চাওয়াটা খুব বেশি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
সবার চোখ কি মাশরাফির দলের দিকেই? জাহানারা–সালমাদের দলও কিন্তু নিয়ে যাচ্ছে লাল–সবুজ পতাকাটি। লিখেছেন রানা আব্বাস

বছর দুয়েক আগে এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের ফাইনালটার কথা মনে আছে আপনার? এমনিতে মেয়েদের ক্রিকেট নিয়ে অনাগ্রহী মানুষটাও সেদিন প্রতি বলের আপটেড নিচ্ছিলেন নিশ্চয়ই। আয়েশা-রুমানা-ফারজানা-সালমারা একেকটা রান নিচ্ছেন আর স্নায়ুর ওপর থেকে যেন একেকটা চাপ সরে যাচ্ছে! শেষ পর্যন্ত মেয়েরা পারেননি। ইনচনের সেই বিকেলটা সালমাদের কাছে হয়ে উঠেছিল বেদনাবিধুর। পাকিস্তানের কাছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশ হেরেছিল ৪ রানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে কেন এশিয়ান গেমসের স্মৃতি ফিরিয়ে আনা? কারণ একটাই, মাশরাফিদের মতো জাহানারা-সালমাদের সাফল্য দেখতে দেশবাসী তাকিয়ে থাকে অধীর আগ্রহে। তাঁদের জার্সির রং তো লাল–সবুজ। তাঁদের দলটাও তো ‘বাংলাদেশ’ই।

অলরাউন্ডার সালমা
অলরাউন্ডার সালমা

কদিন আগে জাহানারা-শুকতারাকে যখন জিজ্ঞেস করা হলো, এবার আপনাদের লক্ষ্য কী? গৎবাঁধা এই প্রশ্নে তাঁদের উত্তরও খুব একটা ব্যতিক্রম নয়। ‘ভালো করার চেষ্টা করব’–জাতীয় কথাবার্তা। জাহানারা কেন বলছেন না, ‘গত বিশ্বকাপে সিলেটে যেখানে শেষ করেছিলাম, এবার বেঙ্গালুরুতে সেখানেই শুরু করতে চাই!’
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপটা সালমাদের কাছে ধরা দিয়েছিল অন্যভাবেই। বাংলাদেশ মহিলা ক্রিকেট দল প্রথম ২০ ওভারের বিশ্বকাপে অংশ নিল, তাও আবার ঘরের মাঠে। নিজেদের মাঠে খেলা বলে বাছাইয়ের বৈতরণিও পার হতে হয়নি, সরাসরি মূল পর্বে।
সিলেটে হওয়া বিশ্বকাপের মূল পর্বে শুরুটা খারাপই হলো। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ভারতের কাছে পরাজয়ের যন্ত্রণা। তবে শেষটা হলো চমৎকার। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে হারিয়ে সালমারা দিয়ে রাখলেন বিশ্বমঞ্চে নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের বার্তা।
র্যা ঙ্কিংয়ের কারণে এবার অবশ্য সরাসরি খেলার সুযোগ ছিল না বাংলাদেশের। নভেম্বর-ডিেসম্বরে খেলতে হয়েছে বিশ্বকাপের বাছাই। থাইল্যান্ডে অনুষ্ঠিত বাছাইপর্বেও দারুণ প্রতাপ দেখিয়েই বিশ্বকাপের টিকিট কেটেছে জাহানারার দল। ফাইনালে আয়ারল্যান্ডের কাছে না হারলে প্রাপ্তির ষোলোকলাই পূর্ণ হতো।
সেটি না হলেও বাছাইপর্বের পারফরম্যান্স বেশ উজ্জীবিতই করছে বাংলাদেশের মেয়েদের। দলের অধিনায়ক জাহানারা বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে বললেন, ‘আমরা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিলাম স্বাগতিক হিসেবে। এবার নিজেদের যোগ্যতায় বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছি। আমরা অনেক আত্মবিশ্বাসী।’
মেয়েদের জন্য বিরাট পরীক্ষাই অপেক্ষা করছে এবার। বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। বি-গ্রুপে স্বাগতিক ভারত তো আছেই, মেয়েদের ক্রিকেটের পরাশক্তি ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজও খেলবে এই গ্রুপে। আছে উপমহাদেশের আরেক শক্তিশালী দল পাকিস্তান। কঠিন কঠিন বাধা পেরোতে হবে।
চিন্তা বাড়িয়ে দিচ্ছে আরও একটি বিষয়, গত দুই বছরে খুব একটা টি-টোয়েন্টি খেলা হয়নি বাংলাদেশের। ২০১৪ বিশ্বকাপের পর মাত্র তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মেয়েরা। তাও এই তিনটি ম্যাচই হয়েছে গত বছরের শেষ দিকে। দীর্ঘ এই সময়ে কেন আরও ম্যাচ খেলার সুযোগ হলো না?
অধিনায়ক জাহানারা বলেন, ‘র্যা ঙ্কিংয়ে শীর্ষ আটের মধ্যে না থাকায় আইসিসির অধীনে সেভাবে ম্যাচ পাই না। বিসিবি অনেক চেষ্টা করেছে ম্যাচ অয়োজনের। কিন্তু অন্যান্য ক্রিকেট বোর্ড অন্য দলগুলোর সঙ্গে আগে থেকেই ম্যাচ খেলবে বলে ঠিক করে রেখেছিল। কাজেই আমাদের কিছুই করার নেই। এটা আমাদের ধরাছোঁয়ার বাইরে। এবার তাই চেষ্টা করব, র্যা ঙ্কিংয়ে ওপরের দিকে উঠে এসে আইসিসির অধীনে ম্যাচ খেলার।’
তার মানে বিশ্বকাপটা শুধু সাময়িক সাফল্যের মঞ্চ নয়, জাহানারাদের ভবিষ্যতের সড়কটা প্রশস্ত করার উপলক্ষও। একই বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশের ছেলেরাও। প্রচারের আলো কিংবা মানুষের মনোযোগ হয়তো মাশরাফি-সাকিবদের দিকেই থাকবে বেশি। চাপটাও। এ দিক দিয়ে বরং মেয়েদের নির্ভার হয়ে খেলার সুযোগ বেশি।
তবে জাহানারা মনে করেন, চাপ জিনিসটা সবার কাছেই এক, সে ছেলেদের দল হোক কিংবা মেয়েদের, ‘বাংলাদেশের সবারই প্রত্যাশা, ছেলেদের ও মেয়েদের দল ভালো ফল নিয়ে আসবে। আমাদেরও চাওয়া ভালো কিছু অর্জনের। আমাদের বিশ্বাস, এবার অনেক ভালো ক্রিকেট খেলে ভালো কিছু অর্জন করব।’
তা-ই হোক, শুকতারা-রুমানাদের হাত ধরে বিপ্লব ঘটুক মেয়েদের ক্রিকেটেও। তবে সেটি করতে তাদের পাড়ি দিতে হবে দুর্গম গিরিপথ। এই গিরিপথ পাড়ি দিয়ে সালমারা যদি এক-দুই কদমও এগিয়ে যান, সেটিও কম অর্জন হবে না। তবে এগোনোর আগেই পা হড়কালে চলবে না! সামান্য এই চাওয়াটুকু কি পূরণ করতে পারবেন না সালমারা?
অলরাউন্ডার সালমা
আন্তর্জাতিক মহিলা টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান ৩৯৪ এবং সবচেয়ে বেশি ২৮ উইকেট সালমা খাতুনের। দেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস (৪৯*) এবং সেরা বোলিংও (৪/৬) তাঁর।

.
.