির প্রথম দিকে প্রথম আলোর সাংবাদিক সুমন মোল্লা এসে স্কুলটির খোঁজখবর নিলেন। ১০ ফেব্রুয়ারি প্রথম আলো খুলে দেখলাম আমার স্কুল নিয়ে বিশাল প্রতিবেদন। শিরোনাম হৃদয়ের ‘চকলেট পাঠশালা’। চকলেট বিলাচ্ছি—এমন একটি ছবি দিয়ে প্রকাশিত প্রতিবেদনটি দেখে চোখ ভিজে উঠল। চারদিকে হইচই পড়ে গেল। অসংখ্য ফোন পেতে থাকলাম। অনেকের কাছ থেকে পেলাম আর্থিক সাহায্য। তাঁদের মধ্যে লিমন নামের এক ব্যক্তি দিলেন ৮০ হাজার টাকা। জাহাঙ্গীর আলম নামের এক নরওয়ে-প্রবাসীর আর্থিক সাহায্য স্কুল পরিচালনার কাজ অনেক সহজ করে দেয়।
এর মধ্যে ভাবলাম, নিজের জ্ঞানও কিছুটা বাড়ানো দরকার। তাই নিজের পড়ালেখা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ২০১২ সালে মাধ্যমিক পাস করলাম, ২০১৪ সালে উচ্চমাধ্যমিক। এখন আমি কুলিয়ারচর ডিগ্রি কলেজে ডিগ্রিতে পড়ি।
২০১৩ সালে স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে যাই আমি। গাছতলা থেকে স্কুলটি ছাউনি ঘরের রূপ পায়। চকলেট বিতরণেরও সমস্যা কেটে যায়। ২০১৪ সালে ২৯ মার্চ প্রথম আলোর ‘ছুটির দিনে’ ক্রোড়পত্রে স্কুলটি নিয়ে আবার প্রতিবেদন ছাপা হয়। আবারও দেশব্যাপী আলোচনা। বেশ কয়েকটি টিভি চ্যানেল থেকে ডাক পাই। আমাকে স্টুডিওতে নিয়ে অনুষ্ঠান করা হয়।
কুলিয়ারচর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ বিন মুসা স্কুল দেখতে এসে আড়াই লাখ টাকা দেন। ওই টাকা দিয়ে এখন ভিটা পাকা করে দুটি ঘর তোলা হয়েছে। দুটি কক্ষের একটিতে ক্লাস চলে, অন্যটিতে করা হয়েছে ‘ফুলকুঁড়ি সাহিত্য কেন্দ্র’ নামের একটি পাঠাগার। পাঠাগার থেকে এখন পাড়ার ছেলেমেয়েরা একটি-দুটি করে বই নেয়, পড়ে আবার ফেরত দেয়। সহযোগিতার হাত বাড়ায় উপজেলা প্রশাসনও। শিক্ষা অফিস থেকে আমার শিক্ষার্থীদের এবার প্রাক-প্রাথমিকের বই দেওয়া হয়েছে।
স্কুলটির বর্তমান শিক্ষার্থী শতাধিক। তাই একা আর সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। স্থানীয় দুই তরুণ পাঠদানে সহযোগিতা করতে যুক্ত হয়েছেন। তাঁদের সামান্য সম্মানী দেওয়া হচ্ছে। অক্ষরজ্ঞান দেওয়ার পর আমিই সেসব শিশুকে প্রাথমিক স্কুলে ভর্তি করে দিচ্ছি। ভাবতে ভালো লাগে যে আমার স্কুলের অনেক ছাত্র এখন হাইস্কুলে পড়ে। দিন দিন স্কুলটির পরিচিতি বাড়ছে, শিক্ষার্থী বাড়ছে। লোকজনের কাছ থেকে আমিও অনেক ভালোবাসা পাচ্ছি।
না জানি পেছন থেকে কেউ পাগল বলে ডাক দেয়—এমন শঙ্কা নিয়ে একসময় ঘর থেকে বের হতাম। এখন সে ভয় কেটে গেছে। গ্রামের কেউ এখন আর আমাকে পাগল বলে না। ছাত্ররা তো বটেই, অতিসাধারণ মানুষও চকলেট স্যার হিসেবে ডাকে।
সম্মান সঙ্গে সঙ্গে আমার স্বপ্নও বেড়েছে। এখন স্বপ্ন দেখি আমার ‘চকলেট পাঠশালা’ একদিন অনেক বড় হবে। প্রাথমিক থেকে মাধ্যমিক। মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক। একসময় গাছতলার এই চকলেট পাঠশালা হবে বিশ্ববিদ্যালয়।
মোবারক হোসেন: চকলেট পাঠশালার প্রতিষ্ঠাতা