চাই নিরাপদ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
িনরাপদ সড়ক আন্দোলনের পর গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন প্রকািশত হয় এমন সংবাদ
িনরাপদ সড়ক আন্দোলনের পর গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন প্রকািশত হয় এমন সংবাদ

রাজধানী ঢাকা বহু রাজনৈতিক আন্দোলন–সংগ্রামের সাক্ষী। কিন্তু সাম্প্রতিক সময়ে সব শ্রেণির মানুষকে নাড়া দিতে পেরেছে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলন। প্রতিবাদের ধরন, পোস্টার–লিফলেটের ভাষা এবং শিক্ষার্থীদের একাগ্রতা সারা দেশের মানুষকেই তাদের পাশে দাঁড়াতে বাধ্য করে। সরকারের মধ্যেও একধরনের টনক নড়ে। নানা প্রতিশ্রুতি আসে, নতুন সড়ক পরিবহন আইন প্রণয়ন হয়। 

ঘটনাটি গত বছরের আগস্টের। শিক্ষার্থীদের এ আন্দোলনের সূত্রপাত হয়েছিল শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মারা গেলে। প্রথম আলো দৈনন্দিন খবরের বাইরেও পরিবহন খাতে চালকের সংকট, যানবাহনের ফিটনেসের অভাব, ত্রুটিপূর্ণ সড়কের চিত্র এবং এ খাতে কীভাবে রাজনীতিকেরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন, তা তুলে ধরে। চাঁদাবাজিসহ পরিবহন খাতের যেসব অনিয়ম সড়কে শৃঙ্খলা আনার ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করছে, সেগুলো নিয়মিতই প্রথম আলোর খবর হয়।

শিক্ষার্থীদের আন্দোলনের আগে থেকেই প্রথম আলো নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা আনার ক্ষেত্রে কী কী বাধা আছে, সেগুলো নিয়ে লাগাতার প্রতিবেদন প্রকাশ করে আসছে। সরকার কীভাবে গুরুতর এ সমস্যা সমাধান করতে পারে, সে বিষয়ে পরামর্শ দিতে একাধিকবার গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে, বাংলাদেশে প্রতিবছর প্রায় ২৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। গবেষণা বলছে, দেশের সড়ক-মহাসড়কে দুর্ঘটনায় মারা যাওয়া লোকজনের ৫৪ শতাংশের বয়স ১৬ থেকে ৪০ বছরের মধ্যে। আর দুর্ঘটনায় নিহত লোকজনের সাড়ে ১৮ শতাংশ শিশু, তাদের বয়স ১৫ বছরের নিচে।
দেশে সড়ক দুর্ঘটনা এবং এর প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা। এসব দুর্ঘটনার কারণে বছরে মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ হারাচ্ছে বাংলাদেশ। দুর্ঘটনায় জানমালের ক্ষতি ও দুর্ঘটনা থেকে সৃষ্ট যানজট অর্থনীতিকে বাধাগ্রস্ত করছে।

দেশের বর্ধিষ্ণু অর্থনীতি এবং এর মূল চালিকা শক্তি যুবসমাজই অনিরাপদ সড়কের বড় শিকার। সব সামাজিক ব্যাধি বা রাষ্ট্রীয় অবহেলার বিষয় তুলে আনার ক্ষেত্রে প্রথম আলো বরাবরই সোচ্চার। এরই অংশ হিসেবে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবর গুরুত্ব দিয়ে প্রচার করছে। এর মূল লক্ষ্য হচ্ছে নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য মানুষকে সচেতন করা, সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যোগী হতে উদ্বুদ্ধ করা।
২০১৭ সালের জুনে ২২ অক্টোবর তারিখকে নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে সরকার। এর পরের বছর প্রথম আলো দিবসটি ঘিরে টানা এক সপ্তাহ নানা আঙ্গিকে প্রতিবেদন প্রকাশ করে। পাশাপাশি নাগরিকদের নিয়ে আলোচনা সভা ও সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করে। সড়ক দুর্ঘটনায় হতাহত হওয়ার সরকারি-বেসরকারি পরিসংখ্যানের সত্যতা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক আছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে এ কাজে তাড়না সৃষ্টির জন্য ২০১৭ সাল থেকে প্রথম আলোয় নিজস্ব উপায়ে পাওয়া তথ্য ধরে টানা প্রায় দেড় বছর হতাহত হওয়ার পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। এখন সরকারি ও বেসরকারি সংস্থা এবং গবেষণাপ্রতিষ্ঠান গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ধরে তথ্যভান্ডার তৈরি করছে।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিপরীতমুখী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে থাকা তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনার পর প্রথম আলোয় ওই মহাসড়কে থাকা ২২টি ঝুঁকিপূর্ণ বাঁক নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বাঁকে দুর্ঘটনা ও প্রাণহানির তথ্য তুলে ধরা হয়। এর পরের বছর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর বাঁকগুলোর স্থানে সড়ক সম্প্রসারণ করে। মাঝখানে সড়ক বিভাজক দেয়। পরবর্তী সময়ে ওই মহাসড়কে দুর্ঘটনা এবং প্রাণহানি কমে যাওয়ার তথ্য পাওয়া যায়।
দীর্ঘদিন ধরেই সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের তালিকা ধরে যথাযথ পরীক্ষা না নিয়ে পেশাদার চালককে লাইসেন্স দিয়ে আসছিল বিআরটিএ। বিভিন্ন সময় প্রায় ১ লাখ ৯০ হাজার লাইসেন্স এভাবে দেওয়া হয়। এ বিষয়ে প্রথম আলোয় ২০০৯ সাল থেকে লাগাতার প্রতিবেদন প্রকাশ করা হয়। বিভিন্ন গবেষণায় এসেছে, চালকের বেপরোয়া মনোভাব ও গতির কারণে ৯০ শতাংশ দুর্ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে চালকের লাইসেন্স বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিষয়টি উচ্চ আদালতের নজরে আসে। ২০১১ ও ২০১৪ সালে হাইকোর্ট দুবার এভাবে লাইসেন্স না দেওয়ার বিষয়ে নির্দেশনা দেন। এরপর থেকে শ্রমিক সংগঠনের তালিকা ধরে পেশাদার লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে।
বাংলাদেশের মানুষের মৃত্যুর কারণের মধ্যে সড়ক দুর্ঘটনা শীর্ষ দশে চলে এসেছে। ফলে বিষয়টি আরও গুরুত্ব পাওয়ার দাবি রাখে। প্রথম আলোও বরাবরের মতোই এ কাজে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।